
পতিত সামরিক স্বৈরাচার প্রায় ২৫ বছর পর দুর্নীতির একটি মামলা থেকে খালাস পেয়েছেন। রাডার ক্রয়ে দুর্নীতির মামলায় তাঁর সঙ্গে অভিযুক্ত অপর দুজন বিমানবাহিনীর সাবেক দুই প্রধানও খালাস পেয়েছেন। সহ-আসামিরা খালাস পাওয়ার পর তাঁদের একজন আনন্দে কেঁদে ফেলেছিলেন। কিন্তু জেনারেল সাহেবের মধ্যে কোনো ভাবলেশ ঘটেনি। তিনি সাংবাদিক কিংবা উপস্থিত সুবিধাভোগী-অনুরাগীদের উদ্দেশেও কিছু বলেননি। কারাগার অথবা মুক্তজীবনের দোটানা ২৫ বছর ধরে চলতে থাকার পর যখন তিনি রেহাই পেলেন, তখনো তাঁর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই—এটা কীভাবে সম্ভব? অথচ এর আগে বিভিন্ন সময়ে অন্য মামলার রায়ের পর অথবা শুনানির সময়ে আদালতে তিনি দুজনের বিরুদ্ধে—বিএনপিপ্রধান খালেদা জিয়া এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাগুলোর প্রায় সবই হয়েছে ওই দুজনের শাসনামলে।
এবার তাঁর এতটা নিস্পৃহ থাকার যেসব কারণ থাকতে পারে তার একটি হচ্ছে, তিনি আগে থেকেই জানতেন যে তাঁর কিছুই হবে না। কারণ, ক্ষমতায় কিংবা ক্ষমতার কাছাকাছি থাকলে অপরাধ যত বড়ই হোক না, কারও কিছু হয় না। তিনি তো ক্ষমতায়ও আছেন, বিরোধী দলেও আছেন! আদালতে তাঁর মামলার রায় শোনার জন্য তাঁর দলের মন্ত্রীদেরও দু-একজনকে দেখা গেছে।
অন্য আরেকটি কারণ হতে পারে, তিনি ভালোই জানেন যে এই মামলায় খালাস পেলেও তাঁর মুক্তজীবনের কোনো গ্যারান্টি নেই। সরকার প্রয়োজনমতো তাঁর বিরুদ্ধে অন্য মামলাগুলো সচল করতে পারবে—যার মধ্যে সবচেয়ে ঝুঁকির মামলা হচ্ছে জেনারেল মঞ্জুরকে হত্যার মামলা। সুতরাং, এই ৮৬ বছর বয়সেও তাঁকে সরকারের কাছে নিজের গুরুত্বটা তুলে ধরতে রাজনীতির খেলা চালিয়ে যেতে হবে। অবসর নেওয়ার সুযোগ নেই। কয়েক ডজন ইসলামপন্থী দল নিয়ে তিনি যে জোট গড়ার ঘোষণা দিয়েছেন, সেটা তাঁকে করতেই হবে। এ রকম জোটজাতীয় কিছু না দেখাতে পারলে আগামী নির্বাচনে হারিয়ে যাওয়ার ঝুঁকিটা যে প্রবল হয়ে উঠবে।
কারও কারও মনে প্রশ্ন উঠতে পারে, রাডার ক্রয় দুর্নীতির মামলায় জেনারেল এরশাদের খালাস পাওয়া নিয়ে এখন আর আলোচনার কী আছে? বিচার হয়েছে, তিনি খালাস পেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, বিচার হলেও সেটা কি যথাযথ হয়েছে? যথাযথ না হয়ে থাকলে তার দায় কার? আদালত আসামিদের খালাস দেওয়ার কারণগুলো স্পষ্ট করে উল্লেখ করেছেন। আদালত তাঁর রায়ে বিমানবাহিনীর সাবেক দুই প্রধান সুলতান মাহমুদ ও মোমতাজউদ্দিন আহমেদের বিষয়ে বলেছেন যে যেহেতু বিষয়টি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত, সেহেতু তাঁদের ওপর কোনো দায় বর্তায় না। তবে জেনারেল এরশাদকে খালাস দেওয়ার ক্ষেত্রে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ এবং সাক্ষীদের হাজির করতে না পারার কথা বলেছেন। প্রশ্নটি সেখানেই।
৩৮ জন সাক্ষীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাত্র ১২ জনকে আদালতে হাজির করেছেন। যাঁদের তাঁরা হাজির করেননি, তাঁদের মধ্যে সেই সময়ের প্রতিরক্ষাসচিব এম এ আনিসুজ্জামান এবং বিমানবাহিনীর আরেক সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। আসামিদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকেও দুদক শুনানির সময়ে হাজির করেনি। রায়ে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামিরা কে কত টাকা আত্মসাৎ করেছেন, কীভাবে করেছেন, তা উল্লেখ করা হয়নি (ইত্তেফাক, ২০ এপ্রিল, ২০১৭)।
বোঝাই যাচ্ছে, রাষ্ট্রপক্ষের অযোগ্যতা অথবা অনিচ্ছার কারণে মামলাটি যথাযথভাবে পরিচালিত হয়নি। আপত্তিটা সেখানেই। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের এই আচরণ, তা সে অযোগ্যতা অথবা অনিচ্ছা যে কারণেই হোক না কেন, আইনের ভাষায় এটি হচ্ছে প্রসিকিউটোরিয়াল মিসকন্ডাক্ট বা বিচার পরিচালনায় অসদাচরণ। বিচার পরিচালনায় এই অসদাচরণ আইনের ভাষায় দুর্নীতি বা ফৌজদারি অপরাধ। এই বিশেষণটি যে দেশে বেশি শোনা যায়, সেই যুক্তরাষ্ট্রে অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই এটি ঘটে আসামিকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের অসাধু পন্থা অনুসরণে। আর আমাদের এখানে এটি ঘটছে আসামিপক্ষকে অন্যায় সুবিধা দিতে।
দুর্নীতির বিচারে দুর্নীতি দমন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী এবং কৌঁসুলির এই দুর্নীতির জবাবদিহি কোথায়? দুদক নিজেদের যতই স্বাধীন দাবি করুক না কেন, এ ধরনের ঘটনায় যদি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে এমন ধারণা হতেই পারে যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটেছে। সাবেক সেনাশাসকের ক্ষেত্রে এই আশঙ্কাটির আরেকটি কারণ তাঁর অতীত রেকর্ডগুলো। ২০০০ সালের ২৪ আগস্ট একজন বিচারপতিকে টেলিফোন করার মতো দুঃসাহসও যে তিনি দেখিয়েছেন, সে কথা আমরা বিস্মৃত হতে পারি না। এখন তো আবার তিনি দুই পরিচয়ের অধিকারী—একই সঙ্গে সরকারের অংশ, আবার বিরোধী দলেরও। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আর তাঁর স্ত্রী সংসদে বিরোধীদলীয় নেত্রী। তাঁর অবস্থাটা অনেকটা রাজকীয়—রাজপরিবারের সদস্যদের মতো, কিছুটা নাগালের বাইরে। অতএব, না সরকারি দল, না বিরোধী দল—কেউই তাঁর মামলাটির পুনর্বিচার দাবি করবে, এমন সম্ভাবনা শূন্যের কোঠায়। আর দুর্নীতি দমন কমিশন যে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, সেই ভরসাও কম। এ রকম একটি গুরুত্বপূর্ণ মামলায় যে কমিশন ২৫ বছর কাটিয়ে দিয়েও ঠিকমতো অভিযোগ গঠন করতে পারে না, সাক্ষীদের হাজির করাতে ব্যর্থ হয়, তাদের কাছে এমনটি আশা করা যায় না।
রাজনীতির খেলায় নানা ধরনের সমীকরণের সদ্ব্যবহার করে জেনারেল এরশাদ দেশের রাজনীতিতে নবজীবন পেয়েছেন। সুতরাং তাঁর সঙ্গে দুর্নীতি দমন কমিশনের পেরে ওঠা সহজ নয়। কিন্তু রাষ্ট্রপক্ষের তদন্তকারী এবং কৌঁসুলিদের অযোগ্যতা অথবা অদৃশ্য প্রভাবে দায়িত্বহীনতার অবসান ঘটা প্রয়োজন। আমাদের দেশে একবার স্বাধীন প্রসিকিউশন বিভাগ চালুর উদ্যোগ নিয়েও তা আর বাস্তবায়িত হয়নি। নাগরিক সমাজের এখন সেই বিষয়টিতেই বোধ হয় জোর দেওয়া প্রয়োজন। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মডেলটাই এ ক্ষেত্রে একটি অনুসরণীয় আদর্শ হতে পারে। স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালু হলে তাঁরা যেমন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার পরিবেশ পেতে পারেন, তেমনি পেশাগত অসততা বা অসদাচরণের জন্যও তাঁদের জবাবদিহির মুখোমুখি করা যাবে।
কামাল আহমেদ: সাংবাদিক।