
গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংসদের ২০১৬ সালের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার একপর্যায়ে ঢাকা মহানগরীর অসহনীয় যানজট সমস্যার সমাধানে তাঁর সরকারের গৃহীত ব্যবস্থাসমূহের তালিকা দিয়ে স্বীকার করেছেন, ঢাকার ক্রমবর্ধমান সংখ্যক মানুষ গাড়ির মালিক হওয়ায় এবং একই পরিবারে একাধিক গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধির কারণেই ঢাকার যানজট দিন দিন বেড়ে চলেছে। ধনাঢ্য উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর অত্যধিক গাড়ি-নির্ভরতার কতগুলো নজির ঠাট্টাচ্ছলে বর্ণনা করে তিনি গাড়ি ব্যবহারের ব্যাপারে সংযত হওয়ার জন্য তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যেকোনো সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপই হতে হয় সমস্যার আসল রূপ চিহ্নিতকরণ। এ ক্ষেত্রেও এই জটিল সমস্যাটির একটা গুরুতর ডাইমেনশন প্রধানমন্ত্রীর ভাষণে বর্ণিত হওয়ায় ভালো লেগেছে। কিন্তু যে আহ্বান তিনি জানিয়েছেন তাতে যে ওই বিত্তবান গোষ্ঠী কর্ণপাত করবে না, সেটা আগেভাগেই বলে দেওয়া যায়। সে জন্যই ব্যক্তিগত গাড়ির কারণে যাতে যানজটের সমস্যা আরও গুরুতর আকার ধারণ করতে না পারে, সে ব্যাপারে সিঙ্গাপুর, মুম্বাই, কলকাতা ও দিল্লির মতো প্রতিবেশী কয়েকটি নগরের সফল ব্যবস্থাগুলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রয়োগ করা যায় কি না, তা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
নগর-রাষ্ট্র সিঙ্গাপুর সারা বিশ্বের কাছে সুশৃঙ্খল মহানগরীর সবচেয়ে দৃষ্টিনন্দন নজির হিসেবে বহুল প্রশংসিত। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউ সারা বিশ্বের জনগণের কাছে তাঁর অতুলনীয় উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল স্টেটসম্যানশিপের অনন্য প্রায়োগিক ধারা রচনার জন্য বহুল নন্দিত। ১৯৯৬-৯৭ সালে প্রবাসী বাংলাদেশিদের ওপর একটি গবেষণা প্রকল্প সম্পাদনের জন্য একটি ফেলোশিপের অধীনে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান স্টাডিজে গবেষণা করার সুবাদে তিন মাস সপরিবার সিঙ্গাপুরে বসবাস করার সুযোগ হয়েছিল। ওই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সিঙ্গাপুরের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়েছে আমার।
আমাদের ভাড়া করা অ্যাপার্টমেন্ট ছিল জুরোঙ্গ ওয়েস্ট এলাকায়, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বেশ অনেকখানি দূরে। দোতলা বাসেই ইনস্টিটিউটে যাতায়াত করতাম, কিন্তু এক দিনও কোনো ট্রাফিক জ্যামে পড়ে আসা-যাওয়ায় বিলম্ব হয়নি। যেখানে পাতালরেল রয়েছে, সেখানে সব সময় সেটাই সর্বোত্তম যানবাহন। সিঙ্গাপুর যেহেতু অত্যন্ত উচ্চ আয়ের দেশ, তাই ব্যক্তিগত গাড়ি কেনার সামর্থ্য প্রায় সবারই রয়েছে। কিন্তু জনাকীর্ণ ওই নগর-রাষ্ট্রে সবাই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে পুরো নগরী যে যানজটে অচল হয়ে যাবে, সেটা সময়মতো উপলব্ধি করেছিলেন লি কুয়ান ইউ। তাই, একদিকে যেমন তিনি বিশ্বের অন্যতম দক্ষ এবং সুপরিকল্পিত গণপরিবহনব্যবস্থা গড়ে তুলেছেন, তেমনি ব্যক্তিগত গাড়ি কেনা এবং ব্যবহার উভয়ই কঠোরভাবে নিরুৎসাহিত করার জন্য গাড়ির দামের ওপর উচ্চহারে করারোপের পাশাপাশি গাড়ির রুট পারমিটের ওপর বিভিন্ন ক্যাটাগরির উচ্চহারের ফি নির্ধারণের ব্যবস্থা চালু করেছেন।
সপ্তাহের কার্যদিবসগুলোর পিক আওয়ারে, মানে ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিঙ্গাপুরের সিটি সেন্টারের সুনির্দিষ্ট সীমারেখার ভেতরে যেসব ব্যক্তিগত গাড়ি প্রবেশের অনুমতি পেতে চায়, ওসব গাড়ির মালিককে যে উচ্চহারে লাইসেন্স ফি দিতে হয়, তা ক্ষেত্রবিশেষে গাড়ির দামের চেয়েও বেশি পড়ে যায়। কার্যদিবসের অফ-পিক আওয়ার, সাপ্তাহিক দুই ছুটির দিনে কিংবা অন্যান্য ছুটির দিনে যাঁরা সারা সিঙ্গাপুর নগরীতে গাড়ি চালানোর রুট পারমিট চাইবেন, তাঁদের জন্য রুট পারমিটের ফি অনেক কম। সে জন্য, সিঙ্গাপুরের ৯০-৯৫ শতাংশ অধিবাসী এই দ্বিতীয় ক্যাটাগরির রুট পারমিট নিয়ে স্বাচ্ছন্দ্য জীবন কাটাচ্ছেন। কারণ, সুপরিকল্পিত গণপরিবহনব্যবস্থার কল্যাণে তাঁরা কার্যক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহারের তেমন প্রয়োজন বোধ করেন না।
সিঙ্গাপুর থেকে শিক্ষা নিয়ে ঢাকা এবং চট্টগ্রামেও ‘সিটি সেন্টার’ সুনির্দিষ্ট করে দিয়ে যেসব গাড়ির মালিক কার্যদিবসের পিক আওয়ারে ওই এলাকায় প্রবেশের জন্য রুট পারমিট নিতে চাইবেন, তাঁদের অতি উচ্চহারে রোড-ট্যাক্স এবং ফি পরিশোধের ব্যবস্থা করা হোক। অফ-পিক আওয়ারে এবং ছুটির দিনগুলোতে বর্তমান রোড-ট্যাক্স চালু থাকতে পারে। মূল সড়কগুলোর যেখান থেকে ‘সিটি সেন্টার’ শুরু হবে, সেখানে গেট বসিয়ে টোলস্টেশন স্থাপন করে অস্থায়ী ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিবার ‘সিটি সেন্টারে’ প্রবেশের জন্য টোল বা পথ-মাশুল আদায়ের ব্যবস্থা রাখা হোক। একই সঙ্গে, ওই পয়েন্টগুলোর আশপাশে বহুতল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করে ওখান থেকে এসি বাস সার্ভিস চালু করলে ব্যক্তিগত গাড়ির মালিকেরা বাসে চড়তে উৎসাহিত হতেও পারেন।
দিল্লি নগরীতে সাম্প্রতিক কালে জোড়-বিজোড় নম্বরধারী লাইসেন্সের গাড়িগুলোকে এক দিন পরপর সড়ক ব্যবহারের অনুমতি প্রদানের যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটা অভাবনীয় সাফল্য অর্জন করায় ওই অস্থায়ী ও পরীক্ষামূলক ব্যবস্থাকে স্থায়ী করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। ওই পরীক্ষামূলক ব্যবস্থার ফলে দিল্লির যানজট ৩৬ শতাংশ কমে গেছে বলে দাবি করা হচ্ছে। এখন চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু নগরীও দিল্লির পথ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তাঁর এখতিয়ারভুক্ত এলাকায় এই ব্যবস্থা চালু করার আশ্বাস দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, এরপর তাঁর আর সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না!
মুম্বাই নগরী থেকে ঢাকা এবং চট্টগ্রামের যা শিক্ষণীয় আছে তা হলো, বিদ্যমান রেলপথ নেটওয়ার্কে অতিরিক্ত দুটো লাইন বসিয়ে ১০ মিনিট পরপর ‘সারফেস কমিউটার ট্রেন’ চালুর ব্যবস্থা করা। ঢাকার টঙ্গী থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত এই কমিউটার ট্রেন চালু করা হলে গণপরিবহনব্যবস্থায় সুলভে যাতায়াতের একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। চট্টগ্রামে পাহাড়তলী থেকে বটতলী স্টেশন হয়ে কালুরঘাট পর্যন্ত এবং বন্দরের পাশ দিয়ে সল্টগোলা পর্যন্ত এই কমিউটার ট্রেন চালু করা যায়। পরে ঢাকা ও চট্টগ্রামের এই ট্রেনগুলোকে বৈদ্যুতিক ট্রেনেও রূপান্তরিত করা যাবে। মুম্বাইয়ে পাতালরেল না থাকা সত্ত্বেও ওখানকার চমৎকার ট্রেন সার্ভিস এই বিশাল নগরীর জনগণকে অত্যন্ত দক্ষ ও সুলভ একটি গণপরিবহনব্যবস্থার সুবিধা দিতে পেরেছে—এটা মুম্বাই ভ্রমণকারী যে কেউ স্বীকার করতে বাধ্য হবেন। ঢাকায় এর জন্য যে কয়েকটি ওভারপাস নির্মাণের প্রয়োজন পড়বে, তার ব্যয় বর্তমানে নির্মীয়মাণ এক্সপ্রেসওয়ের এক ÿক্ষুদ্র ভগ্নাংশই হবে, সেটা বুঝতে না পারার কোনো কারণ আছে কি?
কলকাতা নগরীতেও বিভিন্ন শহরতলি এবং বেশ দূরের মফস্বল শহরগুলো থেকে যে সুলভ কমিউটার ট্রেনের ব্যবস্থা চালু রয়েছে, তা থেকে ঢাকা ও চট্টগ্রামের কি কিছুই শিক্ষণীয় নেই? এমনকি, কলকাতার বিভিন্ন সড়ককে সকালে এবং বিকেলে যেভাবে একমুখী চলাচলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, তা তো ঢাকা এবং চট্টগ্রামে অতি সহজেই চালু করা সম্ভব। কঠোরভাবে এনফোর্স এবং মনিটর করা হলে এই ব্যবস্থাটা অবিলম্বে শুরু করা সম্ভব।
ব্যক্তিগত গাড়ি সমস্যাটার মূল যে সাংস্কৃতিক কারণ, তার দিকে কিন্তু প্রধানমন্ত্রী অঙ্গুলি নির্দেশ করেননি। সাধারণ দামের গাড়ি বিশ্বের উন্নত দেশগুলোতে সাধারণত ‘স্ট্যাটাস সিম্বল’ হিসেবে বিবেচিত হয় না, এটাকে দেখা হয় প্রয়োজনীয় ‘পরিবহন’ হিসেবে। কিন্তু বাংলাদেশে গাড়ি কেনার এবং গাড়ি দৌড়ানোর ব্যাপারটাই রয়ে গেছে ‘জাতে ওঠার’ সিম্বল হিসেবে। এই ঔপনিবেশিক কালের সামন্ত দৃষ্টিভঙ্গি আরও বহুদিন চালু থাকবে এ দেশে। বিশ্বের বেশির ভাগ দেশে নিজের গাড়ি নিজে চালানোই নিয়ম, ‘শোফার-ড্রিভেন’ গাড়ি রাখা শুধু সমাজের অতি-ধনাঢ্য পরিবারগুলোর সামর্থ্যের আওতায় থাকে। কিন্তু আমাদের দেশে যেহেতু ড্রাইভারের বেতন এ দেশে খুবই কম, তাই ড্রাইভার না রেখে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে ব্যবহার করলে সেটাকে ব্যতিক্রমী আচরণ হিসেবে দেখা হয়।
এ দেশের নব্য ধনাঢ্য পরিবারগুলো একাধিক গাড়ি কেনাকে ‘প্রেস্টিজ ইস্যু’ বিবেচনা করে। এমনকি সরকারি কর্মকর্তাদের মাঝেও এই গাড়ি দৌড়ানোর সংস্কৃতি গেঁড়ে বসেছে। ক্ষমতা ফলিয়ে রাস্তা থেকে গাড়ি রিকুইজিশন করে পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করাটা এখন অফিসারদের মধ্যে একটা ‘অধিকার’ হিসেবে বিবেচিত হয়। আর উন্নয়ন প্রকল্পগুলোতে যেসব গাড়ি কেনা হয় সেগুলো যে মন্ত্রী, আমলা এবং প্রকৌশলীদের ভোগের সামগ্রী হিসেবেই অপব্যবহৃত হয়ে থাকে, তাও কারও অজানা থাকার কথা নয়। আমাদের সাংসদেরাও শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ কতভাবে অপব্যবহার করে চলেছেন তাও এখন সবার জানা হয়ে গেছে।
অতএব, এ দেশে গাড়ি দৌড়ানোর সামর্থ্য যাঁদের আছে, তাঁদের হুকুম দিয়ে বাসে কিংবা ট্রেনে চড়তে বাধ্য করা যাবে না, এটা আমিও বুঝি। এত বড় অপমান তাঁরা হজম করবেন না। সে জন্য তাঁদের জন্য অর্থদণ্ড আরোপ করে গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার নিরুৎসাহিত করার নীতি গ্রহণের বিকল্প দেখছি না আমি। লি কুয়ান ইউ যখন ১৯৬৫ সালে মালয়েশিয়া কর্তৃক সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে নিয়ে এসেছিলেন, তখন দেশের ভবিষ্যৎ কী হবে, সে দুশ্চিন্তায় বিশ্ব মিডিয়ার ক্যামেরাগুলোর সামনে অঝোরে কেঁদে ফেলেছিলেন। কিন্তু বজ্র-কঠোর অভিভাবকের মতো শৃঙ্খলা প্রতিষ্ঠার নিরলস প্রয়াস তিনি চালু রেখেছিলেন সারা জীবন। তাঁর নগর-রাষ্ট্রের নাগরিকেরা বুঝতে পেরেছিলেন, এই রাষ্ট্র-পিতা তাঁদের কল্যাণেই শৃঙ্খলাপরায়ণ শাসকের ভূমিকা পালন করছেন, তাই তাঁরাও সোৎসাহে লি কুয়ান ইউর অনন্য শাসনব্যবস্থা মেনে দেশটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর সাজানো বাগান হিসেবে গড়ে তুলেছেন।
ঢাকা ও চট্টগ্রামের অসহনীয় যানজটের সমাধান খোঁজার জন্য প্রতিবেশী ভারত এবং সিঙ্গাপুরের যে কয়েকটি সফল প্রয়াস তুলে ধরলাম, সেগুলো গ্রহণ করা যায় কি না, চিন্তাভাবনা করতে মাননীয় প্রধানমন্ত্রী ও নগরপিতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।