রাজনীতিতে আইএস প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তা নিশ্চিত করার সব পদক্ষেপ নেওয়া হোক কিন্তু কেউ যেন গড়পড়তা হয়রানির শিকার না হয়
নিরাপত্তা নিশ্চিত করার সব পদক্ষেপ নেওয়া হোক কিন্তু কেউ যেন গড়পড়তা হয়রানির শিকার না হয়

ইসলামিক স্টেট বা আইএসের উত্থান বিশ্ব রাজনীতিতে যেমন অস্থিরতার জন্ম দিয়েছে, তেমনি দেশে দেশে অভ্যন্তরীণ রাজনীতিতেও তার ছায়া পড়ছে। কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষে। আইএসের সরাসরি হামলাই হোক আর তাদের বিভ্রান্ত প্রচারণার শিকার হয়েই হোক, প্রায় সব দেশকেই এখন এই আধুনিক কালের সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় নিত্যনতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ফলে এটি মোকাবিলায় এ পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো সব যে যথাযথ এবং ফলদায়ক হয়েছে, এমনটি কেউই দাবি করছেন না।
নিষ্ঠুরতা ও নৃশংসতার জন্য কুখ্যাতি পাওয়া এই গোষ্ঠীর সঙ্গে কেউ রাজনৈতিক আপসরফার কথা বলতে পারেন, এমনটি আমাদের সবার ভাবনার অতীত। অথচ ঠিক সেই সম্ভাবনার কথা বলেছেন ব্রিটেনের এমন একজন রাজনীতিক, যিনি ভবিষ্যতে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছেন। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি কয়েক মাস ধরেই নেতৃত্বের লড়াইয়ের কারণে একধরনের অস্থিরতার মধ্য দিয়ে চলছে। পার্টিতে এমপিরা যাঁকে নেতা মানতে চান না, তিনি দলের তৃণমূলের ৮০ শতাংশের সমর্থনের অধিকারী। এমপিদের অনাস্থার মুখে নেতা নির্বাচনের জন্য নতুন যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা অভূতপূর্ব নাটকীয়তায় ভরা। এই নির্বাচনে দুজন প্রার্থী—পুনর্নির্বাচনের জন্য দাঁড়ানো জেরেমি করবিন আর তাঁর প্রতিদ্বন্দ্বী এমপিদের সমর্থনপুষ্ট ওয়েন স্মিথ। ব্রিটেনের জনগণের টাকায় পরিচালিত সম্প্রচার প্রতিষ্ঠান বিবিসি জনসেবার দায়িত্বের অংশ হিসেবে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রার্থীদের মধ্যে উন্মুক্ত বিতর্কের আয়োজন করে থাকে। বিরোধী দল লেবার পার্টির জন্যও সে রকম একটি আয়োজন ছিল বুধবার সকালে। আর সেই বিতর্কেই আইএসের সঙ্গে আলোচনায় বসার কথা বললেন ওয়েন স্মিথ।
বিতর্কের সঞ্চালক, ভিক্টোরিয়া ডার্বিশায়ার মন্তব্যটি সম্ভবত বিশ্বাস করতে পারেননি। অথবা তিনি নিশ্চিত হতে চেয়েছেন যে ঠিক শুনেছেন কি না। ওয়েন ম্মিথ তখন স্পষ্ট করে বলেছেন যে উত্তর আয়ারল্যান্ডে আইরিশ বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় কাজ করার অভিজ্ঞতাসূত্রে তিনি নিশ্চিত যে, ভবিষ্যতে তাদের সঙ্গে একই আলোচনার টেবিলে বসতে হবে। যত তাড়াতাড়ি সেটা হবে, তত ভালো বলেও তিনি মন্তব্য করেন। পরমাণু অস্ত্রবিরোধিতা এবং শান্তিবাদী হিসেবে পরিচিত লেবার পার্টির বর্তমান নেতা করবিন অবশ্য এই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে স্পষ্ট করে বলেছেন যে এই উগ্রবাদী সন্ত্রাসকে পরাস্ত করতে হবে। তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ব্রিটেনের মূলধারার গণমাধ্যমের করবিন-বিদ্বেষ সুবিদিত হওয়ায় করবিন এ ক্ষেত্রে প্রশংসিত হননি এবং ওয়েন স্মিথও নিন্দিত হননি। অথচ গাজার নির্বাচিত উগ্রপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নিন্দা করতে অস্বীকৃতি জানানোয় কয়েক মাস ধরে এসব পত্রিকা-রেডিও-টিভি করবিনকে রীতিমতো তুলাধোনা করে ছেড়েছে।

দুই.
গুলশানে ১ জুলাই রাতে হলি আর্টিজানে যে জঙ্গি হামলা সংঘটিত হলো, তার হামলাকারীদের সম্পর্কে তদন্তে যেসব তথ্য বেরিয়ে এসেছে, তাতে জানা যাচ্ছে, হামলায় জড়িত জঙ্গিদের কেউ কেউ অনলাইনে ব্রিটিশ উগ্রবাদী প্রচারক আনজেম চৌধুরীর বক্তব্য শুনেছেন। তাঁদের মুঠোফোন, ল্যাপটপ বা ফেসবুক পেজ বিশ্লেষণ করে এ রকম আলামত পাওয়া গেছে। গত মঙ্গলবার, ১৬ আগস্ট জানা গেল, ব্রিটেনের একটি আদালত আনজেম চৌধুরীকে আইএসের আদর্শে উদ্বুদ্ধ করার অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। আগামী ১০ সেপ্টেম্বর তাঁর সাজা ঘোষণা করা হবে। তিনি দোষী সাব্যস্ত হন দুই সপ্তাহেরও বেশি আগে (২৮ জুলাই, ২০১৬), কিন্তু অন্য আরেকটি মামলার কারণে এই তথ্য প্রকাশের ওপর ১৬ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
কে এই আনজেম চৌধুরী? ব্রিটেনে প্রায় দেড় দশক ধরে তাঁর নাম শোনা যায়। আল-মুহাজেরুন নামে তিনি একটি ইসলামি উগ্রপন্থী সংগঠনের মুখপাত্র ছিলেন। আল-মুহাজেরুনের প্রতিষ্ঠাতা ওমর বাকরি মোহাম্মদ। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের পাতালরেলে যেসব বোমা হামলা হয়, তারপর বাকরি মোহাম্মদ যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। তবে আনজেম চৌধুরী আল-মুহাজেরুনকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করার আগ পর্যন্ত তার মুখপাত্র হিসেবে নানা ধরনের বক্তব্য-বিবৃতি চালিয়ে যান। এত দিন তিনি উগ্রবাদী বক্তব্য-বিবৃতি চালিয়ে গেলেও পুলিশ তাঁর বিরুদ্ধে আইনবিরোধী কোনো অপরাধের জন্য অভিযুক্ত করতে পারছিল না। কিন্তু ২০১৪ সালের জুন মাসে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করার পর পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে। কোনো কোনো নিরাপত্তা বিশ্লেষক ব্রিটেনের শতাধিক তরুণের আইএসে যোগ দেওয়ার কারণ হিসেবে আনজেম চৌধুরীর বক্তব্য ও উৎসাহকে দায়ী করে থাকেন (রিভিলড: হাউ আনজেম চৌধুরী ইনফ্লুয়েন্সড অ্যাট লিস্ট হানড্রেড ব্রিটিশ জিহাদিস, দ্য গার্ডিয়ান, আগস্ট ১৬, ২০১৬)। ওই একই নিবন্ধে বলা হয় যে তিনি ব্রাসেলসের উগ্রপন্থী গোষ্ঠীটির সঙ্গেও জড়িত ছিলেন। আল-মুহাজেরুন নিষিদ্ধ হওয়ার পর তিনি আল-ঘুরাবা নামের নতুন একটি সংগঠন করেন। ব্রিটেনের অন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে তাঁর যোগসূত্রের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
আনজেম চৌধুরীর অনুসারীদের মধ্যে আছেন ব্রিটিশ সৈন্য লি রাগবির দুই হত্যাকারী মাইকেল আদেবোলাজো ও মাইকেল আদেবোলে, আইএসের জল্লাদ বলে কথিত সিদ্ধার্থ ধর, তেল আবিবে ২০০৩ সালে আত্মঘাতী বোমা হামলাকারী ওমর শরিফ এবং লন্ডনের রাস্তায় বেধড়ক খুনের ষড়যন্ত্রকারী ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্রস্থমি জিয়ামানি। টুইটারে তাঁর অনুসারী ছিল ৩২ হাজার। গত বছরের আগস্টে ব্রিটিশ সরকার ওই অ্যকাউন্টটি বন্ধের অনুরোধ জানালেও তা গত মার্চ মাস পর্যন্ত দৃশ্যমান ছিল। তাঁর বক্তৃতায় প্রথম লন্ডনিস্তান কথাটি শোনা যায়, যাতে তিনি আফগানিস্তান, পাকিস্তানের পর লন্ডনেও শরিয়াহ আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছিলেন। লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশের কমান্ডার ডিন হেইডেন বলেছেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য পুলিশ ৩৩৩টি ইলেকট্রনিক ডিভাইসের ১২ টেরাবাইটের বেশি ডেটা পর্যালোচনা করেছে। এগুলো ২০ বছরের তথ্য (র্যাডিক্যাল ক্লারিক আনজেম চৌধুরী গিল্টি অব ইনভাইটিং আইএস সাপোর্ট, বিবিসি, আগস্ট ১৬, ২০১৬)।

তিন.
সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা ইসলামি উগ্রপন্থার বিস্তার ও বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে উদ্বিগ্ন হলেন ইন্টারনেটভিত্তিক সদস্য সংগ্রহের প্রক্রিয়ায়। তাঁদের কাছে আরও বড় বিস্ময় হচ্ছে, সাংগঠনিক কোনো উদ্যোগ ছাড়াই তাদের সদস্য বাড়তে থাকার প্রক্রিয়া। ওই বিভ্রান্তিকর আদর্শে যাঁরা অনুপ্রাণিত হচ্ছেন, তাঁরা নিজে নিজেই ওই সব সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য বনে যাচ্ছেন। ইংরেজিতে একে বলা হচ্ছে সেলফ রিক্রুটমেন্ট। এভাবে গায়েবি আনুগত্য প্রকাশের সংগঠনকে মোকাবিলার চ্যালেঞ্জে তাই উপযুক্ত কৌশল নির্ধারণে সবাইকে হিমশিম খেতে হচ্ছে।
আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, কলেজ বা বিশ্ববিদ্যালয় অথবা সমমানের মাদ্রাসাপড়ুয়া তরুণদের কেউ কেউ এ ধরনের উগ্রবাদে জড়িয়ে পড়েছেন। হঠাৎ করে তাঁদের আচরণ বদলে যাচ্ছে—তাঁরা পরিবার বা পরিচিত গণ্ডির বাইরে চলে যাচ্ছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই তরুণদের জন্য তাঁদের বাবা-মায়ের ওপর দোষ চাপানোর একটা সহজ পথ বেছে নেওয়াকেই অনেকে উত্তম মনে করছেন। এ ক্ষেত্রে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কেউই বাদ নেই। অপরাধীর ব্যক্তিজীবনের অতীত ও গতিবিধি জানার জন্য পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন কেউই অস্বীকার করতে পারে না। কিন্তু তার মানে কি এই যে বাবা-মাকেও অপরাধী গণ্য করা হবে অথবা জবাবদিহির জন্য জেরা করা হবে? দুর্ভাগ্যজনকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কোনো ক্ষেত্রে সে রকমটিই করছে এবং গণমাধ্যমও সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। কোন বাবা চান যে তাঁর সন্তান কাউকে হত্যা করুক কিংবা পুলিশ তাঁকে খুঁজে বেড়াক? সে ক্রসফায়ারের শিকার হোক? একদিকে সন্তানকে হারানোর বেদনা, আবার তার ওপর সার্বক্ষণিক অন্যদের তাড়া।
সন্ত্রাসবাদ দমন অবশ্যই সর্বাধিক গুরুত্বের দাবিদার। রাজনৈতিক ও সামাজিকভাবে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং তা প্রতিকারের প্রসঙ্গ একটু আলাদা। কিন্তু অপরাধ দমনের পুলিশি ব্যবস্থার কিছু দিক নিয়ে সমাজে যে একধরনের অস্বস্তি বিরাজ করছে, সেটি অস্বীকার করা যায় না। কেননা, সন্ত্রাস দমনের প্রক্রিয়াটি যথাযথ, পরিমিত এবং আইনসম্মত না হলে তাতে উল্টো ফল হওয়ার আশঙ্কাই বেশি। কোনো দেশেই সন্ত্রাসবিরোধী কার্যক্রমে মাত্রাতিরিক্ত শক্তিপ্রয়োগ কাজে আসেনি। অমানবিক আচরণ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সহানুভূতি ঘুরে যাওয়ার আশঙ্কা থাকে। ইরাক ও আফগানিস্তানে বুশ-ব্লেয়ারের সামরিক অভিযানে এ ধরনের বাড়াবাড়ির কারণে এখন প্রায় সবাই বলে থাকেন যে তাঁরাই আসলে জিহাদিদের প্রাণসঞ্চার করেছেন। যারা জিহাদি আদর্শের প্রচারক, তারা চায় সরকার, রাষ্ট্র এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে ইসলামবিদ্বেষী বা শত্রু হিসেবে প্রমাণ করতে। বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে কোনো ন্যায়বিচার বা সুশাসনের অনুপস্থিত এমনটি দেখানোর চেষ্টায় তারা চায় রাষ্ট্র আরও নিষ্ঠুর আচরণ করুক। সুতরাং ব্লক রেইড, মেসে অভিযান এবং শুধু সন্দেহের বশে গড়পড়তা হয়রানির পথে না যাওয়াই শ্রেয়। উপযুক্ত প্রমাণ নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ। বিচারবহির্ভূত কোনো ব্যবস্থায় এই সন্ত্রাসমূলক অপরাধের সমাধান হয় না।
কামাল আহমেদ: সাংবাদিক।