রওশনের দেখা না হওয়া এবং খালেদা-শিমুলের দেখা হওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া, সি চিন পিং
খালেদা জিয়া, সি চিন পিং

আমাদের রাজনীতিটা এতটাই অসুস্থ ও ক্ষয়িষ্ণু যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরে বাংলাদেশের কী লাভ হলো, সেই বিচার-বিশ্লেষণের চেয়ে সামনে আনা হচ্ছে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করলেন, কার সঙ্গে সাক্ষাৎ করলেন না, সেই বিষয়টি। আবার এ নিয়ে রাজনীতিকদের মধ্যে বাহাসও চলছে।
দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা একধরনের আহ্লাদ প্রকাশ করছেন যে চীনা প্রেসিডেন্ট দশম সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দেখা দেননি। কিন্তু সংসদে না থাকলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখা দিয়েছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একা নন, তাঁর সঙ্গে একটি বড়সড় প্রতিনিধিদলও ছিল। খালেদা জিয়া কেবল বিএনপির নেতা নন, দেশের সাবেক প্রধানমন্ত্রী। অতএব, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাৎটি অস্বাভাবিক নয়।
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি প্রতিনিধিদের কী কথা হয়েছে আমরা জানি না। তবে গণমাধ্যমে যেটুকু এসেছে, তাতে ধরে নেওয়া যায় যে দেশের উন্নয়ন, গণতন্ত্র, রাজনীতি, নির্বাচন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ইশারায় চীন অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। কী বুঝিয়ে দিয়েছে, সেটি খোলাসা করেনি দলটি। তবে নেতারা বোঝাতে চেয়েছেন, চীনা প্রেসিডেন্ট বর্তমান সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে স্বীকৃতি দেননি। তাঁদের দিয়েছেন। কোনো রাজনৈতিক দলের জন্য বিদেশি মেহমানদের স্বীকৃতি জরুরি, না নিজের দেশের জনগণের—সেই বিষয়টি বিএনপি নেতৃত্বকে অনুধাবন করতে হবে। তাঁরা যে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে সংসদের স্বীকৃতি বা অস্বীকৃতি চান, সেই দেশটিতে কিন্তু একদলীয় সরকার ও সংসদই চলছে।

রওশন এরশাদ
রওশন এরশাদ

সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা প্রেসিডেন্ট দেখা না করায় জাতীয় পার্টি একেবারে নিশ্চুপ। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরকালেও তাঁর সঙ্গে কোনো বৈঠক করেননি। কিন্তু আওয়ামী লীগের নেতারা বিএনপিকে এই রাজনৈতিক সুবিধা দিতে নারাজ। তাঁরা ইতিমধ্যে আওয়াজ তুলেছেন, বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাঁরা যদি অপেক্ষা করেও তাহলে কি আওয়ামী লীগ নিশ্চয়তা দিতে পারবে যে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে? এ নিয়ে কোনো দল প্রশ্ন তুলতে পারবে না?
বিএনপি নেতারা যতটা উল্লাস নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন, ফিরে আসার পর সেই উল্লাস আর থাকেনি। এখন বিএনপি শিবিরে জোর বিতর্ক দেখা দিয়েছে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস কীভাবে থাকেন? এ ধরনের বৈঠকে দলীয় চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের বাইরের কারও থাকার কথা নয়। দলের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী কোন এখতিয়ারে ওই বৈঠকে গেলেন?
‘সি-খালেদা বৈঠকে শিমুলের যোগদান নিয়ে তোলপাড়’ শিরোনামে একটি পত্রিকা লিখেছে, ‘সি চিন পিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে শিমুল বিশ্বাসের উপস্থিতি নিয়ে দুদিন ধরে তোলপাড় চলছে বিএনপির গণ্ডি পেরিয়ে বাইরেও। চীনের প্রেসিডেন্টের সফর ঘিরে যেখানে পুরো ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল, সেখানে বিএনপির প্রতিনিধিদলের সদস্য না হয়েও কী করে পুরো ৪০ মিনিট ওই বৈঠকে শিমুল বিশ্বাস বসে থাকতে পারলেন, এর হিসাব মেলাতে পারছেন না বিএনপি নেতারা।...বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, শীর্ষ পর্যায়ের বৈঠকে দলীয় প্রতিনিধি ছাড়া কর্মকর্তা পর্যায়ের কারও উপস্থিতির এমন ঘটনা নজিরবিহীন।

‘বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, “চীনাদের কাছে বিএনপি প্রতিনিধিদের নাম আমিই দিয়েছি; কিন্তু সেখানে শিমুল বিশ্বাসের নাম ছিল না। শিমুল কীভাবে সেখানে ঢুকেছে, তা আমার জানা নেই।” বিএনপির ভাইস চেয়ারম্যান সাবিহউদ্দিন আহমেদ বলেন, “আমি বলতে পারব না শিমুল বিশ্বাস সেখানে কীভাবে ঢুকেছে। আমি তা খেয়াল করিনি। তবে এটা ঠিক যে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকে আগে এ ধরনের ঘটনা ঘটেনি।”’ (কালের কণ্ঠ, ১৬ অক্টোবর, ২০১৬)
একটি রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম বিশৃঙ্খলা ও সমন্বয় থাকলে এ ঘটনা ঘটতে পারত না বলেই দলের নেতারা মনে করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলের একজন সম্পাদক বলেছেন, ‘বিএনপি যদি এভাবেই চলে, তাহলে আমরা কেন দলের জন্য এত কষ্ট করছি, অত্যাচার-নির্যাতন সহ্য করছি?’