রাজনীতি রাজনীতিকদের জন্য কঠিন হয়েছে কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনপ্রণেতা-জনপ্রতিনিধি বা সাংসদদের আন্তর্জাতিক ইউনিয়ন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা সংসদে আছি শুধু হ্যাঁ বা না বলার জন্য।’ কথাটি তিনি বলেছেন তিনি যে সংসদে আছেন, সেই বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে।

১২ জুন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট সংলাপে সাবের হোসেন আরও বলেছেন, ‘অনেকেই বলেন, বাজেট হতে হবে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই। এখানে যেন কোনো অপচয় না হয়। কিন্তু আমরা যে আলোচনা বা বিতর্ক করব, তার ভিত্তিটা তো ঠিক থাকতে হবে।’ সাংসদদের মতামত সরকারের কাছে কতটা গুরুত্বহীন, তা বোঝাতে বাজেট প্রণয়নের আগে তাঁদের সঙ্গে অর্থমন্ত্রীর কোনো ধরনের আলোচনা না হওয়ার কথা উল্লেখ করে তিনি সরল স্বীকারোক্তি দিয়ে বলেছেন, ‘বাজেটের গুণগত মান পরিবর্তনে সাংসদেরা তেমন একটা কিছু করতে পারছেন না।’ সাবের হোসেন চৌধুরী সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি আরও বলেছেন, ‘আরেকটা ভূমিকা রাখতে পারে রাজনৈতিক দল। কিন্তু আমাদের সরকারি দল বা মুখপাত্র বাজেটের সঙ্গে সঙ্গেই বলে দেন যে বাজেটটা ভালো এবং এখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আছে।’

সাবের হোসেন চৌধুরীর এই বক্তব্য শুধু বাজেট নয়, সরকারের অধিকাংশ আইন প্রণয়নের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। সংসদ এবং রাজনৈতিক দলের এই যে হ্যাঁ বা না বলার ভূমিকা, অন্য কথায় রাবার স্ট্যাম্পে রূপান্তরিত হওয়ার অবনমন, এর দায় কার? রাজনীতিকদের আক্ষেপ প্রকাশের পাশাপাশি যদি আত্মজিজ্ঞাসা এবং ভুল সংশোধনের কথা না থাকে, তাহলে প্রশ্ন ওঠে যে এগুলো কি আদৌ আত্মোপলব্ধি, না হতাশায় আত্মসমর্পণ? অবশ্য সরকার ও রাষ্ট্রের বিরাজনৈতিকীকরণের আরও করুণ চিত্রটি উঠে এসেছে ২৮ জুন খোদ সংসদেই বাজেটের ওপর সাধারণ আলোচনায়।

‘হ্যাঁ বা না বলার সংসদে’ করোনা মহামারি মোকাবিলায় জেলাওয়ারি কার্যক্রম সমন্বয়ে সচিবদের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের প্রবীণ সাংসদ তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন। এতে রাজনীতিকদের কর্তৃত্ব ম্লান হয়েছে বলে অভিযোগ করে তোফায়েল আহমেদ বলেন, দায়িত্ব দেওয়া হলেও সচিবদের অনেকেই সংশ্লিষ্ট জেলায় যাননি। তোফায়েল আহমেদের দুঃখ, জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা এবং মানুষ মনে করে, সরকার যা দিচ্ছে, সেগুলো দেন প্রশাসনিক কর্মকর্তারা। তাঁর অভিযোগ, তাঁর নিজের জেলা ভোলায় যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তাঁর বক্তৃতার দিন পর্যন্ত সেখানে যাননি। রাজনীতিবিদ তোফায়েল আহমেদের কথায়, ‘এটা একটা রাজনৈতিক সরকার। রাজনীতিবিদদের যে একটা কর্তৃত্ব বা কাজ, সেটা কিন্তু ম্লান হয়ে যায়।’

সামরিক সরকারের মন্ত্রিত্ব করা ব্যবসায়ী ও রাজনীতিক জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের বক্তব্যে যে অভিযোগ রয়েছে, তাতে মনে হয় সামরিক সরকারের আমলেও রাজনীতিকেরা এতটা অবহেলিত ছিলেন না। সচিবদের জেলার দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডিসিদের সঙ্গে কথা বলেন, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকেন, দূরে। এরপর বলেন, “ডিসি সাব, আমি একটু কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে।” এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা।’

লক্ষণীয় বিষয় হলো, সাধারণ মানুষ সেবা পাচ্ছে কি না অথবা সরকারের নীতিগুলো মানুষের চাহিদা পূরণের উপযোগী কি না, সেসব বিষয়ে সরকারের নীতির বিচার-বিশ্লেষণের চেয়ে তাঁদের সব ক্ষোভ ও সমালোচনার লক্ষ্য ছিল আমলাকুল। ‘ফেরাউনের সময়ও আমলা ছিল’ বলে সাবেক আমলা ও পরিকল্পনামন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্য উদ্ধৃত করে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা যেসব কথাবার্তা বলি, মানুষ এসব পছন্দ করে না।’ ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) এমপিরা সচিবদের ওপরে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক সরকার। যাঁরা নির্বাচিত প্রতিনিধি, তাঁদের জন্য নির্ধারিত স্থান যেখানে আছে, সেখানে থাকা উচিত।’ মন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দুঃখ করেছেন যে আগে তাঁরাই জেলার দায়িত্বে ছিলেন, সেখানে গেলে নেতা-কর্মীরা আসতেন, তাঁরা গ্রামে যেতেন। এখন সেগুলো হারিয়ে গেছে বলে তিনি যে আক্ষেপ করেন, টিভির সম্প্রচারে তা দেখার সময়ে বোঝা যাচ্ছিল যে তাঁর গলা ধরে আসছে।

এই যে বিরাজনৈতিকীকরণ, তা কি হঠাৎ করে হয়েছে? নাকি এতটাই নীরবে ও সবার অগোচরে ঘটেছে যে তাঁর মতো প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিকেরা তা টের পাননি। তিনি অবশ্য এর দায় চাপিয়েছেন সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের ওপর। তাঁর বক্তব্য অনুযায়ী রাজনীতিকে রাজনীতিকদের জন্য কঠিন করে দেওয়ার কাজটা জেনারেল জিয়ার সাড়ে তিন বছরে যতটা হয়েছে, তা আওয়ামী লীগ মোট ১৭ বছর ক্ষমতায় থেকেও ঠিক করতে পারেনি। কথাটি যদি ঠিক হয়ে থাকে, তাহলে এই ব্যর্থতার দায় তো আওয়ামী লীগ ছাড়া অন্য কারও নয়।

আওয়ামী লীগ এবং তার ক্ষমতার বর্তমান সহযোগীরা ছাড়া অন্যরা এত দিন কথাগুলো হয়তো স্পষ্ট করে বলেননি। কিন্তু এখন তাঁরা খোলামেলাভাবেই বলছেন। সামরিক শাসন থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তনের লক্ষ্যে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের তিন জোটের যে যৌথ ঘোষণা, তাতে রাজনীতিকে কালোটাকা এবং সামরিক-বেসামরিক আমলাদের কবলমুক্ত করার অঙ্গীকার ছিল। কিন্তু সেই অঙ্গীকার পরিত্যক্ত হয়েছে, যার দায় কোনো রাজনৈতিক দল ও জোটই এড়াতে পারে না। গত তিন দশকে প্রধান দুটি দলই সৎ-অসৎ ব্যবসায়ী, সামরিক-বেসামরিক আমলা, ভাগ্যান্বেষী ও অযোগ্য সুবিধাবাদী পেশাজীবী এবং নানা ধরনের অপরাধে জড়িত দুর্বৃত্তদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। অবশ্যম্ভাবীভাবে ক্ষমতাসীন দলেই এঁদের প্রাধান্য ও দাপট বেড়েছে।

রাজনীতির স্বাভাবিক গতিধারাকে জোর করে বদলে দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার যে নতুন নজির তৈরি হয়েছে, তার সুদূরপ্রসারী ক্ষতি যে দেরিতে হলেও অনুভূত হবে, সেটাই স্বাভাবিক।

রাজনীতির স্বাভাবিক গতিধারাকে জোর করে বদলে দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার যে নতুন নজির তৈরি হয়েছে, তার সুদূরপ্রসারী ক্ষতি যে দেরিতে হলেও অনুভূত হবে, সেটাই স্বাভাবিক। আওয়ামী লীগের সাবেক মিত্র কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলমের কথায় ব্যাখ্যাটি বেশ ভালোই মিলেছে। প্রথম আলোকে দেওয়া মন্তব্যে তিনি বলেছেন, ‘২০১৪ সালের নির্বাচনের পর ক্ষমতাসীনেরা আমলানির্ভর হয়ে পড়েন। ২০১৮ সালের নির্বাচনে আমলারা পুরোপুরি এই সরকারকে ঘিরে ফেলে।’ তাঁর কথায়, রাজনীতিবিদেরা একেবারেই প্রান্তিক হয়ে গেছেন। রাজনীতিতে আওয়ামী লীগের আসল প্রতিদ্বন্দ্বী বিএনপির মহাসচিবের কথাতেও কোনো ভিন্নতা নেই। তিনিও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকারের প্রশাসননির্ভর হয়ে পড়াকেই সংকটের কারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অবশ্য এ কথাও বলেছেন, একসময় প্রশাসন-পুলিশ কেবল বিরোধী দল দমনে ব্যস্ত ছিল, এখন সরকারি দলের ওপর ভর করেছে। মন্ত্রী-সাংসদেরা এদের কাছে এখন কিছুই নন।

বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের যে ধারা ২০১৪ সালে শুরু হয়েছে, তার উৎস হচ্ছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচনী ব্যবস্থার অবলুপ্তি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপ সাধনে পঞ্চদশ সংশোধনী অনুমোদন থেকেই বস্তুত জাতীয় সংসদ ‘হ্যাঁ বা না বলার সংসদে’ রূপান্তরিত হয়েছে। রাজনীতিকেরা যে রাজনীতিতে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, সে বিষয়ে এখন ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে আর কোনো মতভিন্নতা নেই। আমলাদের দায়ী করলেই এই অবনমন থেকে মুক্তি মিলবে না। নিজেদের দায়টাও স্বীকার করতে হবে এবং সমস্যার রাজনৈতিক সমাধান দিতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্রের পুনরুজ্জীবনেই রয়েছে রাজনৈতিক সমাধান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে রাজনীতিকেরা কি সেই সমাধানের পথে হাঁটবেন?

আন্তর্জাতিক সংসদীয় দিবসে (ইন্টারন্যাশনাল ডে অব পার্লামেন্টারিজম) সংসদীয় গণতন্ত্রের জন্য রাজনীতিকদের উদ্দেশে এ কথাটি স্মরণ করিয়ে দেওয়া ছাড়া আমরা আর কীই–বা করতে পারি!

● কামাল আহমেদ সাংবাদিক