রাজস্ব বাড়াতে হবে ভিত্তি সম্প্রসারণ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাদী অর্থনীতির দুটি সর্বসম্মত তত্ত্ব, তথা আয় ও সম্পদের বৈষম্য প্রবৃদ্ধির সহায়ক এবং কর হার বাড়ালে রাজস্ব বাড়ে এখন প্রশ্নের সম্মুখীন। অনেকেই এখন বলছেন, বিদ্যমান আয় ও সম্পদের বিপুল বৈষম্য প্রবৃদ্ধির প্রতিবন্ধক। কর হার বাড়ালে কর ফাঁকি দেওয়ার প্রবণতা ও দুর্নীতি বাড়ে। ফলে কর রাজস্ব হ্রাস পায়।

বাংলাদেশের কর আদায় পরিস্থিতিটি এ রকম। বাংলাদেশে সংগঠিত খাতে (অর্গানাইজড সেক্টর) কর্মরত ব্যক্তির সংখ্যা ৮২ দশমিক ০১ লাখ। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত কোম্পানি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২ দশিমক ০১ লাখ। ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর আছে এমন ব্যক্তির সংখ্যা ২৭ দশমিক ৬৫ লাখ, কোম্পানির সংখ্যা ৫৭ হাজার ৩০৭, যার মধ্যে ১৪ দশমিক ৫ লাখ ব্যক্তি এবং ২৫ হাজার ৯৪৭টি প্রতিষ্ঠান কর রিটার্ন দাখিল করে। এঁদের মধ্যে অনেকেই কর দেন না বা ন্যূনতম কর প্রদান করেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাট প্রদানের জন্য নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ দশমিক ৫ লাখ, যার মধ্যে ৩২ হাজার শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাট প্রদান করে। এ পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে ক্ষুদ্র করভিত্তিই বাংলাদেশের কর রাজস্ব প্রবৃদ্ধির প্রধান প্রতিবন্ধক।

এখন দেখা যাক বর্তমান বাজেটে কর রাজস্ব বৃদ্ধির কী উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা কতটা ফলপ্রসূ হবে। প্রথমে প্রত্যক্ষ কর আয়কর নিয়ে শুরু করা যায়। এবার আয়কর প্রস্তাবের সবচেয়ে হতাশাব্যঞ্জক দিক হলো করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি না করা। যুক্তি হিসেবে বলা হয়েছে, করমুক্ত আয়ের সীমা বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উত্পাদনের ২০০ শতাংশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশে যা মাথাপিছু আয়ের ১০০ শতাংশ। আসলেই কি তাই? আমরা ভারতের অর্থমন্ত্রীর সাম্প্রতিক বাজেট বক্তব্য থেকে জেনেছি যে রিবেট বিবেচনায় নিলে ৩ লাখ রুপি পর্যন্ত আয়ের করদাতাদের কোনো আয়কর দিতে হবে না। এমনকি বিনিয়োগসুবিধা গ্রহণ করলে ৪ দশমিক ৫ লাখ রুপি আয়ের করদাতাদেরও কোনো কর দিতে হবে না, যা বর্তমান বিনিময় হারে ৫ দশমিক ৬৩ লাখ টাকার সমপরিমাণ। তা ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের করদাতাদের মাত্র ৫ শতাংশ হারে কর দিতে হবে। আমাদের বাজেটে এভাবেই বিভ্রান্তিকর পরিসংখ্যানের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। ব্যাংক জামানতের ওপর আবগারি শুল্ক বিষয়ে সমঝোতার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ অর্থমন্ত্রী ১ লাখ টাকা যে এখন ১ কোটি টাকা হয়ে গেছে তা খেয়াল করেননি। আয়কর বিষয়েও এ বিষয়টি সবিশেষ প্রণিধানযোগ্য।

আমাদের দেশের ক্ষুদ্র করভিত্তির প্রধান কারণ হলো: (১) উচ্চ কর হার ও (২) কর সংগ্রাহকদের করদাতা শিকারের মানসিকতা ও আচরণ। কর রিটার্ন দেওয়া ব্যক্তি বা কোম্পানি মাত্রই জানেন যে একবার রিটার্ন দাখিল করলেই হাজারো প্রশ্ন ও হাজিরার সম্মুখীন হতে হয়। অন্যদিকে, বিভিন্ন দেশে রিটার্ন দাখিলকারীরা প্রায়ই তঁাদের উৎস কেটে নেওয়া অতিরিক্ত কর কোনো দেনদরবার না করেই ফেরত পান। ফলে তাঁরা কর রিটার্ন দাখিলে উৎসাহিত হন। বাংলাদেশে যাঁরা কর ব্যবস্থায় নিবন্ধিত হননি বা নিবন্ধিত হলেও রিটার্ন দেন না, তঁাদের বিষয়ে কর কর্মকর্তা ও কর্মচারীদের নজরদারি কম। কর আদায়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে উৎসে কর আদায় থেকে। অর্থাৎ কর কর্মকর্তা ও কর্মচারীদের তৎপরতাজনিত রাজস্ব আদায় খুব বেশি নয়। উচ্চ করহার ও হয়রানি সম্ভাব্য করদাতাদের নিবন্ধিত হতে ও রিটার্ন দাখিল করতে নিরুৎসাহিত করে। কোম্পানি আয়করের ক্ষেত্রেও বিষয়গুলো সমভাবে প্রযোজ্য।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে ভালো ও নিয়মিত করদাতাদের ‘কর বাহাদুর’ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এটি একটি ভালো উদ্যোগ। কিন্তু ভালো কর ব্যবস্থায় পুরস্কারের পাশাপাশি তিরস্কারও থাকতে হয়। অন্যান্য দেশে বড় আর্থিক অনিয়ম ও কর ফঁাকির জন্য অপরাধীদের বড় জরিমানা, এমনকি কারাবাসও করতে হয়। আমাদের দেশের আইনে থাকলেও তা কার্যকর হয়েছে এমনটি শোনা যায় না। আমাদের এখানে আরেকটি সমস্যা হচ্ছে সৎ শুল্ক ও কর কর্মকর্তারা তঁাদের প্রাপ্য ন্যায্য আইনি সুরক্ষা পান না। এই কিছুদিন আগে চট্টগ্রাম শুল্ক ভবনে একজন কর্মকর্তা শুল্ক ফাঁকির উদ্‌ঘাটন করলে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাঁর কক্ষে ভাঙচুর চালান। এ ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সৎ সরকারি কর্মকর্তাকেই শাস্তিমূলক বদলি করা হয়। এ ধরনের আচরণ রাজস্ব আয় বৃদ্ধির জন্য অনুকূল নয়।

এবার ভ্যাট প্রসঙ্গে আসা যাক। ১৯৯১ সালে ভ্যাট প্রবর্তনের পর থেকেই এটি একটি সময়োপযোগী কর ব্যবস্থা হিসেবে গৃহীত হয়েছে। ভ্যাট প্রবর্তনের সময়ও এর হার সম্পর্কে বিতর্ক ছিল। আমরা জাতীয় রাজস্ব বোর্ডে হিসাব করে দেখেছিলাম যে ভ্যাটের হার ১০ শতাংশ হলেও এ থেকে প্রতিস্থাপনকৃত আবগারি শুল্কের সমপরিমাণ (রেভিনিউ নিউট্রাল) রাজস্ব আদায় হবে। আইএমএফও তাদের নিজস্ব হিসাব করে ভ্যাটের হার ১২ দশমিক ৫ শতাংশ পর্যাপ্ত হবে বলে এ সিদ্ধান্তে আসে। তবু সংরক্ষণশীল মানসিকতা থেকে ভ্যাটের হার ১৫ শতাংশ নির্ধারিত হয়। তখন আমরা আশঙ্কা করেছিলাম যে ভ্যাটের উচ্চ হার এ ব্যবস্থায় বিকৃতি ঘটাবে। আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়। ভ্যাট আদায়ের ক্ষেত্রে নানা ধরনের অব্যাহতি, খণ্ডিত ভিত্তি (ট্রাঙ্কেটেড বেস), এ ধরনের নানাবিধ অনিয়ম সংযোজন করা হয়। এ পরিপ্রেক্ষিতে ভ্যাট আইন সংশোধন করা হবে জেনে আমরা আশান্বিত হলাম। কিন্তু সে আশায় গুড়ে বালি। সংগত কারণেই ব্যবসায়ীরা উচ্চ ভ্যাট হার হ্রাস করার দাবি জানালেন। প্রথমে নিমরাজি হলেও উচ্চ ভ্যাট হার রেখে দেওয়া হলো এবং এটা করতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দুটি বাজে আপস করতে হলো।

প্রথমত, ১০৪৩টি এইচএস কোডকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হলো এবং ভ্যাট নিবন্ধনের জন্য টার্নওভারের সীমা এক লাফে বাড়িয়ে ৮০ লাখ টাকা থেকে ১ দশমিক ৫ কোটি টাকা করা হলো। যার ফলে অর্থনীতির একটা বিরাট অংশকে ভ্যাটের আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৫ বছরে ভ্যাট নিয়ে যত অনিয়ম হয়েছে, এক বাজেটে সংস্কারের নামে তার থেকে বেশি সর্বনাশ করা হলো। বিষয়টি একটু বুঝিয়ে বলা দরকার। ভ্যাটের একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এটা একটা সম্প্রসারিত ভিত্তির (ব্রড বেসড) ট্যাক্স, যা আমদানি, স্থানীয় উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এই যে এত বিপুলসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাটের টার্নওভার করের আওতায় নেওয়া হলো, তাতে ভ্যাটের ভিত্তি সংকুচিত হয়ে গেল।

মনে রাখতে হবে, বাংলাদেশে কাগজপত্রে ১ দশমিক ৫ কোটি টাকার টার্নওভার আছে এমন ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়। তা ছাড়া টার্নওভার নির্ধারণকারী ভ্যাট কর্মকর্তাদের হাতে এটা যে ৫ কোটি টাকায় দঁাড়াবে না, তা কে বলবে? মাঠপর্যায়ের ভ্যাট কর্মকর্তারা এ সুযোগ করে দেওয়ার জন্য নিশ্চয়ই অর্থমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করছেন! প্রকৃত ব্যবসায়ীরা দুভাবে ক্ষতিগ্রস্ত হবেন: (১) ভ্যাটের আওতামুক্ত পণ্য ও সেবার ইনপুট হিসেবে ব্যবহারের জন্য কর রেয়াত পাবেন না (কেননা, বাংলাদেশে ভ্যাট নির্ধারণের ক্ষেত্রে ট্যাক্স (আউটপুট)-ট্যাক্স (ইনপুট) পদ্ধতি ব্যবহার করা হয়); (২) একই পণ্য উৎপাদনকারী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেউ ৪ শতাংশ হিসাবে টার্নওভার কর প্রদান করবেন আবার কেউ ১৫ শতাংশ হিসাবে ভ্যাট দিয়ে বাজারে অসম প্রতিযোগিতার সম্মুখীন হবেন। এখানে উচিত ছিল ভ্যাটের হার কিছুটা কমিয়ে অব্যাহতি ও টার্নওভার সীমা কমানো। জানি না, কার পরামর্শে ভ্যাটের এ সর্বনাশ করা হলো।

সবশেষে, আমদানি পর্যায়ের করসমূহ তথা, আমদানি, সম্পূরক, রেগুলেটরি শুল্ক সম্পর্কে আলোচনায় আসছি। নব্বইয়ের দশকের প্রথম দিকে ভ্যাট প্রবর্তন ছাড়াও আমদানি পর্যায়ের শুল্কব্যবস্থার ব্যাপক সংস্কার করা হয়। তখন আমদানি পর্যায়ের শুল্কব্যবস্থা ছিল স্প্যাগেটি বোউল (জগদীশ ভগবতীর ভাষায়) অথবা জিলাপির প্যাঁচের মতোই উচ্চ এবং অসংখ্য শুল্ক হার, নানা নামের শুল্ক, অব্যাহতি ইত্যাদি। উচ্চ শুল্ক ও হারের সংখ্যা কমিয়ে, নাম, অব্যাহতি কমিয়ে আমদানি শুল্ক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়। এবারের বাজেটে উল্টো পথে যাত্রা হয়েছে। ভ্যাট ও সম্পূরক শুল্ক আমদানি ও স্থানীয় পর্যায়ে সমহারে ব্যবহারের নীতি থেকে সরে আসা হয়েছে। সার্বিকভাবে শিল্পনীতিকে আরও রক্ষণশীল করে তোলা হয়েছে। বাজেটে প্রস্তাবিত জটিল আমদানি শুল্কপদ্ধতি অসাধু ব্যবসায়ী ও ক্লিয়ারিং এজেন্ট ও অসৎ কর্মকর্তাদের জন্য সহায়ক হবে।

তাহলে এবারের বাজেটে কি ভালো কিছু নেই? অবশ্যই আছে। যেমন দেশে সেলফোন, ল্যাপটপ, সোলার প্যানেল সংযোজনকে উত্সাহিত করার জন্য কাঁচামালের শুল্ক কমানো হয়েছে, অথবা তৈরি পণ্যের শুল্ক হার বাড়ানো হয়েছে। তবে সোলার প্যানেল সংযোজনকে অতি উৎসাহ দিয়ে ফেলা হয়েছে। এতে গরিব জনগোষ্ঠী, কাবিটা কর্মসূচি এবং সার্বিকভাবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ক্ষতিগ্রস্ত হবে।ব্যাগেজ রুলের আওতায় চারবারের বেশি ভ্রমণের ক্ষেত্রে শুল্ক আরোপের বিধান করা হয়েছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের লেবেলসর্বস্ব বুটিকগুলো নিরুৎসাহিত হবে এবং দেশীয় পোশাকশিল্প উপকৃত হবে। এটা দুবারের বেশি ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য করলে আরও ভালো হবে। ঘটকালি সেবার ওপর ভ্যাট মওকুফ করে অর্থমন্ত্রী তাঁর রসবোধের পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি অবিবাহিত ও পুনর্বিবাহে আগ্রহী ব্যক্তিদের সাধুবাদ পাবেন।

সবশেষে, উচ্চ করহার ভোগ ও উৎপাদনব্যবস্থায় বিকৃতি ঘটায়, আন্ডার-ইনভয়েসিংয়ের জন্য মানি লন্ডারিং, ট্যাক্সহ্যাভেন বা নিম্নকরের দেশে ব্যবসা স্থানান্তর হয়, কর প্রদানকে নিরুৎসাহিত ও কর ফঁাকিকে উৎসাহিত করে; এবং ট্যাক্স রাজস্ব অপেক্ষা অধিকতর ভার আরোপ করে, যা ওয়েলফেয়ার কস্ট অব ট্যাক্সেশন নামে পরিচিত।

রাষ্ট্রের প্রয়োজনে রাজস্ব আদায় বাড়াতে হবে। তবে তা করতে হবে কর হার কমিয়ে করের ভিত্তি সম্প্রসারণ করে, সৎ কর কর্মকর্তা, করদাতাদের সুরক্ষা ও উৎসাহ দিয়ে। এ জন্য আমাদের সংস্কারমনস্ক হতে হবে। প্রচলিত ধ্যানধারণার বাইরে যেতে হবে।

এম ফাওজুল কবির খান: সাবেক সচিব ও জাতীয় অর্থব্যবস্থা বিশ্লেষক।