রাজনৈতিক সহিংসতা আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জুন ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘রাজনৈতিক সহিংসতা আর নয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনআকবর আলি খান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার সুলতানা কামাল: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার হোসেন জিল্লুর রহমান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারতারানা হালিম: সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ এ কে আজাদ: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, টিআইবি বদরুল আলম খান: অধ্যাপক, সিডনি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক ও সমাজতত্ত্ব, অস্ট্রেলিয়া সূচনা বক্তব্যমতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো সঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: গত কয়েক মাসে ব্যাপক রাজনৈতিক সহিংসতা মানুষকে উদ্বিগ্ন করেছে। রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিভিন্ন ধরনের নাশকতা হয়। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় বাণিজ্যিক ভবন ও দোকানপাটে আগুন, ভাঙচুরসহ এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। দ্রুত এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আলোচনায় এসব বিষয় আসবে। এখন সূচনা বক্তব্য দেবেন মতিউর রহমান।মতিউর রহমান: সব সময় বাংলাদেশ একটি সৌহার্দ্য-সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু এ দেশের গত দুই দশকের ইতিহাস সুখকর নয়। দেশে সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ড ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পঞ্চাশ-ষাটের দশকে যদি ফিরে যাই, তাহলে দেখি কোনো সহিংসতায় হয়তো দু-চারজন মানুষের মৃত্যু হয়েছে। সে হত্যাকাণ্ডেই দেশে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যেত। আমরা একুশে ফেব্রুয়ারির কথা ভুলিনি। বাষট্টিতে এক-দুজনের মৃত্যুতে এখনো ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালন করি। উনসত্তরে আসাদ, মতিউরসহ দু-তিনজনের মৃত্যুতে দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমাদের অনেক দাবি আদায় হয়ে যায়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সহিংসতা বেড়েই চলেছে। এটি সব শ্রেণী-পেশার মানুষের জন্য ভীতি ও উদ্বেগের কারণ। এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন দেখলাম। মাত্র তিন মাসে সহিংসতার ঘটনা ঘটেছে ২৩০টি। এতে নিহত হয়েছে ১৭১ জন। আহত ব্যক্তির সংখ্যা ছয় হাজার ৪৪৯। তিন মাসে জাতীয়ভাবে হরতাল হয়েছে ১৪ দিন। সাত বিভাগে স্থানীয়ভাবে হয়েছে ৬৮ দিন। এর মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে। দেশের ইতিহাসে এ সময়ে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের বিচার হলো। এ বিচারের রায়ের পর মারা গেছে ১৩৭ জন। জামায়াত-শিবিরের সমর্থকদের আক্রমণে অনেক সহিংসতা হয়েছে। ৭০ জন সাধারণ মানুষের মৃত্যু হলো। জামায়াত-শিবিরের কর্মী মারা গেছে ৪৪ জন। পুলিশ ছয়জন। একজন গ্রামপুলিশ। নারী তিনজন। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক ১০ জন। দেশের ৪১টি জেলায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা হয়েছে। মন্দির, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানসহ ৪২০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের হেফাজতে মারা গেছে ৯৬ জন। র‌্যাবের ক্রসফায়ারে মারা গেছে চারজন। পুলিশের ক্রসফায়ারে মারা গেছে পাঁচজন। র‌্যাব-পুলিশের নির্যাতনে মারা গেছে ছয়জন। পুলিশের গুলিতে মারা গেছে ৩৯ জন। র‌্যাব-পুলিশের গুলিতে ১৪ জন। পুলিশ-বিজিবির গুলিতে মারা গেছে ২৩ জন। যৌথ বাহিনীর গুলিতে মারা গেছে পাঁচজন। পরে হেফাজতে ইসলামের ডাকা অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে মতিঝিল এলাকাসহ বিরাট এলাকাজুড়ে যে ধরনের সহিংস ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে তা বিস্ময়কর। এসব নির্মম সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসার পথ কী? রাজনৈতিক বিরোধ, সভা-সমাবেশ, আন্দোলন-সংগ্রাম—সবকিছুই একটা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে হওয়া দরকার। এ রকম নৃশংস মৃত্যু, হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও আমরা দেখতে চাই না। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, এনজিও, সাধারণ মানুষ—সবার করণীয় কী? শেষ বিচারে রাজনৈতিক দল এবং সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধ করা। আওয়ামী লীগ-বিএনপি কোনো দলের কাছ থেকেই সহিংসতা চাই না। স্বাধীনতার পর উগ্র বামপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনা জানি। জাসদের সহিংস কর্মকাণ্ডের কথাও জানি। ১৯৯১ সালে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে পাই। আজ ২২ বছর পর এ ধরনের ঘটনা সবাইকে হতাশ করে। এর প্রধান দায়িত্ব সরকারসহ অন্যান্য রাজনৈতিক দলের। আমরা চাই, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢভাবে আশা করব।হোসেন জিল্লুর রহমান: দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে শান্ত বাংলাদেশের ইমেজ। সহিংসতার ধরন পাল্টেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল অশান্ত হচ্ছে। বিদেশে দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। আলোচনাকে অর্থবহ করা জরুরি। কেবল একমাত্রিক ঘটনা নিয়ে আলোচনা করলে হবে না। ঘটনা কেন ঘটে? কে ঘটায়? পেছনে কারা থাকে—এসব বিষয় আলোচনায় আসতে হবে। রাজনৈতিক সহিংসতার চারটি মাত্রা আলোচনার মধ্যে আসা দরকার। এক. সহিংসতার ঘটনা ও ধরন। নতুন নতুন গোষ্ঠীর আবির্ভাব। সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা। দুই. রাষ্ট্রক্ষমতার সহিংস ব্যবহার। পুলিশের আচরণে সহিংসতার প্রকাশ দেখা যায়। তিন. অস্বাভাবিকভাবে রাষ্ট্রীয় মামলা-মোকদ্দমার বিস্তার ঘটেছে। একজন একটি মামলা করছে। প্রতিপক্ষ একাধিক মামলা করছে। নাগরিকের নিরাপদবোধ করার জায়গাটি সংকুচিত হয়ে আসছে। একজন নিরীহ মানুষ ঘটনাচক্রে সহিংসতার মধ্যে পড়ে যাচ্ছে। চার. রাজনৈতিক নেতৃত্বের উগ্র ও উচ্ছৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া। সর্বোচ্চ পর্যায়ের উচ্ছৃঙ্খল আচরণকে প্রতিহত না করে বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে এরা আরও উগ্র আচরণ করছে । আজ সব ক্ষেত্রে সুশীল সমাজের একটা বড় ভূমিকা রয়েছে। যে আলোচনায় কোনো ফল আসে না, এমন গতানুগতিক আলোচনার মধ্যে থাকলে হবে না। স্পর্শকাতর বলে আলোচনায় আনা যাবে না—এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সব বিষয়ে ফলপ্রসূ ও বলিষ্ঠ আলোচনা করতে হবে। এখন বাংলাদেশে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর। এটিই একমাত্র আলোচ্য বিষয় নয়; আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে হবে। এক. সুশাসনের চরম ধস। কারণ, নির্বাচনের দিন কেবল গণতন্ত্র আর বাকি সময় সহিংসতা, অস্থিরতা—সাধারণ মানুষ এসব চায় না। অস্বাভাবিক মাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। অসম্ভব ক্ষমতাধারী হলে যে কেউ অবধারিতভাবে স্বেচ্ছাচারী হবে। সুশাসনসংশ্লিষ্ট সব বিষয় ব্যাপকভাবে আলোচনায় আনতে হবে। দুই. অর্থনীতির ওপর বিরূপ প্রভাব। আমাদের গলদপূর্ণ রাজনীতি, কিন্তু বেগবান অর্থনীতি। গত ২০ বছর একটা ধারায় দেশ এগিয়েছে। বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও অর্থনীতি এগিয়েছে। এখন আমরা ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধির চক্রে আটকা পড়ে যাচ্ছি। মানবসম্পদ, দারিদ্র্যবিমোচন ও শিক্ষা ক্ষেত্রে এগিয়েছি। দীর্ঘমেয়াদে এ অর্জন ধরে রাখা সম্ভব হবে না। প্রবৃদ্ধি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে আটকা পড়ার অন্যতম কারণ সহিংস রাজনীতি ও রাষ্ট্রযন্ত্রের অদক্ষতা। আজ নাগরিক সমাজের পক্ষ থেকে কেবল নিরাপদ আলোচনা করলে হবে না, স্পর্শকাতর বিষয় নিয়ে জোরালো ও ফলপ্রসূ আলোচনা করতে হবে।সুলতানা কামাল: নাগরিক সমাজ যে কথা বলছে না, তা নয়। যার যার অবস্থান থেকে কথা বলছে। কিন্তু আমরা কার জন্য কথা বলব? কার জন্য সোচ্চার হব? নাগরিক সমাজের কথা একটা জায়গায় পৌঁছাতে হবে। এবং সেখান থেকে একধরনের প্রতিক্রিয়া আসতে হবে। কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া লক্ষ করছি না। বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনায় নাগরিক সমাজ কথা বলছে। এ কথা বলা যতটা জোরালো হওয়া দরকার, ততটা হয়তো হয়নি। যতটুকু কথা বলা হয়েছে, তার জবাব পাইনি; বরং নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আমার কথা বলতে পারি। চিৎকার করতে পারি। রাস্তায় নামতে পারি। প্রাণ দিতে পারি। কিন্তু দিনের শেষে কাজটি করতে হবে রাজনীতিবিদদের। এ বছরের প্রথম তিন মাসের মৃত্যুর একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যাই বেশি। মানুষ তার নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছে। তার প্রাণ রক্ষা পাবে কি না, সম্পদ রক্ষা পাবে কি না, স্কুলে পাঠানো সন্তানটি ফিরে আসবে কি না—বিভিন্ন রকমের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এটা গেল এক দিক। মানুষের কথা বলায় নিরাপত্তাবোধ, একত্র হওয়ায় নিরাপত্তাবোধ। আমার পরিবারের কাছ থেকে সব সময় সতর্কবার্তা পাই, ‘তুমি একটু সাবধানে কথা বোলো।’ আমাকে অনেকেই বলেন, ‘আপা, আপনি আমাদের কথাটাই বলেছেন, কিন্তু আমরা বলতে পারছি না।’ এ অবস্থা আমাদের কী সংকেত দেয়? গণতান্ত্রিক যে আবহাওয়াটা ছিল সেটা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। বিভিন্নভাবে নাগরিক সমাজের সুযোগগুলো বাধাগ্রস্ত হচ্ছে। একজন ব্যক্তির খুশি-অখুশির ওপর নির্ভর করছে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। মন্ত্রী ও সাংসদেরা পর্যন্ত বলেন, ‘আপা, সুযোগ পেলে এ কথাটি বলবেন।’ সঠিক কথা তাঁরাও সাহস করে বলতে পারছেন না। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে প্রায় অকার্যকর করে ফেলেছি। আইন ও সালিশ কেন্দ্রকে বিচার বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়। বিচার বিভাগ কীভাবে এর স্বকীয়তা হারিয়েছে, আমরা পদে পদে বুঝতে পারি। জনস্বার্থে মামলা করে থাকি। চোখের সামনে দেখি, কী করে তদন্ত প্রতিবেদন আটকে যায়। কী করে আদালত পর্যন্ত পৌঁছায় না। আদালতে পৌঁছালে কীভাবে এর ভুল ব্যাখ্যা হয়। এখানেও কাজ করছে, কে কোন অবস্থান থেকে কোন লড়াইটা করছে। যেকোনোভাবেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতার মধ্যে কিছু মানুষ আছে। তাদের স্বার্থ দেখাই আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এর বাইরের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় নাগরিক সমাজ মনে করছে, যেখানে কার্যকর ফলাফল নেই, সেখানে বলে কী হবে? এর বিকল্প কী? আন্দেলন? আবার কেউ কেউ বলেন বিপ্লব। বিপ্লব ছাড়া কিছু হবে না। বিপ্লব বাদই দিলাম। চারটি সিটি করপোরেশনে জাতীয় নেতৃত্বের চরম ব্যর্থতার প্রভাব পড়েছে। মুক্তিযুদ্ধের কথা বলে আজকে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। সংসদ হচ্ছে জনগণের সবচেয়ে বড় আশা-ভরসার জায়গা। নাগরিক সমাজকে উদ্যোগ নিতে হবে, সংসদে যেন কোনো প্রকার অশালীন ও অগ্রহণযোগ্য আলোচনা না হয়। সংসদে আলোচনার মধ্যে সাম্প্রদায়িকতা, সহিংসতা ও হুমকি আসে। তাঁদের কথার মধ্যে জনগণের প্রতি অবজ্ঞা আসে। পরস্পরের প্রতি অবিশ্বাস-অবজ্ঞা আসে। তাঁদের উচ্চারণে মানুষের নৈতিকতায় আঘাত আসে। জাতিকে নিম্নপর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করেন। তাঁরা অনবরত নাগরিক সমাজকে দোষারোপ করতে থাকেন, ‘আমরা নাকি দেশে বিরাজনীতিকীকরণ করতে চাই। রাজনীতিকদের হেয় করতে চাই।’ আমি স্পষ্টভাবে জোর দিয়ে বলতে চাই, রাজনীতিকদের হেয় করার জন্য তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন নেই। তাঁরা নিজেরাই এ কাজের জন্য যথেষ্ট। তাঁরা নিজেরা নিজেদের যেভাবে হেয় করছেন, তৃতীয় পক্ষের সাধ্যেও কুলাবে না সেভাবে হেয় করার। এটা একধরনের সহিংসতা। এ সহিংসতা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে। একেবারে নাম ধরে ধরে নাগরিক সমাজকে বিচ্ছিন্ন করা হয়। তাঁরা যে অসুবিধার মধ্যে পড়বেন, সে ইঙ্গিতও দেওয়া হয়। শীর্য পর্যায়ের নেতৃত্ব থেকে হুমকিধমকি দেওয়া হয়। ভীতসন্ত্রস্ত করা হয়। এ কারণে অন্যরা সব সময় হিসাব কষতে থাকেন, তাঁরা কাদের সঙ্গে থাকলে নিরাপদ থাকবেন? জনগণের করের টাকায় পরিচালিত পবিত্র সংসদে বসে অশালীন কথা বলা হয়। তার বিরুদ্ধে নাগরিক সমাজকে ভূমিকা নিতেই হবে। আজকে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা চলছে। দুদকের চেয়ারম্যানও বলেছেন, তাঁর প্রতিষ্ঠান ছিল নখদন্তহীন বাঘ। কেউ সরকারবিরোধী কোনো কিছু করলেই তাঁকে রাষ্ট্রবিরোধী হিসেবে ধরে নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ কে আজাদ: রাজনৈতিক সহিংসতায় গত বছর থেকে এ বছর অর্থনীতি পিছিয়েছে। গত ১৯ জুন বাংলাদেশ ব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। ২০১১-১২ অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমদানি ছিল ২ হাজার ৯০০ কোটি ৮০ লাখ ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ ২ হাজার ৮০০ কোটি ডলার। রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮০০ কোটি ডলার। কিন্তু রপ্তানি হয়েছে ২ হাজার ৪০০ কোটি ডলার। মূলধন জাতীয় যন্ত্রপাতি আমদানি গত বছর ছিল (+) ২১ দশমিক ৩৭ শতাংশ। এবার (-) ১৫ দশমিক ৫৪ শতাংশ। শিল্পের কাঁচামাল গত বছর ছিল (+) ১১ দশমিক ৯ শতাংশ। এবার (-) ৩ দশমিক ৪৯ শতাংশ। বেসরকারি খাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ঋণ গত বছর ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। এ বছর ৭ দশমিক ৯২ শতাংশ। এসব কারণে এ বছর জিডিপি ৬ শতাংশের নিচে আসবে। রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলে নিশ্চিতভাবে জিডিপি কমপক্ষে ৮ শতাংশ হবে। প্রতিবছর ২০ লাখ মানুষ চাকরিপ্রার্থী হচ্ছে। এর ১০ লাখ চাকরি পাচ্ছে। ১০ লাখ বেকার হচ্ছে। এ বছর রাজনৈতিক সহিংসতার জন্য কর্মসংস্থান আরও কম হবে। বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ৩০০ কোটি ডলার, সেখানে বিনিয়োগ হয়েছে ১০০ কোটি ২০ লাখ ডলার। কিন্তু শিল্পে তেমন বিনিয়োগ হয়নি। ২০২১ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ। এটা করতে হলে আরও ২ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে। বেসরকারি খাতে কোনো বিনিয়োগ হচ্ছে না। সেখানে বিদেশিরা কেন বিনিয়োগ করবে? আমলাতন্ত্রের যে যেখানে আছে সবাই সরকারের ইচ্ছে অনুযায়ী কাজ করছে। এই প্রশাসন দিয়ে ৮ শতাংশ জিডিপি অর্জন সম্ভব নয়। এখন পরিবর্তন আসবে কীভাবে? আমরা যদি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বক্তৃতা, আলোচনা করি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। পৃথিবীর কোথাও আসেনি। বর্তমান দলগুলো মানুষের আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তাই এখন বিভিন্ন পেশার মানুষকে একত্র করে রাস্তায় নামতে হবে। টিআইবি একটা ফর্মুলা দিয়েছিল, সেটা কেউ মানেনি। টিআইবিও এটা নিয়ে বিতর্ক করেনি। রাজনীতিকীকরণ হওয়ার ভয়ে রাস্তায় নামেনি। তাহলে এককভাবে কেউ কিছু করতে পারছে না। তাই বিভিন্ন পেশার লোকদের নিয়ে সম্মিলিতভাবে একটা ভালো বিষয় নিয়ে মাঠে নামতে হবে। কাউকে না কাউকে সে দায়িত্ব নিতে হবে। ঝুঁকি নিতে হবে। তাহলে একটা পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। বদরুল আলম খান: দেশে দিন দিন সহিংসতা বাড়ছে। এ ক্ষেত্রে রাষ্ট্র একটি অংশগ্রহণমূলক ভূমিকা পালন করছে। আবার যাঁরা জনগণের প্রতিনিধি, তাঁরাও সহিংস আচরণ করছেন। এ দুই পক্ষের সহিংসতার জন্য অস্থিরতা বিরাজ করছে। একজন রাষ্ট্রবিজ্ঞানীর মতে, ‘রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দিতে হবে।’ বিরোধী দলও তার সহিংসতার ধরন পরিবর্তন করেছে। এখনকার সহিংসতায় পুলিশকে অমানবিকভাবে মারা হচ্ছে। পুলিশকে মারার অর্থ হচ্ছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। মিটিং-মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। সরকার, বিরোধী দল সবাই সহিংসতার ধরন পরিবর্তন করেছে। দুই পক্ষের সংঘর্ষের অর্থ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র দুর্বল। আমলাতন্ত্র দলীয়করণের এক চরম জায়গায় পৌঁছেছে। এখান থেকে আমলাতন্ত্র জনগণের কোনো মঙ্গল করতে পারবে না। এ কারণে সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই । মানুষও ভাবে না, এ আমলাতন্ত্রের মধ্য দিয়ে তাদের কোনো উপকার আসবে। অর্থাৎ, রাষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ব্যর্থতা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো প্রয়োজন। তা না হলে রাষ্ট্র বড় ধরনের সংকটের মধ্যে পড়তে পারে। রাষ্ট্র বলতে সরকার, কিছু সরকারি সংস্থা ইত্যাদিকে বোঝায় না। আধুনিক কালে রাষ্ট্র গড়ে উঠেছে কিছু কল্পনার ভিত্তিতে। যেমন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় আমাদের কল্পনা ছিল আমরা মুসলমান। তাই আমরা একটি পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছিলাম। ১৯৭১ সালে আমাদের এ কল্পনা ভেঙে গেল। বিভিন্ন ধরনের শোষণ ও অত্যাচারের জন্য আমরা পাকিস্তানিদের সঙ্গে থাকলাম না। তখন আমাদের একটি নতুন জাতি গঠনের কল্পনা হলো। এ কল্পনা থেকেই বাংলাদেশ রাষ্ট্র। আজকে এ কল্পনাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। একটি ধর্মভিত্তিক রাষ্ট্রকাঠামোর কল্পনা করা হচ্ছে। এটাই হলো সহিংসতার একটি অন্যতম কারণ। ধর্ম নিয়ে আগে কী হয়েছে। মোগল আমল শেষে মুসলমানদের আত্মপরিচয়ের সংকট তৈরি হলো। এ জন্য মুসলমানরা নিজেদের দায়ী করল। তারা ভাবল, ধর্মের নিয়মকানুন ঠিকভাবে পালন না করার জন্য তাদের এমন হয়েছে। এটা হলো একটা মৌলবাদী ধারা। স্যার সৈয়দ আহমেদসহ অন্যরা বললেন, ইংরেজি শিখতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়ব। আফগানিস্তানসহ কিছু মুসলিম দেশের সহিংস ঘটনা আমাদের প্রভাবিত করেছে। এক ধরনের আধ্যাত্মিক ও সুফিবাদের ধারণার মধ্যে এখন আর আমরা নেই। এ কারণে ঘটনা কেবল সহিংসতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের দিকে যাবে। বিভেদ সৃষ্টিকারী ইস্যুগুলোর সমাধানের ক্ষেত্রে সুশীল সমাজ ভূমিকা নিতে পারে। সুশীল সমাজ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে কাজ করছে। কিন্তু আমাদের মূল সমস্যা আত্মপরিচয়ের। আমাদের পরিচয় কি ধর্মের ভিত্তিতে? না জাতির ভিত্তিতে? তা স্পষ্ট করার দায়িত্ব সুশীল সমাজের নেওয়া দরকার। রাষ্ট্র একটি লৌহপ্রাচীর তৈরি করেছে। এটি ভেদ করে সুশীল সমাজের কিছু করাও কষ্টসাধ্য। দেশে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা বিরাজ করছে। এক. রাষ্ট্র অত্যন্ত দুর্বল। দুই. উগ্রবাদী ধর্মীয় ধারার আবির্ভাব। তিন. নাগরিক সমাজের কথা বলার ক্ষেত্র সীমিত। সিডনিতে বাঙালির সংখ্যা প্রায় ৫০ হাজার। দেশের মানুষের মতো তাদেরও বর্তমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা নেই। তারাও ভাবছে, নতুন একটা রাজনৈতিক দল দেশের উন্নয়নের দায়িত্ব নিক।তারানা হালিম: প্রতিটি দলকে ভাবতে হবে, দল আগে, না রাষ্ট্র আগে? রাষ্ট্র আগে হলে জ্বালাও-পোড়াও করব না। মানুষ হত্যা করব না। রাষ্ট্রের সম্পদ ধ্বংস করব না। আমাদের রাজনীতিতে দল আগে। তাই সহিংসতা কোনোভাবে বন্ধ হয় না। দল আগে মানেই হলো ক্ষমতার রাজনীতি। যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। এর জন্যই যত সহিংসতা। আমরা যখন মানবিক কোনো আন্দোলন করি, তখন আমাদের কথা কেউ শোনে না। কারণ, আমরা গাড়ি ভাঙি না। সহিংসতা করি না। কিন্তু গাড়ি ভাঙলে, সহিংসতা করলে তাদের কথা সবাই শোনে। এটাই আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এখানে সরকারের অনেক সমালোচনা করা হয়েছে। কিন্তু সরকার ভালো কাজও করেছে। সেগুলো বলা হয়নি। ভালো-মন্দ দুই দিক আলোচনা হওয়া উচিত। কেবল সমালোচনা করা ঠিক নয়। আমরা রেলের জন্য বড় বরাদ্দ দিয়েছি। রেলের উন্নয়ন হচ্ছে। অথচ ছয় দিনের সহিংসতায় প্রায় নয় কোটি টাকা ক্ষতি হলো। আগে হাসপাতাল, সাংবাদিক ও পরীক্ষা হরতালের বাইরে রাখা হতো। আর এখন অ্যাম্বুলেন্স থামিয়ে রোগী নামানো হচ্ছে। পরীক্ষার দিনগুলোয় হরতাল দেওয়া হচ্ছে। ক্ষমতার বাইরে থাকলে প্রত্যেকে হরতাল সমর্থন করে। হরতাল ডাকা গণতান্ত্রিক অধিকার। ঘর থেকে বের হওয়াও গণতান্ত্রিক অধিকার। তাহলে ঘর থেকে বেরোলে কেন সহিংসতার শিকার হতে হয়? হরতালের নামে অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করা কোন গণতন্ত্র? বিশ্বজিতের হত্যাকাণ্ড ও পুলিশের হত্যাকাণ্ড বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। মানবাধিকারকেও সমান ভূমিকা নিতে দেখছি না। বিশ্বজিতের হত্যাকাণ্ড আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। আসামিরা ধরা পড়েছে। বিশ্বজিৎ হত্যার বিচার হচ্ছে। পুলিশকেও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বিশ্বজিতের হত্যাকাণ্ডের বিচার যেভাবে দাবি করব, ঠিক একইভাবে পুলিশের হত্যাকাণ্ডের বিচারও দাবি করব। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এখন বোমা, ককটেল, আগুন, হত্যাকাণ্ড ইত্যাদির মধ্যে সন্ত্রাস সীমাবদ্ধ নেই। সংসদের মতো পবিত্র স্থানেও বাক্য-সন্ত্রাস হচ্ছে। বিরোধী দলের একজন নারী সাংসদ প্রচণ্ড অশালীন ভাষায় গালি দিলেন। আমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন কারও মুখে কোনো দিন এ ধরনের গালি শুনিনি।আজকে সংসদে বসে এ ধরনের গালি শুনতে হলো। সংসদে সরকারি দলের ওয়াকআউট করার সুযোগ থাকলে ওয়াকআউট করতাম। কিন্তু আমরা ছি ছি করলাম। এ গালির বিপরীতে আমি ব্যক্তিগতভাবে কোনো উত্তর দিতে চাইনি। যিনি এ কাজ করেছেন, তিনি নিজেই এর জন্য ছোট হবেন। আমি পয়েন্ট অব অর্ডারে পাঁচবার মাইক চেয়েছি। আমি বলতে চেয়েছিলাম, ‘এই জঘন্য অশালীন কথার জবাব যেন কেউ না দিই।’ তাঁরা প্রতিপদে নারীদের হেয় করছেন। তাদের চরিত্র হনন করছেন। অথচ একজন পুরুষ অন্য পুরুষ সম্পর্কে অশালীন মন্তব্য করে না। বুঝতে শেখার পর থেকে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছি। কোনো ধরনের অগণতান্ত্রিক শক্তির কথা ভাবতে পারি না। আমাদের সবকিছুর মধ্যে দল ঢুকে গেছে। নাগরিক সমাজকে দলনিরপেক্ষভাবে এগিয়ে আসতে হবে। দলের আগে রাষ্ট্রকে স্থান দিতে হবে। সর্বোপরি সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করতে হবে।ইফতেখারুজ্জামান: নাগরিক সমাজের সোচ্চার হওয়াই সমাধান নয়। সংবিধানে আছে, সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণকে জেগে উঠতে হবে। নাগরিক সমাজ বলতে বিশেষ কিছু মানুষকে বোঝায় না। পেশাজীবীসহ সবাইকে নিয়ে নাগরিক সমাজ। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা নাগরিক সমাজকে শত্রু ভাবছেন। রাজনৈতিক সহিংসতার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। এর মূল বিষয় হচ্ছে ক্ষমতার রাজনীতি। দেশের একটা বড় সমস্যা হচ্ছে, রাজনীতি, পুঁজি, বিনিয়োগ, ব্যবসা, মুনাফা সব এক হয়েছে। এ জন্য যেটা রাজনীতি, সেটা ব্যবসা। যেটা ব্যবসা, সেটাই রাজনীতি। এর মধ্যে কিছু মানুষ সুস্থ ধারার রাজনীতি করতে চান। তাঁরা অস্তিত্বের সংকটে আছেন। জনসেবা বা জনস্বার্থে রাজনীতি। অধিকাংশ রাজনীতিবিদ এটা মনে করেন না। অন্য যেকোনো বিষয়ের মতো রাজনীতিতে শুভ ও অশুভ আছে। শুভ রাজনীতি দেশের অর্জনের ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছে। মুনাফা অর্জনের হাতিয়ার হওয়ার জন্য রাজনীতিতে অশুভ দিক এসেছে। বাংলাদেশের প্রথম সংসদে মাত্র ১৮ শতাংশ ব্যবসায়ী ছিলেন। আজকে প্রত্যক্ষ ব্যবসায়ীর সংখ্যা ৬০ শতাংশ। পরোক্ষভাবে আরও আছে। সবাই মুনাফার জন্য রাজনীতি করেন না। আমাদের রাজনীতিতে দুটি নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। এক. সব ধরনের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ মহলকে খুশি করার প্রবণতা থাকে। দুই. রাজনীতি প্রচণ্ড রকমের সাংঘর্ষিক। পৃথিবীর অন্য কোনো দেশে এমন আছে কি না জানা নেই। এই সংঘর্ষ মোটেই রাজনৈতিক ইস্যুকেন্দ্রিক নয়, এটা ব্যক্তিকেন্দ্রিক ইস্যু। পরস্পর বিপরীতমুখী অবস্থান। এমনকি সামাজিক অনুষ্ঠানেও তাঁরা কথা বলেন না। ব্যক্তিকেন্দ্রিক বিষয় নিয়ে দুটি দলের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ-সহিংসতা সৃষ্টি হয়। এর ফল হলো জেতার রাজনীতি। ক্ষমতায় থাকতেই হবে। জিততেই হবে। ক্ষমতায় থাকলে সুবিধা এত বেশি যে কেউ ক্ষমতার বাইরে থাকতে চায় না। বিনিয়োগ হোক বা না হোক, ক্ষমতায় থাকলেই মুনাফা পাওয়া যায়। অন্যদিকে, হারলে যে ক্ষতি, সেটি এত ভয়াবহ যে কেউ হারার ঝুঁকি নিতে চায় না। ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত হুমকির মুখে পড়ে যায়। এই রাজনৈতিক কাঠামোতে জেতার কোনো বিকল্প নেই। এসব কারণে যে দল জেতে, সংসদে তাদের একচ্ছত্র আধিপত্য থাকে। তারা মনে করে, জনগণ তাদের ভোট দিয়েছেন একচ্ছত্রভাবে সংসদকে ব্যবহার ও রাষ্ট্রক্ষমতা ভোগ করার জন্য। যেসব দল হেরে যায়, তারা মনে করে, তাদের কিছু করার নেই। তাই তারা সংসদে অনুপস্থিত থাকে। সংসদে অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে। সংসদ বর্জনও অশালীন। যে শক্তির কখনো সামনে আসার কথা নয়, এ দুটি দলের ব্যর্থতার জন্য তারা সামনে এসেছে। গণজাগরণ মঞ্চ পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম দৃষ্টান্ত হতে পারত। রাজনৈতিক ব্যর্থতার জন্য সেটা দুর্বল হয়েছে। এ সবকিছুর মূলে রয়েছে কীভাবে ক্ষমতায় থাকা যায়।আকবর আলি খান: রাজনৈতিক সহিংসতা কেন বন্ধ হচ্ছে না? বিভিন্ন জন বিভিন্ন মত দেবেন। এখানে তিনটি কারণ বলতে চাই। এক. যেখানে রাজনৈতিক সহিংসতা থাকে, সেখানে মানুষের অধিকার থাকে না। আইনের শাসন থাকে না। আমাদের সাংবিধানিক অধিকারগুলোকে নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। দুই. সহিংসতার শিকার হয় নিরীহ, প্রান্তিক ও গরিব মানুষ। সহিংসতায় বড়লোকের কোনো ক্ষতি হয় না। তিন. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সহিংসতা বন্ধ করতে হবে। দেশের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধকে রক্ষা করতে চাইলে সহিংসতা বন্ধ করতেই হবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানবাধিকার, শিক্ষা, দারিদ্র্য নিরসনসহ সব উন্নয়নের সূচক সহিংসতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহিংসতার বড় কারণ হলো সরকার অত্যন্ত শক্তিশালী। ধর্মনিরপেক্ষতার বিপরীত শক্তি আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকে ভয় পাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বাধাপ্রাপ্ত হতে পারে। এ ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের ৫ থেকে ১০ শতাংশের বেশি মানুষ সমর্থন করে না। ৯০ শতাংশ মানুষ যে মূল্যবোধে বিশ্বাস করে, ৫ থেকে ১০ শতাংশ মানুষ এর কিছুই করতে পারে না। ১৯৭১ সালের সাম্প্রদায়িকতা ও আজকের ধর্মান্ধতার মধ্যে পার্থক্য আছে। ১৯৭১ সালের সাম্প্রদায়িকতা ছিল ঊনবিংশ শতাব্দীর ওয়াহাবি মতবাদের কারণে। আজকের ধর্মান্ধতা হচ্ছে বিশ্বায়নের কারণে। আজকে আধুনিক বিশ্ববিদ্যালয়ে পড়েও অনেকে ধর্মান্ধ হচ্ছেন। এটা কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বাইরে যাঁরা উচ্চশিক্ষা নিয়েছেন, তাঁদের মধ্যেও এ ধর্মান্ধতা ছড়িয়েছে। আজকে ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এ শক্তি মাথাচাড়া দিয়েছে। এসব মোকাবিলার একমাত্র শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। এ চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য যেকোনো মূল্যে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে। কোনো কারণে গণতন্ত্র বিপন্ন হলে মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হবে। তখন অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকবে। যেকোনো দেশে ৫ থেকে ১০ শতাংশ মানুষ ভিন্ন মতাবলম্বী থাকবেই। বাংলাদেশেও তা-ই আছে। এটা কোনো মাথাব্যথার কারণ নয়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন। এ সুযোগে এই ৫ থেকে ১০ শতাংশ মানুষ রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আজকে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মতের প্রতিফলন দেখতে পাই না। এখানে সমাধানের কথাও এসেছে। পৃথিবীতে অনেক সমস্যা আছে, যার কোনো দ্রুত সমাধান নেই। তবে আমাদের অনেকগুলো সোজা সমাধান আছে। এগুলো কখনোই ব্যবহার করছি না। সংসদে গালিগালাজ দেওয়া হয়। যেকোনো একটি দল যদি দুই মাস অশালীন কথা না বলে, তাহলে অপর দল এমনিতেই গালিগালাজ বন্ধ করবে। বহুবার বলেছি, এটা কেউ শোনেনি। দেশের বড় সংকটের সময় অন্যান্য দেশে সর্বদলীয় সভা হয়। আমাদের দেশে কোনো দল আজ পর্যন্ত সংকটের সময় কোনো সর্বদলীয় সভা করেনি। কোনো সংস্থা অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। মানবাধিকার কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সরকারের একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে হবে। এগুলো সবই স্বল্পমেয়াদি সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গণতন্ত্রকে ঢেলে সাজাতে হবে। যখন বলি, বাংলাদেশের ক্ষমতা একটি অফিসে কেন্দ্রীভূত, তখন কোনো ব্যক্তিকে বলি না। ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ব্যবস্থাকে বলি। আমাদের ব্যবস্থা হচ্ছে, ‘যে যায় লঙ্কায়, সে হয় রাবণ।’ সবার ক্ষেত্রে একই অবস্থা হবে। আমি অর্থমন্ত্রীর সঙ্গে একমত, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতির মাধ্যমে সমাধান করতে হবে। আব্দুল কাইয়ুম: রাজনৈতিক সহিংসতা বন্ধের বিষয়ে বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সহিংসতা কেন হয় সেদিকটি আলোচনায় এসেছে। সহিংসতা বন্ধে বিভিন্ন পরামর্শ, দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো বিবেচনায় নেবে বলে আমাদের বিশ্বাস। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।