যেতে হবে বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় শিশু দিবস। এই দিন শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধিশালী আগামী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা ও অঙ্গীকারকে শাণিত করার দিন। স্বাধীনতার প্রায় ৪৯ বছর শেষে পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাই, শিশুদের জন্য বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে শিশুদের জন্য আমাদের অর্জনও রয়েছে গর্ব করার মতো। ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন থেকে শুরু করে জাতীয় শিশুনীতি প্রণয়ন, জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুস্বাক্ষর এবং সর্বশেষ ২০১৮ সালের শিশু আইন সংশোধন পর্যন্ত আইনকানুন প্রণয়নে আমরা অনেকখানি এগিয়েছি। নবজাতক ও শিশু মৃত্যুহার কমানো, প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার, মেয়েশিশুর জন্য শিক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে আমাদের রয়েছে বিশ্বস্বীকৃত অগ্রগতি। কিন্তু এর পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বেলায় অনেক আইনকানুন থাকার পরও আমরা এখনো তেমন এগোতে পারিনি। সর্বশেষ ২০১৯ সালের সরকারি জরিপ (মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯) অনুসারে আমাদের শিশুদের ৮৮ দশমিক ৮ শতাংশ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, ৫১ দশমিক ৪ শতাংশ মেয়েশিশু বাল্যবিবাহের শিকার হয়, প্রায় ১৩ লাখ শিশু স্বীকৃত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। পাশাপাশি শিশুদের প্রতি যৌন নির্যাতনও উদ্বেগজনকভাবে ঘটেই চলেছে।

কেন আমাদের এত কাঠামোগত অর্জন থাকা সত্ত্বেও আমরা সামাজিক জীবনে শিশু সুরক্ষা নিশ্চিত করতে পারছি না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাস্তব দিক উঠে এসেছে। প্রথমত, আমাদের এখানে বিষয়ভিত্তিক কঠোর আইন থাকলেও এ ধরনের সব কটি আইন এবং তার বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলোকে নিয়ে কোনো সমন্বিত শিশু সুরক্ষাকাঠামো বা সিস্টেম গড়ে তোলা যায়নি। ফলে শিশু সুরক্ষার একাধিক বিষয়ের মধ্যে কোনো এক আইনে যে মন্ত্রণালয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মন্ত্রণালয় তার মাঠপর্যায়ের জনবল দিয়ে তার মতো করে শুধু সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে পারছে বা করার চেষ্টা করছে। কিন্তু শিশু সুরক্ষার সঙ্গে জড়িত অন্য বিষয়গুলো তখন বাদ পড়ে যায়।

দ্বিতীয়ত, শিশু সুরক্ষা কার্যক্রমের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটার পর আমরা যেভাবে প্রতিকার বা সমাধানের জন্য উদ্যোগী হই, সেই একই ধরনের ঘটনার প্রতিরোধমূলক কার্যক্রমে সেই গতি অনুপস্থিত থাকে। তৃতীয়ত, শিশু নির্যাতন বা শিশু অধিকার লঙ্ঘনের বিষয়ে মানুষের মধ্যে সহজে মেনে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর এই নির্যাতন হলে কাউকে বেশি গা করতে দেখা যায় না। ফলে সমাজে দিন দিন শিশু সুরক্ষাকাঠামো দুর্বল হয়ে যাচ্ছে। পাশাপাশি যৌথ পরিবার ভেঙে একক পরিবার বেড়ে যাওয়ায় পারিবারিক সুরক্ষাব্যবস্থাও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এখন অনেক শিশু নিজের পরিবারেই নির্যাতনের শিকার হচ্ছে, কখনো কখনো নিজ অভিভাবকের দ্বারা। এ ছাড়া সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শারীরিক ও মানসিক শাস্তির চর্চা চলমান।

এ রকম একটা পরিস্থিতিতে আমরা যদি বিশ্বের কার্যকর শিশু সুরক্ষাকাঠামোগুলো পর্যালোচনা করি, আমরা দেখতে পাব, সেখানে কমপক্ষে আট ধরনের উপাদান দিয়ে শিশু সুরক্ষাকাঠামো গড়ে তোলা হয়েছে। উপাদানগুলো হলো প্রয়োজনীয় জাতীয় নীতি এবং আইন, জাতীয় কর্মপরিকল্পনা, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, মাঠপর্যায়ে দক্ষ সমাজকর্মী, স্থানীয় পর্যায়ে প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনবিষয়ক প্রচারণা, যথাযথ বাজেট বরাদ্দ এবং নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের ব্যবস্থা থাকা। বাংলাদেশকে যদি আমরা সব শিশুর জন্য নিরাপদ করে গড়ে তুলতে চাই, তাহলে এসডিজি (টেকসই উন্নয়ন অভীষ্ট) ১৬ দশমিক ২-কে মাথায় রেখে আমাদের জাতীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নির্ধারিত দায়িত্ব ও জবাবদিহির ভিত্তিতে শিশু সুরক্ষাকাঠামো গড়ে তুলতে হবে।

এই কাঠামোয় জনসম্পৃক্ততা বাড়িয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক শক্তিকে দায়িত্বশীল করতে হবে। পাশাপাশি অভিভাবককে তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং অংশীদারত্বের ভিত্তিতে শিশুদের জন্য সামাজিক সুরক্ষাবলয় তৈরি করতে হবে, যেখানে সব শিশুর পরিচয় হবে ‘আমাদের শিশু’। আর তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। যত কঠিনই হোক না কেন, পরবর্তী প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সে গন্তব্যের পথেই হাঁটতে হবে, যেখানে প্রতিটি শিশুর নিরাপত্তা, বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করা যাবে।

আবদুল্লা আল মামুন: পরিচালক, শিশু সুরক্ষা কার্যক্রম, সেভ দ্য চিলড্রেন।