রাজনীতি কেন প্রাণঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মুক্তিযুদ্ধ দেখিনি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান দেখেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি ১৯৯৬-এর তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন। খুব কাছে থেকে দেখেছি লগি-বইঠার ঘা। আন্দোলন মানেই কিছু প্রাণহানি, কিছু মায়ের কোল খালি হওয়া। প্রাণঘাতী এ আন্দোলন আমাদের সবাইকে যন্ত্রণায় দগ্ধ করে। তবু কেন প্রাণের বিনিময়ে এ আন্দোলন? উত্তরটি সর্বদা আমার জানার সীমার বাইরেই থেকে গেছে। হয়তো আমি রাজনীতি বুঝি না বলেই।
তবে আমি এটা বুঝতে পারি, পৃথিবীর দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি দুর্ভাগা দেশ। এখানকার জনগণ ভাগ্যবিড়ম্বিত। কারণ, শান্তি এখানে দীর্ঘস্থায়ী হয় না। মানুষের নিরাপদ আশ্রয় ও জীবনের নিরাপত্তা এখানে হোঁচট খায় বারবার। খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ সব সময়ই শোষণ, বঞ্চনা আর নিপীড়নের শিকার হয়। মূলত সাধারণ মানুষ এখানে ক্ষমতার সিঁড়ি হিসেবেই ব্যবহৃত হয় শাসক শ্রেণির হাতে। সেই সিঁড়ি অগণিত মানুষের রক্তে লাল হয়ে উঠেছে। তা না হলে যুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশে তথাকথিত ক্ষমতার দ্বন্দ্বে কেন এত মানুষ বলি হবে? কেন এখানে এত প্রাণক্ষয়? ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ কেন বারবার নূর হোসেন, জাহিদ, ডা. মিলন হয়ে প্রাণ দেন? আগের কথা বাদ দিই, সাম্প্রতিক সময়ে ২০ দলের আন্দোলনে গত দুই মাসে শতাধিক মানুষ নিহত হয়েছেন! আর তঁাদের প্রায় সবাই সাধারণ মানুষ। এঁরা রাজনীতি বোঝেন না। ক্ষমতার মোহও তঁাদের নেই। তবু কেন এত প্রাণনাশ!
পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রই জনগণের অধিকারকে প্রাধান্য দেয়। আমাদের দেশে জনগণের কথা কেউ ভাবে না। কারণ, এখানকার কর্তাব্যক্তিরা এতটাই নিজেদের স্বার্থ নিয়ে মশগুল থাকে যে তারা নিজেকে ছাড়া অন্য কাউকে পরোয়া করে না। উন্নাসিকতা এখানে এতটাই শিকড় গেড়ে বসেছে যে রাজনৈতিক নেতারা কেউ কাউকে নিজের সমকক্ষই মনে করেন না। ফলে খোলা মনে আলোচনাও হয় না। রাজনীতির এই স্ববিরোধী ও সহিংস রূপ দেখে ইতিমধ্যে জাতিসংঘসহ বিদেশি বন্ধুরাষ্ট্র ও ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এসবে কোনো কাজ হচ্ছে না, হবে বলেও মনে হয় না। রাজনৈতিক সহিংসতায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম।
পৃথিবীতে এমন দেশ দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ, যে দেশে গণতন্ত্র আছে দাবি করার পরও নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে মানুষকে আন্দোলনের ডাক শুনতে হয়। বাংলাদেশের দুর্ভাগ্য, দেশটি স্বাধীনতাপ্রাপ্তির চার দশক পরও রাজনৈতিকভাবে স্থিতিশীল হয়নি। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লোভ এ দেশের রাজনীতিকে কুরে কুরে খাচ্ছে।
রাজনীতিকদের দায়িত্ব ছিল মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করা। স্বাধীন দেশের রাজনীতিকেরা এই নিশ্চয়তা কেন সাধারণ মানুষকে দিতে পারে না, আমরা তা বুঝি না।
লেখক: নাগরিক, খিলগাঁও, ঢাকা।