
ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় ভিত্তিতে করে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। তবে এখন দরকার ক্ষতির মাত্রা কমানো। এই নির্বাচন ইতিমধ্যে ইতিহাসের সব থেকে রক্তাক্ত ও সহিংস হিসেবে চিহ্নিত হয়ে গেছে। মৃতের সংখ্যা ৯৬ ছাড়িয়ে গেছে। অবশ্য সুজনের তথ্য অনুযায়ী সব থেকে কম সহিংসপূর্ণ নির্বাচন আয়োজনের নজির আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে। ১৯৮৮ সালে ইউপি নির্বাচনে ৮৮ জনের প্রাণহানির পর সব থেকে কম প্রাণহানির নির্বাচন হয়েছে ২০১১ সালে আওয়ামী লীগেরই আমলে। ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৯২ সালে কোনো প্রাণহানিই ঘটেনি, এটা আমাদের ভাবিয়ে তোলে যে, আমাদের গ্রামীণ সমাজ কোথায় ছিল আর আমরা কোথায় এসেছি। ১৯৯৭ সালে ৩১, ২০০৩ সালে ২৩ জনের মৃত্যুর পরে পাঁচ বছর আগের নির্বাচনে এই সংখ্যা ছিল ১০। কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এই নির্বাচনকে ঠিকই ‘শহীদি নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছেন। এবং আমরা অনেকেই একমত যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, বিশেষ করে মনোনয়ন-বাণিজ্য তদারকির এতটুকু ব্যবস্থা কোথাও চোখে পড়েনি, আর সেটাই ব্যাপক সহিংসতা ছড়িয়েছে।
এই অভিজ্ঞতা আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্য প্রত্যক্ষ করেছে। ভারত গোড়া থেকেই দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যায়নি। আর সে দেশে পশ্চিমবঙ্গকে তৃণমূলে গণতন্ত্র পাকাপোক্ত করতে সক্ষম হওয়ার মডেল হিসেবে দেখা হয়। কিছুদিন আগে অনলাইনে ইউপি নির্বাচনের সহিংসতা বিষয়ে এই প্রতিবেদকের একটি লেখা ছাপা হলে জনৈক পাঠক পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মৃতের সংখ্যা উল্লেখ করে মন্তব্য করেছিলেন যে এ নিয়ে হা-হুতাশ করার কিছু নেই। ওই পাঠকের মতে, সেখানেও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হলে একই জলবায়ু-আবহাওয়ার বাংলাদেশে নয় কেন। এর যুক্তির দিকটি বিবেচনায় নিতে হবে।
কিন্তু আমরাই তো ওপরের পরিসংখ্যানে দেখলাম, আমরা সহিংসতামুক্ত নির্বাচন করেছি এবং তা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ১৯৮৮ সালে ক্ষমতাসীনেরা নির্বাচনব্যবস্থাকে পরিকল্পিতভাবে কলুষিত করার চেষ্টা করেছিলেন বলেই আমরা প্রথমবারের মতো শহীদি ইউপি নির্বাচন পেয়েছিলাম। ভারতের দৈনিক হিন্দুতে ২০০৩ সালের ৪ জুন জর্জ ম্যাথিউ ‘পঞ্চায়েত নির্বাচন ও সহিংসতা’ শীর্ষক শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন, তাতে যে চিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন, তা আজকে বাংলাদেশে দলীয় ভিত্তিতে পঞ্চম পর্বের ভোট গ্রহণ শেষে অত্যন্ত প্রণিধানযোগ্য মনে হয়। টানা ৩৩ বছর ধরে ক্ষমতায় থাকা বামফ্রন্ট স্থানীয় সরকারব্যবস্থায় নিজেদের লোক বসানোর উন্মত্ত প্রতিযোগিতায় নেমেছিল, আর সেটাই সহিংসতার বিস্তার ঘটিয়েছিল।
১৯৭৮ সালে পশ্চিমবঙ্গে প্রথম দলের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। কিন্তু শুরু করা মাত্রই সহিংসতা শুরু হয়ে যায়নি। ’৭৮, ’৮৩ ও ’৮৮ সালের নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ছিল। তার মানে আমরা যদি দাবি করি যে, দলব্যবস্থাটাই খারাপ, সেটা নয়। ১৯৭৮ সালে দলমুক্ত পঞ্চায়েত নির্বাচনে বিহারে ৫০০ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। তাই ২০০১ সালে যখন দল ভিত্তিতে নির্বাচন হলো, লাশের সংখ্যা ১০ গুণ বেশি আশঙ্কা করা হয়েছিল। দলভিত্তিক নির্বাচন মূল সমস্যা নয়, বাংলাদেশ দলব্যবস্থায় গিয়ে যদি মনোনয়নে একটা স্বচ্ছতা বজায় রাখত, তাহলে অবস্থাটা এতটা খারাপ হতো না। সুতরাং সংকটটা তৈরি হয়েছে দলব্যবস্থায় যাওয়ার কারণেই নয়। আর এই নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তা কালক্রমে গোটা গ্রামীণ সমাজব্যবস্থার জন্যই নয়, সব থেকে বোঝা হয়ে উঠতে পারেন আওয়ামী লীগের জন্যই।
১৯৯৪ থেকে ভারতের ১৩টি রাজ্যে দলের ভিত্তিতে নির্বাচন চালু হয়; কিন্তু সেসব রাজ্যে গুরুতর সহিংসতা দেখা যায়নি। পশ্চিমবঙ্গে সমস্যা শুরু হলো তখন, যখন ক্ষমতাসীনেরা সিদ্ধান্ত নিলেন, সর্বত্র নিজেদেরই থাকতে হবে। ক্ষমতা তাঁদের কাছে কায়েমি স্বার্থের রক্ষাকবচ হয়েছিল। এর ফল দাঁড়িয়েছিল এই যে বিরোধী দল, বিশেষ করে আজকের তৃণমূলের পায়ের আওয়াজ বামরা পড়তে পারেনি। তারা এই ধারণায় মশগুল ছিল যে, তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের কোনো সম্ভাবনাই নেই। তখন তৃতীয় শক্তি কথাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান বাংলাদেশের মতোই অপাঙ্ক্তেয় ছিল।
বামদের পায়ের মাটি নব্বইয়ের দশকের গোড়া থেকেই সরতে শুরু করেছিল। ১৯৯১ সালের একটি জরিপে স্পষ্ট হয় যে অর্থনৈতিক ও বৈষয়িক উন্নতি বেশ ভালো হলেও দুটি বিষয়ে অগ্রগতির সূচক নিচের দিকে। একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্বিতীয়টি শিক্ষার মান। বর্তমান বাংলাদেশের সঙ্গে এর মিল আছে। ১৯৯৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৪২ জন প্রাণ হারাল। তখন থেকেই এটা পরিষ্কার হতে থাকে যে বিরোধী দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং পেশিশক্তি দুটো দিয়েই বামফ্রন্টকে মোকাবিলা করতে চাইছে। আর বামরা তখন যেকোনো মূল্যে নির্বাচনে জেতার কৌশলকেই ধ্যানজ্ঞান করে ফেলেছে। সুতরাং বর্তমান বাংলাদেশের ÿক্ষমতাসীনদের সঙ্গে বামদের ক্ষমতা ও নির্বাচনী আচরণগত মিলটা কিছুতেই নজর এড়িয়ে যাওয়ার নয়। ২০০৩ সালটা ছিল বামদের ছিটকে পড়ে যাওয়া থেকে মাত্র আট বছর আগের কথা। পঞ্চায়েত নির্বাচনের তিনটা ধাপ। নিচে ব্লক, মাঝে গ্রাম ও ওপরে জেলা পরিষদ। দেখা গেল তিনটি স্তরে প্রায় ১১ শতাংশ, মানে প্রায় সাড়ে ছয় হাজার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল বামরা।
২০০৩ সালে হুগলিতে ৪০ শতাংশের বেশি ব্লক, ৪২ শতাংশ গ্রাম সমিতি ও ২৫ শতাংশ জেলায় বামদের সামনে কেউ দাঁড়াতে সাহস বা দরকার মনে করেনি। সে লক্ষণটি যে জনপ্রিয়তার মাপকাঠি ছিল না, সেটা ক্ষমতাকাতর বাম নেতারা বুঝতে পারেননি কিংবা বুঝতে আগ্রহী ছিলেন না। তবে প্রতিবেশী হিসেবে আমরা সহিংসতায় পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে যেন বিহারের দিকে যাচ্ছি। ১৯৯৪ থেকে ২০০১ সালের একটা পরিসংখ্যানে দেখি, ওডিশা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে মৃতের সংখ্যা ৮ থেকে ২০-এর মধ্যে থেকেছে। ৮৮ হাজার ৭৫২ বর্গকিলোমিটারের পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটির বেশি।
এটাও লক্ষণীয় যে ২০০৩ সালে বামরা যে সময়টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছিল, তখন নির্বাচনী সহিংসতায় ‘শহীদি’ তালিকায় তারাই শীর্ষে ছিল। তারা ক্ষমতায় ছিল বলে কেবল সরকারি সনদধারীরাই মারবে ও অন্যরাই শুধু মরবে, তা কিন্তু ঘটেনি। ৭৬ ‘শহীদের’ মধ্যে সিপিআইএম ৩১, কংগ্রেস ১৯, বিজেপি ও তৃণমূলের ৮ জন করে এবং অন্যান্য দলের ছিল ১০। এরপরের দুটি নির্বাচনে মৃতের সংখ্যা অনেক কম।
জর্জ ম্যাথিউ তাঁর নিবন্ধে দেখিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনে দলের সম্পৃক্ততার কারণে সহিংসতা বেড়েছে—এ রকম একটি মত আছে। ১৯৭৮ সালের জুনে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম রাজ্য, যারা দলের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচন করেছিল। যদিও দলীয় প্রথা চালু করার ক্ষেত্রে অনেক বিরোধিতা ছিল কিন্তু সিপিআইএম ও তার মিত্ররা তাতে কর্ণপাত করেনি। তারা দলব্যবস্থা চালু করেছিল, আর সেটা করে সম্ভবত তারা ঠিকই করেছিল; কারণ দলব্যবস্থা চালু করার মধ্য দিয়ে দীর্ঘকালের প্রাচীন জাতপাত ও বর্ণগত কোটারি ও সংকীর্ণ ধারার স্বার্থরক্ষার রাজনীতির অবসান ঘটিয়েছিল। লেখক বামদের প্রশংসা করেন এই বলে যে ধর্মবর্ণ-সাম্প্রদায়িকতানির্ভর যে ক্লায়েন্টিনিজম ও প্যাট্রনেজ সমাজে ছিল, তা তারা প্রায় মুছে দিতে পেরেছে। তারা দলকে সামনে এনেছে।
ও রকম অনেক পশ্চাৎপদতা-পূর্ব সংস্কার আমাদের সমাজেও বাসা বেঁধে আছে। সেটা প্রতিহত করতে সংগঠিত ও শৃঙ্খলাপরায়ণ দলব্যবস্থা বিরাট রক্ষাকবচ হতে পারে। দলের ভিত্তিতে নির্বাচনব্যবস্থা চালু করার সঙ্গে দলের শৃঙ্খলার একটা যোগসূত্র জর্জ উল্লেখ করেছেন এই বলে যে, ‘পঞ্চায়েত ব্যবস্থায় দলকে যুক্ত করার ফলে তৃণমূলের দলের নেতৃত্বে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা তৈরির প্রয়োজনীয়তা খুব বেশি। কিন্তু সহিংসতা কেন, তার উত্তরে তিনি যা বলেছেন, সেটা আমাদের জন্যও অনেকটা প্রযোজ্য মনে করি। দরকার শক্তিশালী ক্ষমতার ভারসাম্য ও জনগণের সংগঠিত ক্ষমতা। বহু ক্ষেত্রে নির্বাচিত ব্যক্তিরা তাঁদের ব্যক্তিগত বা দলের স্বল্পমেয়াদি লক্ষ্য পূরণে গ্রাম উন্নয়নকে ছুরিকাঘাত করতে পারেন। এই পরিস্থিতি বিপুলসংখ্যক লুম্পেন চরিত্রের ব্যক্তিদের এই নির্বাচনে অংশ
নিতে উৎসাহিত করে আর প্রধানত সেটাই নির্বাচনী সহিংসতাকে ব্যাপকতা দিতে যথেষ্ট।’
আমাদের সন্দেহ অল্প যে ওই লুম্পেন শ্রেণির লোকেরাই এবারের নির্বাচনকে ছিনতাই করে নিয়ে গিয়ে থাকতে পারে। এ জন্যই এবারের নির্বাচিত ব্যক্তিদের ওপরে যথেষ্ট সমালোচনামূলক পর্যালোচনা ও গবেষণা হওয়া দরকার। বহু স্থানে আওয়ামী লীগের যোগ্যতমরা কম যোগ্যতাসম্পন্ন কিংবা বসন্তের কোকিলদের কাছে হেরে গেছেন—নির্বাচনে, টাকাপয়সায়, মনোনয়ন কেনাকাটায়, ভোটের দিনের প্রতাপে। বঙ্গবন্ধু পরিবারের এক সদস্য যুদ্ধকালে আশ্রয় নিয়েছিলেন—এমন একটি গ্রামে শনিবারের ভোটে মেম্বর হয়েছেন ফৌজদারি অপরাধের রেকর্ডধারী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের পরিচ্ছন্ন প্রার্থীর সমর্থকেরা প্রায় পালিয়ে বেঁচেছেন। মোটামুটি এবারের নির্বাচন হলো সরকারের আনুষ্ঠানিক সমর্থক বনাম তাদের বিরোধী পক্ষ। বিরোধী দলের শূন্যস্থান পূরণ করে দিয়েছে এই বিরোধীপক্ষ।
ওই লুম্পেনদের আমাদের সমাজে একটা বিরাট রূপান্তরকরণ ঘটছে। সেটা আপাতত নেতিবাচক সন্দেহ নেই; কিন্তু সম্ভবত একে রুখে দেওয়ার হাতিয়ারগুলো ভোঁতা, নতুন হাতিয়ার লাগবে। একটা বড় ধরনের টাউট শ্রেণির উত্থান ঘটেছে। এই নির্বাচন বাতিল করে দিয়ে একটি অবাধ নির্বাচন করার মতো দাবি তোলার বাস্তব ভিত্তি আলগা। কিন্তু সেই দুর্বলতা আমাদের গ্রামীণ সুশাসন দেবে না। পুলিশসহ অনেক বড় পদে টাকা যত লাগে, তত ঘুষ বেড়েছে। এবারের ইউপি নির্বাচনের মতো টাকার নির্বাচন সম্ভবত আগে হয়নি। একজন সাবেক নির্বাচন কমিশনারকে সফররত একজন বিদেশি মন্ত্রীকে বলতে শুনলাম চেয়ারম্যান হতে এবারে এক কোটি টাকাও লেগেছে।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷