
সরকার দেশের বেশ কয়েকটি স্থানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। সে স্থানগুলোর তালিকায় রয়েছে রাঙামাটিও। প্রস্তুতি অনেকটা সম্পন্ন। উভয় প্রতিষ্ঠানের জন্য ভূমি হুকুম দখলের ব্যবস্থা হয়েছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক কাজ শেষ। কিন্তু অতি সম্প্রতি উদ্বোধনের দিনেই গোল বাধল। তবে সেদিনই গোল বাধল বললে ভুল হবে। উদ্যোগের সূচনা থেকে সেখানে এ ধরনের দুটি প্রতিষ্ঠান স্থাপনের বিরোধিতা করে যাচ্ছিল পাহাড়ি সম্প্রদায়। ব্যাপারটা শুনতে কারও কাছে বিস্ময়কর মনে হবে। কেননা, এ-জাতীয় প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে প্রতিযোগিতা হয়। বঞ্চিত স্থানে পালন করা হয় হরতাল, অবরোধ ও বিক্ষোভের মতো কর্মসূচি। আর এ ক্ষেত্রে ঘটল উল্টোটি। মেডিকেল কলেজ উদ্বোধনের দিনেই বিরোধিতাকারীরা সড়ক ও নৌপথ অবরোধ ঘোষণা করল। করছিল বিক্ষোভ। এ পর্যায়ে বাঙালি ও পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেধে যায়। প্রথমে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা ও পরে সান্ধ্য আইন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে স্থানীয় প্রশাসন।
তবে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা এখনো জানা যায়নি। আর উদ্বোধন করা মেডিকেল কলেজটির ভাগ্যে কী ঘটবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী উদ্যোগ সম্পর্কে এখনো সুস্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে বাঙালি ও পাহাড়িদের মধ্যে তীব্র মতান্তর এখন আর কারও অজানা নয়। পাহাড়িদের মতে, আগে প্রয়োজন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ভূমি বিরোধ নিষ্পত্তি। তাঁরা মনে করেন, এগুলো সম্পন্ন না করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন বাঙালি পুনর্বাসন-প্রক্রিয়ার সহায়ক হবে। আবার স্থানীয় বাঙালিরা বলছে, এ-জাতীয় বিষয়ের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনকে জড়িয়ে ফেলা অযৌক্তিক।
আলোচনার সুবিধার্থে এ অঞ্চলের কিছু বিশেষত্ব জানা দরকার। পাঁচ হাজার বর্গমাইলের অধিক আয়তনের পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলায় বিভক্ত। ২০১১ সালের গণনা অনুযায়ী জনসংখ্যা প্রায় ১৬ লাখ। এর ৪৯ শতাংশ বাঙালি। আর অবশিষ্ট লোকজন পাহাড়ি। উল্লেখ করা সমীচীন হবে, ১৯৭৪ সালে বাঙালি জনগোষ্ঠীর হার ছিল ১২ শতাংশ। পাহাড়-পর্বতে আচ্ছাদিত এ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ খুব কম। তার পরও ১৯৬২ সালে কাপ্তাই বাঁধ তৈরি করা হলে স্থানচ্যুত হয় প্রায় এক লাখ পাহাড়ি। তাদের যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ব্রিটিশ শাসনামলে এটি একটি বিশেষ অঞ্চল হিসেবে শাসিত হতো ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অনুসারে। সে বিধিতে এ অঞ্চলে অপাহাড়িদের প্রবেশ ও বসবাস নিয়ন্ত্রিত ছিল। ব্রিটিশ শাসনামল অবসানের পর বিধিটি ক্রমান্বয়ে উপেক্ষিত হতে থাকে। বাংলাদেশের স্বাধীনতার পর পরিস্থিতি নেয় নতুন মোড়। সংবিধানে পাহাড়িদের পৃথক জাতিসত্তার স্বীকৃতির দাবিতে পার্বত্য নেতারা নিষ্ফল প্রচেষ্টা নেন। এরই পরিক্রমায় গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আর ১৯৭৫–এর পটপরিবর্তনের পর রাজনৈতিক সমঝোতার কোনো সম্ভাবনা না দেখে গঠিত হয় এর সামরিক উইং। নাম নেয় শান্তিবাহিনী। শুরু করে গেরিলা যুদ্ধ।
বাংলাদেশ সরকার সে অঞ্চলে বাঙালি পুনর্বাসন আর শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যা মোকাবিলার উদ্যোগ নেয়। প্রাণ হারায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য, পুনর্বাসিত শরণার্থী আর বেশ কিছু পাহাড়ি। তবে সরকার বহুবিধ উন্নয়নমূলক কাজও চালু করে সে অঞ্চলে। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পাহাড়িসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য চাকরিসহ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির বিশেষ কোটার ব্যবস্থা হয়। ১৯৮৯ সালে পাহাড়িদের জন্য চেয়ারম্যান পদটি সংরক্ষণ করে তিনটি পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এত কিছুর পরও মূল নেতৃত্বকে আস্থায় না আনায় পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। ১৯৯১ সালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়। এর সফল সমাপ্তি ঘটে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে। মূলত, এর কৃতিত্ব তখনকার সরকারের। সে চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়িদের বিশেষ অধিকারও সুবিধার ব্যবস্থা মেনে নেওয়া হয়। দীর্ঘদিনের চলমান সংঘর্ষের অবসান ঘটে। অস্ত্রসমর্পণ করে শান্তি বাহিনী। জনসংহতি সমিতির প্রধান নেতা সন্তু লারমার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। তবে শান্তিচুক্তিটির বিধান অনুসারে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন আজও হয়নি। মনোনীত ব্যক্তিরাই কাজ চালাচ্ছেন। জেলা পরিষদের নির্বাচন তো একবারই হয়েছিল। উল্লেখ করা যায়, ১৯৯৭ সালের চুক্তিটিতে তখনকার বিরোধী দল প্রবল আপত্তি জানায়। তাদের মতে, এতে বাঙালিদের স্বার্থ রক্ষিত হয়নি। তবে তারা ক্ষমতায় এসে চুক্তি মেনে নেয় এবং বাস্তবায়নের অঙ্গীকার করে।
চুক্তি বাস্তবায়নের দাবি করা পাহাড়িদের পক্ষে যৌক্তিক। এর বেশ কিছু অংশ বাস্তবায়িত হয়েছে সন্দেহ নেই। তবে ভূমি সমস্যা আর নির্বাচনের মতো মৌলিক বিষয় নিয়ে এত দিনেও সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। স্বীকার করতে হবে বিষয়টি সহজ নয়। এ চুক্তি করার সময়, সেখানে ১৯৭৫ সালের পর সরকারিভাবে পুনর্বাসিত বাঙালিদের বিষয়টি ভেবে দেখা হয়েছে—এমনটা বলা যাবে না। তারা স্বপ্রণোদিত হয়ে সেখানে যায়নি। অনেকেই আজ দ্বিতীয় আর কেউ-বা তৃতীয় প্রজন্মের পার্বত্যবাসী বাঙালি। তাদের সেখান থেকে সরিয়ে আনা আর অন্যত্র পুনর্বাসন কতটা ন্যায় ও বাস্তবসম্মত, এটা ভেবে দেখার বিষয়। তাই এসব বিষয় নিয়ে বিচার-বিশ্লেষণ করা দরকার দ্রুত। ফেলে রাখলে এগুলো আপনা-আপনি মীমাংসা হবে না। বরং সময়ান্তরে হতে পারে জটিল। আর সরকারের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তি বাস্তবায়নের সুফল দৃশ্যমানভাবে পাহাড়িদের মধ্যে তুলে ধরার জন্য দৃঢ় পদক্ষেপ দরকার। এরূপ উল্লেখযোগ্য কিছু না করায় শান্তিচুক্তিবিরোধী কিছু পাহাড়ি আবারও সন্ত্রাসবাদী তৎপরতায় লিপ্ত হয়েছে ভিন্ন ভিন্ন সংগঠনের নামে। মেডিকেল কলেজ উদ্বোধনের দিনে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার বিষয়টি বিচ্ছিন্ন নয়। পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, তাদের অঞ্চলে নেওয়া উন্নয়ন কার্যক্রমের সুফল তারা খুব কমই ভোগ করে। অভিযোগটি সর্বাংশে অসত্য—এমনটা বলার সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সম্পর্কে শুধু জনসংহতি সমিতি নয়, পাহাড়ি জনগোষ্ঠীর আরও সংগঠন বিরূপ অবস্থান নিয়েছে। হতে পারে, এ বিষয়ে সরকারের ভূমিকার সমর্থক লোকও আছে তাদের মধ্যে। তবে সংখ্যায় যে খুব কম, এমনটা বলা অসংগত হবে না। বাঙালিরা প্রায় সবাই এ বিষয়ে সরকারি কর্মসূচির সমর্থক। তবে চূড়ান্ত পরিণতি সম্পর্কে সচেতন কেউ ভিন্নমত পোষণ করলেও হয়তোবা চুপ মেরে আছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-অপাহাড়ির সংখ্যা প্রায় সমান সমান বটে; তবে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আর ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিতে সে অঞ্চলের পাহাড়িদের বিশেষ অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে পাহাড়ি সম্প্রদায়কে আস্থায় না নিয়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চালু করা কতটা যৌক্তিক, এ প্রশ্ন আসবে। যাদের জন্য উন্নয়ন, তাদের সঙ্গে নিয়েই তা করা সংগত। গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়ন কার্যক্রম হাতে নিতে এ দর্শনটি সামনে রাখা হয়।
জনসংহতি সমিতির পক্ষ থেকে একপর্যায়ে বলা হয়েছিল, পার্বত্য অঞ্চলের তিনটি সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা যায়। আর প্রতিষ্ঠা করা যায় কয়েকটি প্যারামেডিকেল ইনস্টিটিউট। এগুলো বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বিকল্প নয়। একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এ অঞ্চলের জনমিতিকে কতটা প্রভাবিত করবে, তা গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে পাহাড়ি নেতাদের। পক্ষান্তরে, এ ধরনের দুটি প্রতিষ্ঠানই অঞ্চলটির গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধির সহায়ক হতে পারে।
তবে জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পার্বত্য চট্টগ্রামের চলমান বাস্তবতা মেনে নিতে হবে উভয় পক্ষকে। শান্তিচুক্তির যথার্থ বাস্তবায়ন আর বিলম্ব করার বিষয় নয়। পরিবর্তিত প্রেক্ষাপটে এতে নতুন কিছু সংযোজন-বিয়োজনের আবশ্যকতা থাকলে তা–ও করতে হবে পাহাড়িদের আস্থায় নিয়ে। আমরা হয়তো ভুলে যাই, ‘সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়’। এক ফোঁড়ে কাজ করার সুযোগ আমরা হারিয়ে ফেলেছি। তবে সুযোগ এখনো আছে। যে দলের সরকার শান্তিচুক্তি করতে সফল হয়েছিল, তারাই এখন ক্ষমতায়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]