দেশের বিরাজমান সংকট ও সহিংসতার পটভূমি আমাদের সবার জানা। ৩ জানুয়ারি রাত থেকেই গোটা দেশ এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সরকার ও বিরোধীদের ক্ষমতার প্রতিযোগিতা ও শক্তি প্রদর্শনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সহিংসতা ঘটছে এবং আতঙ্কজনক অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে।
সরকার ও বিরোধী পক্ষ কেবল মুখোমুখিই নয়, তারা নিজেদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যে তা থেকে বেরোবার পথ সংকীর্ণ হয়ে পড়েছে। যদিও বিএনপি বলেছে, তারা আলোচনায় রাজি আছে এবং ঢাকায় সমাবেশ করতে দিলে অবরোধ তুলে নেবে, তথাপি এটাই যে বর্তমান সংকটের স্থায়ী সমাধান নয়, সেটা কমবেশি সবাই বুঝতে পারে। অন্যদিকে সরকারও সরকারি দল বিএনপি বিষয়ে এমন অবস্থান দেখিয়েছে যে এখন তাদের পক্ষে বিএনপির সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ অত্যন্ত সীমিত। উভয় পক্ষই মনে করে, এখন ছাড় দিলেই সাংগঠনিকভাবে তারা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের বিবেচনা শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের অনুকূল নয়।
এ অবস্থার অবসান ঘটতে পারে তিনভাবে। প্রথম পথ হচ্ছে বিএনপির অবরোধ কর্মসূচি এবং তাকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা ঘটছে, সরকার তা শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। এখন পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপ থেকে স্পষ্ট যে ক্ষমতাসীন দল সেটাকেই একমাত্র পথ বলে বিবেচনা করছে। তাদের ধারণা, ২০১৩ সালের শেষ দিকে এ ধরনের সংঘাতময় পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণ করা গেছে, সেহেতু এ অবস্থা দীর্ঘদিন ধরে অব্যাহত রাখা বিএনপির পক্ষে সম্ভব হবে না। সাংগঠনিক শক্তি ক্ষয়, নেতা-কর্মীদের ওপর আরও বেশি নিপীড়ন অব্যাহত রাখা এবং জনসাধারণের মধ্যে এর বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা গেলে এ অবস্থার অবসান হবে বলে সরকার সম্ভবত আশা করে।
শুধু তাই নয়, এ সময় যদি বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালতে তাঁর বিরুদ্ধে আনা মামলায় সাজাপ্রাপ্ত হন কিংবা তাঁকে আনুষ্ঠানিকভাবে আটক করা যায়, তবে দলটি কার্যত নিঃশেষিত হয়ে যাবে বলে তাঁদের ধারণা। সরকার-সমর্থকদের কথা থেকে এটা মনে হয় যে এই দফায় বিএনপিকে সম্পূর্ণভাবে পরাস্ত করাই তাদের লক্ষ্য। কিন্তু এ ধরনের সম্ভাবনা বাস্তবোচিত মনে হয় না। প্রথমত, ২০১৩ সালের শক্তি প্রয়োগের একটা দৃশ্যত শেষ পর্যায় ছিল, তা হলো ৫ জানুয়ারির নির্বাচন। এখন সে ধরনের কোনো নির্দিষ্ট সময় নেই, ফলে এ ধরনের অবস্থা অনির্দিষ্ট সময়ের জন্য জারি রাখতে হবে। এটি আন্তর্জাতিক সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না, যার প্রভাব অবশ্যই পড়বে। দ্বিতীয়ত, অব্যাহতভাবে শক্তি প্রয়োগের ফলে সরকারের বিরুদ্ধে বিরাজমান ক্ষোভ বিরোধীদের পক্ষেই কাজ করতে পারে, সাধারণ মানুষ এটা চাইবে না যে তাদের অনির্দিষ্ট সময় এ ধরনের অবস্থার মধ্যে থাকতে হবে। তদুপরি এ অবস্থায় গোটা পরিস্থিতি সরকারের ও বিরোধীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। একটি রাজনৈতিক দল কেবল চাপের মুখে সম্পূর্ণভাবে পরাস্ত হবে এবং বিলুপ্ত হবে, সেটা মনে করার পক্ষে কোনো যুক্তি দেখি না।
দ্বিতীয় পথ হচ্ছে বিএনপির এই আন্দোলনে সাফল্য লাভ করা। অর্থাৎ সরকারকে নতুন করে নির্বাচনের পথে অগ্রসর হতে বাধ্য করা। বাংলাদেশে এ ঘটনার উদাহরণ থাকলেও এখন পর্যন্ত বিএনপি সে ধরনের শক্তি সমাবেশ ঘটাতে পারেনি, যা সরকারকে সে পথে যেতে বাধ্য করবে। তা ছাড়া, এখন যদি সরকার একটি নতুন নির্বাচনের জন্য রাজিও হয়, তবে তা হবে বর্তমান সাংবিধানিক ব্যবস্থার অধীনে, যা সমস্যার কোনো সমাধান দেয় না। সরকারকে বাধ্য করার জন্য যে ধরনের সাংগঠনিক শক্তি থাকা দরকার, তার কোনো লক্ষণ আমরা এযাবৎ বিএনপির আন্দোলনে দেখতে পাইনি। বিক্ষিপ্তভাবে হামলা চালিয়ে তারা ভীতি তৈরিতে সক্ষম হলেও তা মানুষের মধ্যে সক্রিয় সমর্থন তৈরি করবে না। একে গণতান্ত্রিক আচরণ বলেও দাবি করা যাবে না। প্রাণনাশ ও রক্তক্ষরণের মাধ্যমে সাফল্য অর্জনের চেয়ে মানুষের সঙ্গে দূরত্বই তৈরি হবে, জনদুর্ভোগ দিয়ে সাধারণের মন জয় করা যাবে না। এটাও উদ্বেগের বিষয় যে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কোনো রকম নিন্দা বা তা বন্ধের জন্য আহ্বান আমরা শুনতে পাইনি। যদি সরকারকে আলোচনার টেবিলে আনার উপায় হিসেবে বিএনপি অব্যাহত অবরোধকে বিবেচনা করে, তবে তাকে আলোচনার এজেন্ডা বিষয়ে আরও সুস্পষ্ট বক্তব্য দিতে হবে।
তৃতীয় পথ হচ্ছে আলোচনার সূচনা করা। যেহেতু ক্ষমতাসীন দল ইতিমধ্যেই কোনো রকম আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে, সেহেতু সরাসরি আলোচনার আশু সম্ভাবনা নেই। এটাও মনে রাখা দরকার যে ২০০৬ কিংবা ২০১৩ সালে দেশের বাইরে থেকে যে ধরনের উদ্যোগ ছিল, এখন সে ধরনের কোনো সম্ভাবনা কম বললেই চলে। ইতিমধ্যে এ ধরনের একটি উদ্যোগ ইউরোপীয় দেশগুলো নিতে শুরু করেছে, কিন্তু যদি সাফল্যের সম্ভাবনা না থাকে, তবে তারা যে পিছিয়ে যাবে, সে বিষয়ে নিশ্চিত করেই বলা যায়। বিএনপির পক্ষ থেকে যারা মার্কিন কংগ্রেস সদস্যদের বিবৃতি জালিয়াতি করেছে, তারা এ ধরনের উদ্যোগকে আরও বেশি দুরূহ করে তুলেছে, তারা যে দেশের সম্মানহানি ঘটিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সরকারের পক্ষ থেকে মধ্যস্থতার অনুরোধ এলে বা এ উদ্যোগের প্রতি সমর্থন থাকলেই কেবল এ ধরনের চেষ্টা জোরদার হবে। ক্ষমতাসীন দল চাইলে এ ধরনের উদ্যোগ নেওয়ার মতো আন্তর্জাতিক সংস্থা রয়েছে।
কিন্তু অভ্যন্তরীণভাবেই সেই উদ্যোগ নেওয়ার জায়গা এখনো অবশিষ্ট আছে বলেই আমার ধারণা। দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপতি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে পারেন, এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার ও বিরোধীরা তাদের অনমনীয় অবস্থান থেকে সরে আসার সুযোগ পাবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংসদের স্পিকার একই ভূমিকা নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। বাংলাদেশের বিভিন্ন পেশার সদস্যরা দলীয়ভাবে বিভক্ত হয়ে পড়ার ফলে অতীতের মতো কোনো পেশাজীবী সংগঠনের পক্ষে গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে এর একমাত্র ব্যতিক্রম হতে পারেন দেশের বিশিষ্ট আইনজীবীরা, তাঁরা তাঁদের মতভেদ ভুলে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করে দেখতে পারেন। আমার বিশ্বাস, তাঁরা এখনো সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাখতে পারবেন। আর প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নিতে পারে ব্যবসায়ীদের সংগঠন। সে প্রচেষ্টার সাফল্য নির্ভর করবে তারা কতটা আন্তরিক, তার ওপর।
এসব ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা খুব বেশি আশাবাদ তৈরি করে না। কিন্তু এখন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বের অভাব বিবেচনা করলে সংকট সমাধানের আর কোনো পথ খোলা আছে বলে মনে হয় না। রাজনীতিবিদেরা আলোচনার পথ বেছে না নিলে সাধারণ মানুষের অব্যাহত প্রাণনাশ, কষ্ট ও ভোগান্তি অবসানের আর কোনো পথ খোলা নেই।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।