রাজনীতিতে বয়ে যাক দখিনা বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিক নির্বাচনে ভোটারদের সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা
নাসিক নির্বাচনে ভোটারদের সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা

রাজনীতি কেমন যেন হয়ে পড়েছিল। দু-চারজন নেতার গলাবাজি কিংবা আহাজারি ছাড়া তেমন কিছু নজরে পড়ছিল না। হঠাৎ যেন পালে বাতাস লাগল। নির্বাচন কমিশনের আয়ু ফুরিয়ে আসছে। এখন এটা নিয়ে চলছে জল্পনা, আলোচনা। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে বাজারে দুই ধরনের মত। কেউ বলেন, ভালো কমিশন। আবার কেউ বলেন, এর চেয়ে বাজে কমিশন হতে পারে না। এখন সবার চোখ, পরবর্তী কমিশন কেমন হবে। কারা আসছেন ওই কমিশনে। এ জন্য নতুন আইন হবে, নাকি সার্চ কমিটি হবে ইত্যাদি।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এই কমিশন নিয়োগ দিয়ে থাকেন। সবার আশা, রাষ্ট্রপতি সবার পছন্দমতো একটি কমিশন তৈরির উদ্যোগ নেবেন। এ নিয়ে প্রায় সব রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চেয়েছে। রাষ্ট্রপতি নিজেও এ বিষয়ে বেশ উদার। দলে দলে দলগুলোর প্রতিনিধিরা বঙ্গভবনে যাচ্ছেন। গণমাধ্যমে আমরা তাঁদের হাসিমুখ দেখছি।
বাংলা ভাষায় অশ্বডিম্ব বলে একটা শব্দ আছে। সহজ কথায় আমরা বলি ঘোড়ার ডিম। একেবারে অবুঝ শিশু যারা, তারা বাদে সবাই জানেন, ঘোড়ার ডিম বলে কিছু নেই। সর্বজনগ্রাহ্য নির্বাচন কমিশন হবে এবং রাষ্ট্রপতির সিদ্ধান্ত সবাই মেনে নেবেন, এটা আশা করতে তো দোষের কিছু নেই। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশগুলো পৌঁছে দিচ্ছে, সুনির্দিষ্ট প্রস্তাবও দিচ্ছে। তাদের দেওয়া প্রস্তাবগুলোর একটা লসাগু বের করা যাবে কি না, তা কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে। সেটা যে কী হবে, তা নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর অবশ্য বলা সহজ যে এ রকমটা আগেই অনুমান করা গিয়েছিল। রবীন্দ্রনাথের কথার অনুকরণ করে বলা যাবে, ভেবেছিলাম আমিও মনে মনে, কেমন করে রাষ্ট্রপতি পেরেছেন তা জানতে?
আমাদের দেশে নির্বাচন কমিশনগুলোর সুরতহাল করলে আশাবাদী হওয়া যায় না। নির্বাচন কমিশন আইনমাফিক স্বাধীন হলেও সরকারের প্রভাব থেকে যায় নানাভাবে। এ দেশে অবাধ নির্বাচনের দুটো উদাহরণ দেওয়া যেতে পারে, ১৯৭০ আর ১৯৯১। ওই সময়ের সরকারগুলো নির্বাচনে কোনো পক্ষ ছিল না। সে জন্যই হয়তোবা তারা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেনি। এ ছাড়া বাকি সব নির্বাচনই কমবেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। দুঃখ হয়, এ ধরনের চর দখলের রাজনীতি আর নির্বাচনের জন্যই কি এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল?
এ দেশের রাজনীতিবিদেরা পরস্পরের প্রতি আস্থা রাখেন না বলেই ‘তত্ত্বাবধায়ক সরকারের’ ফর্মুলার আবিষ্কার হয়েছিল। মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি এর বিরোধিতা করেছিল। এখন আওয়ামী লীগও ওই পথে হাঁটছে। সুপ্রিম কোর্টের একটা রায় আওয়ামী লীগের পথচলা সহজ করে দিয়েছে। বিএনপি একসময় এই ব্যবস্থার ঘোরতর বিরোধী ছিল। এখন ঠেকে শিখেছে এবং সম্প্রতি ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ দাবি জানাচ্ছে। এ নিয়ে রাজনীতির দুই পরাশক্তি আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান বিপরীত মেরুতে। কারণটা সহজেই বোঝা যায়। আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে এই দল অনেক সুবিধা পাবে। বিএনপি মনে করে, নির্বাচনে তার জয় নিশ্চিত। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির ভবিষ্যৎ একেবারেই ফরসা।
তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার, আমরা যে নামেই ডাকি না কেন, এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতৈক্যের সম্ভাবনা অনেকটা পশ্চিমে সূর্য ওঠার মতোই। এটা এমন নয় যে এ নিয়ে তারা আগে কথা বলেনি বা দাবি জানায়নি। কিন্তু ফলাফল ছিল শূন্য। আমরা তাদের নিকট অতীতের স্কোরকার্ডটা একটু দেখে নিতে পারি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রথম দফার শাসনামলে পরবর্তী নির্বাচন নিয়ে তুলকালাম হয়েছিল। ১১ দলীয় বাম জোটের ৩১ মার্চ ২০০১-এর এক সভায় বামদের এক অংশের আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক সাবেক ও ক্ষমতাসীন দলগুলোর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন নাম, একই কাম। ক্ষমতায় যাও, লুটেপুটে খাও।’ দেশের যখন এই অবস্থা, তখন দূতিয়ালি করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঢাকায় এসেছিলেন। তিনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগে ৪ আগস্ট ২০০১ এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, দুই দল একমত হয়েছে। আর সংসদ বর্জন নয়, হরতাল নয়, সন্ত্রাস নয়, ভোটকেন্দ্রে স্থানীয় পর্যবেক্ষক থাকবে ইত্যাদি। এই সমঝোতা টেকেনি।
২০০৬ সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপি ছক কষেছিল। বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স বাড়িয়ে তাদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে চেয়েছিল। আওয়ামী লীগ এটা মেনে নেয়নি। একটা গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে দুই দলের দ্বিতীয় প্রধান নির্বাহী আবদুল জলিল ও আবদুল মান্নান ভূঁইয়া লাগাতার বৈঠক করেও একমত হতে পারেননি। দেশ একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছিল। এই সময় ঘটে গেল এক-এগারো।
২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেয়। বিএনপি এটা মেনে নেয়নি। রাজনীতি সংসদ ভবনের জানালা গলে চলে যায় রাজপথে। সাধারণ মানুষ স্বস্তি চান, শান্তি চান। তাঁরা চান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন। অযথা ঝগড়াঝাঁটি বন্ধ রাখুন। কিন্তু তা তো হওয়ার নয়। তাঁদের মধ্যে তো এখন মুখ দেখাদেখিও বন্ধ। ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে দুই দলের বিরোধ চরমে উঠেছিল। ২০১৩ সালের ২৬ অক্টোবর বিকেলে তাঁরা শেষবার কথা বলেছিলেন। ৩৭ মিনিটের এই টেলিফোন সংলাপে ছিল অভিযোগ আর পাল্টা অভিযোগ। ইউটিউবের কল্যাণে সবকিছুই শোনা গেছে। সংলাপের শেষ পর্বটি ছিল এ রকম:
খালেদা: আপনি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন।...বসে ঠিক করব, কালকে হরতাল উইথড্র হবে। আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসব। কোনো অসুবিধা নাই।
হাসিনা: আপনি সর্বদলীয়টা মেনে নিন।
খালেদা: না, সর্বদলীয় মানা যায় না।
হাসিনা: কালকে আসেন, সবকিছুর সমাধান হয়ে যাবে।
খালেদা: হরতাল প্রত্যাহার হবে না। ২৯ তারিখ ডেট দেন। আমরা আলোচনায় যাব।
হাসিনা: আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন।
খালেদা: না, আমি যেতে পারব না। হরতালের মধ্যে আমি কোথাও যাই না।
ওই সময় শেখ হাসিনা বলেছিলেন, কোনো অনির্বাচিত সরকার হতে দেওয়া হবে না। তিনি প্রস্তাব দিয়েছিলেন, তাঁকে প্রধানমন্ত্রী রেখে দুই দলের পাঁচজন করে মন্ত্রিসভায় থাকবেন এবং ওটাই হবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার। বিএনপি যেসব মন্ত্রণালয় চায়, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেওয়া হবে। খালেদা জিয়া রাজি হননি। এখন তিনি সংলাপ চান, নির্বাচন-সহায়ক সরকার চান। এই সরকারের কম্পোজিশন কী হবে, তা তিনি এখনো খোলাসা করে বলেননি।
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ‘সহায়ক সরকার’ হলে, তাতে বিএনপির লাভ নেই। বিএনপি বর্তমান সংসদে নেই। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা হলে তা হবে মহাজোটের সদস্যদের নিয়ে। এটা বিএনপির জন্য একটা বড় সমস্যা। বিএনপির বিকল্প প্রস্তাব কী এবং তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা-ও দেখতে হবে। বিএনপি ঝেড়ে কাশছে না।
২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সংকটে পড়েছে। তাদের কাছে তথ্য ছিল, নির্বাচন হচ্ছে না। অন্য কিছু হচ্ছে। তারা এটা বিশ্বাস করে নির্বাচন বর্জন করেছিল। এটা বিশ্বাস করে শেষ মুহূর্তে জেনারেল এরশাদও ডিগবাজি দিয়েছিলেন। ফলে তাঁর আম-ছালা দুটোই গেছে। বিরোধী দলের নেতা এখন রওশন এরশাদ। পতিধন এখন বাঁয়ের সারিতে দুই নম্বর আসনে বসেন।
এখন প্রশ্ন হলো, বিরোধ মীমাংসার উপায় কী? বাইরে থেকে সঞ্চালক এনে ঝগড়া মেটানো অসম্ভব। ২০১৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো কম চেষ্টা করেননি। তাতে দুই দলের ব্যবধান এক মিলিমিটারও কমেনি।
১৯৭০ এবং ১৯৯১ সালে আমরা দেখেছি, নির্বাচন উদ্যাপিত হয় উৎসবের মতো। পরে আমরা দেখেছি, নির্বাচন মানেই আতঙ্ক, হরতাল, অবরোধ, গাড়ি ভাঙচুর, বোমাবাজি—সবই চলে নির্বাচনকে ঘিরে। আবারও যদি এ রকম হয়, তাহলে সাধারণ মানুষ ঘরে খিল এঁটে বসে থাকবে। মাস্তানেরা যে যেখানে পারে ব্যালট বাক্স লুটেপুটে নেবে। নির্বাচন কমিশন তাতে একটা বৈধতা দিয়ে হয়তো বিজ্ঞপ্তি জারি করবে। আমরা এমনটা চাই না।
দেশটা কোনো রাজনৈতিক দলের বন্ধকি সম্পত্তি নয়। ১৬ কোটি মানুষ এই দেশের মালিক। সংবিধানে এটা লেখা আছে। কিন্তু সবাই কি এটা মানে? সাধারণ মানুষ চান গণতন্ত্র। দেশে ইতিমধ্যে কায়েম হয়েছে দলতন্ত্র, মাস্তানতন্ত্র। কীভাবে এর সমাধান হবে?
নির্বাচনের জন্য রাজনীতিবিদেরা তৈরি হচ্ছেন। সাধারণ নাগরিকেরা ভয়ে আছেন। আবারও কি মাস্তানতন্ত্রের জয় হবে? নাকি শুভবুদ্ধির উদয় হবে? আমরা আশা নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আশঙ্কা যেন কোনোভাবেই আমাদের ছেড়ে যাচ্ছে না।
সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আমরা দেখলাম রাজনীতিতে দখিনা বাতাস। দুজন ভালো মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। সব জায়গায় এমন মানুষেরা যদি দলের টিকিট পান, তাহলে সারা দেশেই সুবাতাস বইবে। দলগুলোকে দেখতে হবে দলে ভালো মানুষের আকাল পড়েনি। সরকার কিংবা কমিশনের চেয়ে এটা কম গুরুত্বপূর্ণ নয়।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]