‘ক্রসফায়ারে দেওয়া’ বলে একটা কথা বাংলাদেশে চালু আছে। স্তম্ভিত হওয়ার মতো ব্যাপার। কিন্তু কথাটা সত্যিই চালু আছে। একটা টাটকা দৃষ্টান্ত সাভারের সরকারদলীয় সাংসদ এনামুর রহমানের উক্তি। তিনি ১৯ জুলাই দৈনিক মানবজমিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না, আমরা ভালো হয়ে যাব।’
সাংসদ পরে তাঁর বক্তব্যকে ‘অবিবেচনাসুলভ’ অভিহিত করে তা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ, কথাটা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তিনি উপলব্ধি করেছেন, সংবাদমাধ্যমকে ওই কথা বলা ঠিক হয়নি। কিন্তু তাঁর ওই ‘অবিবেচনাসুলভ’ উক্তির মধ্য দিয়ে এই জনধারণাই প্রকট হয়েছে যে ‘ক্রসফায়ারে দেওয়া’ বলে একটা ব্যাপার এ দেশে সত্যিই সম্ভব। সম্ভব যে তা বিশ্বাসও করেছেন সাভারের বিএনপি-যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন। সাংসদের ওই বক্তব্য প্রকাশিত হওয়ার পর তাঁদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের একজন মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, তিনি আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। একজনের স্ত্রী প্রথম আলোর প্রতিবেদকের কাছে জানতে চেয়েছেন, সাংসদ এনামুর ‘ক্রসফায়ারে দেওয়া’র জন্য যে ১৪ জনের তালিকা তৈরি করেছেন বলে মানবজমিনকে বলেছেন, সেই তালিকায় তাঁর স্বামীর নাম আছে কি না। গত বছরের অক্টোবর মাসে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাভার যুবদলের এক নেতার বড় ভাই প্রথম আলোকে বলেছেন, ‘পত্রিকায় সাংসদের বক্তব্য দেখে মনে হলো যা মানুষ ধারণা করছিল তা-ই ঠিক হইল। তাদের ক্ষমতা আছে, তারা ক্রসফায়ারে দিছে।’
সাংসদের বক্তব্য যাঁদের আতঙ্কিত করেছে, তাঁরা বিরোধী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পন্থা হিসেবে ক্রসফায়ার ব্যবহৃত হচ্ছে—এই ধারণারও আভাস মিলল। আমার এই লেখার মূল বিষয় এটাই: রাজনৈতিক নেতা–কর্মীদের ক্রসফায়ারের শিকার হওয়ার অভিযোগ বা এ সম্পর্কে প্রচলিত ধারণা। সাধারণভাবে ক্রসফায়ার নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু ক্রসফায়ারের এ রকম ব্যবহার সম্পর্কে তেমন হয়নি। বিএনপি অনেক দিন ধরে অভিযোগ করে আসছে যে তাদের অনেক নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে। সরকার যথারীতি বিএনপির সব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে। কিন্তু সাধারণ নির্বাচনের সময় এগিয়ে আসছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। এখন রাজনৈতিক পরিবেশ নিয়ে ভাবতে হবে, কারণ নির্বাচন একটা রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক নেতা–কর্মীদের ক্রসফায়ারে হত্যার অভিযোগগুলো সত্য হলে এই আইনবহির্ভূত পন্থা অব্যাহত রেখে বিএনপিসহ সব বিরোধী দলকে নিয়ে নির্বাচন করা কঠিন হবে।
২.
ক্রসফায়ার কথাটার সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের পরিচয় ঘটে ২০০৪ সালের পর। তখন বিএনপি-জামায়াত জোট সরকারের মাঝামাঝি সময়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রেখেছিলেন নিজের হাতে; মন্ত্রণালয়টির কাজকর্ম চালাচ্ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জনধারণায় ক্রসফায়ারের সঙ্গে বাবরের সম্পর্ক নিবিড়। আর কান টানলে যেভাবে মাথা আসে, সেভাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামটাও চলে আসে।
২০০১ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের প্রায় শুরু থেকেই দেশজুড়ে খুন-সন্ত্রাসসহ গুরুতর অপরাধবৃত্তি ভীষণভাবে বেড়ে যায়। অরাজনৈতিক সন্ত্রাস ও পেশাদার অপরাধবৃত্তি চরমে ওঠে, ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর ছত্রচ্ছায়ায়ও সন্ত্রাস বাড়তে থাকে নিয়ন্ত্রণহীনভাবে। একপর্যায়ে সরকার উপলব্ধি করে, লাগাম টানা দরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সক্রিয় হয়ে ওঠে, কিন্তু প্রচলিত পদ্ধতিতে কাজ হয় না। নানা কারণে পুলিশের সামর্থ্যকে অপর্যাপ্ত বলে মনে করা হয়। ২০০২ সালে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন ক্লিন হার্ট’ নামের এক সন্ত্রাস দমন অভিযান। ৪০ থেকে ৬০ জন মানুষ সেই অভিযানে মারা যায়; অধিকাংশই জিজ্ঞাসাবাদের সময় কথিত ‘হার্ট অ্যাটাকে’। নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসীসহ পেশাদার অপরাধীরা ছিল বলে বলা হয়, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিও ছিলেন বলে অভিযোগ ছিল।
কিন্তু অপারেশন ক্লিন হার্ট বেশি দিন চলে না, ব্যাপক সমালোচনার মুখে ২০০৩ সালে ওই অভিযান থেমে যায়। সমস্যার সমাধান ঘটে না, বরং বছর না ঘুরতেই সন্ত্রাসসহ সব রকমের অপরাধবৃত্তি বেড়ে যায়। এবার সরকার খুব কঠোর একটা সিদ্ধান্ত নেয়—২০০৪ সালের ২৬ মার্চ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিডিআর (এখন বিজিবি) ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নামের এক এলিট ফোর্স। এই বাহিনীর কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই ‘ক্রসফায়ার’ কথাটা জনগণ পর্যায়ে উচ্চারিত হতে শুরু করে। ক্রসফায়ার শব্দটি আজকে যে অর্থে প্রচলিত, ঠিক সেই অর্থেই এই পন্থার ব্যবহার তখন থেকে বাড়তে থাকে।
অনুচিত শোনালেও অস্বীকার করার উপায় নেই যে ক্রসফায়ার প্রথম দিকে জনপ্রিয়তা পেয়েছিল। কারণ, ক্রসফায়ারের শিকার হচ্ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী-অপরাধী বলে পরিচিত বা বর্ণিত ব্যক্তিরা। চাঁদাবাজি-টেন্ডারবাজি দ্রুত কমতে শুরু করেছিল। পেশাদার অপরাধীরা তো বটেই, এমনকি ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত কিছু লোকও অপরাধবৃত্তির দায়ে ক্রসফায়ারে প্রাণ হারাচ্ছিলেন। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তাঁদের নেতা-কর্মীদেরও ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের এই অভিযোগ তেমন কোনো
প্রভাব ফেলেনি। তারা সন্ত্রাসী-অপরাধীদের ক্রসফায়ারে আনন্দ প্রকাশ করে চলছিল।
কিন্তু অপরাধ দমনের এই পদ্ধতিটা যে ভুল, বেআইনি এবং চূড়ান্ত বিবেচনায় বিপজ্জনক—এমন মতও শুরু থেকেই উচ্চারিত হয়েছে। সংবাদমাধ্যমে এ বিষয়ে কম হলেও লেখালেখি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ক্রসফায়ারের সমালোচনা করেছে, কিন্তু খালেদা জিয়ার সরকার সমালোচনায় বিচলিত হয়নি; ক্রসফায়ার অব্যাহতভাবে চালিয়ে গেছে। ক্রসফায়ার যে প্রকৃতপক্ষে বিচারবহির্ভূত হত্যা—র্যাব বা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ এটা স্বীকার করেনি। অস্বীকারের প্রয়োজনেই ক্রসফায়ার সম্পর্কে একদম শুরু থেকেই সেই গল্পের প্রচলন, যা আজও চালু আছে।
তবে ক্রসফায়ার যে ‘ডিউ প্রসেস’ বা যথাযথ আইনানুগ পন্থা নয়—এই সত্য তৎকালীন সরকার প্রকারান্তরে স্বীকার করেছিল ঢাকায় আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের কাছে। আমরা এটা জানতে পেরেছিলাম উইকিলিকসের ফাঁস করা গোপনীয় মার্কিন কূটনৈতিক তারবার্তা থেকে। ২০০৫ সালের ৬ জুন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস ঢাকা দূতাবাস থেকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো এক গোপনীয় তারবার্তায় লেখেন, ‘ক্রসফায়ার হত্যাকাণ্ডগুলো সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতেই ঘটে, বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক নেতারা যেমন এটা অস্বীকার করার চেষ্টা করেন না, তেমনি বারীও (র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল চৌধুরী ফজলুল বারী) তা অস্বীকার করেননি; বরং এগুলোকে আশু প্রয়োজনীয়, স্বল্পমেয়াদি সুযোগ (নেসেসারি শর্ট-টার্ম এক্সপিডিয়েন্ট) হিসেবে যুক্তিসংগত বলার বিশদ চেষ্টা করেন।’
ক্রসফায়ারের পক্ষে খালেদা জিয়ার সরকারের প্রধান যুক্তি ছিল, সন্ত্রাস ও ভয়ংকর অপরাধবৃত্তি দমনের আর কোনো পন্থা ফলপ্রসূ হচ্ছে না, তাই ক্রসফায়ার দরকার। এটা স্বল্প সময়ের জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ‘ডিউ প্রসেস’ বা যথাযথ আইনানুগ পন্থায় ফিরে যাওয়া হবে। কিন্তু সেটা আর কখনোই ঘটেনি। ক্রসফায়ার দিনে দিনে বেড়েছে। শুধু র্যাব
নয়, পুলিশও এই পন্থার আশ্রয় নিয়েছে। বস্তুত এখন র্যাবের চেয়ে পুলিশের দ্বারাই ক্রসফায়ার বেশি ঘটে।
৩.
ক্রসফায়ারের রাজনৈতিক ব্যবহারের অভিযোগ র্যাব গঠনের পরপরই উচ্চারণ করেছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার যথারীতি তা প্রত্যাখ্যান করেছিল। ২০০৫ সালের ২৫ জানুয়ারি বিএনপির এক জনসভায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, বিরোধী দল (আওয়ামী লীগ) র্যাবের বিরোধিতা করছে, কারণ র্যাব বিরোধী দলের ‘সন্ত্রাসী’দের কোণঠাসা করে ফেলেছে। আরও পরের দিকে, ক্রসফায়ার বেড়ে গেলে বিরোধী দল আওয়ামী লীগের নেতারা বলতেন, তাঁরা ক্ষমতায় গেলে ক্রসফায়ার বন্ধ করবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্রসফায়ার আরও বেড়ে গেলে খালেদা জিয়া বলেন, র্যাবের প্রয়োজন ফুরিয়েছে, এই বাহিনী এখন ভেঙে দেওয়া উচিত।
উভয় রাজনৈতিক দল ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেছে বিরোধী দলে থাকার সময়, ক্ষমতায় থাকতে নয়। এভাবে তারা রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত থেকেছে। এর ফলে শুধু আইনের শাসন ক্ষতিগ্রস্ত
হয়নি, শুধু বাহিনীগুলোর নৈতিক মনোবল ক্ষুণ্ন হয়নি, শুধু তাদের ওপর জনগণের আস্থা কমে যায়নি; রাজনৈতিক সংস্কৃতিরও অকল্পনীয় ক্ষতি হয়েছে। এর সবচেয়ে বিষময় ফল ‘রাজনৈতিক ক্রসফায়ার’।
বেসরকারি ও অসমর্থিত সূত্রে শুনেছি, বিএনপির চেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেশি সংখ্যায় রাজনৈতিক ক্রসফায়ারে নিহত হয়েছেন। সাতক্ষীরা ও ঝিনাইদহ—এ দুটি জেলাতেই এমন ক্রসফায়ারের মোট সংখ্যা কমপক্ষে ৯০। এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের কথা আবার মনে পড়ছে। ২০০৫ সালের ২৬ জানুয়ারির তারবার্তায় তিনি লেখেন, ‘ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী বা তার ছাত্রসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এ পর্যন্ত র্যাবের ক্রসফায়ারের শিকার হননি। র্যাবের আরও রাজনৈতিকীকরণ ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ, এই সংস্থার প্রতিষ্ঠাকারী ও কর্তারা হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংসদ লুৎফুজ্জামান বাবর, যিনি ইসলামপন্থীদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযোগ রয়েছে এবং স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক, জামায়াতে ইসলামীর সঙ্গে যাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।’
‘শর্ট-টার্ম এক্সপিডিয়েন্ট’ হিসেবে ক্রসফায়ার যে আইন প্রয়োগ ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা যে রাজনীতির জন্য ভীষণ ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবার এটা বন্ধ করা দরকার। ভবিষ্যতে যাঁরা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাঁরাও যেন এই ধ্বংসাত্মক পন্থা অবলম্বন না করেন।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।