যেভাবে জামায়াতের রাজনীতির পথ সুগম হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি নতুন করে উঠেছে। এই বাস্তবতায় এই দল ও দলটির রাজনীতি নিয়ে দুই পর্বের পর্যালোচনামূলক লেখার প্রথম পর্ব ছাপা হলো আজ।সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে চলমান আন্দোলনের একটা অন্যতম দাবি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণার। ইতিমধ্যে মন্ত্রিসভার আলোচনা এবং অতীতে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এ বিষয়ে সরকারি অবস্থান সহজেই বোঝা যায়। সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে আশু কোনো পদক্ষেপ গ্রহণে আগ্রহী নয়। যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালবিষয়ক আইনের সাম্প্রতিক সংশোধনীতে যুদ্ধাপরাধের জন্য সংগঠনকে অভিযুক্ত করার বিধান রাখা হয়েছে, যা থেকে অনেকের ধারণা, এতে করে জামায়াতে ইসলামীকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে এবং দোষী সাব্যস্ত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করাও যেতে পারে। এ ছাড়া ২০০৯ সাল থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধনবিষয়ক একটি রিট আবেদন আদালতের বিবেচনাধীন আছে। এই রিট আবেদনে অবশ্য জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার কথা নেই। এই পটভূমিকায় গত ৪২ বছরে বাংলাদেশে জামায়াতের আইনি ও সাংবিধানিক উত্থান ও অবস্থান আলোচনা করা জরুরি। বাংলাদেশে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী কখনোই নিষিদ্ধ ঘোষিত হয়নি। উপরন্তু, দুই দফায় দল হিসেবে জামায়াতের জন্য আইনি বা সাংবিধানিক বৈধতার ব্যবস্থা করা হয়েছে। এর অতিরিক্ত এক দফায় কার্যত জামায়াতের আদর্শকে জুড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রের সঙ্গে, আরেকবার সেই ব্যবস্থাটির মৃতপ্রায় শরীরে নতুন করে প্রাণ সঞ্চার করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের গত ৪২ বছরে আইনি ও সাংবিধানিক বিবেচনায় এটাই হলো জামায়াতে ইসলামীর ইতিহাস।সরকারে দলগতভাবে জামায়াতকে ক্ষমতার অংশীদারত্ব দেওয়ার ঘটনা সবারই মনে আছে। সে ঘটনার পরোক্ষ সূত্রপাত ১৯৭৯ সালে, কিন্তু তা পূর্ণাঙ্গ রূপ পায় ২০০১ সালে। জামায়াতকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে অনির্বাচিত সেনাশাসকেরা যেমন অগ্রণী ছিলেন, তেমনি গণতান্ত্রিক আন্দোলনের সময় সামরিক শাসনবিরোধীরা মোটেই পিছপা হননি। জামায়াতকে রাজনৈতিক বৈধতা দেওয়া এবং তার সঙ্গে সরকারের ক্ষমতা ভাগ করার প্রশ্ন এখন আর আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা অথবা না করার প্রশ্ন। জামায়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং না নেওয়ার প্রশ্ন। সেদিক থেকে এখন সাংবিধানিক বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতার দিকটি আমাদের খতিয়ে দেখা দরকার।স্বাধীনতাযুদ্ধকালে ও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পর এ কথা সবারই জানা ছিল যে কমপক্ষে চারটি রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করেছে। তাদের বক্তব্য থেকে শুরু করে সে সময় গড়ে ওঠা বেসামরিক প্রশাসন, বেসামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ডেথ স্কোয়াডগুলোর নেতৃত্ব ও সদস্য প্রধানতই এসেছে এই চারটি দল থেকে।জামায়াতে ইসলামী, নেজাম-ই-ইসলামি, পাকিস্তান মুসলিম লিগ ও পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। স্বাধীনতার প্রথম প্রহর থেকেই এই দলের কর্মী ও নেতারা হয় পলাতক হয়ে যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে আটক হয়। সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি ওঠে, নয় মাসের যুদ্ধে যারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে, বিশেষত পরিকল্পিতভাবে হত্যা, খুন ও ধর্ষণের মতো অপরাধ ঘটিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হোক। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি জারি করা দালাল আইন বা বিশেষ ট্রাইব্যুনাল আদেশের আওতায় এই চার দলের নেতাদের অনেককেই গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে আটক হয় ৩৭ হাজার ৪৯১ জন ব্যক্তি। ৭৩টি ট্রাইব্যুনালে মানবতার বিরুদ্ধে মামলা রুজু করা হয় প্রায় ১১ হাজার ব্যক্তির বিরুদ্ধে। মোট দুই হাজার ৮৪৮ জনকে বিচারের সম্মুখীন হতে হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মুসলিম লিগের শীর্ষস্থানীয় নেতা খান আবদুস সবুর, ফজলুল কাদের চৌধুরী, শাহ আজিজুর রহমান, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খানও ছিল। এসব মামলায় মোট ২২ জনের মৃত্যুদণ্ড, ৬৮ জনের যাবজ্জীবন ও ৭৫২ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।কিন্তু এই সময়ে এসব অভিযোগে বা অন্য কোনো বিবেচনায় কোনো সংগঠনকেই নিষিদ্ধ করা হয়নি। তার একটা অন্যতম কারণ সম্ভবত এই যে ইতিমধ্যে দেশের যে সংবিধান প্রণীত এবং ১৯৭২ সালের ৪ নভেম্বরে কার্যকর করা হয়, তার অনুচ্ছেদ ১২ এবং অনুচ্ছেদ ৩৮-এ ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের পথ বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করার ফলে এটা মনে করা হয় যে ধর্মের বিবেচনায় সংগঠন করা যাবে না। কিন্তু আইনিভাবে এসব দলকে নিষিদ্ধ করা হয়নি। ১৯৭৩ সালের ২০ জুলাই জারি করা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধসংক্রান্ত আইনেও কোনো সংগঠনকে অভিযুক্ত করার বিধান না থাকায় সাংগঠনিকভাবে এই দলগুলোর বিরুদ্ধে অভিযোগ আনার কোনো বিধান রাখা হয়নি, বিবেচিতও হয়নি। আইনিভাবে জামায়াত নিষিদ্ধ না হলেও রাষ্ট্রীয় আদর্শের সঙ্গে দলের আদর্শ সাংঘর্ষিক হওয়ায় দলগতভাবে জামায়াত কখনোই নিজের অস্তিত্বের জানান দেয়নি। তাদের শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ যেমন: গোলাম আযম—দেশের বাইরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার-প্রচারণা, ষড়যন্ত্রে যুক্ত থাকে আর মাঠপর্যায়ের কর্মীরা দেশের বিভিন্ন দলের ভেতরে প্রবেশ করে তাদের অস্তিত্ব রক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ে, অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়ে। একটা অংশ তাবলিগ জামাতে যোগ দিয়ে দেশ ও দেশের বাইরে সফরে ব্যস্ত থাকে। তার অর্থ অবশ্য এটা নয় যে গোপনে জামায়াতের কোনো সাংগঠনিক অস্তিত্বই ছিল না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ‘প্রাদেশিক’ নেতৃত্বের অনুপস্থিতিতে ১৯৭২ সালেই সাবেক ইসলামি ছাত্র সংঘের নেতারা গোপনে সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল খালেককে আমির মনোনীত করে জামায়াতের সাংগঠনিক কাঠামো গড়ে তোলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৯৭৪ সালে, যখন পাকিস্তান থেকে প্রত্যাবাসিত লাখ লাখ বাঙালির সঙ্গে জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েব-ই-আমির মওলানা আবদুর রহিম বাংলাদেশে ফিরে আসে এবং জামায়েতের দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এটাই ছিল প্রথম বড় ধরনের পদক্ষেপ; এক অর্থে জামায়াতের পুনর্জীবন লাভ।১৯৭৩ সালের ১৬ মে প্রধানমন্ত্রী শেখ মুজিবের দেওয়া অনুকম্পা কিংবা ৩০ নভেম্বরে ঘোষিত সাধারণ ক্ষমা জামায়াতসহ অনেক দলের নেতার মুক্তির ব্যবস্থা করলেও গণহত্যায় যুক্ত ব্যক্তিদের যেমন সম্ভাব্য বিচারের হাত থেকে রক্ষা করেনি, ঠিক একই রকম, দলগতভাবে কোনো দলকে দায়মুক্তির ব্যবস্থা করেনি। আটক ও বিচারাধীন ব্যক্তিদের জন্য দায়মুক্তির ব্যবস্থা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক শাসন জারির পর, ৩১ ডিসেম্বর। সামরিক ক্ষমতাবলে জারি করা ফরমান দালাল আইন বাতিলের সিদ্ধান্ত দেয়। সেই ফরমানে, যারা ইতিমধ্যে দণ্ডিত, তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়, ‘যারা দালাল আইনে ইতিমধ্যে দণ্ডিত হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আপিল করেছে, তাদের ক্ষেত্রে এই বাতিল অধ্যাদেশ প্রযোজ্য হবে না।’ এসবই কেবল ব্যক্তির জন্য প্রযোজ্য বলেই প্রতীয়মান হয়েছে, সংগঠনের প্রশ্ন থেকেছে অনুক্ত। তা সত্ত্বেও বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী জামায়াতের দল গঠনের চেষ্টা তখনো অসম্ভব ব্যাপার।১৯৭৬ সালের জুলাই মাসে, রাজনৈতিক দলবিধির (পিপিআর) আওতায় যখন সব দলের জন্য সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলো, তখন যে ২১টি দল ঘরোয়া রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছিল, তার মধ্যে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী মুসলিম লিগও ছিল। সে সময় জামায়াতে ইসলামী আবেদন করেও অনুমতি পায়নি। কিন্তু জামায়াতে ইসলামী ও নেজাম-ই-ইসলামির নেতারা একত্রে ইসলামিক ডেমোক্রেটিক লিগ (আইডিএল) গঠন করে তাদের অপ্রকাশ্য রাজনীতির অবসান ঘটিয়েছিল। জামায়াত ও নেজাম-ই-ইসলামির মধ্যকার ঐক্য কোনো বিস্ময়ের বিষয় নয়, আদর্শিক কারণে এবং অতীতে পাকিস্তান আমলে তাদের মধ্যে সাংগঠনিক ঐক্যের ইতিহাসের কারণে। বাংলাদেশে সেনাশাসনের মধ্যে ‘ঘরোয়া রাজনীতি’র দরজা খোলার পাশাপাশি মুক্তিযুদ্ধবিরোধীদের রাজনৈতিক সংগঠন তৈরির আইনানুগ ব্যবস্থা তৈরি হয়েছিল এই পিপিআরের মধ্য দিয়েই। অথচ তখনো দেশের স্থগিত সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক দল গঠন আইনসংগত নয়।এই ‘অসংগতির’ অবসান ঘটে কিংবা অন্যভাবে বললে, জামায়াতের দল গঠনের জন্য আদর্শিকভাবে দরজা খুলে দেওয়া হয় ১৯৭৭ সালের ২৩ এপ্রিল সামরিক ফরমান জারি করে যখন রাষ্ট্রীয় আদর্শ থেকে ধর্মনিরপেক্ষতার অবসান ঘটল। এতে করে রাজনীতি ও সমাজে ইসলামপন্থী আদর্শের যে দীর্ঘমেয়াদি প্রভাবের সূচনা হয়, তা আমরা সবাই জানি (২০০৪ সালে প্রকাশিত আমার গড উইলিং: দ্য পলিটিকস অব ইসলামিজম ইন বাংলাদেশ গ্রন্থে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে)। কিন্তু এ কথা বিস্মৃত হওয়ার অবকাশ নেই যে ১৯৭৬ সালের রাজনৈতিক দলবিধি দলগতভাবে জামায়াতে ইসলামীকে আইনি বৈধতা না দিলেও মুক্তিযুদ্ধবিরোধীদের রাজনৈতিক সংগঠন করার আইনি অধিকার প্রতিষ্ঠা করেছিল। এক আইনের আওতায় স্বাধীনতাবিরোধী প্রধান তিনটি দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার লাভ করে। আলী রীয়াজ: রাজনৈতিক ইসলামবিষয়ক গবেষক। উল্লেখযোগ্য গ্রন্থ: ইসলামিস্ট মিলিট্যান্সি ইন বাংলাদেশ: এ কমপ্লেক্স ওয়েব (২০১০), ফেইথফুল এডুকেশন: মাদ্রাসাজ ইন সাউথ এশিয়া (২০০৮), গড উইলিং: দ্য পলিটিকস অব ইসলামিজম ইন বাংলাদেশ (২০০৪)। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিভাগীয় প্রধান।