রাজনীতিক-আমলার দ্বৈরথ ও ধামাচাপা সমাধান নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামায়ণের অন্য ছয়টি কাণ্ড যত না আলোচিত, তার চেয়ে অনেক আলোচিত কাণ্ডের নাম লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ড বাংলা বাগ্‌ধারায় যুক্ত হয়েছে। কথ্য বাংলায় লঙ্কাকাণ্ড বলতে কী বোঝায়, তা কারও অজানা নয়।

কালে কালে বাংলাদেশের আমলাতন্ত্রেও একটা বাগ্‌ধারাভিত্তিক ‘কথ্যভাষা’ গড়ে উঠছে। সেখানে অনেক নতুন নতুন শব্দ যোগ হচ্ছে, হবে, যেমন ‘পাবনাকাণ্ড’। রাজনীতির আনুকূল্য পাওয়া লোকজনের দ্বারা আমলাদের কোণঠাসা করার অর্থে এতকাল ‘পাবনাকাণ্ড’ শব্দটি ব্যবহৃত হতো। সদ্য যুক্ত হলো ‘বরিশালকাণ্ড’।

বরিশালকাণ্ড
নিরীহ পরিচ্ছন্নতাকর্মীরা এসেছিলেন ব্যানার, পোস্টার সরিয়ে শহরের জেল্লা বাড়াতে। নিরাপত্তাকর্মীরা তাঁদের দিনের কাজ রাতে না করতে অনুরোধ করলে গোল বেঁধে যায়। গোল থেকে গোলযোগ, তারপর গোলাগুলি। তারপর গ্রেপ্তার, পাল্টাপাল্টি মামলা, বিবৃতি, বাস বন্ধ, লঞ্চ বন্ধ, ময়লা পরিষ্কার করা বন্ধ, টকাটক টক শো, উপসম্পাদকীয়, মন্তব্য, প্রতিবেদনে সয়লাব গোটা দেশ। এক বরিশালকাণ্ডে ডেঙ্গু, করোনা আর পরীমনি—সব ইস্যু নিচেই চলে যায়। সব খবরের ওপর রাজত্ব করতে থাকে বরিশালকাণ্ড। ‘ইউএনও সরাও, দারোগা হটাও, নইলে সব বন্ধ,’ বলে হুংকার ওঠে।

বরিশালের ইউএনও ও সিটি করপোরেশনের মেয়রের দ্বন্দ্বের পর আমলাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, তার কিছু শব্দবন্ধ ও ভাষা নিয়ে খোদ আমলাদের শীর্ষ পর্যায়ের অনেকেই বিরক্ত হয়েছেন। শীর্ষ আমলারা বিবৃতির কিছু শব্দের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিবৃতি প্রস্তুতকারীদের ভর্ৎসনাও করেছেন বলে শুনেছি। অবসরে যাওয়া নামজাদা আমলারা তাঁদের বর্তমান অবস্থান ও ভবিষ্যতের কথা ভেবে যে যাঁর মতো মন্তব্য করেছেন। ক্ষমতায় থাকা দলের আইনবিষয়ক সম্পাদক বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, তাতে বেশ কয়েকটি শব্দ নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। তাঁরা বলেছেন, তাতে অনাকাঙ্ক্ষিত ভাষা প্রয়োগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই বিবৃতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বেশির ভাগ সচিব (তার মানে সবাই নন) এবং বিভাগীয় কমিশনাররা ওই বিবৃতির ভাষার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। মাঠপর্যায়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের দুই মন্ত্রী (স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার) সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনা সরকার ‘নিরপেক্ষ’ দৃষ্টিভঙ্গিতে দেখছে। খুব শিগগির সমাধান হবে। তারপর সাদা পতাকা বৈঠক বসান বিভাগীয় কমিশনার, ক্যাম্প ডেভিড টাইপের আলোচনা হয়। বৈঠকে মাস্ক খুললেও মন কি খুলেছিলেন সবাই, তারপর গ্রুপ ছবি। বলে দেওয়া হলো, ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। কাল থেকে নতুন সকাল হবে। মামলার প্রধান আসামি বৈঠকে থাকলেও প্রধান বাদীরা কেউ ছিলেন না। অভিযুক্ত ২১ জনের মধ্যে ৯ জনের জামিন হয়ে যায়, বাকি ১২ জনের জামিন প্রক্রিয়াধীন।

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রটে যায়, ১৯ আগস্টের ঘটনার জেরে ইউএনও-ওসিকে বদলি করা হয়েছে। প্রকৃতপক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনওর বদলির আদেশ জারি করে গত ১০ আগস্ট ২০২১, অর্থাৎ ঘটনার আট দিন আগে। আর ওসি সাহেবকে সিলেট রেঞ্জে বদলি করে প্রজ্ঞাপন জারি হয় ১৯ আগস্টের দুই দিন আগে।

বদলির এই গুমর ফাঁস না হলে ‘জিত আমাদের’—এমন একটা মনোভাব নিয়ে চলাফেরা করতে পারতেন রাজনীতির খুঁটিতে ভর করে আসা ক্যাডাররা। সেটা হয়নি, বরং সাধের সে গুড়ে বালি ঢেলেছেন খোদ জেলা প্রশাসক। ঘটনার ১০ দিন পর গত ২৯ আগস্ট যে মন্ত্রীর ব্যানার সরানো নিয়ে এত কাণ্ড, সেই মন্ত্রীকে নিয়ে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে তিনি বলেন, ‘বদলির পরও ইউএনও যত দিন ইচ্ছা বর্তমান কর্মস্থলে কাজ করবেন।’ বলেন, ‘জেলায় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন জেলা প্রশাসক এবং উপজেলায় ইউএনও। ইউএনওর গায়ে কেউ আঘাত করলে তা প্রধানমন্ত্রীকে অপমানের শামিল।’ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আশ্রয়ণ নিবাসীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের এই অনুষ্ঠানে মন্ত্রী চুপচাপ ছিলেন। আগুনের উৎসে না গিয়ে শিখার ওপর ছাই ফেললে আগুন যে নেভে না, তা আমরা কত দিনে শিখব, কে জানে।

ধামাচাপাকৌশল বা ‘কার্পেটের নিচে ময়লা রাখা পরিচ্ছন্নতা’ নীতি যে আখেরে কাজ করে না, সেটাই সত্যি। দাঙ্গা-হাঙ্গামা করে, ফৌজদারি অপরাধ করে প্রশাসনকে বাধ্য করার প্রবণতাকে ‘ভুল-বোঝাবুঝি’ তকমা দিয়ে সমঝোতার প্রয়াস ন্যায়বিচার প্রতিষ্ঠা করে না। মাস্তানিকে আশকারা দিলে অন্যায়কে মেনে নেওয়া হয়। তাতে সমস্যা কমে না, বরং বাড়ে।

পাবনাকাণ্ড
বছর ১০-১১ আগে পাবনাতেও এক ‘লঙ্কাকাণ্ড’ ঘটেছিল। তারও একটা ধামাচাপা সমাধান দেওয়া হয়েছিল। শুধু ‘রাজনীতি’ করে বলে দুর্বৃত্তদের ছেড়ে দেওয়ার ফল ভালো হয়নি। সেবার জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভন্ডুল করে দিয়েছিল দুর্বৃত্তরা। এ সময় তাদের নির্বিচার হামলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালকসহ ১৫ জন আহত হন। পাঁচটি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা, ভাঙচুরের ও সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ক্ষমতাসীন দল, তার ছাত্র ও যুব ফ্রন্টের ২৮ নেতা-কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করে প্রশাসন।

মামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবে সংসদ সদস্যকে নিয়ে জেলা আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন, ক্ষমতাসীন দল বা তার অঙ্গসংগঠনের কেউ ঘটনার সঙ্গে জড়িত নন। বরং জেলা প্রশাসক একজন দুর্নীতিবাজ, তিনি প্রশ্ন ফাঁস করে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষার্থীরা এসবের প্রতিবাদ করেছেন মাত্র। জেলা প্রশাসককে এখনই অপসারণ করতে হবে। নইলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, ঘেরাও, নারীদের ঝাড়ু মিছিলসহ নানা কর্মসূচি চলবে।

জেলা প্রশাসক বিসিএস কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসলে একযোগে ২৬ কর্মকর্তা একমত হন, কথিত ঘটনার সূত্র ধরে সরকার কোনো কর্মকর্তার বদলি করলে সবাই একসঙ্গে বদলির আবেদন করবেন। পরদিনই রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার পাবনার ঘটনার জন্য নিন্দা ও কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানান।

প্রশাসন পাবনার সুধীসমাজের সঙ্গেও মতবিনিময় সভা করে। সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা। জেলা প্রশাসক নাগরিকদের সেই সভায় জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে চান, সেভাবেই কাজ করে যাচ্ছি। তিনি বিদেশে রয়েছেন। ওনার একান্ত সচিব (পিএস) আমাকে ফোন করেছিলেন। আমি ঘটনার বর্ণনা দিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা অপেক্ষায় আছি।’ জেলা প্রশাসককে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মাস না ঘুরতেই তাঁকেসহ অনেককে পাবনা থেকে সরিয়ে নেওয়া হয়। আসামিদের চেনার লোক খুঁজে না পেয়ে আদালত সব অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস দেন।

ঘটনা তদন্ত ও ‘মীমাংসা’র দায়িত্বপ্রাপ্ত সাবেক সচিব এইচ টি ইমাম কার্যত রাজনীতিবিদদের পক্ষে চলে যান। ঘটনা ধামাচাপা দিয়ে একই ভুল-বোঝাবুঝির গল্প ফাঁদা হয়। আমলারা কী বার্তা পেলেন, তা তাঁরাই জানেন। তবে এরপর পাবনার সব ডিসিকেই সেই ডিসির ‘পরাজয়ের গল্প’ শুনতে হয়েছে। সময়ের আগেই তাঁর অসম্মানজনক বদলির কাহিনি এখনো সেখানে রাজনৈতিক নেতা-কর্মীরা সগৌরব বলে থাকেন। যোগ্যতা সত্ত্বেও সেই ডিসি যে শেষ পর্যন্ত সচিব হতে পারেননি, সে খবরও গল্পওয়ালাদের ঝুলিতে আছে।

আর যা-ই হোক, পাবনার সমাধান যে খোদ পাবনার জন্য ভালো ফল বয়ে আনেনি, তা পরবর্তী বছরগুলোর সংবাদ শিরোনাম থেকেই জানা যায়। যেমন ১. পাবনায় অধ্যক্ষের ওপর হামলা ঘটনায় মামলা হয়নি, ২. পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে ঠিকাদার-আওয়ামী লীগ নেতাদের মহড়া, ৩. পাবনায় পাল্টাপাল্টি হামলায় আতঙ্কিত জনপদ ইত্যাদি।

ধামাচাপাকৌশল বা ‘কার্পেটের নিচে ময়লা রাখা পরিচ্ছন্নতা’ নীতি যে আখেরে কাজ করে না, সেটাই সত্যি। দাঙ্গা-হাঙ্গামা করে, ফৌজদারি অপরাধ করে প্রশাসনকে বাধ্য করার প্রবণতাকে ‘ভুল-বোঝাবুঝি’ তকমা দিয়ে সমঝোতার প্রয়াস ন্যায়বিচার প্রতিষ্ঠা করে না। মাস্তানিকে আশকারা দিলে অন্যায়কে মেনে নেওয়া হয়। তাতে সমস্যা কমে না, বরং বাড়ে।

গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক nayeem 5508 @gmail. com