রক্ষক যখন ভক্ষক...
শুনুন এক পুলিশ ভাইয়ের কাণ্ড। তাঁর নাম মোস্তফা কামাল। তিনি কাজ করেন দিনাজপুর কোতোয়ালি থানায়। বছর খানেক ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিলেন ১৬ বছরের এক কিশোরীকে। গত মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে মোটরসাইকেলে তুলে শহরের ফকিরপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান পুলিশের ওই কনস্টেবল। সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হলে ইয়াবা দিয়ে হাজতে নেওয়ার হুমকি দেন তিনি। একপর্যায়ে জোরজবরদস্তি করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কনস্টেবলের লাঠিপেটায় কিশোরীটি আহত হয়। পরে সন্ধ্যায় তাকে বাড়ির কাছে ফেলে মোস্তফা পালিয়ে যান। স্বজনেরা তাকে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে কিশোরীর বাবা ঘটনার বিচার চেয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানান। কিন্তু মামলা রেকর্ড তো করা হয়ইনি, উল্টো কনস্টেবলের পক্ষে তদবিরে মাঠে নামে ক্ষমতাসীন দলের একটি পক্ষ। তারা মেয়েটিকে কনস্টেবলের সঙ্গে বিয়ের জন্য চাপ দেয়। চাপ দেন থানার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও। একপর্যায়ে মেয়ের পরিবারকে বিয়েতে রাজি হতে বাধ্য করেন তাঁরা। শেষে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে মেয়েটিকে নিয়ে এসে গত বুধবার রাতে ক্ষমতাসীন দলের এক নেতার কার্যালয়ে ওই কনস্টেবলের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
গত শুক্রবার দেশের কয়েকটি জাতীয় দৈনিকে এ খবর ছাপা হয়। খবরটি পড়ে বিস্মিত হওয়ার পাশাপাশি ব্যথিত হয়েছি। আমাদের দেশে ১৮ বছরের কম বয়সী কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যই এ অপরাধ করলেন। তাও আবার মারধর ও জোরজবরদস্তি করে! তাহলে সাধারণ মানুষ কী করবে?
যাঁরা এই বিয়েতে মদদ দিয়েছেন, সেই রাজনৈতিক নেতারা এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধও কম নয়। তাঁদের উচিত ছিল মোস্তফা কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তা না করে তাঁরা উল্টো কিশোরীর সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থা করেন। এই যদি অবস্থা হয়, তাহলে কাকে আর কী বলব? রক্ষকই যখন ভক্ষক হয়, তখন কার কাছে আমরা ন্যায়বিচার চাইব?
পুলিশের হাতে নারী নিগ্রহের ঘটনা নতুন নয়। গত ৩১ জানুয়ারি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলেন। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির কাছে এলে পুলিশের চার সদস্য রিকশার গতি রোধ করে ওই ছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে যান। এরপর রতন নামের একজন এসআই ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন।
গত বছরের ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালীর একটি বাসায় চার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে এক নারীর শ্লীলতাহানি করেন যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর।
শুধু নারীর শ্লীলতাহানি নয়, পুলিশের বিরুদ্ধে রয়েছে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, ধর্ষণ, এমনকি খুনের অভিযোগও রয়েছে। গত ৩ ফেব্রুয়ারির ঘটনা। রাজধানীর শাহ আলী থানাধীন গুদারাঘাটে চাঁদার টাকা না পেয়ে চা দোকানির গায়ে আগুন লাগিয়ে দেয় পুলিশ। পরে ওই চা দোকানির মৃত্যু হয়।
এ রকম আরও বহু উদাহরণ রয়েছে। এসব অপরাধে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে ৯ হাজার ৯৫৮ পুলিশ সদস্যের শাস্তি হয়েছে। পুলিশের রক্ষক থেকে ভক্ষক হওয়ার এসব ঘটনা প্রতিবছর বাড়ছে। পুলিশের অপরাধ করার এ প্রবণতা রুখতে হবে। এ জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে তাঁরা যেন পার না পেয়ে যান, তা দেখতে হবে সরকারকে।
রোকেয়া রহমান: সাংবাদিক