
সাংবিধানিক গণতন্ত্রে নির্বাচনব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাধারণ নির্বাচনের মধ্য দিয়েই প্রাপ্তবয়স্ক নাগরিকেরা প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সিঁড়ি তৈরি করে দেন। জনপ্রতিনিধিদের স্তোকবাক্যে হতাশ হলে নাগরিকেরা পরের নির্বাচনে গণেশ উল্টে দেন। অর্থাৎ নাগরিকেরা চান, তাঁদের পছন্দের দল সরকারে থাকুক। সেটা ভালোর ভালো দল হোক বা মন্দের ভালো।
রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সহজাত প্রবণতা হচ্ছে তারা সব সময় ক্ষমতার কেন্দ্রে থাকতে চায়। আমরা যতই ‘ওয়েস্টমিনস্টার’ পদ্ধতির সরকারব্যবস্থার কথা জোর গলায় বলি না কেন, এখানে সত্যিকার ওয়েস্টমিনস্টার পদ্ধতি কখনোই কার্যকর হয়নি। এ দেশে সংখ্যাগরিষ্ঠ দল সবকিছু পায়, বিরোধী দল সবকিছু হারায়। সে জন্য বিরোধী দলের বেঞ্চে বসার ব্যাপারে রাজনীতিবিদদের আগ্রহ কম। কে না জানে, আজীবন বিরোধী দলের কাতারে থাকতে হবে, এটা বুঝতে পেরে ১৯৭০ সালের নির্বাচনের পর পাকিস্তান পিপলস পার্টি বাগড়া দিয়ে পাকিস্তানভিত্তিক রাষ্ট্র ও সংবিধান-ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার সুষ্ঠু বিন্যাসে ও ভারসাম্য না থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হয় না।
২০০৮ সালের নির্বাচিত জাতীয় সংসদ ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা’ বাতিল করে সংবিধান সংশোধন করার ফলে রাজনীতিতে নতুন একটি সংকট তৈরি হলো। এই সংশোধনীর পেছনে রাজনৈতিক মতৈক্য না থাকার কারণে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব গেল আরও বেড়ে। প্রধান বিরোধী দল বিএনপি হুমকি দিল, ক্ষমতায় থেকে সরকার নির্বাচন দিলে তারা তাতে অংশ নেবে না। বিএনপির কথার নড়চড় হয়নি। ফলে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে আবারও সরকার গঠন করতে পেরেছিল। তখন থেকেই বিএনপি বলে আসছিল, তারা এই সরকারের বানানো নির্বাচন কমিশন তো বটেই, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না। তারা বরাবরই বলে এসেছে, বর্তমান সরকার হচ্ছে ‘বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকার’। তা এই ‘অবৈধ সরকারের’ অধীনে তারা একের পর এক স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। কোথাও জিতেছে, কোথাও হেরেছে। গত রোববার এই দলের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন ‘সংলাপে’ অংশ নিতে। হাসিমুখে ঢুকেছেন, হাসিমুখেই বেরিয়ে এসেছেন। বলা যেতে পারে, তাঁরা নির্বাচন কমিশনকে দলীয়ভাবে পুরোপুরি বৈধতা দিয়েছেন এবং তাঁদের শারীরিক ভাষা ও কথাবার্তা শুনে মনে হয়, আগামী সাধারণ নির্বাচনে তাঁরা অংশ নেবেন। তাঁদের একজন নেতা গণমাধ্যমে বলেছেন, বর্তমান অবস্থায় যেটুকু ‘স্পেস’ পাওয়া যায়, তার সদ্ব্যবহার করবেন তাঁরা। তাঁদের কথায় পরিমিতিবোধ ছিল লক্ষণীয়। বোঝা যায়, তাঁরা হার্ডলাইন থেকে সরে এসেছেন।
বিএনপির মূল দাবি হলো একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তী সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এ ধরনের সরকারের ফর্মুলা তারা এখনো দেয়নি। তবে আভাসে-ইঙ্গিতে যেটুকু বোঝা যায়, তাতে মনে হয় তাদের দাবি মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এটা আদৌ সম্ভব হবে কি না, তা নির্ভর করে নানা রকম অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপ এবং নানামুখী তৎপরতার ওপর। সংলাপ জারি থাকলেও চিত্রনাট্যটি এখনো দৃশ্যমান নয়। এ জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। সত্তরের নির্বাচনের আগে অধ্যাপক জি ডব্লিউ চৌধুরীর সঙ্গে কথা বলার সময় পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো একটা দামি কথা বলেছিলেন, ‘আমরা রাজনীতিবিদেরা ভাবি একটা, বলি আরেকটা।’ আমার মনে হয়, তিনি ম্যাকিয়াভ্যালির ‘প্রিন্স’ চরিত্রটি ভালোভাবেই বুঝেছিলেন। এটা আর বলার অপেক্ষা রাখে না, রাজনীতিবিদদের যদি একটি বর্গ বা গোষ্ঠী হিসেবে ধরা হয়, তাহলে তাদের প্রধান আরাধ্য হলেন ম্যাকিয়াভ্যালি, তারপর হলো সংবিধান। আমি রাজনীতিবিদদের অসম্মান বা খাটো করতে চাচ্ছি না। এটা রূঢ় বাস্তবতা।
নিরপেক্ষ, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা অনেক নির্বাচন দেখেছি। ১৯৭০ সালের নির্বাচনটি তো ছিল অনন্য। অবশ্য এটাকে একটা ভালো নির্বাচনের উদাহরণ হিসেবে উল্লেখ করতে গিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা একবার বিএনপির নেতাদের তোপের মুখে পড়েছিলেন। নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী, যে নামেই ডাকা হোক, তার অধীনে নির্বাচনের ফলাফল পরাজিত পক্ষ কখনোই সহজভাবে মেনে নেয়নি। অর্থাৎ ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন হলেও যাঁরা হেরে যাবেন, তাঁরা ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন। নির্বাচনের সময় ‘নিরপেক্ষ’ সরকারও রাজনৈতিক দলগুলোর কাছে নানামুখী চাপে থাকে। আমি এখানে দুটো নির্বাচনের উদাহরণ তুলে ধরব।
১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য বিএনপি জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল। এ জন্য বিএনপি এরশাদকে জেল থেকে প্যারোলে ছেড়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে চাপ দিয়েছিল। প্রধান উপদেষ্টা রাজি না হওয়ায় খালেদা জিয়া টেলিফোনে তাঁকে বলেছিলেন, ‘আপনি যদি এমন করেন, তাহলে পরে আপনাকে আমরা ঘরে থাকতে দেব না, দেশেও থাকতে দেব না।’ নির্বাচনের ফলাফল বিএনপি মেনে নেবে কি না, এ নিয়ে সন্দেহ ছিল। একটা খবর চাউর হয়েছিল, সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া নির্বাচনের ফল প্রত্যাখ্যান করতে যাচ্ছেন। ঢাকায় রাষ্ট্রদূতেরা চিন্তিত হলেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। তাঁদের দেখে বেগম জিয়া বিরক্ত হয়ে বাংলায় বলেন, ‘এরা কেন এসেছে? এরা কিছু জানে না, বোঝে না, শুধু মাতব্বরি করতে চায়।’ বেগম জিয়ার দোভাষী ইংরেজিতে বলেন, ‘আপনারা আসায় ম্যাডাম অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন।’ জাপানি রাষ্ট্রদূত বাংলা জানতেন, ফরাসি রাষ্ট্রদূত জানতেন জাপানিজ ভাষা। ফরাসি রাষ্ট্রদূতকে জাপানি রাষ্ট্রদূত খালেদা জিয়ার মন্তব্য তখনই জাপানিজে অনুবাদ করে শোনান। এই পাঁচ কূটনীতিক বেগম জিয়াকে নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করেন। বেগম জিয়া অবশ্য পরে ফলাফল মেনে নিয়েছিলেন, যদিও দলের পক্ষ থেকে ‘পুকুরচুরি’র অভিযোগ করা হয়েছিল (সূত্র: মহিউদ্দিন আহমদ, বিএনপি: সময়-অসময়, প্রথমা প্রকাশন)।
সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতি নির্বাচন করেছিল। আওয়ামী লীগের পছন্দের নির্বাচন কমিশনের অধীনেই ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলটির বিপর্যয় ঘটে। আওয়ামী লীগের ২৮ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ৫২ জন সাবেক সাংসদ এবং ২৪ জন সাবেক আমলা হেরে যান। প্রতিদ্বন্দ্বিতাকারী সামরিক বাহিনীর ১১ জন সাবেক জেনারেলের মধ্যে আটজনই পরাজিত হন। শেখ হাসিনা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘সূক্ষ্ম নয়, স্থূল কারচুপি করে ফলাফল বদলে দেওয়া হয়েছে।’ রাষ্ট্রপতি রাজনীতির কূটকৌশলে অভ্যস্ত নন। তিন মাস চুপচাপ থাকার পর ৪ জানুয়ারি ২০০২ তিনি মুখ খুললেন। তখন আর তিনি রাষ্ট্রপতি নন। তিনি ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর মুচলেকা দিয়ে আমি রাষ্ট্রপতির পদ গ্রহণ করিনি। ...তাদের সব কথা শুনলে আমি ফেরেশতা, নইলে আমি শয়তান। ...হেরে যাওয়ার পর তারা আমাকে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতির অধীনে পুনরায় নির্বাচন করার অনুরোধ করে। আমি তাতে রাজি হইনি।’ (সূত্র: মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, প্রথমা প্রকাশন, মহিউদ্দিন আহমদ, প্রাগুক্ত)।
একটি ‘নিরপেক্ষ’ সরকার যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে পারবে, ওপরের দুটো ঘটনায় তার নিশ্চয়তা পাওয়া যায় না। তাহলে একটা টেকসই নির্বাচনব্যবস্থা কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তিনটি জিনিস দরকার।
১. প্রার্থীরা (দল ও ব্যক্তি) যেন অবাধে প্রচার চালাতে পারেন, ২. ভোটাররা যেন অবাধে ভোট দিতে পারেন; এবং ৩. সব দল ও প্রার্থী যেন নির্বাচনের ফল মেনে নেন। প্রথম দুটো নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। যদিও তারা নানাভাবে সরকারি প্রশাসনের ওপর নির্ভরশীল, তবু তারা যদি শিরদাঁড়া সোজা রেখে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পরাজিত পক্ষ আহাজারি করলেও সাধারণ নাগরিকেরা কমিশনের পক্ষে থাকবেন। তৃতীয় বিষয়টির নিশ্চয়তা দিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। নির্বাচনে হেরে যাওয়া মানেই মৃত্যু বা আত্মহত্যা নয়, এটা তারা যেদিন বুঝবে, সেদিন থেকেই নির্বাচনের ফল আর প্রশ্নবিদ্ধ হবে না।
নির্বাচনের তোড়জোড় অনেক আগে থেকে শুরু হলেও নির্বাচনের আগের তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টিতে নির্বাচন কমিশন চালকের আসনে থাকে। তারা তাদের কার্যক্রম দিয়ে রাজনৈতিক দল ও ভোটারদের আস্থায় নিতে পারে। অতীতে তাদের অনেক কাজ নিয়ে সমালোচনা হয়েছে। এর দায়দায়িত্ব অনেকটাই তাদের। কথাবার্তা বলার সময় তাদেরও পরিমিতি বজায় রাখা দরকার। তাদের তো হারানোর কিছু নেই। বরং ভালো উদাহরণ তৈরির একটা সোনালি সুযোগ তাদের সামনে। আশা করি, তাদের মান ও মর্যাদা তারা নিজেরাই রক্ষা করবে।
কথা শুরু করেছিলাম নির্বাচন কমিশন আয়োজিত ‘সংলাপে’ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির অংশ নেওয়ার প্রসঙ্গ থেকে। আমার ব্যক্তিগত উপলব্ধি হলো, বিএনপি নির্বাচনে অংশ নেবে।তাদেরকিছু দাবি আছে, যা নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। বড় দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা এখানে জরুরি। টিভি ক্যামেরার সামনে কিছু নেতা যত আস্ফালনই করুন না কেন, পর্দার আড়ালে কথাবার্তা ও আলোচনা প্রবহমান থাকবে। আর রাজনৈতিক মতৈক্য থাকলে তো সংবিধান কোনো বাধা নয়। সংবিধানকে পাশ কাটিয়ে বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছিল। এ নিয়ে কোনো কুতর্ক হয়নি। সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান। নাগরিকদের যাতে ভালো হয়, দেশ যাতে সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে, সে জন্য যা প্রয়োজন তা-ই করতে হবে। দেশটা ১৬ কোটি মানুষের, কোনো দলের নয়।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।