রংপুরের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পৌরসভা ছিল। ২০১২ সাল থেকে সিটি করপোরেশন। কিন্তু পৌরসভার সামর্থ্য দিয়েই চলছে সিটি করপোরেশনের কাজ। আগে পৌরসভা ছিল ৫০ বর্গকিলোমিটারের। এখন আওতা বেড়ে হয়েছে ২০৩ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনের অনেক এলাকাজুড়েই কাঁচা সড়ক। ২০১০ সালে বিভাগীয় শহরে উন্নীত হওয়ার পর থেকে রংপুরে বসতি অনেক বেড়েছে।

মেয়র শরফুদ্দিন আহমেদ জাইকাসহ বেসরকারি কিছু সংস্থার সহযোগিতা আর নিজেদের আয় দিয়ে কাঁচা সড়ক পাকা করা, সড়কবাতির আওতা বাড়ানো, ড্রেন তৈরি করা, ব্রিজ-কালভার্ট তৈরি করাসহ অনেক কাজ করেছেন। মেয়র গত ৪ জুন তাঁর কার্যালয়ে বলেন, ‘সরকার চার কিস্তিতে বছরে মাত্র ৮ কোটি টাকা বরাদ্দ দেয়। নতুন অর্গানোগ্রাম অনুমোদন হলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়াই সম্ভব হবে না। নতুন সিটি করপোরেশনের নাগরিক সুবিধা সৃষ্টির জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। অন্যথায় নাগরিক সুবিধা দেওয়া সম্ভব নয়।’

শহরে যানজট লেগেই থাকে। অজস্র অটোরিকশা এর অন্যতম কারণ। শহরের ভেতরের কয়েক কিলোমিটার সড়ক চার লেন করা হয়েছে। কিন্তু অনেকটাই এখন গাড়ি চলার উপযোগী নয়। প্রধান সড়কের অনেক স্থানেই বিদ্যুতের খুঁটি গত ছয় বছরেও সরানো হয়নি। সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ—সিটি করপোরেশনের সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। প্রধান সড়কের দুই ধারের অনেক স্থানেই বালু, ইটের খোয়া ফেলানো। যেসব স্থানে ড্রেন করার কাজ চলছে, সেগুলোর কাজ অসমাপ্ত রাখার কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।

শহরের ব্যস্ততম এলাকা শাপলা মোড় থেকে কাচারি বাজার পর্যন্ত সড়কের দুই ধারে ফুটপাত দখল করে আছেন অসংখ্য ছোট ব্যবসায়ী। এমনকি রেস্টুরেন্টের চুলাও আছে। সিটি করপোরেশন অভিযান চালালে দোকানিরা দোকান গুটিয়ে চলে যান। অভিযান শেষ হলে আবার এসে দোকান বসান। সড়কের অর্ধেকজুড়ে গাড়ি পার্কিং করে রাখা হয়। রংপুর সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান, অর্গানোগ্রাম এখনো হয়নি। মেট্রোপলিটন সিটির ঘোষণা হলেও বাস্তবায়ন নেই। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল এখন কার্যত একটা ভাগাড়: মশা উৎপাদন কারখানায় পরিণত হয়েছে। দিনে কয়েকবার করে বিদ্যুৎ যাচ্ছে। মাস শেষে বিদ্যুতের যে বিল আসছে, তা–ও ভুতুড়ে। কোনো মাসে ৪০০ টাকা, কোনো মাসে আট হাজার টাকা।

সড়ক প্রশস্ত করার সময় দুই ধারের প্রাচীন গাছগুলো কেটে ফেলা হয়েছে। কিন্তু তারপর সবুজায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক বিভাজকের মাঝে কিছু ঝাউগাছ লাগানো হয়েছে। এ বছর নগরী সবুজায়নের কাজ হবে বলে শোনা যাচ্ছে। শহরটি অপরিষ্কার। সড়কের ওপর প্রচুর ময়লা-আবর্জনা। মানুষ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে। সিটি করপোরেশন সেগুলো পরিষ্কার করে না। বলে, জনবলের অভাব।

শহরের চারদিকে অধিকাংশ এলাকাজুড়ে নদী। পশ্চিম দিক দিয়ে ঢুকেছে মূল ঘাঘট নদী। পুব দিকে থেকে খোকসা ঘাঘট দক্ষিণ দিক দিয়ে গিয়ে ঘাঘটে মিলিত হয়েছে। আদি রংপুর মাহিগঞ্জে আছে ইছামতী নদী। নদীগুলোর যত্ন করলে শহরের শোভা বাড়ত। 

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর মেয়াদকালে সিটি করপোরেশনের চেহারা বদলে দিয়েছিলেন। এর জন্য সরকারি সহযোগিতা ছিল। রংপুর শহর এ রকম সহযোগিতা পেলে অল্প সময়ে সুন্দর হয়ে উঠতে পারত। রংপুরের প্যানেল মেয়র গোলাম কবীর বলেন, ‘রাজশাহীর উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ, মেয়র, মন্ত্রী—সবার যৌথ চেষ্টায় সম্ভব হয়েছে। রংপুরের স্থানীয় সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ ১০ টাকা দিয়েও সিটি করপোরেশনকে সহযোগিতা করেননি।’

রংপুর শহরকে অত্যন্ত মনোরম এক আবাস হিসেবে গড়ে তোলা সম্ভব। সে জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।

তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।