যেসব চ্যালেঞ্জের সামনে ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান এবার ক্ষমতার কেন্দ্রে। প্রধানমন্ত্রী হিসেবে এখন তাঁর সামনে চ্যালেঞ্জ আসাটাই স্বাভাবিক
ইমরান খান এবার ক্ষমতার কেন্দ্রে। প্রধানমন্ত্রী হিসেবে এখন তাঁর সামনে চ্যালেঞ্জ আসাটাই স্বাভাবিক

বিতর্কিত নির্বাচনে জেতা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সামনে এখন বিরাট বিরাট চ্যালেঞ্জ। এত দিন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। এবার ক্ষমতার কেন্দ্রে। প্রধানমন্ত্রী হিসেবে এখন তাঁর সামনে চ্যালেঞ্জ আসাটাই স্বাভাবিক। ইমরানের সামনে আসা প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো দ্রুত নিজের ভাবমূর্তিকে বিরোধী রাজনীতিক থেকে সরকারপ্রধানের জায়গায় স্থানান্তর করা এবং ভোট জালিয়াতির অভিযোগ করা বিরোধী দলগুলোর ক্ষোভের আগুনে যত তাড়াতাড়ি সম্ভব পানি ঢেলে দেওয়া।

২৬ জুলাই টেলিভিশন ভাষণে ইমরান অবশ্য বিরোধী সব দলের প্রতি সন্ধিসূচক কথা বলেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার কারও প্রতি কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করবে না এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে। তিনি বলেছেন, দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়তে এবং লোকজনকে দারিদ্র্য থেকে তুলে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানের পরিবেশ জোরদার করতেও তিনি আন্তরিক চেষ্টা করার কথা বলেছেন।

বিরোধী দলগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এখন পর্যন্ত শান্ত আছে এবং ইমরানের সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। তবে এমন অবস্থা কত দিন থাকবে, সেটা বলা কঠিন। নওয়াজের পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা সিনেটর মুশাহিদ হুসাইন ভোট শেষ হওয়ার আগেই তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘এটি পাকিস্তানের সর্বকালের নিকৃষ্ট নির্বাচন।’ ভোটের ফল ঘোষণার পর নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ বলেছেন, ‘আমার মতো শান্তিপ্রিয় মানুষের কাছেও এটা খুবই বাড়াবাড়ির নির্বাচন হয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করছি।’

নির্বাচনে অনিয়মের অভিযোগের এই মিছিলে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও শামিল হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ভোটের ফল পাল্টে দিতে দিনের শেষভাগে তাঁদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কূটাভাস হলো এই, সবাই ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ করলেও এসবের জন্য যাদের দোষী মনে করা হয়, সেই সেনাবাহিনীর নাম কেউ মুখে আনছেন না।

নির্বাচন কমিশন ভোট শেষ হওয়ার পর সর্বোচ্চ দ্রুততায় ফল প্রকাশের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে পিটিআইয়ের অবস্থানের কারণেই মানুষ দলটিকে ভোট দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ তাঁদের ওপর যে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তা পালন করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।

এখন একটি বিষয় সবার কাছে পরিষ্কার। তা হলো, প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান খানের ওপর যে ভারী বোঝা চেপে বসবে, তার ওজন তাঁর পক্ষে সহ্য করা খুবই কঠিন হবে। তাঁর প্রথম এবং প্রধান কাজ হবে যে সেনাবাহিনী প্রথম থেকেই তাঁর নির্বাচনী প্রচারণায় সাহায্য করে এসেছে বলে সবাই বিশ্বাস করে, সেই সেনাবাহিনীর সঙ্গে সদ্ভাব চালিয়ে যাওয়া। পাশাপাশি তাঁকে এমনভাবে সব সামাল দিতে হবে, যাতে এটা মনে না হয়, তিনি সেনাবাহিনীর ‘জুনিয়র পার্টনার’। তাঁকে প্রমাণ করতে হবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা বেসামরিক নেতা হিসেবে সরকারের তিনিই মূল সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় আছেন। তাঁর অন্যতম প্রধান কাজ হবে বিভক্ত জনগণকে কেন্দ্রীভূত করা।

আগামী দিনগুলোতে বিরোধী দলগুলো কী ধরনের তৎপরতায় থাকবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি তারা তাদের তৎপরতা সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং সংসদীয় রাজনীতি মোতাবেক আচরণ করে, তাহলে ইমরান তাঁর প্রতিশ্রুত অর্থনৈতিক সংস্কারের দিকে মনোযোগী হতে পারবেন। পাকিস্তানের রপ্তানি ঘাটতির সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাল্লা দিয়ে কমছে। পাশাপাশি রুপির দামও পড়ে যাচ্ছে। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিরোধী দলগুলো যদি বৃহৎ কোনো আন্দোলন তৈরি করতে পারে, সে ক্ষেত্রে ইমরানকে বেকায়দায় পড়তে হতে পারে।

অবশ্য নওয়াজ শরিফ এবং তাঁর মেয়ে মরিয়ম কারারুদ্ধ হয়েছেন, নওয়াজের ভাই শাহবাজের নামে মামলা আছে, পিপিপির বিলাওয়ালের বাবা ও আসিফ জারদারিও মামলায় জড়িয়ে আছেন। তারপরও দলগুলো খুব একটা আন্দোলন করতে পারছে না। এসব ঝামেলা থেকে ইমরান আপাতত মুক্ত থাকবেন বলে মনে হয়। তিনি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, তা বাস্তবায়ন করা এখন বিরাট চ্যালেঞ্জ।

সেনাবাহিনীকে বুঝিয়েসুজিয়ে তালেবানকে কোনো রকম প্রশ্রয় না দেওয়ার নীতিতে তাঁকে আসতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানে তালেবানের তৎপরতাকে অসহযোগিতার কারণ হিসেবে যেন সামনে আনতে না পারেন, সে বিষয়ে ইমরানকে সজাগ হতে হবে। ঠিক একইভাবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে গঠনমূলক বোঝাপড়ার জায়গাটি পোক্ত করতে হবে। চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরে প্রকল্পের আওতায় চীন পাকিস্তানকে যে ৬ হাজার ২০০ কোটি ডলার দিতে চেয়েছে, সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়, সেদিকেও ইমরানকে খেয়াল রাখতে হবে।

ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিসি) গ্রে লিস্ট থেকে পাকিস্তানকে বের করে নিয়ে আসাও তাঁর সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। এই তালিকায় পাকিস্তানের নাম থাকার মানে হলো জঙ্গিগোষ্ঠী তাদের অর্থনৈতিক লেনদেনে দেশটির ব্যাংকিং খাতকে ব্যবহার করে আসছে।

‘নয়া পাকিস্তান’ স্লোগান দিয়ে ইমরান খান ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার এবং গরিব মানুষদের জন্য ৫০ লাখ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রচারণার সময় বলেছিলেন, প্রবাসে থাকা তাঁর বন্ধুবান্ধব পাকিস্তানে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে রাজি আছেন। প্রধানমন্ত্রীর গদিতে বসার পর থেকেই এই প্রতিশ্রুতিগুলোর কথা লোকজন মনে করিয়ে দিতে থাকবে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, খুব শান্ত সাগরে যে ইমরান খান বইঠা বাইবেন, সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

আব্বাস নাসির, পাকিস্তানের ডন পত্রিকার সাবেক সম্পাদক