গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানীর রাস্তা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে কে বা কারা ধরে নিয়ে যাওয়ার পর থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর আমি নানা জনের সঙ্গে কথা বলে বাংলাদেশের গণতন্ত্রের গতি-প্রকৃতি, আকার-আকৃতি ও এর মাপজোখ বিষয়ে যে ধারণা পেয়েছি, তা এক কথায় বিচিত্র। অনেকের সোজাসাপটা উত্তর, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। কারও কারও মতে, মাত্র অল্প কয়েক শতাংশ (১০-২০ শতাংশ) গণতন্ত্র আছে। যাঁদের সঙ্গে কথা বলেছি, তাঁদের একটা বড় অংশ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, আমাদের গণতন্ত্রের অপরিপক্ব শরীরকে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছেন আমাদের রাজনীতিবিদেরা। এ উত্তরটি দেওয়ার সময় উত্তরদাতারা জখমকারী হিসেবে সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর নাম বলেছেন। কেউ কেউ মজা করে বলেছেন, দুই দলের অত্যাচারে গণতন্ত্র দেশ ছেড়ে পালিয়ে গেছে। বেশ কয়েকজন বলেছেন, আমাদের শিশু গণতন্ত্র রয়েছে, তবে এই শিশু গণতন্ত্রের সাবালক হয়ে ওঠার পথে বড় বাধা দেশের দুই প্রধান দলের দুই নেত্রী। আমাদের গণতন্ত্র নিয়ে আমজনতার নানামুখী উত্তরের পক্ষে তাঁরা যেসব যুক্তি উল্লেখ করেছেন, তা নিজ নিজ ক্ষোভের জায়গা থেকে বিশ্লেষণ করায় আপাতদৃষ্টিতে কিছুটা এলোমেলো মনে হলেও প্রকৃত বিচারে ‘মেইড বাই বাংলাদেশ পলিটিকস’ স্টাইল গণতন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে বলে আমার দৃঢ়বিশ্বাস। উত্তরদাতার অনেকেই ২০ এপ্রিলের প্রথম আলোয় প্রকাশিত ২৭ মাসে ১০০ নিখোঁজ সংবাদের উল্লেখ করে বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে এভাবে নাগরিকেরা হারিয়ে যেতে পারে না। সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। একই সঙ্গে তাঁরা প্রশ্ন করেছেন, ইলিয়াস আলীর নিখোঁজকে কেন্দ্র করে ডাকা হরতালে অর্থনীতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা বাদ দিলেও হরতালের ঘটনায় যে তিনজনকে হত্যা করা হলো, কয়েক ডজন গাড়ি পোড়ানো হলো, কয়েক শত মানুষ আহত হলো, লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হলো, তা কি কোনো বিবেচনায়ই গণতান্ত্রিক রাজনীতি হতে পারে? হরতাল কি ক্ষমতাসীন দলের কারও নাওয়া-খাওয়া বন্ধ করতে পেরেছে? হরতালে ক্ষমতাসীন দলের কোনো নেতা-নেত্রী বা তাঁদের কোনো আত্মীয়স্বজন কি হত্যার শিকার হয়ে শাস্তি পেয়েছেন? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেত্রী আন্দোলনের ইস্যু সৃষ্টি করার জন্য ইলিয়াস আলীকে লুকিয়ে রাখতে পারেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্য আমরা বিশ্বাস করতে চাই। তাহলে ইলিয়াস আলীর স্ত্রী স্বামীহারা এবং সন্তানেরা বাবাহারা হওয়ার হাত থেকে বেঁচে যাবেন। অন্য কারণেও প্রধানমন্ত্রীর এ বক্তব্য গুরুত্বপূর্ণ। ফরাসি সম্রাট একাদশ লুইয়ের শাসনামলে এক জ্যোতিষী কর্তৃক সম্রাটের এক প্রিয়তমার মৃত্যুবিষয়ক ভবিষ্যদ্বাণী ফলে গেলে সম্র্রাট ক্রোধে অন্ধ হয়ে জ্যোতিষীকে হত্যা করার উদ্দেশ্যে ডেকে পাঠান। জ্যোতিষী উপস্থিত হলে সম্রাট তাকে বললেন, ‘তুমি তো অন্যের ভাগ্য গণনা করো। এবার বলো দেখি, তোমার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?’ জ্যোতিষী সম্রাটের পরিকল্পনার বিষয়টি আঁচ করতে পেরে বিচক্ষণতার সঙ্গে জবাব দিল, ‘আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, আপনার মৃত্যুর তিন দিন আগে আমি মারা যাব।’ অতঃপর সম্রাট নিজের জীবন বাঁচাতে সর্বশক্তি নিয়োগ করে জ্যোতিষীর জীবন রক্ষার দায়িত্ব নিলেন। হরতালের নামে নিরীহ মানুষ হত্যা ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বাধীনভাবে চলাফেরা করাসহ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার উপভোগের ক্ষেত্রে জোরজবরদস্তি বন্ধ করতে হলে সরকারি দলকেও সম্রাট একাদশ লুইয়ের মতো সর্বশক্তি নিয়োগ করতে হবে ইলিয়াস আলীকে উদ্ধার করতে। বিরোধীদলীয় নেত্রী বলেছেন, র্যাব ইলিয়াস আলীকে ধরে নিয়ে গেছে। বিরোধীদলীয় নেত্রীর কথার ওপরও আমরা আস্থা রাখতে চাই। তাঁর সরকারের শাসনামলেই র্যাব সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই র্যাবে তাঁর পরিচিতজন রয়েছে। আমরা চাইব, তিনি তাঁর পরিচিতজনদের কাছ থেকে তথ্য জেনে ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানকে আশ্বস্ত করবেন, তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা লাঘবে সহায়তা করবেন। তার পরও প্রশ্ন থেকে যায়, ইলিয়াস আলীর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগের আঙুল তোলা র্যাবের কোনো সদস্য কিন্তু এ পর্যন্ত শাস্তি পাননি। বরং ‘মৃত্যুদণ্ড’ দেওয়া হয়েছে এমন তিনজনকে, যাঁদের ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। হরতালের নামে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে যাদের স্বাধীনভাবে চলাফেরা ও মৌলিক স্বাধীনতা উপভোগে জবরদস্তি করা হয়েছে, ইলিয়াস আলীর গুমের সঙ্গে তাদেরও সম্পর্ক নেই।যেসব উত্তরদাতা মনে করেন, আমাদের দেশে গণতন্ত্র নেই কিংবা অত্যাচারিত হয়ে গণতন্ত্র দেশছাড়া হয়েছে অথবা যাঁরা গণতন্ত্রের রক্তাক্ত ও জখম হওয়ার কথা বলেছেন, তাঁদের যুক্তি হলো, যদি কার্যকর গণতন্ত্র থাকত, তাহলে নির্বাচিত বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ‘খাম্বাতত্ত্ব’ এবং অনির্বাচিত উপদেষ্টার ‘কুইক রেন্টাল তত্ত্ব’র মাধ্যমে বিদ্যুৎ সমস্যা সমাধানের ব্যর্থ উদ্যোগে সীমিত সম্পদ নিয়ে অনাচার-অপচয়ের সুযোগ থাকত না। বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির দায় মাথায় নিয়ে রেল মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় (?) পদত্যাগ করে আবার উজিরে খামোখা (দপ্তরবিহীন মন্ত্রী) হওয়ার সুযোগ থাকত না। দুর্নীতি করে আয় করা অর্থ পাচারের বিষয়ে দুই মহাদেশের তিন আদালতে প্রমাণিত হওয়ার পরও কেবল বিরোধীদলীয় নেত্রীর সন্তান হওয়ার সুবাদে তাঁর পক্ষে সাফাই গাইবার সুযোগ থাকত না। তদন্তাধীন ও বিচারাধীন বিষয় নিয়ে রাজনীতিবিদদের প্রতিহিংসা ও অতিকথনের রাজনীতির মাধ্যমে গণতন্ত্রের প্রাণভ্রমরাসম প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি করে তা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রতিযোগিতা চলত না। কথায় কথায় গণতন্ত্রকে তার নিরাপদ আবাস ‘হাউস অব দ্য নেশন’ থেকে টেনেহিঁচড়ে বের করে রাজপথে-মহাসমাবেশে গণতন্ত্রচর্চার নামে সরকার ও বিরোধী দলের মধ্যে অশালীন প্রতিযোগিতা চলত না। উল্লেখ্য, সংবিধানপ্রণেতারা আমাদের জাতীয় সংসদকে বাংলাদেশের সংবিধানে ইংরেজিতে ‘হাউস অব দ্য নেশন’ বলে উল্লেখ করেছেন। কয়েক মাস ধরেই রাজনীতির আকাশে টুকরা টুকরা কালো মেঘ জমতে শুরু করেছিল। ইলিয়াস আলীর আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ফলে হঠাৎ করেই টুকরা মেঘগুলো দ্রুত একত্র হয়ে রাজনীতির আকাশে চারদিক অন্ধকার করা মেঘের আভাস দিচ্ছে। টানা কয়েক দিন ধরে তীব্র সূর্যের তাপ আর অসহনীয় গরম অনুভূত হলে বাংলাদেশের সমুুদ্র উপকূলবাসীর মনে শঙ্কা জাগে, এই বুঝি সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হলো। নিম্নচাপ বুঝি ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নিল। আরেকটি সিডর বুঝি ধেয়ে এল সবকিছু লন্ডভন্ড করে দিতে। রাজনীতির আকাশে চারদিক অন্ধকার করা কালো মেঘের আনাগোনা শান্তিপ্রিয় কোটি বাঙালির মনে পরম আরাধ্য স্বপ্নের গণতন্ত্রকে নিয়ে যে শঙ্কার সৃষ্টি করেছে, তা কি আমাদের রাজনীতিবিদেরা অনুধাবন করেন? দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতে, রয়েল বেঙ্গল টাইগারের বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে ইমার্জিং টাইগার হতে, বিশ্বদরবারে মাথা উঁচু করে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে বারুদে দিয়াশলাইয়ের কাঠি ঘষে আগুন ধরার মতো প্রস্তুত অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বারুদ আর দিয়াশলাইয়ের কাঠি ঘষে আগুন ধরানোর মধ্যে প্রতিবন্ধকতা হয়ে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতা। তিন দিন হরতাল পালনের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছেন। হঠাৎ করে নাগরিকের নিখোঁজ হয়ে যাওয়া গণতন্ত্রের জন্য যেমন বিপজ্জনক, তেমনি লাগাতার হরতাল বা আরও কঠোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ কিছু বয়ে আনবে না। রাজনীতির আকাশে আবারও কালো মেঘের একত্র হওয়া দেখে আমার একটা রূপক গল্পের কথা বারবার মনে আসছে। স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে দেবতাদের বোঝাচ্ছিলেন যে সবকিছুই তিনি ভারসাম্য রক্ষা করে তৈরি করেছেন। যেমন প্রতি ১০টি হরিণের জন্য আমি একটি সিংহ সৃষ্টি করেছি। আমি আমেরিকা বানিয়েছি, তাদের সম্পদ-ঐশ্বর্য দিয়েছি, কিন্তু নিরাপত্তার জন্য তাদের সর্বদা উদ্বিগ্ন করে রেখেছি। আফ্রিকায় অনিন্দ্যসুন্দর প্রকৃতি দিলেও তাদের গতিবিধি সীমিত করে দিয়েছি, সব জায়গায় তারা যেতে পারে না। নেপালকে এভারেস্ট দিয়েছি, কিন্তু সমুদ্র থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখেছি। এক দেবতা দাঁড়িয়ে স্রষ্টার কাছে জানতে চান, আপনার সৃষ্ট সেরা দেশ কোনটি? স্রষ্টা নিঃসংকোচে জবাব দেন, অবশ্যই বাংলাদেশ আমার সেরা সৃষ্টি। যেদিকেই তাকাবে, সেদিকেই প্রাণজুড়ানো সবুজের সমারোহ। এখানকার মানুষগুলো খুবই ভালো। অত্যন্ত নরম প্রকৃতির হূদয় তাদের। কিন্তু আপনি যে বললেন, সবকিছুই ভারসাম্য রক্ষা করে তৈরি করেছেন, দেবতা আবারও প্রশ্ন করেন স্রষ্টাকে। স্রষ্টা মৃদু হেসে জবাব দেন, এখানেও ভারসাম্য রক্ষার কোনো ব্যত্যয় করা হয়নি। একটু লক্ষ করলেই দেখবে, ভারসাম্য রক্ষার জন্য তাদের কেমন রাজনীতি দিয়েছি।আমরা যদি আরেকটু গণতন্ত্র চর্চা করতে পারতাম, তাহলে আর কোনো নাগরিক হারিয়ে যেত না। দ্রুতই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতাম। বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দিতে পারতাম। তখন ভারত তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও টালবাহানা করতে পারত না। আমেরিকার ইমিগ্রেশনে বাঙালিদের সম্মান করে আলাদা লাইনে নিয়ে যাওয়া হতো। আরও কত কী যে হতো তার কি শেষ আছে? মোহাম্মদ জাকির হোসেন: ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।