যে শিশুরা 'অফিস' করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের এক বাচ্চার দৈনন্দিন রুটিন: সাড়ে ছয়টার মধ্যে ঘুম জেগে, গোসল করে, নাশতা সেরে বাবা বা মায়ের সঙ্গে বের হওয়া; বাবা যান কাজে আর মা তাকে নামিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশু দিবাযত্নকেন্দ্রে (তারপর তিনি যান তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়াতে); দুইটায় যদি মা কোনো দিন আসতে পারেন ভালো, নইলে বাবা এসে তাকে নিয়ে যান তাঁর অফিসে; আর ছয়টায় বাসায় ফেরার পর শেষ হয় তাঁর ১০ ঘণ্টার ‘অফিস’। আর এটা সে করছে আড়াই বছর ধরে। এর আগে অবশ্য ১০ মাস বয়স থেকে আড়াই বছর পর্যন্ত তার অভিজ্ঞতা অন্য রকম: মায়ের সঙ্গে ছোট্ট তোশকসহ অফিসে যাওয়া, সেমিনারে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের বাসে আসা-যাওয়া। আর যদি তার বোধশক্তি ওই বয়সেই হতো, সে শুনতে পেত, মাকে তার সহকর্মীরা টিপ্পনী কাটছেন: ‘ম্যাডাম, দেখি এখানেই বাসাবাড়ি বানিয়ে ফেললেন!’; ‘ভালো, তোমার মেয়ে দেখি সভা-সেমিনার কোনোটিই বাদ দেয় না’; ‘ম্যাডাম, আপনাকে কিন্তু (বাসের) ডাবল ভাড়া দিতে হবে’ ইত্যাদি।

আমাদের ভাগ্য ভালো, ছোট্ট শিশুটি বুঝতে পারেনি তার মায়ের সহকর্মীদের টিপ্পনী। কিন্তু বিজ্ঞ পাঠক আপনি কি টের পাচ্ছেন আমাদের রাষ্ট্রীয়-প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, সামাজিক দীনতা আর মানসিক মূঢ়তা। এখনো সন্তান লালন-পালন মায়ের একমাত্র দায়িত্ব। কোনোভাবেই বলছি না বা অস্বীকার করছি না যে এ ক্ষেত্রে মায়ের ভূমিকা ও দায়িত্বই প্রধান, কিন্তু সেটাই তাঁর একমাত্র কাজ কি না, সেটাই প্রশ্ন আমাদের। বড়জোর এ ক্ষেত্রে আমরা পরিবারের দায়িত্বের কথা মাঝেমধ্যে চিন্তা করি; কিন্তু সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কী? তা ছাড়া যৌথ পরিবার ভেঙে যাওয়া ছাড়াও দ্রুত নগরায়ণ, কর্মসংক্রান্ত অভিবাসন, পরম শুভানুধ্যায়ীদের অসুস্থতা বা সংকুচিত অবসরসহ পরিবর্তিত বাস্তবতায় সমাজ ও রাষ্ট্রের অতিরিক্ত দায়িত্ব কি বা সেসব পালন করা হচ্ছে কি না, সে প্রশ্নই আমরা করছি? সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় বা সমতুল্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে এ ক্ষেত্রে তাদের দায়িত্ব ও কর্তব্য অস্বীকার করছে, যা মা ও শিশুর অধিকার, নারীর অধিকার, বাবার অধিকার ও সর্বজনীনভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিশু দিবাযত্নকেন্দ্র গড়ে ওঠেনি কেন? বিষয়টি আমাদের জনচেতনায় অনুপস্থিত কেন? আসলে শিশু দিবাযত্নকেন্দ্রের প্রয়োজনীয়তা আমাদের সমাজে বরাবরই খুব কম গুরুত্ব পেয়ে এসেছে। ধরে নেওয়া হয় যে নারীর প্রথম দায়িত্ব ঘরে থেকে শিশুর দেখাশোনা করা। ব্যাপারটি জটিল আকার ধারণ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে। যাঁরা কর্মক্ষেত্রে যাওয়ার ফলে শিশুসন্তানের প্রতি পর্যাপ্ত মনোযোগ ও সময় না দিতে পারার জন্য গ্লানিবোধে ভুগতে থাকেন। কেবল ভুক্তভোগী মা-বাবা-নিকটজনেরাই জানেন যে একজন কর্মজীবী নারী এবং তাঁর পরিবার কতভাবে শিশুসন্তানের নিরাপত্তা ও পরিচর্যার বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নানাবিধ ব্যবস্থা গ্রহণে বাধ্য হন, যা অনেক সময় শিশুর স্বাভাবিক বিকাশ ও নিরাপত্তার জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। অনেকে কেবল গৃহপরিচারিকার কাছেই শিশুসন্তানের দায়িত্ব দিয়ে যেতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতিতে অনেক বাবা-মা কর্মক্ষেত্রে যথার্থভাবে দায়িত্ব সম্পাদন করতে পারেন না; অনেক কর্মজীবী নারী স্বেচ্ছায় অথবা পারিবারিক চাপে চাকরি থেকে অব্যাহতিও নেন।
খোঁজ নিয়ে জানতে পেরেছি, মহিলাবিষয়ক অধিদপ্তর কর্মজীবী ও শ্রমজীবী নারীদের শিশুসন্তানদের জন্য দেশব্যাপী বেশ কয়েকটি শিশু দিবাযত্নকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি সব তফসিলি ব্যাংকে শিশু দিবাযত্নকেন্দ্র স্থাপন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিশু দিবাযত্নকেন্দ্র নেই; তবে দু-একটিতে প্রাথমিকভাবে প্রক্রিয়াধীন আছে—দুপা চলা, তিন পা পেছানোর গতিতে। জানামতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই পরিস্থিতি। তাহলে কি বিশ্ববিদ্যালয়গুলোতে যাঁরা কাজ করেন—শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী—তাঁদের শিশুরা জন্ম থেকেই পরিণত ও আত্মনির্ভরশীল অথবা তাঁরা শিশু দিবাযত্নকেন্দ্রের প্রয়োজন বোধ করেন না? ব্যাপারটা নিশ্চয় এমন নয়।
এই প্রেক্ষাপটে আমরা মনে করি, যদি সরকার কোনোভাবে এদিকটায় মনোযোগী না হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিশু দিবাযত্নকেন্দ্র কোনো দিনই গড়ে উঠবে না। আমাদের জানামতে, শ্রম আইনে যেসব প্রতিষ্ঠানে ২৫ জনের বা তার অধিক নারী কর্মী আছেন, সেখানে শিশু দিবাযত্নকেন্দ্র থাকা বাধ্যতামূলক। কিন্তু ওই আইন বা এর স্পিরিট আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযোজ্য কি না, এ নিয়ে ‘অন্যান্য কাজে ব্যতিব্যস্ত’ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন তুললে আমরা ভুক্তভোগী বাবা-মায়েরা অবাক হব না। সুতরাং একটি আইনি বাধ্যবাধকতা অপরিহার্য বলে আমরা মনে করি।
স্পষ্ট করে বলা প্রয়োজন, আমরা কারও কাছ থেকে কোনো দয়াদাক্ষিণ্য চাইছি না, বলছি না বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা-জাতীয় কিছু হোক। আমাদের বক্তব্য ঠিক যে কারণে শ্রম আইনে শ্রমিকদের শিশুদের ব্যাপারে রাষ্ট্র হস্তক্ষেপ করেছে, আমাদের শিশুদের জন্যও রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিশু দিবাযত্নকেন্দ্র স্থাপনের জন্য আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিক।
পরিশেষে বলতে চাই, শিশু দিবাযত্নকেন্দ্র বলতে আমরা দুই বাতি এক ফ্যানওয়ালা, সকাল নয়টায় খুলে দেওয়া, বিকেল পাঁচটায় বন্ধ করা একটি রুমের কথা বোঝাচ্ছি না। আমরা চাই এমন একটা আন্তরিক, মমতাময় ব্যবস্থাপনা; যেখানে নিরাপদে, যথার্থ যত্নসহকারে অফিসকালে লালিত-পালিত হবে আমাদের শিশুরা। বিশ্ববিদ্যালয় শুধু জায়গা দেবে, আর কেন্দ্রগুলো চলবে প্রতিযোগিতামূলকভাবে বাছাই করা বিশ্ববিদ্যালয়ের ভেতরের বা বাইরের এক গ্রুপ ব্যবস্থাপকদের দল দ্বারা। আর তাদের মূল্যায়ন হবে প্রতি ছয় বা ১২ মাস অন্তর কেন্দ্র ব্যবহারকারী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে।

মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মু. মোসলেহ্উদ্দীন হাসান, ইসরাত নাজিয়া, আফসানা হক, নাসরিন আকতার, নাহিদ সুলতানা, মো. আতিকুর রহমান, মু. সিরাজুল ইসলাম, মু. তানজিল সওগাত ও জাফরিন আহমেদ

লেখকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের শিক্ষক।