ভারতের বিরোধী দলগুলোর মধ্যে আরও একবার একটা চনমনে ভাব দেখা যাচ্ছে। বছরভর যারা একে অন্যের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, কেউ উত্তরে চললে অন্যজন দক্ষিণে পাড়ি দেয়, তারাই এখন গলা জড়াজড়ি করে কাছাকাছি আসা শুরু করেছে। উপলক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন।
মে ও জুন কেটে গেলেই জুলাই মাসে রাইসিনা হিলসের বাসিন্দার নাম চূড়ান্ত করে ফেলতে হবে। প্রণব মুখার্জির টানা পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহলের খবর, অবসরজীবনে যাতে তিনি ব্যস্ত থাকতে পারেন, সে জন্য তাঁর নামে একটা ট্রাস্ট তৈরি হয়েছে বা হচ্ছে। মোট কথা, এমন একটা ধারণা রাজধানীর রাজনীতির অলিন্দে ছড়িয়ে পড়েছে যে হিন্দুত্বের প্রসারে সহায়ক হবেন, এমন একজনকেই শাসক দল বিজেপি ও তার রাজনৈতিক মার্গদর্শক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবে। কিন্তু তিনি কে, কী তাঁর পরিচয়, এখনো পর্যন্ত তার বিন্দুমাত্র কোনো ইঙ্গিত শাসকগোষ্ঠী দেয়নি। এটা ঠিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাই এ ক্ষেত্রে প্রথম ও শেষ কথা হবে। কিন্তু নরেন্দ্র মোদি তাঁর তাসগুলো বুকে আগলে রেখেছেন।
সরকারের দিক থেকে কিছু নাম যে হাওয়ায় ভাসানো হয়নি, তা নয়। প্রথম যে দুটি নাম ভাসে, এখন তা থিতিয়ে গেছে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। দিন কয়েক পর শোনা গেল সংঘপ্রধান মোহন ভাগবতের নাম। সে নাম আবার ভাসানো হয় বিজেপির শরিক শিবসেনার দিক থেকে। মোহন ভাগবত কদিন পর নিজেই নিজের নাম খারিজ করে দিলেন। তারপর শোনা গেল ঝাড়খন্ডের রাজ্যপাল একসময়কার ওডিশার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম। একে মহিলা, তায় আদিবাসী, দ্রৌপদীকে তাই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যপাল যখন, তখন সাংবিধানিক জ্ঞানও তাঁর আছে। দ্রৌপদীর নামটা তাই ভেসে রয়েছে। সংবিধানবিশেষজ্ঞ হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর নামও উঠেছে। কেশরীনাথ উত্তর প্রদেশ বিধানসভার স্পিকার ছিলেন। আদ্যন্ত হিন্দুত্ববাদী।
অনেকে ভেবেছিলেন, রাজনৈতিক জীবনের উপান্তে পৌঁছানো লালকৃষ্ণ আদভানিকে রাইসিনা হিলসে পাঠিয়ে বিজেপি হয়তো তঁার ঋণ শোধ করবে। কিন্তু বাবরি মসজিদ মামলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের যে অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট তা তদন্ত করে দেখার অনুমতি দেওয়ায় আপাতত সে আশার গুড়ে বালি। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী না করার দাবি দলের মধ্যে জোরালোভাবে যাঁরা তুলেছিলেন, আদভানি ছিলেন তাঁদের মধ্যমণি। বিজেপির অন্দরমহলের ফিসফাস, নরেন্দ্র মোদি নাকি কিছু ভোলেন না।
এই পরিস্থিতিতেই বিরোধীদের কোমর কষে নেমে পড়া। তাগিদটা বেশি দেখা যাচ্ছে কংগ্রেস ও বামপন্থীদের মধ্যে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে অনেক দিন পর আবার বেশ সক্রিয় লাগছে। কেউ স্পষ্ট করে কিছু না বললেও এখন এটা সবারই জানা যে ৭০ বছরের সোনিয়া সার্ভিক্যাল ক্যানসারের রোগী। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সম্ভাব্য হিন্দুত্ববাদী কোনো রাষ্ট্রপতিকে রুখতে সর্বসম্মত বিরোধী প্রার্থী দেওয়া যায় কি না, চিন্তা শুরু করলেন তা নিয়ে। আপাতত রাজনীতি এ নিয়েই মশগুল।
সোনিয়া প্রথমে কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও শারদ যাদবের সঙ্গে। লালুপ্রসাদ চিরকালই তাঁর অনুগত এবং বিজেপিবিরোধী। কথা বললেন মুলায়ম সিং যাদবের সঙ্গেও। মায়াবতীও এই উদ্যোগে সায় দিলেন। সোনিয়া যথাযথ সম্মান দিয়ে ডেকে পাঠালেন এনসিপিপ্রধান শারদ পাওয়ারকে। দোসর হিসেবে সোনিয়া পেয়েছেন সিপিএমের সীতারাম ইয়েচুরি ও সিপিআইয়ের ডি রাজাকে। তাঁরা তাঁর হয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলছেন। শিবসেনার উদ্ধব ঠাকরের মন বোঝার চেষ্টাও শুরু হয়েছে। ইদানীং বিজেপির সঙ্গে তাঁর খুব একটা বনছে না। তিনি আবার শারদ পাওয়ারের বেশ ঘনিষ্ঠ। একটা মহল তাই ভাবছে, প্রবীণ মারাঠা নেতা পাওয়ার যখন আর ভোটে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন, তখন তাঁকে খাড়া করে শিবসেনাকে এনডিএ থেকে ভাগিয়ে আনতে পারলে বেশ হয়। ‘মারাঠা মানুষ’-এর স্বার্থে কে জানে শিবসেনা যদি রাজি হয়ে যায়! মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মতো করে সক্রিয়। বিজেপির সঙ্গে তাঁর এখন তুমুল চলছে। সোনিয়া ও রাহুল জানিয়েছেন, শিগগিরই তাঁরা মমতার সঙ্গেও কথা বলবেন। মোট কথা, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে বেগ দিতে বেশ একটা সাজ সাজ রব বিরোধী মহলে উঠে গেছে।
মজাটা হলো, বিজেপি কিন্তু এমন কোনো ভাবই দেখাচ্ছে না যে তারা এই উদ্যোগে বেশ উদ্বিগ্ন। বরং তাদের মধ্যে অদ্ভুত একটা গা-ছাড়া ভাব। ভাবখানা এমন, বিরোধীরা যতই হাত-পা ছুড়ুক, রাষ্ট্রপতি তিনিই হবেন, যাঁকে বিজেপি নেতৃত্ব ঠিক করবে।
এই উদাসীনতা একেবারেই অকারণে নয়। কারণ, অঙ্ক তাদেরই অনুকূলে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং সব রাজ্য বিধানসভার বিধায়কদের। এই হিসাব অনুযায়ী দেশের মোট সাংসদসংখ্যা ৭৮৪ ও বিধায়কসংখ্যা ৪ হাজার ১১৪। সাংসদদের একেকজনের ভোটের মূল্য ৭০৮। বিধায়কদের ভোটের মূল্য নির্ধারিত হয় রাজ্য বিধানসভার মোট সদস্য ও জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে। যেমন উত্তর প্রদেশের বিধায়কদের ভোট-মূল্য সবচেয়ে বেশি—২০৮। সিকিমের সবচেয়ে কম, মাত্র ৭।
এই হিসাব অনুযায়ী ৭৮৪ জন সাংসদের মোট ভোট-মূল্য ৫ লাখ ৫৫ হাজার ৭২ এবং ৪ হাজার ১১৪ জন বিধায়কের ভোট-মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪৭৪। সাংসদ ও বিধায়কদের ভোটের যোগফল হলো ১১ লাখ ৫ হাজার ৫৪৬। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে রয়েছে ১ হাজার ৬৯১ জন এমএলএ ও ৪১৮ জন সাংসদ। বিধায়কদের মোট ভোট-মূল্য ২ লাখ ৪১ হাজার ৭৫৭ এবং সাংসদদের মোট ভোট-মূল্য ২ লাখ ৯৫ হাজার ৯৪৪। এই দুই মিলিয়ে এনডিএর রয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৮৩ ভোট, যা কিনা মোট ভোটের ৪৮ দশমিক ৬৪ শতাংশ।
এনডিএর তুলনায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর সংখ্যা অনেকটাই কম। তৃণমূল কংগ্রেস তাদের দিকে থাকছে ধরে নিলে তাদের মোট বিধায়ক হচ্ছেন ১ হাজার ৭১০ ও মোট সাংসদ ২৪৪। ইউপিএ বিধায়কদের মোট ভোট-মূল্য ২ লাখ ১৮ হাজার ৯৮৭ ও মোট সাংসদ ভোট-মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪৬০। দুইয়ের যোগফল ৩ লাখ ৯১ হাজার ৭৩৯, যা কিনা মোট ভোট-মূল্যের ৩৫ দশমিক ৪৭ শতাংশ।
এই হিসাব অনুযায়ী রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ৫ লাখ ৫২ হাজার ২৭৩-এর (মোট ভোট-মূল্যের অর্ধেক) বেশি ভোট পেতে হবে। যোগ-বিয়োগ শেষে দেখা যাচ্ছে, জিততে হলে এনডিএর ভোট-মূল্য কম পড়ছে মাত্র ১৪ হাজার ৫৯০। অন্য দিকে ইউপিএর কম পড়ছে ১ লাখ ৬০ হাজার ৫৩৪ ভোট।
ইউপিএ তাহলে কেন জেতার আশা করছে? করছে কারণ, এমন ছয়টি দল রয়েছে, যারা এনডিএ বা ইউপিএ কোনো গোষ্ঠীতেই নেই। এই দলগুলো হলো এডিএমকে, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস, ভারতীয় লোক দল ও আম আদমি পার্টি। এই দলগুলোর মোট বিধায়ক ৫১০ ও সাংসদ ১০৯ জন। মোট ভোট-মূল্য ১ লাখ ৪৪ হাজার ৩০২। এই ছয় দলের সব ভোট ইউপিএর দিকে গেলেও তাদের কম পড়বে ১৬ হাজার ২৩২ ভোট।
এই অবস্থায় বিরোধীদের কাজ তিনটি। প্রথম কাজ নিজেদের ঘর অটুট রাখা। দ্বিতীয় কাজ এই ছয় দলের পুরো ভোট নিজেদের দিকে নিয়ে আসা। তৃতীয় কাজ এনডিএর ঘর ভাঙা। এই তৃতীয় লক্ষ্যপূরণে তাদের টার্গেট শিবসেনা, তেলেগু দেশম ও জম্মু-কাশ্মীরের পিডিপি। শিবসেনার মোট ভোট ২৫ হাজার ৮৯৩, তেলেগু দেশমের ৩১ হাজার ১১৬ এবং পিডিপির ৪ হাজার ১৪০। ১৬ হাজারের ঘাটতি মেটাতে যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
অঙ্কের হিসাবে এভাবে বুড়ি ছোঁয়া অবশ্যই সম্ভব। কিন্তু আজকের বাস্তববাদী রাজনীতিতে এটা হলো কুঁজোর চিত হয়ে শোয়ার বাসনার মতো। বিজেপি তা জানে বলেই হেলদোলহীন।
প্রণব মুখার্জি আত্মসচেতন, বুদ্ধিমান ও বাস্তববাদী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতভাবে নির্বাচিত হলে রাজি; নচেৎ নন, এমন বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন। সম্ভাবনার কোনো প্রদীপ কতটা উজ্জ্বল অথবা নিবু নিবু, তা তাঁর চেয়ে বেশি ভালো আর কেউ বোঝেন না।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।