
দেশ এখন বড় সংকটের মধ্যে রয়েছে। হয়তো এখান থেকে উত্তরণ হবে, তবে তার আগে রাজনৈতিক অঙ্গনের ক্ষয়ক্ষতি কম হবে না। বিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা নিশ্চয়ই দুটি বিষয় উপলব্ধি করছেন—এক. বর্তমানে দেশের দুটি বৃহত্তর দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিকল্প এবং ওই মাপের কোনো তৃতীয় দল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নেই। এমনকি এযাবৎ সংসদগুলোতে সংখ্যাতত্ত্বের দিক থেকে তৃতীয় বৃহত্তর দল বলতে জাতীয় পার্টিকে ধরলে, তার ক্ষেত্রে বলা যায় যে বর্তমানে ওই দলটি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে রয়েছে। লাইফ সাপোর্ট খুলে ফেললেই শেষ। এমতাবস্থায় খুব শিগগির যদি না অলৌকিক কিছু ঘটে, তাহলে চ্যালেঞ্জ করার মতো আর কোনো দল নিয়মতান্ত্রিকভাবে উঠে আসতে পারবে বলে মনে হয় না।
দ্বিতীয় বিষয়টি হলো, দুই দলের রাজনীতির নিয়ন্ত্রণ এখন পরীক্ষিত রাজনীতিবিদদের হাতে নেই। এদের নিয়ন্ত্রণ রয়েছে বহিরাগত ও ছাত্র নামধারী সংগঠনের হাতে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে একচ্ছত্র আধিপত্যের বাড়তি সুবিধা রয়েছে সরকারি দলের। যে দলই সরকারে থাকে, সে দলই নিজের দলের কর্মী ও নেতাদের ওপর কম বিশ্বাস রেখে রাষ্ট্রযন্ত্রের ব্যবহারে বেশি মনোযোগী হয়ে ওঠে। সব সময় যে এসব যন্ত্রের ব্যবহার সুফল দেয় না, তার অন্যতম উদাহরণ গাজীপুরে বিএনপিকে জনসভা করতে না দেওয়া এবং অবরুদ্ধ অবস্থায় বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ অন্য নারী নেত্রীদের ওপরে পেপার স্প্রে বা মরিচের গুঁড়া নিক্ষেপ। এ কাজটি কেন ও কার নির্দেশে হয়েছে, তা জানা যায়নি। তবে এতে রাজনৈতিক সরকারের বিব৶ত হওয়ার কথা। ঠিক যেমন গাজীপুরে সমাবেশ করতে না দেওয়া, তার সঙ্গে ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।
৫ জানুয়ারি ২০১৫ সালের দুই পক্ষের সমাবেশের আহ্বান অতঃপর সার্বিক পরিস্থিতি সরকারি দলের পক্ষে গেছে বলে মনে হয় না। এতে বিএনপিও খুব লাভবান হয়েছে বলে মনে হয় না। তবে অবরোধ, হানাহানি এবং প্রাণহানি গ্রহণযোগ্য নয়। অবরোধ নয়, আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন রাজনৈতিক উপায় খুঁজে বের করা উচিত। রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষকে কূটকৌশলে পরাজিত করার রীতি বহু শতাব্দীর, তবে নিশ্চিহ্ন করার মনোবৃত্তি মোটেও রাজনৈতিক কূটকৌশল হতে পারে না।
এক দল দ্বারা আরেক দলকে নিশ্চিহ্ন করার হুংকার এবং প্রচেষ্টা সার্বিকভাবে রাজনীতির জন্য আত্মঘাতী হবে। এটা অনেকটা শীতল যুদ্ধের শেষ দিকের মিউচুয়ালি এসিউরড্ ডিসট্রাকশন (এমএডি)-এর কৌশলের মতো। এর মানে দুই পক্ষেরই নিশ্চিত ধ্বংসের কৌশল। এ ধরনের কৌশলের পরিণতি ভয়াবহ হতে পারে। আমাদের দেশের যেকোনো একটি বড় দল রাজনীতিতে শূন্য হলে অপর দলের নিজে নিজেই ভেঙে পড়ার আশঙ্কা থাকবে; সে ক্ষেত্রে শুধু রাজনীতিই নয়, দেশ পড়বে এক গভীর সংকটে। যে সংকট থেকে উতরানো অনেক কঠিন হবে। অপর দিকে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থমকে যাবে। দেশে সৃষ্টি হবে রাজনৈতিক শূন্যতা।
২.
ইদানীং বিশেষ করে জানুয়ারি ৫, ২০১৪ সালের নির্বাচনের কয়েক মাস পর থেকে সরকারি দলের অনেক নেতার এমনকি দল-সমর্থিত বুদ্ধিজীবীসহ অন্য ব্যক্তিদের মুখে নতুন কথা শোনা যাচ্ছে। আমরা যারা এত দিন শুনেছি যে গণতন্ত্র আর উন্নয়ন একে অপরের সম্পূরক; চলে সমান্তরাল। কিন্তু এখন শুনছি, দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সীমিত গণতন্ত্র অথবা নিয়ন্ত্রিত গণতন্ত্রই যথেষ্ট। এতে কোনো সন্দেহ নেই যে উন্নয়নের সঙ্গে অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রয়োজন অত্যধিক। সুস্থ, গ্রহণযোগ্য এবং জনগণের সম্পৃক্ততায় চলমান গণতন্ত্রই বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় রেখেছে।
দেশের উন্নয়ন শুধু ভৌত অবকাঠামো বা সমষ্টিগত গড়পড়তা বার্ষিক আয় বৃদ্ধির বিষয়ই নয়। উন্নয়নের কেন্দ্রে থাকে মানুষের জীবনযাত্রার সঙ্গে সামাজিক উন্নতি, নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা, মানবাধিকার সংরক্ষণ এবং জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্রমাণিত যে প্রকৃতপক্ষে গণতন্ত্রই এই সামাজিক উন্নয়নের নিশ্চয়তা দিতে পারে। তেমন না হলে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র বিশ্বে সমাদৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মতে, গণতন্ত্র খারাপ শাসনব্যবস্থা, তবে অন্য যেকোনো ব্যবস্থার চেয়ে ভালো।
গণতন্ত্রের ভিত্তি জনমত। ব্রিটিশ হাউস অব কমন্সের অক্টোবর ৩১, ১৯৪৪ সালের এক নথিতে সুন্দর ভাষায় বলা হয়েছে, ‘গণতন্ত্রের যত গুণগানই করা যায় না কেন তার মূলে রয়েছে সাধারণ ছোট মানুষের ছোট ভোটকক্ষে ছোট পেনসিল হাতে এক টুকরা কাগজের ওপরে একটি ছোট ক্রস চিহ্ন দেওয়ার ঘটনা; এর বিকল্প কোনো বাগাড়ম্বর বা বিতর্ক দিয়ে এই গুরুত্বপূর্ণ ছোট কর্মকে খাটো করা যায় না।’ তার মানে জনগণের ভোটের শক্তির ওপরই গণতন্ত্রের ভিত ও সৌন্দর্য নির্ভরশীল। ভোটারবিহীন নির্বাচনে অথবা যেনতেন নির্বাচনে আর যা-ই হোক গণতন্ত্রের ভিত সুপ্রতিষ্ঠিত হয় না।
শুধু উন্নয়নই যেমন জনপ্রিয়তার মাপকাঠি নয়, তেমনি সামাজিক ও নাগরিকের মৌলিক অধিকার, বাক্স্বাধীনতা খর্ব করেও উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য। ভারত বিভক্তির পর পাকিস্তান নামক রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বিজাতীয় ভাষাকে সংখ্যাগরিষ্ঠের ভাষার ওপরে স্থান দেওয়ার প্রচেষ্টা থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯৬৬ সালের ছয় দফার আন্দোলনের মাধ্যমে যে জনসমর্থন গড়ে ওঠা শুরু হয়েছিল, তার মূলে ছিল স্বায়ত্তশাসন এবং ওপরে আলোচিত দুটি বিষয়ই ছিল মুখ্য। তারই ভিত্তিতে ১৯৬৯-এর গণ-আন্দোলন এবং ১৯৭০ সালের নির্বাচন এবং পরে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ। কাজেই প্রকৃত গণতন্ত্র এবং ভোটের অধিকার বাংলাদেশিদের জাতীয় চেতনার মূল। বাংলাদেশিরা বিশ্বের অন্যতম গণতন্ত্রকামী এবং রাজনীতি-সচেতন জাতি। সে কারণেই আমরা গণতন্ত্র যেমন চাই, তেমনি চাই সর্বক্ষেত্রে সুষম উন্নয়ন ও সুশাসন। আমরা আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে এ দুটোই চাই।
জানুয়ারি ৫, ২০১৪ সালের নির্বাচনে এ দেশের ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সেটাই বাস্তবতা। এ অবস্থার জন্য কে দায়ী ছিল তা হয়তো ইতিহাসই নির্ণয় করবে, তবে ওই নির্বাচন এবং তার পরবর্তী স্থানীয় নির্বাচনগুলোর ব্যবস্থাপনায় যা প্রত্যক্ষ করা গিয়েছিল, তাতে বলা যায় যে নির্বাচনী ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। ক্রমেই নির্বাচনী ব্যবস্থাপনার
ওপর ভোটারদের আস্থা অস্বাভাবিকভাবে কমে এসেছে। এ পরিস্থিতি শুধু গণতন্ত্রই নয়, রাজনীতির জন্যও শুভ নয়।
৩.
সংকট আরও ঘনীভূত হচ্ছে কারণ, দৃশ্যত এখন একটি দল অপর দলকে পর্যুদস্ত করার চেষ্টায় রত। বিশেষ করে ক্ষমতাসীন দলের অনেক নেতার হুংকারে তেমনই মনে হচ্ছে। এর পরিণতি কী হতে পারে, তার কিছু আলোচনা করেছি। অবস্থা যা-ই হোক, বর্তমানে দুই দলের ক্ষমতার লড়াইয়ে ক্ষমতাসীনেরা এগিয়ে থাকলেও এই লড়াইয়ের বাইরে রয়েছে সাধারণ জনগণ, যাদের রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকট যে কারণে তা সুরাহা করার কোনো কার্যকর পদক্ষেপ নিতে তো দেখাই যাচ্ছে
না, উপরন্তু দিন দিন সংকট ঘনীভূত হতে থাকার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক অঙ্গনের বিভাজন ক্রমেই সংঘাতে রূপ নিচ্ছে, যা দেশের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য শুভ নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করলে বা দুর্বল করলে যে শূন্যতার সৃষ্টি হবে, তা হয়তো জায়গা করে দেবে অশুভ শক্তিকে, বিশেষ করে অতি চরম দক্ষিণপন্থীদের। গণতন্ত্রকে ধারাবাহিকতায় চলতে দিতে হলে সরকারি দলকে প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্য দলগুলোকে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পথে সহযোগিতা করতে হবে। অন্যথায় বর্তমানে রাজনীতির ময়দানের যে গতি-প্রকৃতি দৃশ্যমান, তাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে নাও থাকতে পারে। এ ধরনের কিছু নমুনা দৃশ্যমান। রাজনৈতিক সমস্যা হয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে, নাহয় আমলাতন্ত্রের মাধ্যমে নিষ্পত্তি অথবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর সুদূর প্রভাবে রাজনীতি এবং রাজনীতিবিদদের ক্ষতি হবে।
৪.
বাংলাদেশের রাজনীতিতে বিদেশনির্ভরতা বাড়ছে। আমাদের দেশের দলগুলো জনগণের সমর্থনের চেয়ে বহির্বিশ্বের সমর্থনের দিকে তাকিয়ে থাকে। উদাহরণ অধুনা ভারতের বিজেপির প্রধানের এবং কথিত মার্কিন কংগ্রেস সদস্যদের বক্তব্য ইত্যাদি নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গন যেভাবে আলোচনায় মুখর, তাতে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ বাড়বে ছাড়া কমবে না। জনগণই যদি ক্ষমতার উৎস হয়, তবে জনগণের ওপরেই আস্থা রাখতে হবে।
দেশে রাজনৈতিক সংকট রয়েছে, তার সুরাহা অবরোধও যেমন নয়, তেমনি শক্তি প্রয়োগেও নয়। সমাধান করতে হলে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে প্রক্রিয়াকে অবাধ রাখা, জনগণকে জিম্মি করে নয়। সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানই গণতান্ত্রিক পন্থা। আমরা আশা করি, সব পক্ষই আলোচনার উদ্যোগের কথা চিন্তা করবে। এ ক্ষেত্রে সরকারি দলেরই দায়িত্ব বেশি।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]