
‘নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে র্যালি করা যাবে না। আজকের দিনটির জন্য আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নেব, দুঃখ প্রকাশ করব।’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত মঙ্গলবার রাজধানীতে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানের ফলে যে যানজটের সৃষ্টি হয়, সেই পটভূমিতে ওবায়দুল কাদেরের এই ক্ষমাপ্রার্থনা। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ঘোষণা দিয়েছেন, তাঁরা শুক্রবার, শনিবার বা ছুটির দিন ছাড়া আর সমাবেশ করবেন না।
এই দুই ঘোষণাকেই আমরা স্বাগত জানাই। বস্তুত তিন ঘোষণা: এক নম্বরটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার—রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না। আমরা মনে করি, এই বিষয়ে আইন আছে, নির্দেশনা আছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করা আগে থেকেই মানা, এখন দরকার এই আইনকে নিয়মে পরিণত করা। কোথাও রাজপথ কিংবা মহাসড়ক বন্ধ করে সমাবেশ করা যাবে না। মিছিলও করা উচিত নয়। মিছিল করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে, জনসাধারণকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে রাখতে হবে এবং মিছিল এমনভাবে করতে হবে যেন যানবাহন ও মানুষের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা চাইলে এখনই দেশে ভূগর্ভস্থ রেল চালু করতে পারব না, মেট্রোরেল চালু করতে পারব না। কিন্তু চাইলেই একটা কাজ করতে পারব, তা হলো, সরকারি দল ও সরকার-সমর্থক সংগঠনগুলোর জনদুর্ভোগ সৃষ্টিকারী মিছিল-সমাবেশ বন্ধ করা। প্রধানমন্ত্রীর ঘোষণা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দুঃখপ্রকাশ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অঙ্গীকারকে আমরা তাই দুহাত তুলে সমর্থন জানাই। মিনতি করে বলি, প্লিজ, প্লিজ, এই ঘোষণাগুলো আপনারা বাস্তবায়ন করুন।
আমরা সবাই জানি, একটা জনবহুল ও উন্নত শহরে যত সড়কথাকা দরকার, ঢাকায় আছে তার চার ভাগের এক ভাগ। কাজেই এই শহরে যানজট হতে বাধ্য। দুই. ঢাকা শহরে গণপরিবহনব্যবস্থা শোচনীয়। নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব চাইলে গাড়ি ছেড়ে মেট্রোরেলে চড়ে অফিসে যেতে পারবেন, ওয়াশিংটন ডিসিতে কিংবা লন্ডনে প্রধানমন্ত্রীও ভূগর্ভস্থ ট্রেনে চড়ে যাতায়াত করতে পারবেন। কিন্তু ঢাকা শহরে একটা কিন্ডারগার্টেনের ছাত্রও গাড়ি ছাড়া স্কুলে যাওয়ার কথা কল্পনা করতে পারবে না। কারণ সেই ব্যবস্থা আদৌ নেই। রোজ কীভাবে লাখ লাখ মানুষ রাস্তায় চলছে, সেই খবর কর্তারা কেউ রাখেন না। তিন. পৃথিবীর নিয়মই এই, তুমি শহরে যতই রাজপথ বানাও না কেন, রাস্তার পরিমাণের চেয়ে গাড়ির পরিমাণ বেশি হবেই। এটা অর্থনীতির সহজ সূত্র। আপনার শহর উন্নত হচ্ছে, নগর কর্তৃপক্ষের আয় বাড়ছে, জনগণের আয় আরও বাড়বে, আপনি যত রাস্তা বানাবেন, ওরা তার চেয়ে অনেক বেশি করে গাড়ি রাস্তায় নামিয়ে ফেলবে। বহু উন্নত শহরে অফিস সময়ে গাড়ি নিয়ে বের হওয়া মানেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকা। সে কারণে ওই সমস্ত শহরে লোকেরা ট্রেনে চলাচল করে। অনেকেই গাড়ি নিয়ে শহরে ঢুকতে চায় না, অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয় না, ঢুকলেও ট্যাক্স দিতে হয়।
আর আমাদের দেশে একই রাস্তায় চলে বাস, ট্রাক, রিকশা ও ঠেলাগাড়ি। ফুটওভারব্রিজ আছে, তা সত্ত্বেও সুস্থসবল তরুণেরা তারকাঁটার বেড়া ডিঙিয়ে রাস্তা পার হয়। ফুটপাত বেদখল, যেখানে-সেখানে গাড়ি পার্ক করে রাখা হয়, বাস থামানো হয় এবং রাস্তার অনেকাংশ জুড়ে নির্মাণসামগ্রী কিংবা দোকানের পসরা ফেলে রাখা হয়। আর সবচেয়ে বড় কথা, লাখ লাখ মানুষ চলাচল করে, হাজার হাজার যানবাহন, নিয়ম মেনে চললেও যানজট এড়ানো পুরোপুরি সম্ভব নয়। এর মধ্যে আছে নিয়ম না-মানা। হঠাৎ করে একটা রাস্তা আধঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। ওই রাস্তায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে, অন্য রাস্তাগুলোতেও তার ধাক্কা গিয়ে পড়ে।
এ জন্য সবার আগে যা করা দরকার, আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতারা সে ঘোষণা দিয়েছেন, তাঁরা অন্তত রাস্তা বন্ধ করে আর সভা-মিছিল করবেন না। এটা এখন শহরবাসীর এক নম্বর দাবি। এটা যেন মেনে চলা হয়। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে যাচ্ছে। মানুষের আয় বাড়ছে, জীবনযাপনের মান উন্নত হচ্ছে, প্রায় সব শিশুই স্কুলে যায় এবং প্রতিটি ঘরে আশা তৈরি হয়েছে। এই সময়ে আর পুরোনো স্টাইলের রাজনীতি চলবে না। রাজপথে মিছিলে আর বেকার মানুষ পাওয়া যাবে না। ১৯৫২ সালে ঢাকা শহরে কজন লোক আর ছিল, তবু ভাষা আন্দোলনের মিছিলের ছবি দেখুন, হাজার হাজার মানুষ। কিন্তু আজকে রাজনৈতিক আন্দোলনে ঢাকা শহরে শত শত মানুষ নামে না। নামবে না, যদি দাবিটা জনগণের নিজের প্রাণের দাবি না হয়। প্রাণের দাবি হলে রাজপথ ভেসে যাবে গণজোয়ারে, তখন নিয়মকানুনের দোহাই পেড়েও লাভ হবে না। তার আগে, এখন ঠান্ডা মাথায় এই হিসাব কষতে হবে যে এখন যুগ পাল্টে গেছে, এখন আর স্টিম ইঞ্জিনের যুগ নেই, এসে গেছে তথ্যপ্রযুক্তির যুগ, বিল গেটস বা জাকারবার্গ বড়লোক হয়েছেন শ্রমিকের শ্রম শোষণ করে নয়, আমাদের সময় ও মনোযোগের সিংহভাগ প্রতিদিন কেড়ে নেওয়ার মাধ্যমে। মানে পৃথিবী ডিজিটাল হয়ে গেছে, বাংলাদেশও হয়ে গেছে ডিজিটাল, এখন আর অ্যানালগ রাজনীতি চলবে না।
এখন রাস্তা বন্ধ করে মিছিল-সমাবেশ করা হলে তা যত বড় হবে, তত নাগরিকদের ভোগান্তির কারণ হবে, তা ততই আয়োজকদের জনপ্রিয়তা কমিয়ে দেবে। জনপ্রিয় হতে কে না চায়? কাজেই নতুন যুগে নতুন ধরনের রাজনীতির বুদ্ধি আবিষ্কার করতে হবে, প্রয়োগ করতে হবে। ডিজিটাল ক্ষেত্রটি তারা বেছে নিতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয়।
দ্বিতীয় যা দরকার তা হলো, ভিআইপি চলাচল সীমিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বহু অনুষ্ঠান উদ্বোধন করছেন তাঁর অফিসে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এটা যত বাড়ে তত মঙ্গল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়া আর কে কে রাস্তায় ভিআইপি মর্যাদা পান, সে বিষয়ে খেয়াল রাখা দরকার। বিদেশি মাননীয় অতিথি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কারও কারণে রাস্তা এক মুহূর্তের জন্যও বন্ধ করা উচিত নয়।
তিন নম্বর দরকার, ঢাকার ও বাংলাদেশের যোগাযোগব্যবস্থাকে নতুন যুগের উপযোগী করার জন্য আরেকটা মহাপরিকল্পনা ও বৈপ্লবিক উদ্যোগ। এ জন্য কতকগুলো মাস্টারপ্ল্যান করা আছে। কিন্তু কতকগুলো ফ্লাইওভার হয়েছে বিচ্ছিন্নভাবে। আমরা যদি এখনই পুরো দেশ ও শহরকে নিয়ে না বসি, রেল, নৌ ও সড়ক পরিবহনের জন্য একটা সমন্বিত পরিকল্পনা না নিই এবং তা বাস্তবায়নের জন্য কাজ শুরু না করি, ঢাকা একটা পরিত্যক্ত নগরে পরিণত হবে। বহু মহাসড়কে দুই ঘণ্টার পথ ছয় ঘণ্টায় পাড়ি দেওয়া যায় না। ঈদে সেসব পথে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আমাদের মেট্রোরেল লাগবে, ভূগর্ভস্থ রেল লাগবে, আমাদের ফ্লাইওভার লাগবে। আমাদের যোগাযোগব্যবস্থায় নৌপথকে এক নম্বর অগ্রাধিকার দিতে হবে, দ্বিতীয় গুরুত্ব পাবে রেলপথ। সমুদ্রবন্দর থেকে রাজধানীতে পণ্য পরিবহন পুরোটাই রেলনির্ভর করতে হবে। সে জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথকে অত্যাধুনিক করার মহা উদ্যোগ নিতে হবে।
কিন্তু এসবই করতে হবে সমন্বিতভাবে, একটা মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে। সে জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা টাস্কফোর্স গড়ে তোলা দরকার, যারা এর আগের মহাপরিকল্পনাগুলো নিয়ে বসে ভবিষ্যৎ-উপযোগী যোগাযোগব্যবস্থার করণীয় নিয়ে আশু ও দীর্ঘমেয়াদি কর্তব্যতালিকা তৈরি করবে এবং সেসব কাজে ঝাঁপিয়ে পড়া শুরু হবে দ্রুত, বৈপ্লবিকভাবে। আমরা মধ্য আয়ের দেশ হতে চলেছি, রাষ্ট্র হিসেবে আমাদের সক্ষমতা বাড়ছে, কিন্তু আমরা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকব, তা হয় না। ঢাকার যোগাযোগব্যবস্থা মান্ধাতার আমলের, এটা ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর আমাদের ভাবতে হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগকাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার কথা। বিমানবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোও ভবিষ্যতের উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে পারতে হবে।
সমন্বয়হীন উন্নয়নও অনেক সময় দুর্ভোগের কারণ হয়। ঢাকার বিজয় সরণির মোড়ে র্যাংগস ভবন ভেঙে এত সুন্দর নতুন রাস্তা হলো, কিন্তু তাতে যানজট বেড়েছে না কমেছে, তা নিয়ে গবেষণা হওয়া উচিত। আমার ধারণা, বেড়েছে। কারণ নতুন রাস্তা থেকে আসা যানগুলোর জন্য ভিআইপি সড়ক বন্ধ করে দিতে হয়, তার ফল গিয়ে পড়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত।
যাহোক, আমার বলার কথাগুলো তালিকা করে আবার বলি। ১. রাজপথে ও মহাসড়কে সভা-সমাবেশ বন্ধ করা। মিছিল-সভা করার জন্য ছুটির দিন বেছে নেওয়া ও আগে থেকে বিজ্ঞপ্তি দেওয়া। ২. ভিআইপি চলাচল সীমিত করা। ডিজিটাল উদ্বোধনকে উৎসাহিত করা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কারও জন্য রাস্তা বন্ধ না করা। ৩. দেশের গণযোগাযোগব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য টাস্কফোর্স গঠন। জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন। নৌপথ, রেলপথকে অগ্রাধিকার দেওয়া। ৪. মহাপরিকল্পনা অনুসারে যোগাযোগের উন্নয়নে সুসমন্বিত উদ্যোগ গ্রহণ।
বিশেষজ্ঞরা জনগণকে সম্পৃক্ত করে মহাপরিকল্পনা ও অ্যাকশন প্ল্যান দেবেন। তাতে নিশ্চয়ই বিকেন্দ্রীকরণের পরামর্শ দেওয়া হবে। কী দেওয়া হবে, সেটা বিশেষজ্ঞরাই দিন। আমরা শুধু বলতে পারি, আমরা অনেক জায়গাতেই ফ্লাইওভারের সুফল পাচ্ছি। এখন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় সহজেই আসা যায়। কিংবা বনানী থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় সহজেই যাওয়া যায়। কিন্তু এরপরও ঘণ্টার পর ঘণ্টা যানজটে অনেক সময়ই বসে থাকতে হয়। এটা চলতে পারে না, এটা চলতে দেওয়া উচিত নয়।
আর রাজপথ বন্ধ করে সভা-সমাবেশ করা বন্ধ করুন। সবার আগে সেটা করুক সরকারি দলই।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।