যে শোকের সান্ত্বনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই-নোয়াখালী মহাসড়কের পাশে হাতিমারা গ্রাম। ঢাকা থেকে কী এমন দূরত্ব! সোয়া সাতটায় রওনা দিয়ে সারা দুনিয়া ঘুরে পৌঁছাই সোয়া পাঁচটায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুতে মেরামতের কাজ চলায় এই বিপত্তি।শেষ বিকেলের বিষাদে ঢাকা শোকের জনপদ। শিগগিরই সন্ধ্যা ঘনাবে। সড়কের এক পাশে মানববন্ধন করছেন গ্রামবাসী। বিভিন্ন ব্যানার নিয়ে তাঁরা দাঁড়িয়ে। তোপখানা রোডের ১০-১২ জনের মানববন্ধন নয়, তাঁরা সংখ্যায় বহু। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ। আমিও তাঁদের সঙ্গে যোগ দিই।গ্রামবাসীর সঙ্গে সড়কের এক পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম দুর্ঘটনার অকুস্থলে। সেখানে রাস্তার পাশের খাদে ধানখেতের মধ্যে পুড়ে যাওয়া একটি ট্রাকের কঙ্কাল। ট্রাক বলে বোঝা যায় না। মনে হয় কিছু লোহালক্কড়। কাগজ ও মুদি দোকানের মালপত্র ছিল ট্রাকে। সবই পুড়ে ছাই। পাঁচ দিন পরও অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে। খেতের অনেকখানি জায়গায় ধানগাছ পুড়ে শেষ। ওখানটায় গিয়ে সড়কের ওপরে আমরা দাঁড়াই। কোত্থেকে কথা বলতে বলতে একজন এসে আমার সামনে দাঁড়ালেন। বুক চাপড়ে বারবার বলতে লাগলেন, ‘আমার রিদয়, আমার রিদয়—’লোকটির বয়স তিরিশের কোঠায়। তাঁর চোখে পানি নেই। আমার হাত ধরে লোকজনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ‘আমার ছেলের বিয়া। চারটা গরু জবাই করুম। আগামী শুক্রবার তোমাগো দাওয়াত।’আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার পিঠের দিক থেকে কেউ একজন বলল, এর নাম আবদুল্লাহ। রিকশা চালায়। এর ছেলের নাম মোক্তাকিম হোসেন হূদয়। প্লে গ্রুপে পড়ত। নানির বাড়িতে থাকত। ট্রাকচাপায় সেও মারা গেছে। তার পর থেকে পাগলের মতো হয়ে গেছে।আবদুল্লাহ তাঁর জামার পকেট থেকে মানিব্যাগ বের করলেন। তা আমার সামনে মেলে ধরে বললেন, ‘এই যে আমার রিদয়। আগামী শুক্রবার ওর বিয়া।’ পাঁচ-ছয় বছর বয়সী ফুটফুটে এক শিশুর ছবি। আবদুল্লাহ অনর্গল কথা বলছেন। তাঁর চোখ শুকনো। একজন মানুষ হিসেবে আমি আমার চোখ কীভাবে শুকনো রাখি? পুত্রহারা পিতাকে সান্ত্বনা দেওয়া সম্ভব? জন্মমৃত্যু পৃথিবীর নিয়ম। কিন্তু এমন শোকের কোনো সান্ত্বনা হয় না।১৬ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার হাতিমারা নামক স্থানে বেপরোয়া মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা স্কুলভ্যানকে চাপা দিলে আট স্কুলছাত্র নিহত হয়। কয়েকজন ঘটনাস্থলে, কয়েকজন হাসপাতালে নেওয়ার পথে। শিশুশিক্ষার্থীরা সবাই নাথেরপেটুয়া মডেল স্কুলের ছাত্রছাত্রী। শিশুরা সবাই ছিল ছয় থেকে ১০ বছর বয়সী। তারা স্কুল থেকে ভ্যানে চেপে বাড়ি ফিরছিল। মালবাহী ট্রাক শিশুদের বহনকারী ভ্যানের ওপর উঠে যায়।এই মর্মন্তুদ ঘটনার জাতীয় পত্রপত্রিকায় যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল, তা পায়নি। কোনো কোনো কাগজে রিপোর্টই হয়নি। জাতি হিসেবে আমাদের মন মরে যাচ্ছে। কোনো হূদয়বিদারক ঘটনাই আমাদের করুণার উদ্রেক করে না। কোথায় ৮-১০ জন শিশু ট্রাকচাপায় মারা গেল, তাতে কারও কিছু আসে-যায় না। যাঁরা রাষ্ট্র চালান, তাঁদের অনেক কাজ। শত শত কোটি টাকার সব প্রজেক্ট। কোথায় কোন নদীর ওপরে হবে সেতু, কোথায় উঠবে আকাশছোঁয়া অট্টালিকা—তা নিয়ে ছোটাছুটি। বিশ্বব্যাংক। মালয়েশিয়া। জাপান। চীন। কত কি! তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাজধানীর নামীদামি কোনো স্কুলের এমন জনা সাত-আটেক বাচ্চা যদি প্রাণ হারাত, তাহলে টক শো, লেখালেখি চলত বেশ কিছুদিন। টিভি ক্যামেরাসহ ওদের বাড়িতে ছুটে যেতেন মাননীয় ও মহোদয়েরা।আমাদের বিভিন্ন ধরনের জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য কী, তা জনগণ জানে না। স্কুল-কলেজগুলোর ভর্তি-বাণিজ্য করে যদি তাঁরা বিপুল অর্থের অধিকারী হন, তাতে ভোটারদের অন্তর্দাহ হওয়ার কারণ নেই। কিন্তু বিপদে-আপদে তাদের পাশে একটু দাঁড়ালে ভালো লাগে। বিপদমুক্ত জীবনযাপনে জনগণকে সাহায্য করলে শুধু ভালো লাগা নয়, কৃতজ্ঞতাও বোধ করে তারা।দুর্ঘটনার পর আমি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলি। তখন তিনি দক্ষিণ বাংলায় ছিলেন। তিনি শোক প্রকাশ করেন। সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলীর সঙ্গেও কথা বলি। দুর্ঘটনাটি সড়কের কারণে হয়নি। ট্রাক একটি জড় বস্তু। যে নিজে নড়াচড়া করতে পারে না। কাউকে মারার ক্ষমতাও তার নেই। চালক যেভাবে চালান, সেভাবেই চলে। ওই ট্রাকের চালক দুর্ঘটনার পর দিনে-দুপুরে দৌড়ে পালিয়ে গেছেন। সেখানে গিয়ে জানতে পারি, পাঁচ দিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। ট্রাকের মালিককেও খুঁজে পায়নি। পোড়া ট্রাকের নম্বরপ্লেটটি এখনো অক্ষত আছে, বিস্ময়কর ব্যাপার বৈকি!বাচ্চাগুলো নিহত হয়েছে তাদের বাড়ির দু-এক শ গজের মধ্যে। তাদের মা-নানি-দাদিরা তাদের জন্য ভাত-তরকারি রেঁধে রেখেছিলেন। প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে খাবে। ট্রাকচাপার শব্দ শুনে রাস্তায় বেরিয়ে ওই দৃশ্য দেখে মা-বাবা-ভাইবোনদের কী অবস্থা হয়েছিল, তা পাঠক অনুমান করতে পারেন। এখনো অনেক মা নির্বাক।একটি বাড়ির উঠানে গিয়ে দেখি, একটি কুকুর উপুড় হয়ে শুয়ে আছে দুই পা ছড়িয়ে। আমাদের এতগুলো মানুষকে দেখেও সে উঠল না। নীরবে শুয়ে রইল। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো, প্রিয়জন হারিয়ে পশুটিও শোকে পাথর।গত ঈদের দিন শহীদ মিনারে সমাবেশের পর থেকে আমরা সরকারকে অব্যাহতভাবে বলছি, সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিন, সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করুন। সড়কে যানবাহনের চাপায় অপমৃত্যুকে সরকার গুরুত্ব দেয় না। প্রতিদিন সারা দেশে গড়ে ২০ জন নিহত হয়। আহত অগণিত। প্রতিটি দুর্ঘটনার পর যানবাহন ভাঙচুর হয় অসংখ্য। এ ব্যাপারে সরকারের উদ্বেগ আছে বলে প্রমাণ পাইনি। আমরা সরকারকে বলেছি, অপরাধী চালকদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির বিধান করতে। কিন্তু যেসব মন্ত্রী-সাংসদের পরিবহন ব্যবসা রয়েছে, পরিবহনের শ্রমিকদের নিয়ে যাঁদের কারবার, গড়ে তুলেছেন নিজের ভাগ্য, তাঁদের কাছে সড়ক দুর্ঘটনা ছেলেখেলা।আমরা কখনো এমন কথা বলিনি যে যেকোনো সড়ক দুর্ঘটনার দোষ চালকদের। যে বা যারা আহত বা নিহত হয়, দুর্ঘটনা তাদের ভুলেও হতে পারে। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে সড়ক দুর্ঘটনার তাৎক্ষণিক এবং ঘটনাস্থলেই বিচারের ব্যবস্থা আছে। তখন তাজা সাক্ষী-প্রমাণ থাকে। বিচারে দীর্ঘসূত্রতার কারণে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিচার পায় না। অপরাধী বেঁচে যায়। ক্ষতিগ্রস্ত যখন বিচার পায় না, তখন রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে।সব মৃত্যুই মৃত্যু এবং তা শোকাবহ। অপমৃত্যু বেশি শোকাবহ। কলেরা বা বার্ড ফ্লুতে পাঁচজন মারা গেলে হইচই শুরু হয়। সরকারও করে, মিডিয়াও করে। সড়ক দুর্ঘটনায় বছরে দেশে ৮-১০ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, পঙ্গু হচ্ছে ২৫ হাজার। সরকার নির্বিকার। তা ছাড়া প্রতিটি দুর্ঘটনার পর ২০-৩০টি গাড়ি ভাঙচুর ও ভস্মীভূত হচ্ছে, যা খুব বড় অর্থনৈতিক ক্ষতি।সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দেশে উদ্যোগের অন্ত নেই। শুধু সরকারি পর্যায়ে নয়—বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে। নাইজেরিয়ায় কবি, কথাশিল্পী, নাট্যকার ও সমালোচক ওল সোয়েঙ্কা। ১৯৮৬ সালে নোবেল পুরস্কার পান। দেশে স্বৈরশাসন। টিকতে না পেরে ইংল্যান্ড-আমেরিকায় কাটান অনেক দিন। হঠাৎ আশির দশকের শেষে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে জানান, তিনি সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন করবেন। তাঁর আন্দোলনে কাজ হয়েছিল, দুর্ঘটনা সম্পূর্ণ ঠেকানো সম্ভব নয়, কিন্তু কমানো সম্ভব।ছয় থেকে ১০ বছর বয়সী শিশুগুলো পৃথিবীতে এসে জীবনের কোনো স্বাদ না পেয়েই নির্মমভাবে বিদায় নিল। এ রকম অপমৃত্যু মানা যায় না। শুধু ওরা নয়, ওদের মতো আরও কত শিশু সারা দেশে। মনে হলো, ছেলেমেয়েগুলোর এভাবে চলে যাওয়ায় গ্রামের পুকুরগুলোর পানি স্তব্ধ হয়ে আছে। স্কুলে যাওয়ার আগে অথবা স্কুল থেকে ফিরে ওরা দাপাদাপি করে নাইত পুকুরের পানিতে। অনেকক্ষণ পানিতে থাকার জন্য ওদের আর মা-বাবার বকুনি খেতে হবে না।গাছে গাছে মার্বেলের সমান আমের গুটি। জাম ও কাঁঠালের মৌসুম সামনে। জ্যৈষ্ঠে আম-জাম পাকবে। ওরা এবার নেই। ঢিল ছুড়ে ডাঁসা আমটি আর পাড়তে পারবে না। ওদের মায়েদের জন্য এবার আম-কাঁঠাল হারাম।তবে জীবন থেমে থাকে না। ওই লোকালয়ের মানুষ ও নিহত ছেলেমেয়েদের বাবা-মাও স্বাভাবিক জীবন যাপন করবেন। যারা চলে গেছে, তাদের সহপাঠীরাও ক্লাস করবে। বন্ধুরা মাঠে গিয়ে কোলাহল করে খেলবে। একদিন ভুলে যাবে ওদের কথা। তার অর্থ এই নয়, এ জাতীয় মৃত্যু আমরা মেনে নেব। এমন অপমৃত্যুর দায় সরকারকেই বহন করতে হবে।সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।