বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ এলাকায়, যা পরিচিতি পাচ্ছে শাহবাগ চত্বর, কখনো কখনো প্রজন্ম চত্বর হিসেবে, তরুণদের অভূতপূর্ব প্রতিবাদ চলছে। এ প্রতিবাদ যুদ্ধাপরাধীর বিচার আর বিচারের রায়ে জামায়াতে ইসলামীর যুগ্ম মহাসচিব কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে। তরুণদের এ নিরবচ্ছিন্ন সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ বেড়েই চলেছে।এ সমাবেশ কীভাবে শুরু হয়েছিল সে বিবরণ বিস্তারিতভাবে পত্রপত্রিকা বা অন্যান্য মাধ্যমে বহুল আলোচিত হয়েছে। মিডিয়া এবং আন্দোলন ছড়ানোর আধুনিক মাধ্যমের কারণে দেশের শহরাঞ্চলে এই আন্দোলন ছড়াতে সময় লাগেনি। এঁদের দাবি, যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন ব্যক্তিদের ‘সর্বোচ্চ শাস্তি ফাঁসি’। এর বাইরে আর কোনো শাস্তি গ্রহণযোগ্য নয়। সে পরিপ্রেক্ষিতেই কাদের মোল্লার ফাঁসির দাবি। এখন পর্যন্ত (এ লেখা পর্যন্ত) এখানে জমায়েত তরুণেরা বলেছেন, তাঁরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। তবে এঁরা যে দেশপ্রেমে উদ্বেল, তাতে কোনো সন্দেহ নেই। এঁরা মুক্তিযুদ্ধের বা যুদ্ধের পরের প্রজন্মও নয়, এঁদের বেশির ভাগ ১৯৭৫ সালের পরের এবং ১৯৮১ সালের পরের প্রজন্ম। তবে ইতিহাস-সচেতন বাংলাদেশের ভবিষ্যৎ। শাহবাগ তথা সমগ্র দেশে তরুণদের যে জাগরণ, তাতে আমি প্রচণ্ড আশাবাদী হয়ে উঠেছি। আমার আশাবাদের কারণ, এ প্রজন্মের অধিকাংশই আমাদের দেশের রাজনৈতিক অপসংস্কৃতির বিষাক্ত পরিবেশের মধ্যে থেকেও এখনো বিশুদ্ধ রয়েছে। এ সমাবেশ বর্তমানে যুদ্ধাপরাধের বিচারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকলেও আমি মনে করি, আমাদের এ তরুণ প্রজন্ম দেশের বিদ্যমান রাজনৈতিক পঙ্কিলতা থেকে মুক্তি চাইছে। এখানেই আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।বিগত কয়েক দশকের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির নিম্নগামী পতন আমাকে হতাশ করেছিল। এ কারণেই হয়তো নির্বাচন কমিশনে কাটানো পাঁচ বছরে চেষ্টা করেছিলাম এ সংস্কৃতি পরিবর্তনের পক্ষে যৎসামান্য অবদান রাখতে। আমরা একটি স্বচ্ছ নির্বাচন উপহারও দিয়েছিলাম। আশা করেছিলাম, ২০০৭-২০০৮-এর তিক্ত অভিজ্ঞতা দেশের রাজনীতিবিদদের সামনের দিকে তাকাতে সাহায্য করবে। আমাদের দেশে প্রকৃত গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দল ও রাজনীতিবিদেরা ভবিষ্যতের দিকে তাকাবেন। ওই নির্বাচনে মহাজোটের নির্বাচনী ইশতেহারের চমক, যার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারও ছিল, আকৃষ্ট করেছিল ওই সময়কার প্রজন্মকে। দল বেঁধে নতুন ভোটাররা, প্রায় ৮ থেকে ১০ শতাংশ ভোটও দিয়েছিলেন নির্বাচনী ইশতেহারের চমকে। তার পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন তো হয়নি বরং আরও অবনতির পথে রয়েছে। এখন রয়েছে বিশাল সংকটের মুখে। বিনষ্ট হয়েছে গণতান্ত্রিক পরিবেশ। এরই প্রেক্ষাপটে এই সমাবেশ। যুদ্ধাপরাধের বিচারিক ট্রাইব্যুনাল এর আগে আবুল কালাম আজাদকে অনুপস্থিতিতে ফাঁসি দিয়েছিলেন। তার পর পরই মূল দল, জামায়াতে ইসলামীর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের প্রারম্ভিক সময় থেকে শেষ পর্যন্ত মানবতাবিরোধী জঘন্য কর্মকাণ্ড, হত্যা, লুট এবং ধর্ষণের মতো অভিযোগে অন্যতম অভিযুক্ত অন্য একজনকে যাবজ্জীবন ও একটি অভিযোগে খালাস দেওয়ায় নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে। সরকারি দল এবং জোটের শরিকসহ সমর্থকদের মন্তব্য, আলোচনা এমনকি রায়ের তারিখ ঘোষণা ইত্যাদিতে মনে হয়েছে যে ট্রাইব্যুনাল সরকার এবং সমর্থকদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন। অপরদিকে যেসব নির্দলীয় ভোটার এবং নতুন প্রজন্ম যাঁরা মনেপ্রাণে এ বিচারকে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন, এ ধরনের অতিকথন এবং পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের আন্দোলনের সময়ে সরকারি বাহিনীর আচরণের কারণে তাঁদের মনে এক ধরনের আঁতাতের সন্দেহের বীজ বপন করেছে।যদিও আমি বা আমার মতো অনেকেই বিশ্বাস করি না বা করেন না যে ট্রাইব্যুনালের বিচারপতিদের ওপর সরকার কোনো প্রভাব খাটাতে পেরেছে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাতের সন্দেহ অনেকের মনেই রয়েছে। সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যাঁরা ক্রিমিনাল ল সম্বন্ধে সম্যক ধারণা রাখেন, তাঁরা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে ট্রাইব্যুনালে যাঁদের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না, সে বিষয়েও সন্দেহের অবকাশ রয়েছে। প্রথম থেকেই সরকারি কৌঁসুলি নিয়োগ নিয়ে কথা উঠেছিল। তার পরও যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অনেকের বিরুদ্ধে প্রচণ্ড রকমের দলীয় অন্ধত্বের এবং অযোগ্যতার অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ বিশিষ্টজনেরাও তুলেছিলেন, কিন্তু সে অভিযোগ আমলে নেওয়া হয়নি। তথ্য মোতাবেক আদালতে যে ধরনের সাক্ষীদের হাজির করা হয়েছিল, তাঁদের সাক্ষ্য প্রদানের জন্য প্রস্তুত করতে সরকারি কৌঁসুলিরা কতখানি যত্নবান ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, তদন্ত এবং সাক্ষী নির্ধারণেও। এই ব্যর্থতার দায়দায়িত্বও সরকারের, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের। জামায়াত যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী এবং ১৯৭১ সালে স্বাধীনতার চরম বিরোধিতাকারী দল তাতে কোনো সন্দেহ নেই। তবে এর আগে কোনো আদালতে এমনভাবে উচ্চারিত হয়নি, যেমনভাবে ট্রাইব্যুনালের রায়ের পর্যালোচনা উচ্চারিত হয়েছে বলে তথ্যে প্রকাশ। কাজেই আইনের দৃষ্টিতে এই অভিযোগের বিষয়ে কোনো প্রজন্ম তথা রাজনৈতিক দলের সন্দেহের থাকার কথা নয়। তথাপি অতীতে এবং বর্তমানে এই দলকে নিয়ে ব্যাপক রাজনীতি হয়েছে এবং অব্যাহত রয়েছে। জামায়াতে ইসলামী তথা ছাত্রশিবির শক্ত ভিত পেয়েছে আমাদের বড় দলগুলোর দেউলিয়াপনায়। এ দলের জনসমর্থনের ভিত যা-ই থাকুক না কেন, এদের সাংগঠনিক দক্ষতাকে ব্যবহার করতে চেয়েছে আমাদের বৃহৎ দলগুলো। যার বেশি ফায়দা নিয়েছে বর্তমান বিরোধী দল বিএনপি। তাদের শাসনামলেই মন্ত্রিত্বের সুবাদে জামায়াত দল হিসেবে সংগঠিত হয়েছে আরও শক্ত ভিতে।জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি সঞ্চয়ের কারণে একধরনের ঔদ্ধত্য দৃশ্যমান। ১৯৭১ সালের ভূমিকা নিয়ে তাদের অনুতপ্ত বা অনুশোচনার অনুভূতিও ছিল না। যে কারণে ২০০৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর, বর্তমান মানবতাবিরোধী অভিযোগে আটক, দলের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দম্ভভরে বলেছিলেন, তাঁদের দলে যুদ্ধাপরাধী নেই। সে দিনও তাঁদের আচরণে অনুশোচনার লেশমাত্র ছিল না। আজ তরুণদের এই মহাসমাবেশ থেকে দাবি উঠেছে রাজনীতিতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণের। এ দাবির ওপর সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে সংবিধানে পরিবর্তন আনতে হবে। এ কাজ নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো ঠিক হবে না।আজকের এ গণজাগরণের পেছনে বহুবিধ কারণ খুঁজে পেলেও মুখ্য কারণ সরকারের আচরণে জামায়াতের সঙ্গে গোপন আঁতাতের সন্দেহ। সন্দেহই নয়, আঁতাতের আলামতের সপক্ষে কিছু প্রমাণ তো অবশ্যই হাজির করা যায়। জামায়াতের হরতাল এবং অন্যান্য কর্মসূচিতে পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা এমনকি জায়গায় দাঁড়িয়ে মার খাওয়ার যে দৃশ্য দেখা গিয়েছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমাদের দেশের পুলিশ বাহিনী কি এতই দুর্বল? দাঁড়িয়ে মার খাওয়ার মতো? মার খাওয়ার পরের অঙ্ক আরও বিস্ময়ের জন্ম দিয়েছে। পুলিশি নিরাপত্তায় মিছিল-সমাবেশ, পুলিশের হাতে ফুল তুলে দেওয়ার চিত্র এমনকি প্রথম দিনের হরতালে নিষ্ক্রিয় থাকা ইত্যাদি সরকারের নমনীয়তা বলে মনে হয়েছে।শুরু করেছিলাম আমাদের দেশের তরুণ সমাজের সূচিত এই গণজাগরণের বিষয় নিয়ে। একপর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল এবং ছাত্রশিবিরের বহু গর্হিত কাজ দেখে মনে হতো, কেন আমাদের তরুণ সমাজ এমন বিভক্ত হয়ে পড়েছে। ব্যবহূত হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। বিশ্বে যখন তরুণ জাগরণে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তখন এই বিভক্তির বাইরে থাকা তরুণ সমাজকে কি আমরা পরিবর্তন সূচিত করতে দেখব? দোদুল্যমান ছিলাম। তার পরও আমার বিশ্বাস ছিল, সঠিক নির্দেশনা এবং লক্ষ্যস্থির করতে পারলে আমাদের দেশেও এ জাগরণ ঘটবে। জাগরণ হবে রাজনৈতিক অঙ্গনে অপশক্তি আর অপসংস্কৃতির বিরুদ্ধে। আমার বিশ্বাসের কারণ ছিল ভোটার তালিকা প্রস্তুত করতে গিয়ে তরুণ ভোটারদের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়ায়। আমি ওই সময় নিশ্চিত ছিলাম যে এই তরুণ ভোটার, যাঁরা কোনো দলের লেজুড় নন, পরিবর্তন আনতে সক্ষম হবেন। তাঁরা পরিবর্তন চেয়েছিলেন কিন্তু রাজনীতিবিদেরা ওই বার্তা সঠিকভাবে গ্রহণ করতে পারেননি বরং এঁদের শক্তিকে নিজেদের সংকীর্ণ স্বার্থে ব্যবহার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এই গণজাগরণের পর তাঁদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে কি না, তা হবে দেখার বিষয়। শাহবাগ বা প্রজন্ম চত্বর থেকে উচ্চারিত দাবির অন্তর্নিহিত বিষয় বিশ্লেষণে আমি নিশ্চিত, এর মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনীতি করার সংকেত দেওয়া হয়েছে।আমি আমার এ ক্ষুদ্র প্রবন্ধ শেষ করতে চাই তরুণ প্রজন্মকে স্বাগত জানিয়ে এ কারণে যে যা আমরা বিগত ৩০ বছরে করতে পারিনি, তা এই তরুণেরা মাত্র কয়েক দিনের মাথায় করে দেখিয়েছেন। এভাবেই আমাদের রুখে দাঁড়াতে হবে অন্যায়, অবিচার, নারী নির্যাতন আর নব্য রাজাকারদের বিরুদ্ধেও। তোমরাই পারবে। আমি শাহবাগসহ দেশের সব তরুণদের, যাঁরা এই আন্দোলনে সক্রিয়, সজাগ থাকতে অনুরোধ জানাব, যাতে তরুণদের এই জাগরণ এবং আন্দোলন ছিনতাই না হয়। শাবাশ বাংলাদেশ, শাবাশ তারুণ্য। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]