
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিনগুলোতে প্রধান দুই দলের প্রার্থীর বাইরে তৃতীয় কোনো ব্যক্তির নাম শোনা গেলে বা আলোচিত হলে ব্যক্তিটি সাধারণত হন তৃতীয় কোনো প্রার্থী। সেটাই স্বাভাবিক, সেটাই হওয়ার কথা। এ রকম ঘটেছিল ১৯৮০, ১৯৯২ ও ২০০০ সালে। ১৯৮০ সালে সাবেক রিপাবলিকান জন অ্যান্ডারসন এবং ১৯৯২ সালে ব্যবসায়ী রস পেরো প্রার্থী হয়েছিলেন নির্দলীয় হিসেবে। ২০০০ সালে র্যা লফ নেইডার গ্রিন পার্টির প্রার্থী হন। তাঁদের প্রার্থিতা সারা দেশে আলোচনার বিষয় হয়েছিল। নির্বাচনের আগের দিনগুলোতে আলোচনার বিষয় ছিল এই তৃতীয় প্রার্থী কোন প্রার্থীর ক্ষতির কারণ হবেন, কতটুকু প্রভাব রাখবেন। ১৯৮০ সালে অ্যান্ডারসন ভোট পেয়েছিলেন মাত্র ৬ শতাংশ, ১৯৯২ সালে রস পেরো পেয়েছিলেন প্রায় ১৯ শতাংশ আর ২০০০ সালে র্যা লফ নেইডার পেয়েছিলেন মাত্র ২ দশমিক ৭ শতাংশ। তাঁদের প্রাপ্ত ভোট ওই সব নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছিল কি না, তা নিয়ে বিতর্ক আছে।
কিন্তু ২০১৬ সালের নির্বাচনের আগের দিনগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আছেন এক তৃতীয় ব্যক্তি। তিনি কোনো প্রার্থী নন, তিনি হচ্ছেন এফবিআইয়ের প্রধান জেমস কমি। মঙ্গলবারের নির্বাচনে যিনিই বিজয়ী হন না কেন, এই নির্বাচনে জেমস কমি ও এফবিআইয়ের আচরণ যে প্রভাব ফেলছে, সেটা এখনই বলা যায়। অতীতে এই তৃতীয় ব্যক্তি কার কতটা ক্ষতির কারণ হবেন, সেই বিষয় নিয়ে আলোচনার অবকাশ থাকলেও গত শুক্রবার থেকে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কমি এবং এফবিআই এখন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। এই ধারণা এখন অনেকের মনেই স্থান করে নিচ্ছে। তার কারণ, কেবল গত শুক্রবার হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে কংগ্রেসকে লেখা জেমস কমির চিঠিই নয়, উপরন্তু বুধবার এফবিআইয়ের পক্ষ থেকে বিল ক্লিনটনের বিষয়ে ২০০১ সালের কিছু নথি প্রকাশ। সেই নথিগুলোতে কী আছে এবং সেগুলো এখন প্রকাশ করায় কেন সন্দেহের সৃষ্টি হয়েছে, তা বুঝতে হলে গত কয়েক দিনের আলোচিত ও অনালোচিত বিষয়গুলো আমাদের স্মরণ করতে হবে।
শুক্রবার কংগ্রেসকে লেখা জেমস কমির অস্পষ্ট ও অভূতপূর্ব চিঠি যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, সেটা তিনি জানতেন এবং সহকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি নিজেই তা স্বীকার করেছেন। কিন্তু তারপর থেকে গত কয়েক দিনে যেসব তথ্য বেরিয়ে এসেছে, তাতে এখন দলনির্বিশেষে কেবল প্রশ্ন বা বিস্ময়ই নয়, উদ্বেগও প্রকাশিত হচ্ছে। জানা গেছে, এফবিআই রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের সঙ্গে ইউক্রেনে পুতিন-সমর্থক ব্যবসায়ীদের যোগাযোগ এবং ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে হিলারি ক্লিনটনের যোগাযোগ নিয়ে তদন্ত করছে বেশ কিছুদিন ধরে। ম্যানাফোর্ট ট্রাম্পের ক্যাম্পেইন চেয়ারম্যান ছিলেন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত। কিন্তু এই বছরের গ্রীষ্মকালে আইন মন্ত্রণালয়ের অনুরোধে এফবিআই সিদ্ধান্ত নেয় যে এই দুই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচনের আগে কাউকে কোনো সমন পাঠানো হবে না এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে করে এই তদন্তের বিষয় জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে বিবেচ্য বিষয় ছিল যে এতে নির্বাচনে প্রভাব পড়তে পারে। এসব বিষয়ে এফবিআই আইন মন্ত্রণালয়ের অনুরোধ রাখলেও মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করেই শুক্রবার জেমস কমি কংগ্রেসকে চিঠি পাঠান। শুধু তা-ই নয়, যে সময় তিনি এই চিঠি লেখেন, তখন পর্যন্ত হুমা আবেদিনের ল্যাপটপে যেসব ই-মেইল পাওয়া গেছে, সেগুলো নিরীক্ষা করার জন্য আদালতের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। এর অর্থ হচ্ছে, এগুলো আদৌ হিলারি ক্লিনটনের সার্ভারের ব্যাপারে এফবিআইয়ের চালানো তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা জানার আগেই কংগ্রেসকে চিঠি পাঠানো হয়েছে। পরে শনিবার আদালতের কাছ থেকে এই মর্মে অনুমতি নেওয়া হয় এবং তার উদ্যোগ আসে আইন মন্ত্রণালয়ের কারণেই।
শুধু তা-ই নয়, ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতা সিনেটে সংখ্যালঘু দলের প্রধান হ্যারি রিড অভিযোগ তোলেন যে এফবিআইয়ের কাছে ডোনাল্ড ট্রাম্প, তাঁর উপদেষ্টা ও রাশিয়ার সরকারের মধ্যে যোগাযোগের বিষয়ে ‘বিস্ফোরক তথ্য’ আছে এবং সেগুলো প্রকাশ করা হচ্ছে না। এফবিআই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে এই যোগাযোগের বিষয়ে এফবিআই এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। কিন্তু হ্যারি রিডের এই মন্তব্য আলোচিত হচ্ছে এ কারণে যে অক্টোবর মাসের গোড়াতে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবেই অভিযোগ করে যে ডেমোক্রেটিক পার্টির এবং অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়া যুক্ত। ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই অভিযোগ প্রকাশ্যে তোলার সময়ে এফবিআই এই অভিযোগ না করার পক্ষেই মত দিয়েছিল এই যুক্তিতে যে তাতে নির্বাচনের আগে প্রশাসন দলীয়ভাবে আচরণ করছে বলে মনে হবে। প্রশাসন এ বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলে এফবিআইয়ের নাম না ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব থেকে এটা স্পষ্ট যে এফবিআইয়ের প্রধান এ বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলেন এবং তাঁকে এ বিষয়ে আইন মন্ত্রণালয় সতর্ক করেছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি শুক্রবার কেন আগবাড়িয়ে পদক্ষেপ নিলেন, সেটা এখন প্রশ্নই থেকে যাচ্ছে।
কিন্তু এই পদক্ষেপকে নেহাতই ভুল সিদ্ধান্ত বলে বিবেচনা করা যেত, যদি না অন্যান্য তদন্তের বিষয়ে আমরা অবহিত হতাম। কিন্তু এই বিষয়ে অবহিত হওয়ার পর হিলারি ক্লিনটনের পক্ষ থেকে এফবিআইয়ের ব্যাপারে ‘দুমুখো’ নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে হেলাফেলা করা সম্ভব নয়। তদুপরি বুধবার এফবিআই ২০০১ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের করা একটি ‘রাষ্ট্রপতির অনুকম্পা’-বিষয়ক কিছু ডকুমেন্ট প্রকাশ করেছে। ২০০১ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়াদ শেষ হওয়ার আগে, অন্য প্রেসিডেন্টদের মতোই, বেশ কিছু ব্যক্তিকে ক্ষমা করেন। তাঁদের মধ্যে ছিলেন মার্ক রিচ, যিনি কর ফাঁকি দেওয়ার কারণে দণ্ডিত হয়েছিলেন, তাঁকে অনুকম্পা প্রদর্শনের সময় তিনি সুইজারল্যান্ডে পলাতক ছিলেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এই সিদ্ধান্ত প্রবলভাবে সমালোচিত হয়েছিল এবং ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রায় দেড় বছর ধরে এ নিয়ে তদন্ত হয়। ২০০৫ সালে এই তদন্তের অবসান হয় এবং তদন্তে কারও বিরুদ্ধেই অভিযোগ আনা হয়নি। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে কেন এই তদন্ত-সংক্রান্ত ১২৯ পৃষ্ঠার ডকুমেন্ট প্রকাশ করা হলো, তা কারোরই বোধগম্য নয়। বুধবার দুপুরে এফবিআইয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয় যে এই ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে। এফবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, তথ্য অধিকার আইন বা ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় উপর্যুপরি অনুরোধ জানানো হলে স্বয়ংক্রিয়ভাবে যে তথ্য প্রকাশের পদ্ধতি আছে, তার আওতায় এগুলো প্রকাশ করা হয়েছে; কিন্তু সাধারণত এই আইনের আওতায় মামলার কারণে ডেডলাইন না থাকলে এ ধরনের ঘটনা ঘটে না। প্রশ্ন উঠেছে, এই টুইটার অ্যাকাউন্টটি গত বছরের অক্টোবরের পর নিষ্ক্রিয় ছিল, তা কেন এখন সক্রিয় হলো এবং এই রকম বিষয়ের ডকুমেন্ট প্রকাশের খবর দেওয়ার জন্যই তা সক্রিয় করা হয়েছে কি না।
শুক্রবার থেকে উপর্যুপরি এ ধরনের ঘটনার প্রেক্ষাপটে এখন জেমস কমি কেবল আলোচনার কেন্দ্রেই আছেন, তা নয়; তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, সেটা নিয়েও অনেকেই উদ্বিগ্ন। সেই উদ্বেগ কেবল হিলারি শিবিরের নয়, রিপাবলিকান দলেরও অনেকের। প্রতিনিধি সভার অন্যতম রিপাবলিকান সদস্য ওহাইওর জিম গর্ডন, যিনি রক্ষণশীলদের নেতৃত্ব দেন এবং যিনি হিলারির বিরুদ্ধে মামলা করার পক্ষে, তিনি পর্যন্ত শুক্রবার তাঁর পাঠানো চিঠির বিষয়ে এই মত প্রকাশ করেছেন যে এটা করা কমির ঠিক হয়নি। সিনেটের জুডিশিয়ারি কমিটির প্রধান চাক গ্রাসলি শুক্রবারের মধ্যে আরও তথ্য দেওয়ার জন্য কমিকে চিঠি লিখেছেন। এ ছাড়া দেশের সাবেক অ্যাটর্নি জেনারেল থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের সাবেক স্টেট অ্যাটর্নিরা পর্যন্ত কমির সমালোচনা করছেন। কমির এসব পদক্ষেপ এবং তার সমালোচনা কোনটা ভোটারদের ওপর বেশি প্রভাব ফেলবে, সেটা আমরা এখনো জানি না। তবে এটা নিশ্চিত করেই বলা যায়, ভবিষ্যতে ২০১৬ সালের নির্বাচনের যেকোনো বর্ণনায় কেবল হিলারি বা ট্রাম্পই উল্লেখিত হবেন না, হবেন জেমস কমিও।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।