যৌন অপরাধ ও শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে বলে রাখি, যে ছুরি দিয়ে পেঁয়াজ কাটা যায়, সে ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। ছুরি নয়, ছুরি কী কাজে ব্যবহার করছি, সেটাই বিবেক, ধর্ম, সমাজ ও রাষ্ট্রের কাছে ধর্তব্য। ঠিক সে রকম কম্পিউটার ও মোবাইল প্রযুক্তিও ব্যবহারের প্রতি নিরপেক্ষ। এই প্রযুক্তি ব্যবহার করে নাগরিক যেমন জ্ঞানের চর্চা করতে পারে, তেমনি যৌনজ্ঞান লাভসহ যৌনতার প্রতি তার আসক্তি বাড়তে পারে, এমনকি সে যৌন সহিংসতার দিকেও যেতে পারে।গত ৩১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত শেখ সাবিহা আলমের প্রতিবেদন ‘শাস্তি না হওয়ায় বাড়ছে যৌন অপরাধ’ গুরুতর একটি সমস্যার ওপর আলোকপাত করেছে। প্রতিবেদনটিতে অপরাধী শাস্তি না পাওয়ার কারণে বলা হচ্ছে, পর্নোগ্রাফির দ্রুত বিকাশ হচ্ছে এবং শিশুদের কাছে পর্নোগ্রাফি পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। দ্বিতীয়ত, শিশু-কিশোর-তরুণ-যুবার মানসিকতায় পর্নোসংস্কৃতির সহজলভ্যতা তাদের যৌন সহিংসতার প্রতি আকৃষ্ট করছে। তাদের মনে ধর্ষণের ইচ্ছা জাগিয়ে তুলছে। আর সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে যৌনতার বিকৃত ও অসামাজিক বিকাশ ঘটছে।অপরাধী শাস্তি না পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা এভারেস্টসম উচ্চ। যুদ্ধাপরাধী (তাদের বিচার-প্রক্রিয়া সত্ত্বেও) থেকে শুরু করে জালিয়াত, দুর্নীতিবাজ মন্ত্রী, সন্ত্রাসী, যৌন নিপীড়ক স্বামী, শিশুধর্ষক থেকে কাজের মেয়ের নিপীড়ক গৃহকর্ত্রী অর্থাৎ বড় অপরাধী থেকে ছোট অপরাধী কেউ শাস্তি পাচ্ছে—এ রকম শোনা যাচ্ছে না। সেখানে যৌন অপরাধীরা যে স্বর্গে আছে, সেটা বলা বাহুল্য। আরও বলা বাহুল্য যে যৌন অপরাধের সঙ্গে নারীর অবমূল্যায়ন সম্পর্কিত। প্রতিটি যৌন অপরাধের নির্মম শিকার হচ্ছে নারী। সমাজের কাঠামো পুরুষশাসিত বলে এবং সামাজিক বিচার-আচার পদ্ধতিতে মধ্যযুগীয় নারীবিদ্বেষী চিন্তা প্রবিষ্ট হয়ে আছে বলে গ্রামাঞ্চলে নারীকে দোররা মারার সিদ্ধান্ত যত সহজে নেওয়া হয়, ওই একই অপরাধে পুরুষকে হয়তো টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।আমাদের সমাজে ‘আইনের চোখে সবাই সমান’—এটা এখনো প্রবলভাবে মুখের কথা শুধু। বাস্তবে আইন ও বিচার নিতান্তই সামাজিক শ্রেণী ও ক্ষমতানির্ভর একটি দণ্ডবিধি। আইনের এই শিথিল প্রয়োগ যৌনসংস্কৃতির পক্ষে আরও বেশি প্রশ্রয়শীল। কেননা, যৌন অপরাধ যাচাই করার ক্ষেত্রে সামাজিক মানুষের একধরনের নমনীয়তা ও সম্মতি থাকে। যেমন: একজন আরেকজনকে পিটিয়ে মারবে, সেটা সমাজ মানবে না। কিন্তু একজন আরেকজনকে পর্নো ভিডিও দেবে, সেটা সমাজ মেনে নেবে। কারণ, মারামারি সবাই করতে চায় না, কিন্তু যৌনতার তুষ্টি সবাই চায়। যৌনতার ক্ষেত্রে সবারই অবচেতন মনে একটা সীমানা ডিঙানোর প্রবণতা থাকে, যেটা জীবনের অন্যান্য ক্ষেত্রে থাকে না।তাই অন্যান্য অপরাধের চেয়ে যৌন অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ এটি একটি ইন্দ্রিয়গত সমস্যা। তার পরও একটা কথা বলার আছে, যৌনতা ইন্দ্রিয়গত বৈশিষ্ট্য হলেও জিনগত কারণে একই পরিবেশে বেড়ে ওঠা সব শিশুর যৌনানুভূতি ও যৌনকাতরতা একই রকম হয় না। আমরা যখন তরুণ ছিলাম, তখনো যেমন লক্ষ করেছি যে হলে আবাসরত বন্ধু-সহপাঠীরা যেমন সবাই ‘কোলাহল’ নামক চটি পর্নোটি পড়ার জন্য দৌড়াইনি, এ যুগেও আমার ছাত্রছাত্রীদের এবং তরুণ-কিশোর ও যুবা আত্মীয়স্বজনকে লক্ষ করে দেখেছি, সবার মধ্যে সমান যৌনাসক্তি নেই। যৌন অপরাধ ও শাস্তির সম্পর্ক নির্ণয়কালে এ কথাটি মনে রাখতে হবে, এখানে কোনো ঢালাও মন্তব্য করা যাবে না।আবার পর্নোসংস্কৃতি সভ্যতার শুরু থেকে পৃথিবীর আদি পণ্যবাজার। প্রাচীনকাল থেকেই মুদ্রণমাধ্যমের একটি বিরাট অংশ সব সময় যৌনতার প্রতি নিবেদিত ছিল। এবং এই নিবেদনের মূল লক্ষ্য ছিল বাণিজ্য। সে রকম তড়িতায়ন মাধ্যম, অর্থাৎ কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির বিরাট অংশ যৌনতার দখলে আছে। তড়িতায়ন ও সংখ্যক বা ডিজিটাল প্রযুক্তি বৈশ্বিক রূপ লাভ করায় যৌনতার আন্তর্জাতিকায়ন হয়েছে। আন্তর্জালের মাধ্যমে খুব সহজেই দর্শন করা সম্ভব হচ্ছে ভারতীয় কোন জনপ্রিয় অভিনেত্রী কোন আসরে কী প্রদর্শন করেছিলেন। জনপ্রিয় সামাজিক ও পারিবারিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকও যৌনতার আক্রমণ থেকে মুক্ত নয়।বিশ্বায়নের সঙ্গে সঙ্গে পর্নোবাজারের আন্তর্জাতিকায়ন হওয়ার কারণে বাংলাদেশ একটি জটিল আবর্তে পড়েছে। প্রযুক্তি ব্যবহারের হিসাবে বাংলাদেশ পৃথিবীর কোনো শীর্ষ দেশ নয়। কিন্তু মুঠোফোনের ব্যবহারকারীর সংখ্যা শুনেছি তুলনামূলকভাবে আমেরিকার চেয়ে বাংলাদেশে বেশি। কাজেই মোবাইল সংস্কৃতির মাধ্যমে যৌনতার বিকাশ বাংলাদেশে হয়তো উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রযুক্তিনির্ভর পর্নোবাজারের মহোৎপাদক হচ্ছে আমেরিকা, বাংলাদেশ হচ্ছে ভোক্তাদেশ মাত্র। বস্তুত, পৃথিবীর তাবৎ যৌনতানির্ভর ওয়েবসাইটের উৎসকেন্দ্র হচ্ছে আমেরিকা। বিশ্বব্যাপী যৌনতানির্ভর পণ্য ও সংস্কৃতির বাজার যেসব কোম্পানি নিয়ন্ত্রণ করে, তার অধিকাংশই আমেরিকায় অবস্থিত।তাই বাংলাদেশের তরুণ সমাজের পর্নোগ্রাফির প্রতি আসক্তি এবং এর ফলে যৌন সহিংসতা বৃদ্ধিসহ নারীর অবমূল্যায়ন ও সামাজিক অবক্ষয়ের বৃদ্ধি—এসব উপসর্গ বৈশ্বিক আলোকে দেখলে পর্নোবাজারের যে আন্তর্জাতিকায়ন হয়েছে, তারই ফলশ্রুতি এবং যুগপৎ এর ভোক্তা ও শিকার হচ্ছে বাংলাদেশের শিশু-কিশোর-তরুণ-যুবা শ্রেণী।কিন্তু কম্পিউটার আর মোবাইল প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে না এ জন্য যে তরুণ ও যুবসমাজের মধ্যে কম্পিউটার ও মোবাইল ব্যবহার এখন বিলাসিতা নয়, প্রয়োজনও। শিক্ষার্থীর লেখাপড়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মুদ্রণমাধ্যমের পাশাপাশি তড়িৎমাধ্যমের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। উল্লিখিত অনুসন্ধানে উঠে এসেছে যে অপরাধী শাস্তি না পাওয়ায় তরুণসমাজে যৌন অপরাধের চর্চা বেড়ে যাচ্ছে। এই ব্যর্থতার সঙ্গে শাসকবর্গ, নিয়ন্ত্রকবর্গ ও অভিভাবকবর্গের যে অর্থনৈতিক সংশ্লিষ্টতা নেই, তা নয়। ওপরে যে পর্নোবাজারচিত্রের বৈশ্বিক পরিপ্রেক্ষিতের কথা বলছি, তারই একটা লোকাল বা স্থানীয় ব্যবসা জিইয়ে রাখছে সমাজনিয়ন্ত্রক একটি শক্তিশালী মহল, যাদের পুরোটাই নিশ্চয় অভিভাবকশ্রেণীও। তাদের প্রশ্রয়ে চোরাপথে বা প্রবঞ্চনার পথ দিয়ে পর্নোপণ্য ও প্রযুক্তি বাংলাদেশে প্রবেশ করছে অবাধে। এখানে যদি নিয়ন্ত্রণটা হয়, তাহলে যুবসমাজের মধ্যে যৌনতাসংস্কৃতির ব্যাপক ব্যবহার কমে যাবে।কিন্তু সেই নিয়ন্ত্রণ তো আকাশপথে বা ভার্চুয়াল যৌনতাচর্চার ব্যবহার কমাতে পারবে না। তাহলে একটা ব্যাপার দেখার আছে, আমেরিকায় পর্নোসংস্কৃতির যথেচ্ছ বিকাশ সত্ত্বেও সেখানকার তরুণসমাজ যতটা না বিপথগামী, আমাদের তরুণসমাজ তার চেয়ে বেশি কেন, সে প্রশ্নেরও ব্যাখ্যা থাকতে হবে। আমার নিজের দেখা আমেরিকা বা কানাডায় যেসব প্রেক্ষাগৃহে পর্নো ছবি দেখায়, সেখানে যুবাশ্রেণী ভিড় করে খুব কম, বরং বৃদ্ধাবাসে বাসরত অবসরপ্রাপ্ত বৃদ্ধদের দেখা যায় পপকর্ন ও কোকা-কোলার ক্যান নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে। তরুণ শ্রেণী সেখানে ভিড় করে না, কারণ তারা সমাজ থেকে নারী-পুরুষ মিশ্রণের যে সহজ পরিবেশ পায়, তা থেকে তাদের কিছুটা নিবৃত্তি হয়, তারা বোধ করতে পারে যে নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক একমাত্র সম্পর্ক নয়। কিন্তু ঠিক এই জায়গায় বাংলাদেশ হচ্ছে নারী-পুরুষের ভেদাভেদ রচনাকারী একটি কঠিন রক্ষণশীল সমাজ। ফলে ছেলেমেয়েরা বড় হতে থাকে পরস্পরের প্রতি প্রায় একটি অস্বাভাবিক অনুভূতি নিয়ে। তখন ছেলেমেয়ে পরস্পরকে বন্ধু ভাবার চেয়ে অন্য সম্পর্কগুলোর ওপর জোর দিয়ে চিন্তা করে। এতে ধর্ষণকামিতা ও যৌন সহিংসতানির্ভর মানসিকতা বৃদ্ধি পায়। আরেকটা কথা হলো, যৌনতা সর্ব অনুভূতি-আচ্ছন্নকর একটি ইন্দ্রিয় হলেও সামাজিক উদ্দেশ্য এবং লক্ষ্য সব সময় এটাকে পরাভূত করে। সে জন্য দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে বা শিক্ষার্থী মহলে গোপনে গোপনে অকাতরে যৌন পণ্যের আদান-প্রদান হলেও কিংবা ভোগ হলেও এরা কেউ যৌনসংস্কৃতির প্রতি আসক্ত হয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে, তা কিন্তু নয়। এটা হলো ব্যাপার যে সামাজিক লক্ষ্যগুলো যেমন শিক্ষার্জন করা, চাকরির উপায় খোঁজার রাস্তা খোলা থাকা কিংবা চাকরির সহজলভ্যতা, ব্যবসার সুযোগ, উদ্ভাবনের সুযোগ, সৃজনশীল পেশায় নিয়োগ—এ-জাতীয় সুযোগ সমাজে যত বেশি থাকবে, তত যৌনসংস্কৃতি একটি উপেক্ষণীয় নয় এমন আবেদন তৈরি করবে, কিন্তু কখনো ভোক্তাকে গ্রাস করে ফেলবে না।আরেকটি সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেটার সঙ্গে যৌনসংস্কৃতির বিকাশ সম্পর্কিত। জনসংখ্যার একটি প্রতিবেদন বলেছে, বাংলাদেশে উপার্জনক্ষম জনগোষ্ঠী এখন ৫৮ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, ১৫ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে দেশের ৫৮ শতাংশ লোক পড়েছে। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, এটি একটি দেশের জন্য সবচেয়ে ভালো গণচিত্র। কারণ, এই সময়ে উপার্জনের প্রবৃদ্ধি সর্বোচ্চ থাকে। এবং এই অবস্থা আরও তিন থেকে চার দশক বিরাজ করবে। চীন এই পর্যায়ের শেষ ভাগে এসেছে, ভারত মধ্যভাগে আছে এবং বাংলাদেশ মাত্র শুরু করেছে। বলা বাহুল্য, উপার্জনকারী গোষ্ঠীর এই অংশে বৃহৎভাবে নারীর আগমন হয়েছে। ফলে নারী সামাজিকভাবে শিক্ষায়তনে এবং কর্মক্ষেত্রে আগের চেয়ে বহুলাংশে দৃশ্যমান হয়েছে। ফলে নারী পুরুষের চোখে শিকারও হতে পারে, আবার বন্ধুও হতে পারে। কিন্তু এই অর্থনৈতিক পরিবর্তনটা বাস্তব অবস্থার চাপে হয়ে থাকলেও নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য যে চিন্তাশক্তির বিকাশ হওয়ার দরকার ছিল, সেটি জাতীয়ভাবে পুরুষমনস্ক একটি আধ্যাত্মিক চিন্তার কাছে হার মেনে বসে আছে।মৌলিক সমস্যাটা তাই এখান থেকে তৈরি হচ্ছে যে নারীকে পুরুষের শিকার হিসেবে না দেখে বন্ধু হিসেবে দেখার জন্য যে চেতনাগত পরিবর্তন শিক্ষায় এবং কর্মক্ষেত্রে আসা দরকার, সেটি আমাদের সমাজে আসেনি। আসবে যে সে রকম কোনো আদর্শিক রাজনৈতিক প্রস্তুতিও দেখি না।এই মৌলিক চিন্তাটা পরিবর্তিত হচ্ছে না বলেই প্রযুক্তিকে যৌনতার কাজে অপব্যবহারের চিন্তা বেড়েছে।অধ্যাপক মোহীত উল আলম: বিভাগীয় প্রধান, ইংরেজি, ইউল্যাব, ঢাকা।