যৌন সহিংসতা: প্রতিরোধ প্রতিবাদ, প্রতিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২ মার্চ ২০১৩, প্রথম আলো, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও একশনএইডের সহযোগিতায় ‘যৌন সহিংসতা: প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনা সংক্ষেপ করে ছাপা হলো এই ক্রোড়পত্রেযাঁরা অংশ নিলেনমেহের আফরোজ চুমকি, সাংসদ, মহিলা এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিমিজানুর রহমান, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনকাজী জিয়া উদ্দিন, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাহোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাতানিয়া হক, সভাপতি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর, একশনএইড, বাংলাদেশসাদেকা হালিম, সদস্য, তথ্য কমিশনসৈয়দ শাইখ ইমতিয়াজ, সহকারী অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়নাজমা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় মালেকা বেগম, নারীনেত্রী, অধ্যাপক, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, ঢাকামো. হান্নান মিয়া, একজন ধর্ষিত নারীর উদ্ধারকারীসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে। চানখাঁর পুলের কাছে একটি ভয়বহ অ্যাসিড-সন্ত্রাস হয়েছে। বাসে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে একজন নারীকে বাসে নির্যাতনের চেষ্টা করা হয়। তিনি বাস থেকে লাফিয়ে পড়ে মারা যান। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনায় মানুষ উদ্বিগ্ন। আইন থাকলেও যথাযথ প্রয়োগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ২০০৪ সালের শ্লীলতাহানির মামলাও এই সরকারের আমলে এসে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে এসব বিষয়ই আমাদের মূল আলোচনা। এ বিষয়ে প্রথমে আলোচনা করবেন মেহের আফরোজ চুমকি।মেহের আফরোজ চুমকি: বহু বছর ধরে নারী যৌন সহিংসতার শিকার হচ্ছে। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে নারী সহিংসতার ঘটনা ঘটছে। কোথায় নারী নির্যাতন হচ্ছে, কীভাবে হচ্ছে, কারা এসব করছে, তাদের বয়স কত, তাদের পরিবারিক ঐতিহ্য কী—এসব বিষয়ে গবেষণা হওয়া উচিত। তাদের খুঁজে বের করতে হবে। আইনের আওতায় আনতে হবে। হতাশ হলে চলবে না। আমাদের অনেক অর্জন আছে। এ ক্ষেত্রেও আমরা সফল হব। আইনের প্রয়োগ, অপপ্রয়োগ দুটোই আছে। সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজকের আলোচনায় আপনাদের কাছ থেকে পরামর্শ আসবে। আমরা সংসদীয় স্থায়ী কমিটিতে এগুলো আলোচনা করব। আমরা এ ক্ষেত্রে কাজ করছি। আরও কী করণীয় সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমরা এগুলো বিবেচনায় নিয়ে নারীর অগ্রগতির জন্য কাজ করে যাব।নাজমা চৌধুরী: ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একটি বৈষম্যহীন ও সমতাপূর্ণ সমাজ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। পুরুষ কর্তৃক নারীর প্রতি সহিংসতার নানা রূপ রয়েছে। এর মধ্যে প্রধানত দুটি কারণে পুরুষ নারীকে নির্যাতন করে। এক. পিতৃতান্ত্রিক ধ্যানধারণা, দুই. সমাজের ক্ষমতা-কাঠামোয় পুরুষের অবস্থান। কিছু পুরুষ নারীকে যৌন হয়রানি ও ধর্ষণ করে। ধর্ষণের মাধ্যমে নিজের আধিপত্য ও ঔদ্ধত্যের ঘোষণা দেয়। নারী সমাজ আজ ধর্ষণের আগ্রাসনে ভীতসন্ত্রস্ত। নারীর প্রতি সহিংসতা একমাত্র বাংলাদেশেরই সমস্যা নয়। এখন বিশ্বব্যাপী এটি একটি বড় সমস্যা। ১৯৯৫ সালে বেইজিং বিশ্ব নারী সম্মেলন হয়। এ সম্মেলনে নারী-পুরুষের সমতা অর্জনের জন্য ১৩টি সমস্যা চিহ্নিত করা হয়। এর মধ্যে অন্যতম হলো, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করা। বেইজিং ঘোষণায় নারীকে সহিংসতার তিনটি ধারণাকে চিহ্নিত করা হয়েছে। ধারণাগুলো হলো, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিক। নারীর প্রতি সহিংসতাকে নারীর মানবাধিকার লঙ্ঘন হিসেবে মনে করা হয়। কেবল ধর্ষণই নয়, নারীকে সব সময় ধর্ষণের শঙ্কার মধ্যে থাকতে হয়। এ ক্ষেত্রে নারীর সহিংসতার বিষয়টি সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাপকভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। রাষ্ট্রকে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ করতে হবে।অধিকাংশ সময় অর্থ ও ক্ষমতার জোরে অপরাধীর শাস্তি হয় না। অনেকে দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন করেন না। কখনো কখনো অন্যায় কাজে সহযোগিতা করেন। এঁদেরও শাস্তি হওয়া উচিত। আমাদের প্রতিবাদের ভাষা এখন সীমিত হয়ে এসেছে। আজকাল প্রতিবাদগুলো মানববন্ধন, শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকছে। যে সমাজব্যবস্থায় নাগরিকের ইচ্ছা-অনিচ্ছার মূল্য দেওয়া হয়, সেখানে এসব প্রতিবাদের মূল্য আছে। যেখানে মানুষের ইচ্ছা-অনিচ্ছা দূরে থাকুক, জীবনেরই কোনো মূল্য নেই, সে সমাজে এ ধরনের প্রতিবাদ অবান্তর। মনে রাখতে হবে আমরা নারীরা জনগোষ্ঠীর অর্ধেক। মত ও পথের পার্থক্য থাকলেও প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা একতাবদ্ধ হব। মো. হান্নান মিয়া: আমি একজন ফেরিওয়ালা। বাদাম, চানাচুর, চকলেট ইত্যাদি ফেরি করে সংসার চালাই। ওই দিন ঢাকা-অরিচা মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির একটি অনুষ্ঠান ছিল। সেখানে ফেরি করছিলাম। রাস্তায় এসে পাটুরিয়াগামী গাড়িতে একটি মেয়ের চিৎকার শুনতে পাই। লক্ষ করে দেখি একজন তাকে উত্ত্যক্ত করছে। গাড়ির জানালা-দরজা বন্ধ। আরেকজন গাড়ি চালাচ্ছে। তখন ওই গাড়িতে উঠতে চেষ্টা করি। কিন্তু উঠতে পারি না। পেছনের একটি গাড়িতে উঠে শুভযাত্রা নামের ওই গাড়িকে অনুসরণ করি। পাটুরিয়ার দিকে দুই কিলোমিটার যাওয়ার পর গাড়িটি আবার উল্টো ঘোরে এবং মানিকগঞ্জের দিকে যাত্রা শুরু করে। আমি গাড়ি থেকে নেমে মানিকগঞ্জগামী আরেকটি গাড়িতে উঠে শুভযাত্রাকে অনুসরণ করি। মানিকগঞ্জের দিকে আসতে দুই-তিন কিলোমিটার পর তরা নামক একটি জায়গায় মেয়েটিকে তারা ফেলে দেয়। মেয়েটিকে উদ্ধার করে বাসটার্মিনালে নিয়ে আসি। মেয়েটির কাছ থেকে জানতে পারি গাড়ির ড্রাইভার তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু হেলপার ধর্ষণ করে। বাসটার্মিনালে মেয়েটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতিকে সবকিছু বলে। শ্রমিক ইউনিয়নের সভাপতির চেষ্টায় ড্রাইভার ও হেলপারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমারও মা-বোন আছে। ওরাও তো একদিন এভাবে নির্যাতিত হতে পারে। তাই আমি ধর্ষণকারীদের ধরার চেষ্টা করি। এখন তারা জেলহাজতে আছে।সুলতানা কামাল: নারীর প্রতি সহিংসতা থামছে না। বরং মাঝেমধ্যে প্রকট আকার ধারণ করছে। সহিংসতার বিভিন্ন রূপ দেখে বোঝা যায় সমস্যাটি সমাজের কত গভীরে। সহিংসতার মূল কারণ খুঁজে বের করতে হবে। তা না হলে এ সমস্যা থেকে মুক্তি নেই। প্রতিরোধের জন্য দরকার যথাযথ আইন। এবং আইনের সঠিক প্রয়োগ। দেশে আইনের সঠিক প্রয়োগের অভাব রয়েছে। বরং অনেক ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ হয়। আইনের প্রয়োগ করতে হলে এক ধরনের সুস্থ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের দরকার। দেশে আইন প্রয়োগের সঠিক পরিবেশ আছে কি না সেটি একটি প্রশ্ন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তথ্যের ব্যবহার ও আইনের সঠিক প্রয়োগ না করলে জবাবদিহি করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে পারলে হয়তো আইনের সঠিক প্রয়োগ হবে।সহিংসতার শিকার নারীরা অনেক সময় আইনের আশ্রয় নিতে চান না। আইনের প্রতি তাঁদের এক প্রকার নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাঁরা মনে করেন সুবিচার পাবেন না। কারণ, যাঁদের অর্থ নেই, ক্ষমতা নেই তাদের জন্য আইনও নেই। আইন কেবল ধনীদের জন্য। ক্ষমতাবানদের জন্য। আমরা মানববন্ধন করি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে স্মারকলিপি দিই। তখন তাঁরা কাজটি করতে অপারগতা জানান। নারী সহিংসতার ঘটনায় পুলিশ, ডাক্তার, বিচারক সবার দায়িত্ব রয়েছে। পুলিশ ও ডাক্তারকে সঠিক তথ্য দিতে হবে। যে তথ্যের ওপর ভিত্তি করে বিচারক সঠিক বিচার করবেন। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণে পুরুষের মধ্যে অস্থিরতা ও অসন্তোষ তৈরি হয়। পুরুষ নারীর ওপর এসবের শোধ নেয়। নারীকে নারী হিসেবে দেখা বন্ধ করতে হবে। তাকে মানুষ হিসেবে দেখতে হবে। হান্নান মিয়াকে ধন্যবাদ, তিনি একজন সাধারণ মানুষ হয়েও অসাধারণ কাজ করেছেন।হোসেন জিল্লুর রহমান: পুরুষতান্ত্রিক বিশ্বে নারীকে কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হতে হচ্ছে। একটি সভ্য সামাজে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর একটি পরিবর্তন হওয়া দরকার। মানুষের মানসজগতে একটা বিপর্যয় নেমেছে। দুঃখজনকভাবে নারী ও শিশু এ বিপর্যয়ের শিকার হচ্ছে। এ জন্য নারীকে সার্বিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। সার্বিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে সহিংসতা থাকবে না। পরিবেশ নারীর প্রতি সহিংসতার একটা কারণ কি না সেটি ভেবে দেখা দরকার। যেমন, দিল্লি থেকে কলকাতা নারীদের জন্য অনেকটা নিরাপদ। দিল্লি এবং কলকাতার পরিবেশের মধ্যে ভিন্নতা রয়েছে। বিচারব্যবস্থার ওপর আস্থার অভাব। নারীর সুরক্ষার জন্য কঠিন আইন থাকা প্রয়োজন। আমাদের সমাজে আইনের অপব্যবহার ও অপপ্রয়োগও একটি বড় সমস্যা। যৌতুকের ক্ষেত্রে ৯০ শতাংশই মিথ্যা মামলা হয়। এভাবে দিনের পর দিন আইনের অপব্যবহার হচ্ছে।দেশে নারী ও শিশু আইন তাদের ঠিকভাবে রক্ষা করতে পারেনি। বরং আইনের অপব্যবহার হয়েছে। বর্তমান নারী ও শিশু আইনের বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। দ্রুত নগরায়ণের ফলে সমাজকাঠামো ভেঙে গেছে। নিরাপত্তাহীনতা বেড়েছে। নারীবান্ধব গৃহায়ণ ও পরিবহন জরুরি। দেশের হাজার হাজার মেয়ে পোশাকশিল্পে কাজ করে বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে। অথচ আজও তাদের নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠেনি। দেশের মাধ্যমিক স্কুলগুলোতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এই শিশুরা মাত্র কয়েক বছরের মধ্যেই জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়। তাদের শেখানো দরকার মেয়ে সহপাঠীকে মেয়ে হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। শ্রদ্ধা করতে হবে। এ শিক্ষা ভবিষ্যতে মেয়েদের প্রতি তাদের আচরণে প্রভাব ফেলবে। সৈয়দ শাইখ ইমতিয়াজ: নারী সহিংসতার বিষয়টি এখনো সামাজিক ইস্যু হয়ে ওঠেনি। একজন পুরুষের মধ্যে বহুমাত্রিক ধারণা থাকে। নারী সহিংসতার ক্ষেত্রে অনেক পুরুষকে নেতিবাচক ভূমিকায় দেখা যায়। সে ক্ষেত্রে হান্নানের মতো মানুষদের সমাজে খুবই প্রয়োজন। আজকে স্বাধীনতার ৪১ বছরে নারী অনেক এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে নারীরা ভালো করছে। এখন দেশের অনেক নারী নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের পেশায় চাকরি করছে। প্রতি ক্ষেত্রে নারী-পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে পুরুষকে তার জায়গা ছেড়ে দিতে হচ্ছে। পুরুষ এখন নারীকে তার জন্য আতঙ্ক মনে করছে। এটিও সহিংসতার কারণ হতে পারে। এ বিষয়ে কোনো গবেষণা নেই। এখন সব ক্ষেত্রে নারীরা পুরুষকে ছাড়িয়ে যাচ্ছে। পুরুষ নারীদের থেকে পিছিয়ে পড়ছে। পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না। কেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না? কেন সহিংসতা করছে? এসব বিষয়ে আজ পর্যন্ত কোনো গবেষণা হয়নি। ন্যূনতম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপনি যদি কাউকে পরিবর্তনের উদ্যোগ না নিয়ে কেবল দোষারোপ করতে থাকেন, তাহলে তার খারাপ হওয়ার প্রবণতা বেশি কাজ করবে। আমরা কয়েকটি স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করেছি। তাদের প্রশ্ন করেছি, তাদের মায়েরা বাসায় কী করেন? তারা কেউ কিছু বলতে পারে না। তাদের মায়েরা সারা দিন বাসায় এত পরিশ্রম করেন, তারা এর কোনো খোঁজই রাখে না। আমরা বললাম, ‘তোমরা তোমাদের মায়েদের কাজকর্মের খোঁজখবর নেবে। তাদের কাজে সাহায্য করবে।’ তারা খোঁজখবর নিয়েছে। মায়েদের কাজে সাহায্য করেছে। তখন বুঝতে পেরেছে তাদের মায়েরা তাদের জন্য কত কষ্ট করছেন। এই ছেলেদের মায়েদের প্রতি অন্য রকম শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে। আমরা নিশ্চিত, এরা বড় হয়ে নারীদের সম্মান করবে। পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সামাজিকভাবে কিছু উদ্যোগ নিতে হবে। কাজী জিয়া উদ্দিন: বাইরের সংস্কৃতি অনুপ্রবেশের ফলে মূল্যবোধের অবক্ষয় হয়েছে কি না আজকে সেটি ভাবনার বিষয়। সমাজের প্রতিটি মানুষের কিছু কিছু সামাজিক ও নাগরিক দায়িত্ব থাকে। আমরা কেউ কোনো দায়িত্ব অনুভব করছি না। রাস্তার মাঝখানে একটি পাথর পড়ে আছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি দেখে চলে গেল। সবাই মনে করছে চতুর্থ ব্যক্তি এটি সরাবে। আমার প্রশ্ন, প্রথম ব্যক্তি নয় কেন? এ জায়গাগুলোতে আমাদের অনেক কিছু করার আছে। নারীর প্রতি সহিংসতা সমাজের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। কোনো একটি সংস্থা এককভাবে কিছু করতে পারবে না।সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে। দক্ষিণ কোরিয়ায় যেমন জাতীয় সংহতি তৈরি হয়েছিল। আমাদেরও আজকে জাতীয় সংহতি গড়ে তুলতে হবে। সহিংসতার শিকার নারীদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করছে। রাঙামাটি ও ঢাকায় ভিকটিমসহায়তা কেন্দ্র আছে। পুলিশ হেডকোয়ার্টার্সে ভিকটিমসহায়তা কেন্দ্র আছে। ছয়টি বিভাগে আরও ছয়টি সহায়তাকেন্দ্র করা হচ্ছে। পুলিশ যাতে নারীবান্ধব হয় সে ব্যাপারে কাজ হচ্ছে। এসব বিষয়ে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের কিছু ভুল হলে শাস্তির ব্যবস্থা আছে। দ্রুতই বাংলাদেশ পুলিশ মানুষের বন্ধু হয়ে উঠবে। সাদেকা হালিম: যৌন সহিংসতার বিভিন্ন রূপ আছে। অনেক শব্দ, অনেক ভাষা আছে যা যৌন সহিংসতার মধ্যে পড়ে। এসব বিষয়ে কথা বলতে হবে। মোবাইলে, সরাসরি কথার মাধ্যমে মেয়েদের যৌন হয়রানি করা হচ্ছে। বিশেষ করে মোবাইলে যৌন হয়রানির বিষয়টি ব্যাপক আকার ধারণ করেছে। যৌন সহিংসতার বিষয়টি মনে হয় পরিবেশের ওপর নির্ভর করে না। ভালো-খারাপ সব রকম পরিবেশে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে। যৌন সহিংসতার ক্ষেত্রে অনেক ক্ষমতাধর ব্যক্তিও ঠিকমতো বিচার পাচ্ছেন না। সে ক্ষেত্রে সাধারণ মানুষের কী অবস্থা, সেটা সহজেই বোঝা যায়। নারী তার কাজের ক্ষেত্রে এগিয়েছে। এখন নারীর সফলতার শেষ নেই। তার পরও নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। তার কাজের কোনো স্বীকৃতি নেই। নারীকে ভিকটিম বলার ধারণা পরিবর্তন করতে হবে।কিছুদিন আগে এক ব্যক্তি তার স্ত্রীর আঙুল কেটে ফেলেছিল। কাটা আঙুল নিয়ে এ মেয়েটি পরীক্ষা দিয়েছিল। নারীরা অধিকাংশ ক্ষেত্রে সুবিচার পান না। কোথাও মামলা করতে গেলে প্রথমে নারীকেই দোষারোপ করা হয়। অনেক মামলা সরকারি পর্যায় থেকেও ফিরিয়ে দেওয়া হয়। দেশের প্রায় অধিকাংশ শাশুড়ি তাঁর ছেলের বউদের কোনো না কোনোভাবে নির্যাতন করেন। আমরা অনেক এগোচ্ছি। আরও এগোতে হবে। আমাদের অনেকের মধ্যে নেতিবাচক মানসিকতা আছে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কখনোই নারীর সহিংসতা কমবে না। পুরুষেরা যৌন সহিংসতাসহ নারীদের বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে। বিচার চাইতে গেলেই তারা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় চলে যায়। এসব অপরাধী দ্রুতই রাজনৈতিক নেতার ভাই, মামা, চাচা, খালু প্রভৃতি হয়ে যায়। ফারাহ কবির: পৃথিবীর প্রায় সব দেশেই একশনএইড কাজ করছে। আমাদের প্রধান কাজ হলো প্রান্তিক মানুষের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠা করা। আমরা মনে করি, যেখানে সহিংসতা, সেখানেই থাকবে প্রতিরোধ। সহিংসতার প্রত্যুত্তরে আর কোনো নীরবতা নয়। এ ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব রয়েছে। সরকারকে সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। সতীত্ব, কুমারীত্ব এসব দোহাই দিয়ে নারীকে বন্দী করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এ বিষয়েগুলো নিয়ে মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। নারী কী পোশাক পরবে, কীভাবে চলবে এটি তার একান্ত নিজস্ব ব্যাপার। আমরা কোনো মানুষের ব্যক্তিগত রুচি, তার নিজস্বতা নিয়ে কথা বলতে পারি না। নারীর পোশাক ও শালীনতার সঙ্গে যৌন সহিংসতার স্বীকৃতি দেওয়ার অপচেষ্টাকে বন্ধ করতে হবে। অনেক স্বামী তার স্ত্রীর মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় না নিয়ে বলপ্রয়োগে যৌনাচরণ করে। যেটা যৌন সহিংসতার মধ্যেই পড়ে। ছাত্র ও তরুণদের দ্বারাও নারী নির্যাতনের ঘটনা ঘটে। সমাজে কেন এমন হয় এ নিয়ে নীতিনির্ধারকদের ভাবতে হবে। যৌন সহিংসতা বন্ধে করতে আইনের কার্যকর ব্যস্তবায়নের ব্যবস্থা করতে হবে। নির্যাতিত নারীদের সেবা প্রদানের প্রয়োজনীয় অবকাঠামো এখনো সঠিকভাবে গড়ে ওঠেনি। সেবাকেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে এবং সেবার মান উন্নত করতে হবে। সরকারি বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গকে বাধ্যতামূলকভাবে নারী সংবেদনশীলতার প্রশিক্ষণ দিতে হবে। তারা সংবেদনশীল আচরণ করছে কি না সেটা তদারকির ব্যবস্থা থাকতে হবে। স্বল্পমেয়াদি নারীবান্ধব বিচারিক প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। দ্রুত বিচার আইনের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার, সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা এবং ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ধর্ষণের মামলা পরিচালনার ব্যবস্থা থাকতে হবে। মালেকা বেগম: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকের এ আলোচনায় প্রথমে স্মরণ করছি ক্লারা জেৎকিনকে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রীতিলতা থেকে শুরু করে এখনকার তরুণ প্রজন্ম সবাই মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা চাই, তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলুক। নারীর প্রতি সহিংসতাকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে হবে। এখন আমরা যাদের সভ্য সমাজ বলছি, যারা নারীদের রক্ষা করার কথা বলেন, নারীদের অগ্রগতি সমৃদ্ধির কথা বলেন, তাঁরাই আবার নারীদের প্রতি যৌন সহিংসতা করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের দ্বারা নারী নির্যাতিত হচ্ছে। এ ক্ষেত্রে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া উচিত। কোনো সমাজে কোনো কালে নারীরা নিরাপদ ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সাগর-রুনির ব্যাপারে কথা বলেছেন, সেটি খুবই দুঃখজনক। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন কথা শুনতে চাই না।নারীর প্রতি সহিংসতার ৩০০ বছরের ইতিহাস প্রায় একই। ১৯৪৭ সালের পত্রপত্রিকা থেকে আজকে পর্যন্ত সহিংসতার যে অবস্থা, তা একটি বিপর্যয়ের সঙ্গে তুলনা করা যায়। এখন প্রযুক্তির সাহায্যে আরও বেশি হয়রানি করা হচ্ছে। বিশেষ করে মোবাইলের ভয়াবহ অপব্যবহার হচ্ছে। সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপনসহ প্রায় সব ক্ষেত্রে নারীকে অসম্মানজনকভাবে উপস্থাপন করা হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে নারীদেরই রুখে দাঁড়াতে হবে। বর্তমান সময়ে নারী আন্দোলন অনেক কমে গেছে। কেবল মানববন্ধনের মধ্যেই নারী আন্দোলন সীমাবদ্ধ থাকছে। সর্বত্র জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নভাবে এখানে-সেখানে কোনো রকম জোড়াতালি দিয়ে আন্দোলন চলবে না। প্রতিটি শ্রেণীতে পড়ানোর পর শিক্ষকেরা যেন এ বিষয়ের ওপর ১০ মিনিট কথা বলেন। নারী আন্দোলনকে মূল ধারার সঙ্গে যুক্ত করতে হবে। রাজা রামমোহন সেই কবে বলেছিলেন, ‘প্রত্যেক স্ত্রী তার স্বামীর গৃহে দাস্যবৃত্তি করছে।’ এ সময়ে এসেও রামমোহনের কথা সত্য যে নারীরা এখনো দাস্যবৃত্তি থেকে মুক্ত হয়নি। আজকে নারী সমস্যাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এ সমস্যাকে মূল ধারার সঙ্গে যুক্ত করতে হবে।তানিয়া হক: বহু শতাব্দী থেকে নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করা হচ্ছে। যার পরিণতি নারী নির্যাতন। নারীকে মানসিক ও শারীরিকভাবে আঘাত করা, তার স্বাধীন চিন্তাচেতনাকে বাধাদানসহ বিভিন্নভাবে নারী নির্যাতিত হচ্ছে। নির্যাতনের ভয়াবহ প্রকাশ হচ্ছে যৌন সহিংসতা। বাংলাদেশে সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। তাই নারীর যৌনতাও পুরুষতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। সাম্প্রতিককালে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার এক নতুন মাত্রা যোগ হয়েছে। নারীরা গণধর্ষণেরও শিকার হচ্ছে। ধর্ষিত নারীকেই বিভিন্নভাবে অসহযোগিতার শিকার হতে হয়। প্রথমে তাকে কিছু বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয়। যেমন, নিশ্চয়ই মেয়েটির পোশাক-আশাক ঠিক ছিল না। এক হাতে তালি বাজে না। পুলিশ বলবে ঘটনার বিবরণ দিন। এমন প্রশ্নের শেষ নেই। প্রশ্নের ধরনে মনে হয়, সব অপরাধ নির্যাতিত নারীর। এবং তারই বিচার হচ্ছে। ধর্ষক নির্দোষ। দিল্লির দামিনিকে ১০ বার ঘটনার বিবরণ দিতে হয়েছে। আরও আতঙ্কের বিষয় হলো, কোনো শ্রেণীর নারীই যৌন সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না। নাবালিকা, বয়োবৃদ্ধ, মানসিক প্রতিবন্ধী, নিরক্ষর থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী, বস্তিবাসী থেকে অ্যাপার্টমেন্টের সুরক্ষিত নারী কেউ নিরাপদ নয়। এ অবস্থা থেকে রেহাই পেতে হলে পুরুষের মানসকাঠামোর পরিবর্তন হবে। সে ক্ষেত্রে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং আমরা কাজ করছি। কারণ, আমাদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ও শক্তিশালী। ধর্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শ্রেণী, বয়স, সময়, স্থান, কাল, ধর্ম বলে কিছু নেই। সমাজের যেকোনো নারী যেকোনো সময় ধর্ষণের শিকার হতে পারে বা হওয়ার আশঙ্কায় থাকে। প্রতিটি নারীই মানুষ। তাই মানুষ হিসেবে একজন নারীর থাকবে স্বাধীনতা। থাকবে স্বাধীনতা ভোগের অধিকার। এটিই নারীবাদের মূল উদ্দেশ্য। নারীকে তার নির্যাতনের প্রতিবাদ করতে হবে। নীরবতা হলো আত্মসমর্পণ। নারীবাদ নীরবতাকে সমর্থন করে না। একজন সমৃদ্ধ নারী অনেককে আলোর পথ দেখাবে। এটিই নারীবাদের মূল কথা। মিজানুর রহমান: যৌন সহিংসতা সমাজের মূল্যবোধকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর বিরুদ্ধে শক্ত আন্দোলন প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাষ্ট্রের কাছেই আমাদের সকল প্রত্যাশা, সকল চাওয়া। এ ক্ষেত্রে রাষ্ট্রের চরিত্র বদলাতে হবে। তা না হলে আমাদের কোনো চাওয়া পূরণ হবে না। নারীরা এখন সব ধরনের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে জয়ী হচ্ছে। কেউ তাদের অগ্রগতিকে থামাতে পারবে না। আমরা দেখছি শাহবাগের গণজাগরণে নারীরা সামনের সারিতে রয়েছে। বলা হয় আইন নিজস্ব গতিতে চলে। সমস্যা এখানেই, আইন আসলে নিজস্ব গতিতে চলে না। দেশে দরিদ্র জনগোষ্ঠীর বিচারের জায়গা নেই। অনেক সময় অভিযোগ পর্যন্ত করা যায় না। বিচারের সময় দল, ক্ষমতা ইত্যাদি বিবেচ্য বিষয় হয়ে ওঠে। অন্যায়ভাবে সাধারণ একজন মানুষের সম্পদ লুট হয়েছে। বা কোনো না কোনোভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ব্যক্তি অন্যায়কারীর বিরুদ্ধে মামলা করল। এসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে উল্টো এমন একটি মিথ্যা মামলা করা হয়, যা থেকে মুক্তি পেতে তার সব সহায় সম্পদ শেষ হয়ে যায়। এভাবে মামলার অপব্যবহারের সংস্কৃতি গড়ে উঠেছে। মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে সামাজিক মূল্যবোধের বিষয়ে শিক্ষা দেওয়া উচিত। সভ্য সমাজের রীতিনীতির বিষয়ে এদের ধারণা দুর্বল। পুলিশ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীসহ অন্যদের এ বিষয়ে প্রশিক্ষণ বা কর্মশালার আওতায় আনতে হবে। মেহের আফরোজ চুমকি: নারীরা বহু ধরনের সহিংসতার শিকার হচ্ছে। বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর অন্য দেশেও নারীরা সহিংসতার শিকার হচ্ছে। ভারতেও প্রতিনিয়ত নারীরা আন্দোলন-সংগ্রাম করছে। কাকে দোষ দেব? দেশে নারী ও শিশু নির্যাতন হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের আইন আছে। কিন্তু সে আইনের অপব্যবহার হচ্ছে। আমাদের গর্ব এখানে যে এত বাধা-বিপত্তির মধ্যেও অগ্রযাত্রা থেমে নেই। আমরা কারও থেকে পিছিয়ে নেই। আমাদের হতাশ হওয়ারও কিছু নেই। একসময় মেয়েদের কথা বলার সুযোগ ছিল না। এখন তারা জাতীয় সংসদসহ দেশের সকল কাজে অংশগ্রহণ করছে এবং জয়ী হচ্ছে। কোনো জনপ্রতিনিধিরা যদি যৌন হয়রানিসহ যেকোনো ধরনের সহিংসতার সঠিক বিচার না করেন বা অন্য যেকোনো অন্যায় অপরাধের সঙ্গে জড়িত হন, তা হলে জনগণ ভোটের সময় যেন চরম জবাব দিয়ে দেন। আজকে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে নারীদের অর্জন বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। পুলিশসহ প্রশাসনে মেয়েদের আরও বেশি করে অংশ নিতে হবে। ধর্ষণকারীরা সংখ্যায় বেশি না। আমরা তাদের অবশ্যই প্রতিরোধ করব। ধর্ষণের শিকার মেয়েটিকে সবদিক থেকে সমর্থন দিতে হবে। বর্তমান সরকার নারীদের ব্যাপারে খুবই সজাগ। এ সরকারের সময় ক্ষমতায়নসহ সব ক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আজকের এ মূল্যবান আলোচনায় আপনাদের কাছ থেকে যে পরামর্শ এসেছে, আমাদের সরকার সেগুলো বিবেচনা করবে। আব্দুল কাইয়ুম যৌন সহিংসতা প্রতিরোধ, প্রতিবাদ ও প্রতিকার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। আলোচনা থেকে কিছু পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো বিবেচনায় নিলে নারীর সামনের দিনগুলো অরও নিরাপদ হবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।