গতকালের পরবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এতটা বিনয় দেখাননি। তিনি অভিযোগ করলেন, আমি জেনারেল জিয়ার ‘মর্যাদাহানি’ করার চেষ্টায় লিপ্ত হয়েছি। তাঁর অভিযোগে তিনি আমার নাম বললেন। আজ আমি আলমগীর সাহেবকে চিঠি লিখেছি একটি সাক্ষাৎকারের সময় চেয়ে, যেখানে তিনি আরও বড় পরিসরে তাঁর আগের মন্তব্যটি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন। আশা করি, আলমগীর সাহেব সাক্ষাৎ করতে সম্মত হবেন এবং তাঁর অভিযোগগুলো নিয়ে ‘অন দ্য রেকর্ড’ আলোচনা করবেন। এ ক্ষেত্রে তাঁর সাহস আনোয়ার সাহেবের চেয়ে আরও বেশি হবে বলে আশা করি।আলমগীর সাহেব কিংবা আনোয়ার সাহেবের মতো ‘বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তথ্য’ দেওয়ার কারবার আমি করি না। আমার কারবার ‘তথ্য’ নিয়ে। জনসাধারণের কাছে যেসব সত্য কখনো কখনো অজ্ঞাত থেকে যায়, সেসব সত্য অন্বেষণ করা আমার কাজের অংশ। এটা একটি পেশা, যার নাম সাংবাদিকতা।আমি ব্যক্তিগতভাবে জেনারেল জিয়াউর রহমানকে কালিমালিপ্ত করিনি। আসল প্রশ্ন হলো, সত্য ও অতীতের ঘটনা নিয়ে অনুসন্ধানে জেনারেল জিয়ার কিছু দিক উন্মোচিত হয়েছে, যা হয়তো অস্বস্তিকর, হয়তো তাতে বেআইনি কার্যকলাপের প্রতিফলন ঘটেছে। জেনারেল জিয়া যদি ক্ষমতায় থাকাকালে কোনো অপরাধ সংঘটিত করে থাকেন, তাহলে যে প্রতিবেদক ‘সত্য’ বিরবণী তুলে ধরেন, তিনি তাঁর ওপর কালিমা লেপন করেন না। ব্যক্তি নিজে এবং তাঁর নিজস্ব কর্মকাণ্ডই জনগণের জবাবদিহি ও মূল্যায়নের বিষয়।৩.এ প্রসঙ্গে একটু পেছন ফিরে তাকানো যাক। ১৯৭৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর। আমি তখন ইংল্যান্ডে থাকি। সাংবাদিকতার চাকরি থেকে স্যাবাটিক্যাল ছুটি নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়তে গেছি। ১৯৭৭ সালের শরতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমার সঙ্গে যোগাযোগ করল। সে সময় অ্যামনেস্টির কাছে বিপুল পরিমাণ গোপন প্রতিবেদন আসছিল, যেগুলোতে এমন তথ্য ছিল যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে আপাতবিদ্রোহ ঘটার পর গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।১৯৭৭ সালের ডিসেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব মার্টিন ইনালস বিশেষ সফরে ঢাকা আসেন। তাঁর আগমনের উদ্দেশ্য ছিল, বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি নেতাদের সঙ্গে মৃত্যুদণ্ড বিষয়ে আলোচনা করা। জেনারেল জিয়ার সঙ্গে ইনালস সাক্ষাৎ করেন। জিয়া তাঁকে আশ্বস্ত করেন যে ‘সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে।’ কিন্তু ইনালস লন্ডন ফিরে যাওয়ার পর অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ‘[জেনারেল জিয়া কর্তৃক] এসব আশ্বাস প্রদান করা সত্ত্বেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশ্বাস করার জোরালো কারণ আছে যে সেনাসদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা... এখনো অব্যাহত আছে... ১৯৭৮ সালের ১৯ জানুয়ারি এক তারবার্তায় অ্যামনেস্টির মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন খবরে, যেখানে অভিযোগ করা হয়েছে, ২ অক্টোবরের পর শত শত সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা অব্যাহত আছে।’ ১৯৭৮ সালের ৫ মার্চ লন্ডনের দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়: ‘গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই রক্তগঙ্গা কেবল আংশিকভাবে উন্মোচিত হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সপ্তাহের প্রতিবেদনে... বিমানবাহিনীর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য সানডে টাইমসকে বলেছেন, ৩০ সেপ্টেম্বর বগুড়ায় আর ২ অক্টোবর ঢাকায় অভ্যুত্থানের পর সামরিক ট্রাইব্যুনালে ৮০০-এর অধিক সেনাসদস্যকে দণ্ডিত করা হয়েছে—সামরিক আদালতের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ক্যাঙ্গারু কোর্টের পার্থক্য খুব বেশি নয়—ঢাকায় প্রায় ৬০০ সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে।’১৯৭৮ সালের ২৫ মার্চ মুম্বাইয়ের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির প্রতিবেদনে বলা হয়, ‘যদিও অ্যামনেস্টি শুধু এটুকুই বলতে প্রস্তুত যে “কমপক্ষে ১৩০ জন এবং সম্ভবত কয়েক শ”-এর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তবে ঢাকার কিছু ওয়াকিবহাল সূত্রের মতে এ সংখ্যা ৭০০ পর্যন্ত হতে পারে। প্রকৃত সংখ্যা নিশ্চিত করার উপায় নেই। ঢাকায় প্রচারিত টাইপ করা একটি কাগজের বিবরণীতে অভিযোগ করা হয়েছে, সেনা সদর দপ্তর থেকে টেলিফোনে নির্দেশ পেয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভবিষ্যতে জবাবদিহি করতে হতে পারে—এ আশঙ্কায় কোনো নথিপত্র রাখা হচ্ছে না। একটি ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সৈনিকদের গভীর রাতে জাগিয়ে তোলা হয় এবং তাদের গোছগাছ করে নিতে বলা হয়।’‘তাদের বলা হয়, তাদের মুক্তি দেওয়ার নির্দেশ এসেছে। সেলগুলোতে আনন্দের পরিবেশ তৈরি হয়, জোয়ানেরা তাদের মালামাল জড়ো করে। তাদের নিয়ে যাওয়া হয় জেলের সামনের গেটে। জানা যায়, সেখানে একজন সেনা কর্মকর্তা ও বিশেষ আধাসামরিক বাহিনীর এক সদস্য তাদের বাধা দেন। সেখানে হঠাৎ মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়। তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পাগলের মতো কান্নার রোলের মধ্যে জোয়ানদের নিয়ে যাওয়া হতে থাকে আর একেক দফায় ১৭-১৮ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতে থাকে। সে রাতে যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, তাদের তালিকাও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, “পুরো সময়জুড়ে ফাঁসির জন্য নিয়ে যেতে থাকা সৈনিকদের কান্নাকাটির ভেতরও কর্তৃপক্ষ ছিল শান্ত ও ধীরস্থির।” ঢাকায় এমন কথাও প্রচারিত হয়েছিল যে ফায়ারিং স্কোয়াডের সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়ার পরও গুলি না করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এসবের কোনো কিছুই কোনো সংবাদপত্র ছাপার সাহস করেনি। সুতরাং দেশের সংবাদমাধ্যমে প্রামাণিক নিশ্চিতকরণ খুঁজে পাওয়া অসম্ভব।’এসব ভয়াবহ খবর যখন আসতে থাকল, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমাকে অনুরোধ করল এসব গণহত্যা বন্ধের চেষ্টা হিসেবে তারা কী করতে পারে, সে ব্যাপারে যেন পরামর্শ দিই। অ্যামনেস্টির গবেষণা পরিচালক স্টেফানি গ্রান্টকে পরামর্শ দিলাম, তিনি যেন জরুরি ভিত্তিতে কিছু ব্যক্তি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সন ম্যাকব্রাইডের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস প্রতিষ্ঠায়ও সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন ম্যাকব্রাইড।সংক্ষিপ্ত নোটিশে সভাটি আয়োজন করা হয়। সন ম্যাকব্রাইড, স্টেফানি গ্রান্ট, ইভন্নি তারলিংজেন ও আমি—এই চারজন অ্যামনেস্টির লন্ডন সদর দপ্তরে তারলিংজেনের ছোট্ট কক্ষে বসলাম একটি অভাবনীয় পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে। ইভন্নি তারলিংজেন তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় গবেষণা শাখার পরিচালক। সন ম্যাকব্রাইডের বয়স ৭৪ বছর হওয়ার পরও স্টেফানি গ্রান্ট ভেবেছিলেন, তাঁর উপস্থিতি খুব কাজের হবে। আমি তাঁর সঙ্গে পুরোপুরি একমত ছিলাম। সন ম্যাকব্রাইডের ইতিবৃত্ত আমি ভালোমতোই জানি। ম্যাকব্রাইডের বাবা মেজর জন ম্যাকব্রাইডকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়েছিল ১৯১৬ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের ইস্টার অভ্যুত্থানের পর। আইরিশ সমাজতান্ত্রিক নেতা জেমস কনোলির পাশাপাশি তিনি মারা যান। ব্রিটিশদের দ্বারা সন ম্যাকব্রাইডের বাবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় তাঁর বয়স ছিল ১২ বছর। তাঁর মা আয়ারল্যান্ডে নামকরা অভিনেত্রী এবং কিংবদন্তিতুল্য সুন্দরী মদ গন। তাঁর জন্য হূদয় ভেঙেছিল কবি উইলিয়াম বাটলার ইয়েটসের। অন্যদের কাছে তিনি ইয়েটসের কাব্যলক্ষ্মী হিসেবে পরিচিত। তবে তিনি সব সময় নিজের মতো চলতেন। বিয়ে করার জন্য ইয়েটসের সনির্বন্ধ অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছিলেন।২৩ বছর বয়সে সন ম্যাকব্রাইড আইআরএর গোয়েন্দা শাখার পরিচালক হন। শেষ পর্যন্ত তিনি স্বাধীন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তাঁর বাবা এই স্বাধীন আয়ারল্যান্ডের জন্য লড়াই করে শহীদ হয়েছেন। ১৯৫০-এর দশকে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সন ম্যাকব্রাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের খসড়া তৈরিতে, পরে এই খসড়াটিই ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। ১৯৭৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তাঁর সম্পর্কে নোবেল কমিটির ভাষ্য ছিল, তিনি ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববিবেককে উদ্বুদ্ধ করেছেন’। ১৯৭৫ সালে তাঁকে লেনিন শান্তি পুরস্কার প্রদান করা হয়। সন ম্যাকব্রাইড যখন আমাদের সঙ্গে সভায় মিলিত হন, তখন সারা বাংলাদেশের জেলখানাগুলোতে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। সে এক দুঃস্বপ্নময় পরিস্থিতি। সেই বৈঠক সম্পর্কে আমার যে বিষয়টি সবচেয়ে উজ্জ্বলভাবে মনে পড়ে, সেটি হচ্ছে সন ম্যাকব্রাইডের বিশেষ এক গুণ। শুরুতে তিনি প্রায় কিছুই বলেননি। শুধু শুনেছেন। আমি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও তার পটভূমি ব্যাখ্যা করে বললাম এবং যে গণহত্যাকাণ্ড চলছিল, তার পরিপ্রেক্ষিত উপস্থাপন করলাম। তাহেরের বিচার এবং সামরিক শাসনের অরাজক অবস্থায় নিপতিত হওয়ার বিষয়ে বললাম। ম্যাকব্রাইড এমন গভীর মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিলেন যে তা দেখে আমি অভিভূত হয়ে পড়েছিলাম।মিনিট বিশেক ধরে কথা বলা এবং তাঁর প্রশ্নের জবাব দেওয়ার পর আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমি যা বলছিলাম, তিনি তা পুঙ্খানুপুঙ্খভাবে শুধু জানেনই না, বরং আমি কোন দিকে যাচ্ছি, তা-ও তিনি জানেন। এবার তিনি আমার দিকে তাকালেন এবং বললেন, ‘আমি করতে পারি?’ তাঁকে বললাম, আমার মনে হয় হত্যা বন্ধ করার একমাত্র উপায় হলো তাঁর ঢাকা সফরে যাওয়া এবং চলমান মৃত্যুদণ্ডের জন্য দায়ী সামরিক ক্ষমতাধর ব্যক্তি জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করা। বিশৃঙ্খল অবস্থা অব্যাহত রাখার ক্ষমতা জিয়ার যেমন ছিল, তেমনি তা বন্ধ করার ক্ষমতাও তাঁর ছিল। কেন এতে কাজ হতে পারে বলে আমার মনে হচ্ছে, তা ব্যাখ্যা করলাম। তবে মনে মনে ভাবলাম, পাকা ওস্তাদের হাতে পড়লেই কেবল এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। ম্যাকব্রাইড এমন একজন ব্যক্তি, যিনি ১৮ বছর বয়স থেকে কাজ করেছেন আইরিশ রিপাবলিকান আর্মির ভেতরে ও বাইরে থেকে এবং জেলের ভেতরে ও বাইরে থেকে। তিনি জানতেন, তিনি কী করছেন। আমার প্রস্তাবে সন ম্যাকব্রাইড রাজি হলেন। দু-এক দিনের মধ্যেই ঢাকায় যোগাযোগ করে তিনি শিগগিরই নিজের জন্য ঢাকা যাওয়ার আমন্ত্রণ জোগাড় করে নিলেন। উপলক্ষ, ঢাকার বার অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেওয়া। ইভন্নি তারলিংজেনকে সঙ্গে নিয়ে ঢাকায় উড়ে গেলেন। আমার ধারণা, বিনা দ্বিধায় দায়িত্ব নেওয়া এবং শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্তের মূলে ছিল নিজের বাবার নিহত হওয়ার দগ্ধ অভিজ্ঞতা। ফায়ারিং স্কোয়াডে পাঠানো কোনো মানুষের স্বজনের যন্ত্রণা তাঁকে বলে বোঝানোর দরকার ছিল না। শৈশবেই সেই অভিজ্ঞতা তাঁর হয়েছিল। কয়েক দিনের মধ্যেই সন ম্যাকব্রাইড জেনারেল জিয়ার সঙ্গে দেখা করলেন। পরে তিনি আমাকে বলেন, জিয়াকে তাঁর তখন একরকম ‘ভারসাম্যহীন’ ও ‘বিক্ষিপ্ত’ মনে হয়েছিল। এক দিক থেকে দেখলে, যে মানুষ গণনিধনের কর্মসূচি চালাচ্ছেন, তাঁর অবস্থা এমনই হওয়ার কথা। ম্যাকব্রাইড জিয়াকে ফাঁসিতে ঝোলানো এবং ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা বন্ধ করতে বললেন। তাঁর মনে পড়ে, অনুরোধটা শুনে জিয়া সামান্য কেঁপে উঠেছিলেন। তিনি জিয়াকে বললেন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জিয়ার রয়েছে। সন ম্যাকব্রাইড তাঁকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পীড়াপীড়িও করলেন। তিনি জিয়াকে এও বললেন, যদি এই নিধনযজ্ঞ বন্ধ না হয়, তাহলে লন্ডনে ফিরে তিনি দুনিয়ার সামনে জিয়ার নিন্দা জানাবেন। ১৯৭১ সালে সন ম্যাকব্রাইড আন্তর্জাতিক আইনবিদ কমিশনের সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশের পক্ষে সোচ্চার হয়েছিলেন। ইউরোপে তাঁর মর্যাদার সমান মনোযোগও তিনি সে সময় নিশ্চিত করেছিলেন। এমনকি জিয়া বুঝতে পেরেছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ম্যাকব্রাইড ভবিষ্যতে তাঁর জন্য বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। সন ম্যাকব্রাইড এমন লোক নন, যাঁকে অগ্রাহ্য করে এগিয়ে যাওয়া যায়। সৈনিকদের প্রথম দফায় মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়েই জিয়া নিজেকে ম্যাকব্রাইডের নৈতিক জগতের বাইরে নিয়ে গেছেন। ম্যাকব্রাইডের বিরুদ্ধে যাওয়া জিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ছিল।লক্ষণীয় ব্যাপার, ম্যাকব্রাইডের হস্তক্ষেপে কাজ হয়েছিল। তাঁর বৈঠকের পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা থেমে যায়। ১৯৭৮ সালের শীতকাল ও বসন্তকাল জুড়ে কোনো কিছুরই নিশ্চয়তা ছিল না। জেনারেল জিয়া ছিলেন ম্যাকবেথের মতো পরিস্থিতিতে। মনে হচ্ছিল, যাঁকে তাঁর শত্রু মনে হয়, তাঁদের সবাইকেই তিনি নিকেশ করে দিতে সক্ষম। আমার মনে হয়, দুঃস্বপ্নময় পরিস্থিতির ওই বিশেষ ধাপে সন ম্যাকব্রাইডের উপস্থিতি ওই দুঃস্বপ্নের একটা সমাপ্তি টেনে দিয়েছিল। [আগামীকাল সমাপ্য]২১ জুলাই কর্নেল তাহেরের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় পঠিত প্রবন্ধলরেন্স লিফশুলজ: মার্কিনঅনুসন্ধানীসাংবাদিক।