রাজস্ব দেবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী নিজেও বলেছেন, এটা উচ্চাভিলাষী বাজেট। এই বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে টাকা সংগ্রহ করা। অর্থাৎ রাজস্ব সংগ্রহ। এটা একরকম নিশ্চিত, ২০১৫-১৬ অর্থবছরেই এনবিআর রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। তারপর এবার তাকে আরও অনেক বেশি রাজস্ব তোলার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

বাজেটের ৭১ দশমিক ৩ শতাংশ অর্থই আসবে জনগণের কাছ থেকে। রাজস্ব হিসেবে। এটা ইতিবাচক এই দিক থেকে যে বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর আমাদের তেমন একটা নির্ভরশীলতা নেই। কিন্তু কথা হচ্ছে, রাজস্ব আদায়ের অনুপাতে বড় ধরনের অসামঞ্জস্য রয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো, এই বিষয়ে আমাদের তেমন মাথাব্যথা নেই। এনবিআরের তথ্যমতে, তাদের আদায়কৃত রাজস্বের ৭০ ভাগই আসে পরোক্ষ কর থেকে অর্থাৎ মূসক, সম্পূরক শুল্কসহ নানা ধরনের শুল্ক থেকে। আর বাকি ৩০ ভাগ আসে প্রত্যক্ষ কর থেকে। অথচ এনবিআর নিজেই বলছে, এটা আধাআধি হওয়া উচিত।
প্রত্যক্ষ কর, অর্থাৎ আয়কর ও করপোরেট কর আদায় করা হয় সরাসরি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে। আর পরোক্ষ কর, অর্থাৎ মূসক ও বিভিন্ন ধরনের শুল্ক আদায় করা হয় বস্তুর লেনদেনের ওপর থেকে, যেটা শেষমেশ ভোক্তার ওপরই বর্তায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির আয় যত বেশি, তার করও তত বেশি হওয়া প্রয়োজন। এতে সমাজে একধরনের ভারসাম্য থাকে। কিন্তু পরোক্ষ কর বেশি হওয়ার অর্থ হলো, বিত্তবান মানুষের ছাড় দেওয়া। যেমন কোনো পোশাকের দোকান থেকে একজন স্বল্প আয়ের মানুষ কাপড় কিনলে যে মূসক দিতে হয়, একজন বিত্তশালী মানুষকেও তা-ই দিতে হয়। সেখানে ধনী ও গরিবের মধ্যে ভেদাভেদ করার সুযোগ নেই, সেটা করাও হয় না।
আমজনতা যে পদে পদে ভ্যাট বা মূসক দিচ্ছে, সেটা যে সরকারের কোষাগারে জমা পড়ছে, তারও নিশ্চয়তা নেই। বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় খাবার খেলেও আমাদের মূসক দিতে হচ্ছে, অথচ অভিযোগ আছে, এরা সেটা সরকারের কোষাগারে জমা দিচ্ছে না। মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা হিসেবে খাবারের ওপর মূসক আরোপ করাই ঠিক নয়। আমাদের দেশে সেটা তো আরোপ করা হচ্ছেই, উপরন্তু ব্যবসায়ীরা সেটা মেরে দিচ্ছেন, সরকারকে দিচ্ছেন না।

এবার বাজেটের আগে নতুন মূসক আইন নিয়ে অনেক শোরগোল হলো। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের চাপে সরকার সেটা আপাতত বাস্তবায়ন না করলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্যাকেজ মূসকের হার বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন, এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে, প্রস্তাবিত মূসক আইন বাস্তবায়ন হলে ১৫ শতাংশ মূসক দিতে হবে, যেসব পণ্য ও সেবার ওপর মূসক আছে, তার ওপর। সেটা হলে আমজনতা আরও চাপের মুখে পড়বে।
আবার কয়েক বছর ধরেই সরকার ব্যাংক আমানতের সুদের ওপর ১০ ​থেকে ১৫ শতাংশ উৎসে কর আদায় করছে। এমনকি পেনশনার সঞ্চয়পত্রের ওপরও ৫ শতাংশ করারোপ করা হয়েছে। এতে জ্যেষ্ঠ নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যদিও আইন অনুসারে এই শ্রেণির মানুষের আয় করযোগ্য নয়। আবার এখন সব কাজেই টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের নানা পদক্ষেপ থেকে বোঝা যায়, বিত্তশালীদের কাছ থেকে আয়কর আদায়ে সরকার তেমন তৎপর না হলেও করের জাল ছড়িয়ে দিয়ে আমজনতার কাছ থেকে মূসক ও আয়কর আদায়ে বেশি তৎপর। অথচ এই ঢাকা নগরের বহু বাড়িওয়ালার টিআইএন নেই। চিকিৎসকেরাও আয় অনুযায়ী কর দেন না। আরও অনেক সামর্থ্যবান মানুষই কর দেন না, সে খবর আমরা জানি। কিন্তু সে ব্যাপারে সরকারের মাথাব্যথা নেই।
কোটি টাকার ওপর সম্পদ থাকলে করের ওপর ১০ শতাংশ অতিরিক্ত মাশুল দিতে হয়। সে কারণে দেখা যায়, ২০১২-১৩ করবর্ষে বার্ষিক আয় বিবরণীতে দেশের মাত্র ৫ হাজার ৬৬২ জন ব্যক্তি সম্পদের পরিমাণ দুই কোটি টাকার ওপর দেখিয়েছেন। এর চেয়ে হাস্যকর পরিসংখ্যান আর কী হতে পারে!