
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা নতুন-পুরোনো মিলিয়ে এখন মোট নয় লাখ ছাড়িয়ে গেছে। এই ঘনবসতিপূর্ণ রাষ্ট্রের জন্য এটা কঠিন সংকট, কিন্তু এ জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ববিবেক ও ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসিকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। ওআইসির মধ্যে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ছাড়া আর কোনো রাষ্ট্র মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের উদ্যোগ নেয়নি। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা জাতিগত নিধনের বিরুদ্ধে শক্ত হুঁশিয়ারি উচ্চারণ করলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যুক্তরাজ্য কিছু চাপ প্রয়োগের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র মিয়ানমারের সমালোচনা করেছে এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ত্রাণ পাঠিয়েছে ভারতও। কিন্তু ভারত, চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘ যদিও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, তবু এই বৃহৎ শক্তিগুলোর সহযোগিতা ছাড়া তার একার পক্ষে ফলপ্রসূ কিছু করা কঠিন।
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এ অঞ্চলের ভূরাজনীতিতে বড় দেশগুলোর অবস্থান যে মিয়ানমারের পক্ষে, তার কারণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট। এই দুই বিবেচনায় তাদের কাছে মিয়ানমারের গুরুত্ব বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে বেশি। ভারতের ভৌগোলিক অবস্থানের সীমাবদ্ধতার প্রধান সমস্যাগুলো বাংলাদেশ মিটিয়েছে। চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক, সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের। বর্তমান সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ১০০ কোটি ডলারের সামরিক অস্ত্র ক্রয় ও পারমাণবিক শক্তিতে সহায়তার মতো বড় চুক্তি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও রাশিয়ার পূর্ণ সমর্থন ছিল। তা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গা নিধনের মতো নৃশংস আচরণের বিষয়ে তাদের অবস্থান এমন কেন, তা বুঝতে হলে মিয়ানমারকে ঘিরে এই তিন দিশের ভূরাজনীতি ও অর্থনৈতিক অবস্থানের বিশ্লেষণ প্রয়োজন।
দিল্লির পূর্ব নীতির প্রেক্ষাপটে মিয়ানমারকে ঘিরে ভারতের বেশ কয়েকটি পরিকল্পিত প্রকল্প রয়েছে। এর মধ্যে ভূরাজনৈতিক দিক থেকে রাখাইন অঞ্চলের বঙ্গোপসাগরে চীনের বর্ধিত প্রভাবকে চ্যালেঞ্জ করার বিষয়টি অন্যতম। এই অঞ্চলে চীনের অবস্থানের বিপক্ষে ভারতের অন্যতম বৃহত্তম উদ্যোগের নাম হলো ‘কালাদান বহুমুখী যোগাযোগ প্রকল্প’, যার বাস্তবায়নে মোদি সরকার এ পর্যন্ত ৫০ কোটি মার্কিন ডলারের ছাড় দিয়েছে। কালাদান পরিকল্পনায় সিটওয়ে (পূর্বতন আকিয়াব) বন্দর থেকে অভ্যন্তরীণ কালাদান নৌপথ চলাচলের উপযোগী করে উত্তর রাখাইন হয়ে চীন স্টেটের পালেটওয়া নদীবন্দর (যা বাংলাদেশের সীমানা নাসি-হুম মদক টং বা রেঞ্জ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে) পর্যন্ত নদীপথ নেওয়া, তারপর ১১০ কিলোমিটার স্থলপথ পাড়ি দিয়ে ইন্দো-মিয়ানমার সীমানা পার করা। পরবর্তী সময়ে ভারত সীমানা থেকে প্রায় ৯০ কিলোমিটার জরিনবই নামক জায়গা হয়ে মিজোরামের রাজধানী আইজল সাইথা জাতীয় মহাসড়কের সঙ্গে যোগ করা। কালাদান প্রকল্প বাস্তবায়নের পর কলকাতার হলদিয়া থেকে সিটওয়ে পর্যন্ত মালামাল বহনে দক্ষিণ বঙ্গোপসাগর ব্যবহৃত হবে। এখানে বর্তমানে চীনের ব্যাপক উপস্থিতি রয়েছে।
ভারতের এই মহাযজ্ঞের প্রধানত দুটি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ রয়েছে। প্রথমত, এই একই অঞ্চলে, বিশেষ করে সিটওয়ের দক্ষিণে বঙ্গোপসাগরে ‘মেড’ দ্বীপে চীনের তেল টার্মিনাল, কিয়াকপিউ দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণের মধ্য দিয়ে চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর ওপর ভারতের নজরদারি করা। কালাদান প্রকল্প এবং একই সঙ্গে সিটওয়ে অঞ্চলে চীনের তৈরি গভীর সমুদ্রবন্দর কিসকেপিউয়ের অতি সন্নিকটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমেও চীনের প্রভাবকে খর্ব করার প্রচেষ্টা। অপর দিকে চীন গত ১৭ জুলাই প্রথমবারের মতো সৌদি অপরিশোধিত তেল পাইপলাইন দিয়ে কুনমিং পর্যন্ত নিয়েছে। ভারতের দ্বিতীয় উদ্দেশ্য হলো শিলিগুড়ি করিডর, যা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ‘চিকেন নেক’ বলে পরিচিত, এর ওপর দিয়ে চলাচল হ্রাস করা এবং কৌশলগত বিকল্প পথ তৈরি করা।
চিকেন নেক বা শিলিগুড়ি করিডর, যা ছিল উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ, বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী মাত্র ১৮ মাইল প্রশস্ত জায়গা। এটা চীন সীমান্তেরও খুব কাছে। স্মরণযোগ্য যে বাংলাদেশের ভৈরব হয়ে আখাউড়া-ত্রিপুরা সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং রেল যোগাযোগ উন্নয়নের কাজ চলছে। এই যোগাযোগের মাধ্যমেও ভারত, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে কৌশলগত ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরতা কমিয়ে আনা হবে। স্মরণযোগ্য যে চীনের সঙ্গে ভারতের বিরোধের অন্যতম বিষয় অরুণাচলের উত্তরাংশ ‘থোয়াং’ চীনের অংশ বলে চীনের পুরোনো দাবি, যা থেকে চীন এখনো সরে আসেনি। মাত্র কয়েক মাস আগে ডোকলাম অঞ্চলের সীমান্ত বিরোধের কারণে চীন-ভারতের সেনাবাহিনী মুখোমুখি ছিল। ডোকলাম অঞ্চল ছিল করিডরের উত্তরে চীন-ভারত এবং ভুটান সীমান্তের সন্ধিস্থলে নিম্ন তিব্বত অঞ্চলে। অতি সম্প্রতি চীন তিব্বতের মধ্য দিয়ে তৈরি মহাসড়কের সঙ্গে নেপালকে যুক্ত করেছে। এসব সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে ভারতের এ ধরনের বিকল্প পথের প্রয়োজন। বাংলাদেশের মধ্য দিয়ে প্রস্তাবিত করিডরের বিকল্পও কালাদান প্রকল্প।
কালাদান প্রকল্প ছাড়াও ভারতের লগ্নির পরিকল্পনা রয়েছে দুটি জলবিদ্যুৎ প্রকল্পে এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড চার লেনবিশিষ্ট মহাসড়কের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন। এ মহাসড়ক মোরেই, মণিপুর থেকে মিয়ানমারের মধ্যাঞ্চল হয়ে থাইল্যান্ডের ‘মায় থো থিনলু’ পর্যন্ত বিস্তৃত হবে, যার দৈর্ঘ্য হবে ৩ হাজার ২০০ কিলোমিটার। এই মহাসড়কের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে খবরে প্রকাশ।
এ ছাড়া ভারতের সঙ্গে মিয়ানমারের বর্তমানের সামরিক ও বেসামরিক নেতাদের গভীর সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লেইং আট দিনের সফরে ভারত গিয়েছিলেন। এবং যখন রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলছে সে সময়েই, ১৮ থেকে ২১ সেপ্টেম্বর মিয়ানমারের নৌপ্রধান অ্যাডমিরাল টিন আং সান ভারত সফর করেছেন এবং ভারতের সমর্থন পেয়েছেন। মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। ভারত মিয়ানমারের নৌবাহিনীর কাছে উপকূল টহলের নৌযান বিক্রি করার প্রস্তাব দিয়েছে। ভারত মিয়ানমারের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে। দিল্লির ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সময় মিয়ানমারের সামরিক বাহিনীর রোহিঙ্গা নিধনের ভূমিকা নিয়ে বিশ্ব যখন সোচ্চার, তখন ভারতের মিয়ানমারের পাশে দাঁড়ানোর প্রত্যয় মিয়ানমারের ওপর চীনের প্রভাব মোকাবিলা করার কৌশলমাত্র। যাহোক, ভারত নিজের জাতীয় স্বার্থেই রাখাইন অঞ্চলকে বিপদমুক্ত দেখতে আগ্রহী এবং রোহিঙ্গাদের এক বিপজ্জনক গোষ্ঠী মনে করে। রোহিঙ্গাদের এই বিপদের মধ্যেও ভারত সরকার ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে বলেছে। তাতে আপাতত বাদ সেধেছে ভারতের বিচার বিভাগ। তবে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে।
চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতায় এখন পর্যন্ত চীনের পাল্লা অনেক ভারী। চীন রাখাইন অঞ্চলে জ্বালানি তেলের টার্মিনাল স্থাপন ও কার্যকর করেছে। এই পাইপলাইন স্থাপনা বঙ্গোপসাগরে চীনের ভূকৌশলগত উপস্থিতির বহুদিনের পরিকল্পনা। জ্বালানি তেলের পাইপলাইনের সমান্তরালে স্থাপিত হয়েছে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন, যা ‘মেড’ দ্বীপের উত্তরে এবং সিটওয়ের কাছে ‘শয়ে’ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস টার্মিনাল হয়ে কুনমিং পার হয়ে গোঞ্জেহ প্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস পাইপলাইন দিয়ে বছরে ১২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সঞ্চালিত হচ্ছে, যার ২০ শতাংশ মিয়ানমার ব্যবহার করবে। শুধু এই প্রকল্পেই ব্যয় হয়েছে ২৫০ কোটি মার্কিন ডলার। রাখাইন অঞ্চলেই সব মিলিয়ে ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পকিল্পনা করা হয়েছিল।
চীনের পাইপলাইন স্থাপনার সময় প্রচুর বিরোধিতা হয়েছিল রাখাইন অঞ্চলে। জমি অধিগ্রহণ, পরিবেশ বিপর্যয় এবং জেলেদের জীবন-জীবিকা বিঘ্ন হওয়ার কারণে। মিয়ানমার সরকার তা শক্ত হাতে মোকাবিলা করে এবং ওই অঞ্চলের রোহিঙ্গাদের সরিয়ে সিটওয়ের অদূরে দুটি ক্যাম্পে রাখা হয়েছে। এই বাস্তুহারা রোহিঙ্গারা ন্যূনতম সুযোগ-সুবিধাহীন অবস্থায় এই দুই ক্যাম্পে রয়েছে, যার উদ্ধৃতি অং সান সু চি তাঁর বক্তব্যে রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করে বলেছেন। এই পাইপলাইন তৈরির সময় চীন ও মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। অভিযোগ শুধু রাখাইনেই নয়, যেসব জায়গা দিয়ে এই পাইপলাইন গেছে তার প্রায় সবখানেই সাধারণ নাগরিকদের চীন-মিয়ানমারের সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল।
এই পাইপলাইনের নিরাপত্তায় শুধু রাখাইনেই নয়, সমগ্র অঞ্চলে গড়ে উঠেছে একাধিক সেনানিবাস। শুধু রাখাইন অঞ্চলেই আছে তিনটি আঞ্চলিক কমান্ড। রোহিঙ্গাদের বিরুদ্ধে হালের ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এর দায়িত্বে আছে ১৬ লাইট ইনফেন্ট্রি ডিভিশনের ১০ পদাতিক ব্যাটালিয়ন। সার্বিক দায়িত্বে আছেন স্বয়ং সেনাপ্রধান। চীনের এই পাইপলাইন স্থাপনা, বিশেষ করে জ্বালানি তেলের টার্মিনাল তৈরির কারণ মালাক্কা প্রণালিকে পাশ কাটিয়ে যাওয়ার প্রয়াস।
আগামীকাল: চীন–ভারতের সঙ্গে রাশিয়া কেন মিয়ানমারের পক্ষে?
এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক ও পিএইচডি গবেষক।