যে শিক্ষাটা আমাদের নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ ই স্টিগলিৎজ
জোসেফ ই স্টিগলিৎজ

ফ্রান্সের নির্বাচনে সম্ভবত ইমানুয়েল ম্যাখঁ জিততে যাচ্ছেন, এতে সারা পৃথিবীই স্বস্তির নিশ্বাস ফেলছে। অন্তত ইউরোপ যুক্তরাষ্ট্রের মতো সুরক্ষাবাদী নীতিতে যাচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যে পথে যেতে বাধ্য করছেন। কিন্তু বিশ্বায়নের পক্ষপাতীদের একটু থামা উচিত। বিশ্বের অনেক দেশেই সুরক্ষাবাদ ও ‘অনুদার গণতন্ত্রের’ উত্থান হচ্ছে। বাস্তবতা হচ্ছে, ট্রাম্পের মতো একজন অন্ধ ও স্বভাবসুলভ মিথ্যাবাদী যদি যুক্তরাষ্ট্রে জিতে যান বা মারি লো পেনের মতো অতি ডানপন্থী ৭ মের নির্বাচনে ম্যাখঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ব্যাপারটা গভীরভাবে উদ্বেগের।

অনেকেই মনে করেন, ট্রাম্পের দুর্বল ব্যবস্থাপনা ও দৃশ্যমান অযোগ্যতা লোকরঞ্জনবাদের প্রতি মানুষের আস্থায় চিড় ধরানোর জন্য যথেষ্ট হওয়া উচিত। একইভাবে রাস্ট বেল্টের (জং ধরা এলাকা) যে মানুষেরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তাদের অবস্থা আগামী চার বছরে আরও খারাপ হবে। যুক্তিশীল ভোটাররা এটা বুঝতে পারবেন। কিন্তু আমরা যদি এটা ধরে নিই যে বিশ্বায়নের ব্যাপারে মানুষের অসন্তোষের অবসান ঘটেছে, তাহলে ভুল হবে। উন্নত উদার দেশগুলো যদি বিদ্যমান অবস্থা বজায় রাখার নীতি গ্রহণ করে, তাহলে স্থানচ্যুত শ্রমিকেরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। অনেকেই বোধ করবেন, ট্রাম্প ও লো পেনের মতো মানুষেরা অন্তত তাঁদের মর্মযাতনা বোঝেন। ভোটাররা সুরক্ষাবাদ ও লোকরঞ্জনবাদের দিক থেকে এমনিতেই মুখ ফিরিয়ে নেবে—এমন ভাবা নাগরিকের ইচ্ছামূলক চিন্তা ছাড়া কিছু নয়।

উদার বাজার অর্থনীতির দেশগুলোকে বুঝতে হবে, সংস্কার ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে অনেক গোষ্ঠীর অবস্থা আরও খারাপ হবে। এমনকি অনেক বড় গোষ্ঠীরও। নীতিগতভাবে এসব পরিবর্তনের কারণে অর্থনীতির দক্ষতা বাড়ে। ফলে বিজয়ীরা পরাজিতদের ক্ষতি পুষিয়ে দিতে পারে। কিন্তু পরাজিতদের অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে তারা বিশ্বায়ন ও বাজারমুখী নীতি কেন সমর্থন করবে? বস্তুত যে রাজনীতিকেরা এই পরিবর্তনের বিরোধিতা করেন, তাঁদের নিজ স্বার্থেই এদের কাছে যেতে হবে।

এখান থেকে যে শিক্ষাটা নিতে হবে তা কিন্তু দৃশ্যমান। প্রগতিশীল নীতি না থাকায় ট্রাম্পবাদী রাজনীতিই ধরিত্রীর বিধিলিপি হয়ে যেতে পারে। অর্থাৎ সামাজিক-কল্যাণমূলক কর্মসূচি, চাকরি ধরে রাখা এবং সমাজ ও ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের সহায়তা—প্রভৃতি কর্মসূচি ছাড়া আমাদের কপালে ট্রাম্পবাদই জুটবে।

এই ধরনের রাজনীতিবিদেরা বড় ক্ষতি করে ফেলেন, এমনকি যদি তাঁরা সুরক্ষা ও স্বদেশবাদী নীতি বাস্তবায়ন না-ও করতে পারেন। কারণ, তাঁরা ভীতির কারবার করেন এবং অন্ধত্বের গোড়ায় আগুন দেন। একই সঙ্গে শাসনব্যবস্থার ব্যাপারে তাঁদের নীতি বিপজ্জনকভাবে মেরুকৃত: যুক্তরাষ্ট্র বনাম অন্যান্য। ট্রাম্প মেক্সিকো, চীন, জার্মানি ও কানাডার বিপক্ষে টুইটার আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তিনি যত দিন ক্ষমতায় আছেন, তত দিন এই তালিকা বড়ই হতে থাকবে। লো পেন মুসলমানদের নিশানা করেছেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নির্যাতনে ফ্রান্সের ভূমিকা অস্বীকার করে তিনি ইহুদিবিদ্বেষের পরিচয় দিলেন, যদিও এটা নতুন কিছু নয়।

এর ফলে হয়তো দেশে গভীর ও অপূরণীয় ক্ষত সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রেসিডেন্সির ব্যাপারে ইতিমধ্যে মানুষ শ্রদ্ধা হারিয়েছে। খুব সম্ভবত তিনি যখন ক্ষমতা ছাড়বেন, তখন মার্কিন জাতি আরও বিভাজিত হয়ে পড়বে। আমাদের এটা ভুললে চলবে না যে ইউরোপে আলোকায়নের আগে, অর্থাৎ সমাজে বিজ্ঞান ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ার আগে সেখানকার মানুষের উপার্জন বহুদিন স্থিতিশীল ছিল। কিন্তু ট্রাম্প, লো পেন ও অন্য লোকরঞ্জনবাদীরা আলোকায়নের বিপরীত মূল্যবোধের মানুষ। বিকল্প সত্যের কথা বলতে ট্রাম্পের লজ্জা হয় না। তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অস্বীকার করেন। সরকারি গবেষণার বাজেট ব্যাপক হারে কমাতে চান, যার মধ্যে জলবাযু পরিবর্তনজনিত গবেষণাও আছে। তিনি মনে করেন, এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা ধাপ্পাবাজি।

ট্রাম্প, লো পেনসহ আরও যাঁরা সুরক্ষাবাদের কথা বলেন, তাঁরাও বিশ্ব অর্থনীতির জন্য একই হুমকি হিসেবে আবির্ভূত হন। গত শতকের দুই-তৃতীয়াংশ সময় একটি নিয়মভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হয়েছে। যার বদৌলতে পণ্য, সেবা, মানুষ ও চিন্তা স্বাধীনভাবে চলাফেরা করেছে। ট্রাম্প যেন এই কাঠামোয় গ্রেনেড ছুড়ে মেরেছেন, যা দেখে তাঁর সমগোত্রীয়রা হাততালি দিচ্ছেন।

ট্রাম্প ও তাঁর সমমনারা বলছেন, সীমান্তের মূল্য আছে। ফলে যে ব্যবসায়ীরা বৈশ্বিক পরিসরে আন্তসম্পর্কিত ব্যবসা গড়ে তুলতে চাইছেন, তাঁরা এখন নতুন কিছু করার আগে দুবার ভাববেন। এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে আন্তদেশীয় বিনিয়োগ। বিনিয়োগ কম হলে এই ব্যবস্থার পক্ষপাতীরা এটাকে টেনে নিয়ে যেতে তেমন একটা আগ্রহী হবেন না।

পুরো বিশ্বের জন্যই এটা সমস্যাজনক হবে। আমরা পছন্দ করি আর না করি, বৈশ্বিক মানবসমাজ পরস্পর সম্পর্কিতই থাকবে, যার সামনে জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের হুমকি অভিন্ন সমস্যা হিসেবেই থাকবে। ফলে কথা হচ্ছে, সামষ্টিকভাবে এই সমস্যা মোকাবিলার সক্ষমতা ও প্রণোদনা বাড়াতে হবে, কমাতে নয়।

এই শিক্ষাটা স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো অনেক আগেই শিখেছে। এই অঞ্চলের ছোট দেশগুলো বুঝতে পেরেছে, দ্রুত অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে হলে উন্মুক্ত থাকতে হবে। কিন্তু সেটা যদি উন্মুক্ত ও গণতান্ত্রিক রাখতে হয়, তাহলে নাগরিকদের বোঝাতে হবে, সমাজের বড় অংশ এতে বাদ পড়বে না।

তাই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর সফলতার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই কল্যাণমূলক রাষ্ট্রের মডেল। তারা বুঝতে পেরেছে, টেকসই সমৃদ্ধির একমাত্র তরিকা হচ্ছে অভিন্ন সমৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাকি ইউরোপকে এই শিক্ষাটা নিতে হবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

জোসেফ ই স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।