গল্প আছে, আমাদের দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এক লোক ভোট পেয়েছিলেন মাত্র তিনটি; তাতেই তাঁর স্ত্রী খেপে গিয়ে স্বামীকে উদ্দেশ করে বলতে লাগলেন, ‘নিশ্চয়ই কোনো বান্ধবী জুটিয়েছ, তা না হলে তোমার তো ভোট পাওয়ার কথা মাত্র দুটো—একটা তোমার ও একটা আমার।’
আর ভোটকেন্দ্রে উপস্থিত জনৈক পোলিং এজেন্ট বোরকা পরিহিত এক নারীকে তাঁর স্ত্রীর পরিচয়ে ভোট দিতে দেখে সন্দিহান হয়ে যেইনা জিজ্ঞেস করলেন ‘আপনি কি সত্যিই আমার স্ত্রী?’ অমনি বোরকার ভেতর থেকে মুখঝামটা বেরিয়ে এসেছিল, ‘ঘরেও ঠাট্টা, বাইরেও ঠাট্টা, এত সব আদিখ্যেতা ভালো লাগে না বাপু!’ গল্পগুলো অতি পুরোনো হলেও প্রেক্ষাপট কিন্তু আজও অবধি খুব একটা পাল্টায়নি।
সে যাই হোক। রাজনীতি ও ভোটাভুটি নিয়ে অদ্যাবধি কম লেখালেখি হয়নি; আমার এই রম্য কলামেই আমি একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছি। তবে এর ক্ষেত্রটা এতটাই বিশাল ও বৈচিত্র্যময় যে এটা অনন্তকাল ধরে চালিয়ে নেওয়া যেতে পারে; এবং রম্য দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে নিত্যনতুন সংজ্ঞায়ও সংজ্ঞায়িত করা যায়। এই যেমন, রাজনীতিই হচ্ছে একমাত্র পেশা, যেখানে দম্ভোক্তি করে জীবিকা নির্বাহ করা যায়। জনসাধারণের টাকা আত্মসাৎ করার জন্য মিথ্যে বললে সেটা হয় প্রতারণা, আর ভোট আত্মসাৎ করার জন্য মিথ্যে বললে সেটা হয় রাজনীতি। সর্বোপরি, রাজনীতি হচ্ছে ধনী ও দরিদ্রদের পরস্পরকে একে অন্যের বিরুদ্ধে লাগানোর নাম করে ধনীদের কাছ থেকে টাকা ও দরিদ্রদের কাছ থেকে ভোট সংগ্রহের কলাকৌশল ইত্যাদি।
আর প্রতিটি প্রশ্নের দুটো দিক থাকে, এবং একজন রাজনীতিবিদ সচরাচর দুটোরই পৃষ্ঠপোষকতা করে থাকেন। রাজনীতিবিদদের স্মৃতিশক্তি থাকে প্রখর এবং তাঁরা আশা করেন, জনগণের স্মৃতিশক্তি হচ্ছে খুব ক্ষীণ। সর্বোপরি, রাজনীতিবিদেরা দেশের সর্বত্রই এক—তাঁরা প্রতিশ্রুতি দেন পুল নির্মাণের, যেখানে নদীই নেই; এবং তাঁদের প্রিয় আপ্তবাক্যটি হচ্ছে, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’
তা অন্য অনেক পেশার মতো রাজনীতিতেও পেশাগত ঝুঁকি প্রচুর, যার মধ্যে জেল-জুলুম হচ্ছে প্রধান। তবে রাজনীতিতে জেল-জুলুম প্রায়ই পেশাগত প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করে থাকে, যে কারণে অনেক সময় বলা হয় যে ডাকাতেরা ডাকাতি করে জেলে যায় আর রাজনীতিবিদেরা জেল থেকে বেরিয়ে এসে একই কাজ করেন। অবশ্য এসব কথা হচ্ছে নিন্দুকদের নেগেটিভ দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
রাজনীতির প্রধান অলংকরণ হচ্ছে রাজনীতিবিদদের ‘উইট অ্যান্ড হিউমার’ তথা বুদ্ধিদীপ্ত হাস্যরস। ব্যক্তি-আক্রোশ ও খিস্তিখেউড়ের রাজনীতির যুগে এটা বর্তমানে বিলুপ্তপ্রায়; তবে ইতিহাসে এটার ভূরি ভূরি উদাহরণ বিদ্যমান। এ স্থলে মাত্র গুটি কয়েক উদাহরণ অপ্রাসঙ্গিক হবে না—
আমেরিকায় দাসপ্রথা বিলোপকারী প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কাছে একবার এক নারী এসে বলেছিলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনার উচিত আমার ছেলেকে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার করে কর্নেল পদে নিয়োগ প্রদান করা। কেননা, আমার দাদা লেক্সিংটনে যুদ্ধ করেছেন, আমার চাচা একমাত্র ব্যক্তি যিনি ব্লাডেন্সবার্গে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাননি, ‘আমার বাবা নিউ অর্লিয়ান্সে যুদ্ধ করেছেন আর আমার স্বামী মন্টেরিরির যুদ্ধে মারা গেছেন।’
‘ম্যাডাম, আমি ধারণা করি’, লিংকন প্রত্যুত্তরে বললেন, ‘আপনার পরিবার দেশের জন্য অনেক করেছে, এখন অন্যদের সুযোগ দেওয়ার সময় এসেছে।’
বিলেতের একসময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন তাঁর প্রধান প্রতিপক্ষ গ্ল্যাডস্টোন যদি টেম্প নদীতে পড়ে ডুবতে উদ্যত হন তাহলে সেটা হবে ‘দুর্ভাগ্য’ (মিসফরচুন) আর কেউ যদি তাঁকে জীবন্ত টেনে তোলে তাহলে সেটা হবে ‘দুর্যোগ’ (ক্যালামিটি), এ উপাখ্যান বোধ করি সবারই জানা।
আর বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যে একবার পার্লামেন্টে এক উত্তপ্ত বিতর্ককালে বিরোধীদলীয় সদস্য লেডি ন্যান্সি এস্টোরের ‘আপনি আমার স্বামী হলে আমি আপনার কফির কাপে বিষ ঢেলে দিতাম’ বক্তব্যের জবাবে বলেছিলেন ‘আপনি আমার স্ত্রী হলে আমি সানন্দে সেটা পান করতাম’, এ গল্পও আশা করি সবার জানা।
চীনের অশীতিপর মহান নেতা মাও সে তুং তখনো জীবিত, একদল পশ্চিমা সাংবাদিক গেছেন চীনে বেড়াতে। তার আগে মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডি আততায়ীর গুলিতে মারা গেছেন এবং তাঁর লাস্যময়ী পত্নী জ্যাকুলিনকে গ্রিক ধনকুবের ওনাসিস বিয়ে করেছেন। তো মাও সে তুংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, ‘কেনেডি মারা না গিয়ে তৎকালীন রাশিয়ার নেতা বয়োবৃদ্ধ ক্রুশ্চেভ যদি মারা যেতেন, তাহলে কী ঘটত?’
স্বভাবতই একটি রাজনৈতিক উত্তর প্রত্যাশিত ছিল। কিন্তু মাও সে তুং সবাইকে অবাক করে দিয়ে সহাস্যে উত্তর দিলেন, ‘আমার মনে হয় না, ওনাসিস ক্রুশ্চেভের বিধবাকে বিয়ে করতে রাজি হতেন।’
উদাহরণ আর না বাড়িয়ে পরিশেষে সবচেয়ে মজার দুটি তথ্য পরিবেশন করছি। সেদিন এক ব্যক্তি একটি ফারসি বয়েত শোনালেন, যেটার অর্থ হচ্ছে: যে দেশে সরকারপ্রধান মার্জারের মতো, মন্ত্রীরা সারমেয়র মতো ও কোষাধ্যক্ষ ইঁদুরের মতো, সে দেশের ধ্বংস অনিবার্য। আর সম্প্রতি হাদিসগ্রন্থ মুসলিম শরিফে পড়লাম, মহানবী (সা.) বলেছেন, কেয়ামতের নিদর্শন হচ্ছে: (ক) জুতাবিহীন, বস্ত্রহীন লোকেরা জনগণের নেতা হবে, (খ) মেষপালক সুউচ্চ দালানকোঠা নির্মাণ করে গর্ব করতে থাকবে। জনান্তিকে বলে রাখি, আমার বিবেচনায় ওই দেশটি আমার দেশ নয় এবং কেয়ামতের ওই নিদর্শনসমূহও এখনো সুদূরপরাহত।
আতাউর রহমান: রম্যলেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷