বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম বলে একটি গোষ্ঠীর নাটকীয় উত্থানের পর আমরা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উপস্থিতির সঙ্গে পরিচিত হয়েছি। বাংলাদেশের সমাজে এই দুই গোষ্ঠী অনুপস্থিত ছিল তা নয়, সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তি হিসেবে তারা তাদের উপস্থিতির জানান দিয়েছে বলেই আমাদের ধরে নিতে হবে। ঢাকা ও চট্টগ্রামে বড় আকারের দুটি সমাবেশ অনুষ্ঠান ছাড়াও দুই সংগঠনই তাদের পরস্পরবিরোধী অবস্থান স্পষ্ট করেছে তাদের দেওয়া ১৩ ও ১২ দফা দাবিনামার মধ্য দিয়ে। আগামী দিনগুলোয় তাদের পক্ষ থেকে আরও কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। সহজ করে বললে, এই গোষ্ঠীগুলোর উত্থান বা পরিচিতি খানিকটা অকস্মাৎ ঘটলেও তারা খুব শিগগির সমাজ ও রাজনীতির দৃশ্যপট থেকে অপসৃত হবে বলে আমি মনে করি না। আর সে কারণেই তাদের এই উপস্থিতি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথরেখার ক্ষেত্রে কী ভূমিকা রাখবে, সেটা বোঝা দরকার। এটাও বোঝা দরকার, আমরা তাদের কীভাবে চিহ্নিত করব, কারা এই শক্তি, তাদের পারস্পরিক সম্পর্ক কী। এসব প্রশ্নের উত্তর কেবল সমসাময়িক ঘটনাপ্রবাহের মধ্যে খুঁজলে আংশিক উত্তর পাওয়া যাবে। বিষয়গুলো বোঝার জন্য আমাদের খানিকটা ইতিহাসের আশ্রয় নিতে হবে, বিভিন্নমুখী রাজনৈতিক প্রবণতা বিশ্লেষণ করতে হবে।হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতের দাবি, তারা অরাজনৈতিক সংগঠন। তাদের সমর্থক ও শুভানুধ্যায়ীরা সেই বর্ণনায় সন্তুষ্ট হলেও তাদের দেওয়া দাবিনামা ও কর্মসূচি ভালো করে পাঠ করলেই বোঝা যায় এই বক্তব্যের অসারতা। হেফাজতে ইসলামের সংবিধান পরিবর্তনের দাবিকে যাঁরা ‘অরাজনৈতিক’ বলে বোঝানোর চেষ্টা করছেন, তাঁরা নিজেরাও জানেন যে রাজনীতির সবচেয়ে সীমিত সংজ্ঞায়ও এই দাবিকে রাজনীতির বাইরে রাখা যাবে না। রাজনীতির প্রথম পাঠই বলে দেয় যে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা রাজনীতির বাইরে নয়। এই দুই শক্তির আবির্ভাব ঘটেছে এমন এক সময়ে, যখন দেশে রাজনৈতিক সংকট চলছে।তার পরও হেফাজতে ইসলামের নেতাদের সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে যে তাঁদের রাজনৈতিক অভিলাষ যেকোনো রাজনৈতিক শক্তির মতোই। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রুহী জার্মান বেতার ডয়চেভেলেকে গত ১৫ এপ্রিল বলেছেন, ‘হেফাজতে ইসলাম চায় দেশে ইসলামি শাসন কায়েম হোক। বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামি রাষ্ট্র নয়। ইসলামি শাসন কায়েমের মধ্য দিয়েই বাংলাদেশ ইসলামি রাষ্ট্রে পরিণত হবে। আর সে জন্য ইসালামি রাজনৈতিক দলকে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে।’ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের সমাবেশে এটাও বলা হয়েছে, ‘৫ মের পূর্বে ১৩ দফা মানা না হলে এর পর থেকে দেশ চালাবে হেফাজতে ইসলাম।’ (দৈনিক ইনকিলাব, ২০ এপ্রিল ২০১৩)। আহলে সুন্নাত ওয়াল জমা’আত তাদের বক্তব্যে হেফাজত ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করলেও হেফাজতের সুরে এই দাবিও করেছে যে ‘সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন’ করতে হবে। এই দাবি হেফাজতে ইসলাম তোলার কারণে যতটা রাজনৈতিক বলে বিবেচিত হওয়া উচিত, ঠিক ততটাই আহলে সুন্নাত ওয়াল জমা’আতের জন্য প্রযোজ্য। রাজনৈতিক সংগঠন হিসেবে অবস্থানের কারণে তাদের বর্তমান প্রেক্ষাপটে ইসলামি সংগঠন বলার চেয়ে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন বলাই যথাযথ বলে আমার ধারণা।ইসলামপন্থী বা ইসলামিস্ট বলতে প্রচলিত অর্থে তাদেরই বোঝানো হয়, যারা ইসলাম ও রাজনীতির সংমিশ্রণ ঘটায়। ইসলামপন্থী রাজনীতিকে ‘রাজনৈতিক ইসলাম’ বলেও বর্ণনা করা হয়। ইসলামপন্থী রাজনীতি বলতে আমি সেই সব রাজনৈতিক আদর্শ ও আন্দোলনকে বোঝাই, যারা ইসলামকে কেবল একটি ধর্ম হিসেবে বিবেচনা করে না, মনে করে যে এটি একটি রাজনৈতিক পদ্ধতিও এবং ইসলামের শিক্ষা সমাজের সর্বস্তরে, এমনকি আইন প্রণয়নেও অগ্রাধিকার পাওয়া উচিত।ইসলামপন্থা কোনো ব্যক্তি বা সংগঠনের রাজনৈতিক অবস্থানকে বর্ণনা করে, তাকে কোনো বিশেষণে ভূষিত করে না; সে কারণেই গত দুই দশকে এটি ব্যাপকভাবে ব্যবহূতও হয়েছে। যেকোনো রাজনৈতিক আদর্শের অনুসারীদের মধ্যেই বিভিন্ন ধরনের মতামত থাকে; বিভিন্ন কৌশল ও কার্যপ্রণালির অনুসারী থাকে। ইসলামপন্থীদের ক্ষেত্রেও তা একইভাবে কার্যকর। পাশাপাশি এটাও বলা দরকার, যেকোনো ধরনের পরিভাষা (টার্ম) ব্যবহারের ক্ষেত্রে সময়ে সময়ে ব্যত্যয় ঘটে, কারও কারও আপত্তিও থাকে। এ ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না। তবে সাধারণভাবে বলতে পারি, ইসলামপন্থা একটি রাজনৈতিক অবস্থান। ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই অর্থে যে মুসলিম হওয়া মানেই ইসলামপন্থী হওয়া নয়। আদর্শিকভাবে বিবেচনা করলে, তত্ত্বগত দিক থেকে দেখলে একজন অমুসলিমও ইসলামপন্থী রাজনীতির সমর্থক হতে পারেন।গত কয়েক দশকে বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেসব ইসলামপন্থী দল ও সংগঠনের উদ্ভব ও বিকাশ হয়েছে, তাদের আদর্শিক অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করে আমরা কিছু প্রবণতা ও বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারি, যা এই দুটি ইসলামপন্থী সংগঠনকে বুঝতে সাহায্য করবে। প্রথমত, ইসলামপন্থী রাজনীতি কোনো সমপ্রাকৃতিক (বা হোমোজেনাস) রাজনীতি নয়। অর্থাৎ, ইসলামপন্থী রাজনীতি মানেই একধরনের দল নয়। এই ধারায় কোনো একক আদর্শস্থানীয় দল নেই, যা থেকে আমরা বলতে পারি যে ইসলামপন্থী দল মানেই এ রকম। এই রাজনীতির দলগুলোর মধ্যে কতিপয় বিষয়ে ঐকমত্য যেমন থাকে, তেমনি থাকে তাদের মতভিন্নতা ও বিরোধ। দ্বিতীয়ত, ইসলামপন্থী দলের উদ্ভব ঘটে সমকালীন রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও ইস্যুর প্রত্যুত্তর হিসেবে। ইসলামপন্থী রাজনীতিসংশ্লিষ্ট দেশের সমকালীন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবণতা দিয়ে প্রভাবিত হয়, এসব দলের আকৃতি ও প্রকৃতি নির্ধারিত হয় সমকালীন রাজনীতি দিয়ে। তৃতীয়ত, এই রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকে রাষ্ট্র বা আরও সুস্পষ্ট করে বললে রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন। ব্যক্তির ধর্মনিষ্ঠা ও সামাজিক মূল্যবোধের শুদ্ধীকরণের প্রশ্নটি গৌণ বা অপ্রধান প্রশ্ন। কেননা, তারা মনে করে, রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে তাদের লক্ষ্যগুলো রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো বা সংগঠনের মাধ্যমে অর্জন করা যাবে।হেফাজতে ইসলাম বা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের দিকে ভালো করে তাকালেই আমরা এসব বৈশিষ্ট্যকে ক্রিয়াশীল দেখতে পাব। প্রথমত, হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত নিজেদের যতই বাংলাদেশে ইসলামের প্রকৃত প্রতিনিধি বলে দাবি করুক না কেন, তাদের পরিধির বাইরে দেশের কোটি কোটি মানুষ রয়েছে, যাদের ধর্মনিষ্ঠা সংশয়াতীত। তার চেয়েও বড় কথা, ইসলামপন্থী রাজনীতিতেও তারাই কেবল সংগঠিত শক্তি নয়; আরও অনেক ইসলামপন্থী দল আছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন তার একটা বড় প্রমাণ। হেফাজতে ইসলাম, অর্থাৎ এই সংগঠনের পতাকাতলে যেসব দল ও ব্যক্তি সমবেত হয়েছে তারা আজই বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেনি। তাদের প্রায় সবারই একটা রাজনৈতিক অতীত রয়েছে। তাদের এই অতীত ইতিহাস সাক্ষ্য দেয় যে তারা এই রাজনৈতিক বক্তব্য নিয়ে অনেক দিন ধরেই সমাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এসেছে। হেফাজতের নেতারা যদিও বলছেন যে তাঁরা ইসলাম ও মহানবীর মর্যাদা রক্ষার জন্য সক্রিয় হয়েছেন, তাঁরা এটা অস্বীকার করেন না যে এর তাগিদ এসেছে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেই। হেফাজতের ১৩ দফা দাবিতে অন্যান্য বিষয়ের মধ্যে নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতির কথা সুস্পষ্টভাবে রয়েছে, তাতে এ কথা স্পষ্ট যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটেই তারা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। তা ছাড়া ব্যাপক অর্থে বাংলাদেশে ৪২ বছর ধরে রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালার যে অনুকূল পরিবর্তন ঘটেছে, তার ফলে সংগঠিত শক্তি হিসেবে তাদের আবির্ভাব সম্ভব হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের রাজনীতিতে দ্বিদলীয় ব্যবস্থায় দুই দলের রাজনৈতিক ব্যর্থতাই সুযোগ তৈরি করেছে এসব সংগঠনের শক্তি প্রদর্শনের। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি পারস্পরিক শত্রুমনোভাবাপন্ন আচরণের বৃত্তচক্রে পতিত না হতো, তবে এই উত্থানের সুযোগ যে হতো না, তা সহজেই অনুধাবন করা যায়। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, নাগরিকের অধিকার সুরক্ষিত হলে, ক্ষমতার হাতবদলের স্থায়ী গ্রহণযোগ্য ব্যবস্থার নিশ্চয়তা বিধান করা গেলে, রাষ্ট্রের অর্থনৈতিক নীতিমালায় দারিদ্র্য মোচনে সাফল্য লাভ করলে এ ধরনের রাজনৈতিক শক্তির উত্থানের তাগিদ ও সুযোগ কোনোটাই থাকে না। রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্নটা এই রাজনীতির প্রধান বিষয় তা হেফাজতের এই বক্তব্যেই স্পষ্ট যে তারা বাংলাদেশে ‘ইসলামি হুকুমত’ প্রতিষ্ঠা করতে চায়। ঢাকায় ৬ এপ্রিলের সমাবেশের একাধিক বক্তাই এ কথা জোর দিয়ে বলেছেন। তাঁরা বাংলাদেশের গণপ্রজাতান্ত্রিক চরিত্রের অবসান চান। কেননা, সমাজে ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা, সমাজ ও অর্থনীতিতে নারীর ভূমিকা, শিক্ষাব্যবস্থা, এমনকি শিল্পকলা বিষয়ে তাঁদের ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রক্ষমতার প্রয়োজন তাঁরা বোঝেন এবং একে অস্বীকার করেন না, লুকিয়েও রাখেননি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে সমাজের শুদ্ধীকরণ, সমাজ থেকে নাস্তিক্যবাদের অপসারণ কিংবা মহানবীর অবমাননা রোধ কিংবা ‘বেহায়াপনা, অনাচার, ব্যভিচার’ অবসান তাদের দাবি, লক্ষণীয় যে তারা এ জন্য ধর্মীয় পুনর্জাগরণমূলক বা শুদ্ধীকরণ আন্দোলনের পথে অগ্রসর হয়নি, রাজনীতির পথই বেছে নিয়েছে। এই বিবেচনায় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের অবস্থান অনেকটাই পেছনে। তারা এখনো রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার দাবিকে তাদের প্রধান লক্ষ্যে পরিণত করেনি। কিন্তু রাজনৈতিক পরিবেশের পরিবর্তন ঘটলে তাদের সেই দাবি তোলার আশঙ্কা যে নেই, তা বলা যায় না।ফলে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতকে বর্তমান প্রেক্ষাপটে দুটি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করাই হচ্ছে তাদের বোঝার প্রাথমিক পদক্ষেপ। প্রশ্ন হলো, বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির মাঠে তাদের অবস্থান কোথায়? এ বিষয়ে আলোচনা আগামীকাল। আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভারসিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।