রাজনৈতিক দলে গণতন্ত্রচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ এইচ এম কামারুজ্জামান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ এইচ এম কামারুজ্জামান

১৯৭৪ সালের জানুয়ারির শেষ দিকে বলতে গেলে এক ঐতিহাসিক ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে দিলেন। এ পদে তিনি ছিলেন ১৯৬৬ সাল থেকে। তাঁর স্থানে এলেন এ এইচ এম কামারুজ্জামান, যিনি তখন ছিলেন বাণিজ্যমন্ত্রী। কামারুজ্জামান সভাপতি নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু ছাড়া আর যে কেউ হতে পারেন, তখন সেটা সাধারণ কর্মীদের তো দূরের কথা তাঁর দলের নেতারাও চিন্তা করেছেন কি না, সে বিষয়ে সন্দেহ আছে। এটা সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর কারণে। তিনি নিজে এই পদ ছেড়ে দেশের কাজে মনোযোগ দিতে চেয়েছিলেন। নতুন দলপতি মনোনয়ন এবং নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় দলের কাউন্সিল অধিবেশনে।
আমি তখন এ এইচ এম কামারুজ্জামানের প্রাইভেট সেক্রেটারি। সরকারি কর্মচারী হিসেবে দলীয় রাজনীতির কাছ থেকে দূরে থাকলেও মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমার সব সময়ই দলের নেতাদের সঙ্গে দেখা হতো, যখনই তাঁরা মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। তিনি আওয়ামী লীগের সভাপতি হবেন এ নিয়ে কিছু কানাঘুষা হলেও তা নিয়ে আমি বেশি চিন্তা করিনি; কারণ, আমার কাছে এটা সম্ভব মনে হয়নি। পরে যখন দলের সম্মেলন হলো আর এ এইচ এম কামারুজ্জামানের নাম সভাপতি হিসেবে প্রস্তাব এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো, তখন আর সবার মতো আমিও অবাক হয়েছি। দুটি কারণে; প্রথমত, বঙ্গবন্ধু নিজে থেকে সভাপতির আসন ত্যাগ করবেন, আর তা দলের নেতারা গ্রহণ করবেন—এটা অচিন্তনীয়। দ্বিতীয়ত, এ এইচ এম কামারুজ্জামান কথায় বা কাজে আমাদের কাছে এ ধরনের পরিবর্তনের কোনো আভাস দেননি, এমনকি এক মাস আগেও।
মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে এ এইচ এম কামারুজ্জামান আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। কিন্তু এর আগে তাঁর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়। ফেব্রুয়ারির শেষ দিকে একদিন কামারুজ্জামান আমাকে বললেন যে তাঁর পদত্যাগপত্র তৈরি করতে। আমি তা আনলে তিনি সেটিতে সই করে বললেন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে। তখন সন্ধ্যা পার হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় তখন মিন্টো রোডে, আর মন্ত্রীর সরকারি বাসস্থান হেয়ার রোডে। দুজনে গাড়ি করে গেলাম।
মন্ত্রী সোজাসুজি প্রধানমন্ত্রীর অফিসের দিকে গিয়ে ঢোকার আগে আমাকে বললেন তাঁর সঙ্গে থাকতে। তাই আমিও গেলাম ভেতরে। ঢুকে দেখলাম ভেতরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও তিনজন মন্ত্রী বসে। ঢুকতেই প্রধানমন্ত্রী নেমে এলেন চেয়ার ছেড়ে। লম্বা একটা সালাম দিয়ে কামারুজ্জামানকে সম্বোধন করে বললেন, ‘আসুন, সভাপতি সাহেব।’ কামারুজ্জামান হেসে বললেন, ‘এখনো দায়িত্ব নিইনি, নেব মন্ত্রিত্ব ছাড়ার পর।’ বঙ্গবন্ধু কৌতুক করে বললেন, ‘কেন দুটো একসঙ্গে করা যায় না?’ বলেই তাঁর স্বভাবসুলভ উচ্চ হাসি দিলেন। কামারুজ্জামান সাহেবও হেসে আমার হাতের দিকে তাকিয়ে বললেন, ‘এই যে আমার পদত্যাগপত্র।’ ইঙ্গিত পেয়ে আমি প্রধানমন্ত্রীর হাতে পত্রটি তুলে দিলাম।
পত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রী আমাকে বললেন কেবিনেট সেক্রেটারিকে ডেকে আনতে। কারণ, পদত্যাগপত্রের পর আনুষ্ঠানিকতা তিনি করবেন। কামারুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করলেন, তাঁর মন্ত্রিত্ব ত্যাগ করার পর আমি কোথায় যাচ্ছি; (কামারুজ্জামান সাহেবের প্রাইভেট সেক্রেটারি হিসেবে যোগ দেওয়ার আগে আমি ছয় মাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করি)। কামারুজ্জামান সাহেব উত্তরে বললেন, ‘আমার মনে হয় ও এখানেই ফিরে আসুক।’ এর উত্তর আমি শুনলাম না, কারণ এর আগেই আমি বেরিয়ে গেছি কেবিনেট সেক্রেটারিকে ডাকতে। পরে কামারুজ্জামান সাহেব আমাকে বললেন, আমার পরবর্তী কাজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে উপসচিব হিসেবে।
মন্ত্রী কামারুজ্জামান আওয়ামী লীগের সভাপতি হিসেবে এক বছর ছিলেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রে দলের সভাপতি সাধারণত তিন বছরের জন্য নির্বাচিত হন। কিন্তু এর ব্যতিক্রম হয় ১৯৭৫ সালে, এক ঐতিহাসিক পরিবর্তনে যখন দেশের সংবিধান বদলে একদলীয় রাজনীতি প্রবর্তিত হয়। আওয়ামী লীগের রূপান্তর হয়ে বাকশাল হলে বঙ্গবন্ধু এ নতুন দলের সভাপতি এবং বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এ এইচ এম কামারুজ্জামান আবার নতুন সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেন।
এরপর কী হতো, তা বলা কঠিন। কারণ, এর মাত্র ছয় মাস পর বঙ্গবন্ধু নিহত হন তথাকথিত সামরিক অভ্যুত্থানে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি এরপর নেতৃত্বে পরিবর্তন আনতেও পারতেন। অনুমিত হয়, যেহেতু নতুন সরকার পাঁচ বছর মেয়াদি থাকার কথা, এরপর হয়তো দলের আবার নতুন নেতৃত্ব আসতে পারত। কিন্তু এগুলো শুধু জল্পনা।
বাস্তব ছিল ভিন্ন। নতুন সামরিক সরকার সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করে দেয়। আওয়ামী লীগসহ সব দল কার্যত নিশ্চুপ থাকে ১৯৭৭ পর্যন্ত। এরপর রাজনৈতিক কার্যকলাপ শুরু হয় জেনারেল জিয়াউর রহমানের নতুন দল আবির্ভাবের পর। কিন্তু আওয়ামী লীগ বস্তুত এরপর কয়েক বছর বাঁচার লড়াই করছিল। সামরিক শক্তির সঙ্গে সংগ্রাম, নিজেদের মধ্যে আত্মকলহ ও দলের নেতৃত্বে দুর্বলতা দলটিকে বেশ নাজুক পরিস্থিতিতে নিয়ে এসেছিল। সাবেক স্পিকার আবদুল মালেক উকিল সামরিক আমলে তিন বছর আওয়ামী লীগের নেতৃত্ব দিলেও দলের অবস্থিতি বেশ দুর্বল হতে থাকে। এমন পরিস্থিতি থেকে দল পুনর্গঠন এবং একে পুনরায় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে শেখ হাসিনাকে যখন দলের কিছু প্রথম সারির নেতা অনুরোধ জানান, তিনি সে অনুরোধে সাড়া দিয়ে দলের সভাপতির দায়িত্ব হাতে নেন। সেই থেকে (১৯৮১) শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের সভাপতি আছেন। সম্প্রতি তাঁকে তাঁর দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্বার সভাপতি নির্বাচিত করেছে।
এই লেখা আওয়ামী লীগ সভাপতি নির্বাচন বা দলের ইতিহাস নিয়ে নয়, এর উদ্দেশ্য—আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা নিয়ে। দেখা গেছে, আমাদের দেশে ছোট-বড় সব দল এমনকি অন্যান্য সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ পরিচালনায় গণতন্ত্রচর্চার অভাব। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে নির্বাচনের মাধ্যমে দলে নেতা মনোনয়ন প্রায়ই অনুপস্থিত। দলের সভাপতি হিসেবে কোনো কোনো ক্ষেত্রে দলের সংহতির জন্য জনপ্রিয় এবং বিশেষ ক্ষমতাশীল ব্যক্তিত্ব দরকার হয়। কিন্তু এর স্থায়িত্ব দীর্ঘদিন হলে দলের ভবিষ্যৎ নেতৃত্বে সংকটের আশঙ্কা থাকে। এর প্রতিকার হচ্ছে দলে তৃণমূল থেকে গণতন্ত্র পরিচর্যা, প্রতিটি স্তরে নির্বাচনের মাধ্যমে নেতা নিযুক্ত করা, এবং প্রতিযোগিতার পরিস্থিতি নিশ্চিত করা। এই নিশ্চয়তা আসবে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে।
সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী তথা দলের সভাপতি শেখ হাসিনার বক্তব্য খুব আশাব্যঞ্জক। তিনি ইঙ্গিত করেছেন যে তিনি সভাপতি হিসেবে চিরদিন থাকছেন না। বলেছেন, তিনি তাঁর দলের পরবর্তী নেতা দেখতে চান অদূর ভবিষ্যতে। তাঁর দলের কর্মীরা অবশ্যই চাইবেন, তিনি সভাপতি হিসেবে থাকুন চিরদিন; এটি একটি আবেগপূর্ণ কথা। শেখ হাসিনা একজন দূরদর্শী নেত্রী। তাঁর দেশ ও দল নিয়ে যে চিন্তাভাবনা তা এ ধরনের আবেগপূর্ণ আবেদনের পরিপন্থী। তবে আমরা আশা করব—তিনি তাঁর প্রচেষ্টা শুধু দলের ভবিষ্যৎ নেতা বা নেত্রী গঠনেই সীমাবদ্ধ রাখবেন না, দলের প্রতিটি পর্যায়ে নেতা-কর্মী মনোনয়নে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার অনুশীলনও যাতে হয়, তা যেন তিনি নিশ্চিত করেন। এটাই হবে তাঁর দেশের জন্য রেখে যাওয়া মূল্যবান উত্তরাধিকার।
জিয়াউদ্দিন চৌধুরী: রাজনৈতিক ভাষ্যকার।