রাজস্বমুখী নয়, বাজেট হোক বিনিয়োগমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহলে নানামুখী প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। ব্যবসায়ীরা বাজেটকে কীভাবে দেখছেন? এই বাজেট কি ব্যবসাবান্ধব, নাকি ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে? দুই ব্যবসায়ী নেতার বিশ্লেষণ এখানে প্রকাশ করা হলো
সৈয়দ নাসিম মঞ্জুর
সৈয়দ নাসিম মঞ্জুর

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট গত বৃহস্পতিবার উপস্থাপন করেছেন। দশমবারের মতো বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই।
বাজেট প্রস্তাবে আগামী অর্থবছর এবং ভবিষ্যতের জন্য বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সমন্বিত এই বাজেট প্রস্তাব। তবে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল করতে যথোপযুক্ত বিনিয়োগ বৃদ্ধির জন্য করণীয় বিষয়সমূহের ওপর যথেষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।
এ অর্থবছরে ৭.০৫% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং আগামী অর্থবছরে ৭.২% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমরা ব্যবসায়ীরা মনে করি, রূপকল্প ২০২১ অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য বার্ষিক প্রবৃদ্ধির হার কমপক্ষে ৮-১০% হওয়া দরকার। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত বিনিয়োগ। অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি ব্যক্তি খাতের বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দরকার ব্যবসার ব্যয় হ্রাস এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি। সেই সঙ্গে প্রয়োজন সামাজিক ও ভৌত অবকাঠামো, কর আদায় ব্যবস্থাপনা এবং সুশাসনের ক্ষেত্রে উন্নতি। রাজনৈতিক সদিচ্ছা, আইনের সংস্কার এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগের বাধাগুলো কাটিয়ে ওঠা সম্ভব।

শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মানবসম্পদ উন্নয়ন তথা সামাজিক অবকাঠামো খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২৪.৬%-সহ সার্বিক ব্যয়ের ২৮.৩% বরাদ্দ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যা আমাদের মনে আশার সঞ্চার করেছে। আমরা আশা করব এই বরাদ্দের সিংহভাগ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির কাজে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যয় হবে।
ভৌত অবকাঠামো উন্নয়নে সার্বিক ব্যয়ের ২৯.৭% বরাদ্দ প্রশংসার দাবি রাখে। বিশেষ করে রেলপথ, সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য বরাদ্দের জন্য সাধুবাদ জানাই। বিভিন্ন মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এসব ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করার কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা বাজেটে পাওয়া যায়নি। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে সিস্টেম লস ও বিদ্যুতের অবৈধ ব্যবহার হ্রাসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণকে আমরা স্বাগত জানাই। আগামী দুই বছরের আগে বিদ্যমান গ্যাস-সংকট কাটানোর কোনো উপায় পাওয়া যাবে না জেনে আমরা হতাশ। এ অবস্থায় যেসব শিল্পপ্রতিষ্ঠান গ্যাস-সংকটে ভুগছে, তাদের জন্য ন্যূনতম গ্যাস চার্জ মওকুফ বা হ্রাস করা উচিত।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় নিজেও বলেছেন, ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, যার মধ্যে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অংশ, একটি উচ্চাভিলাষী চিন্তা। আমরা কিন্তু মনে করি, এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া সম্ভব যদি রাজস্ব কর্মকর্তারা আদায়ের ক্ষেত্রে টাকার অঙ্ক লক্ষ্যমাত্রায় না রেখে করদাতার সংখ্যা বৃদ্ধিকে লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচনায় রাখেন। সরকারের উচিত জাতীয় রাজস্ব বোর্ডকে করদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া। করদাতার সংখ্যা বৃদ্ধি পেলে কর আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা এবং সর্বোচ্চ কর হার অপরিবর্তিত থাকা হতাশাব্যঞ্জক। করপোরেট কর হারেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ব্যবসার ব্যয় কমানোর উদ্দেশ্যে কিছু কিছু প্রস্তাব স্বাগত জানাই, যেমন শিল্পকারখানার জন্য প্রি ফেব্রিকেটেড নির্মাণসামগ্রী, অগ্নিনির্বাপণ যন্ত্র, ইত্যাদিসহ কিছু জিনিসের শুল্ক হ্রাস পেয়েছে। তবে আরও কিছু ক্ষেত্রে শুল্ক হ্রাস আমরা চূড়ান্ত বাজেট এবং অর্থ বিলে আশা করছি। যেমন সেবা আমদানির ক্ষেত্রে শুল্ক হার ২০-৩০% থেকে ১০% এ কমিয়ে আনা এবং প্রযুক্তি আমদানির ক্ষেত্রে ৩০% কর এবং এর ওপর ১৫% মূসক যৌক্তিক করা।
মূসক আইন কার্যকর করার প্রক্রিয়া এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এতে করে ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময়
পাওয়া গিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পুঁজিবাজার চাঙা করার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা বাজেটে পাইনি, যা হতাশাব্যঞ্জক।
পরিশেষে অর্থমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলতে চাই, আমরা বাংলাদেশে বর্তমানের প্রচলিত রাজস্বমুখী বাজেটের পরিবর্তে ভবিষ্যতে তাঁর কাছ থেকে বিনিয়োগমুখী বাজেট দেখতে চাই।
সৈয়দ নাসিম মঞ্জুর: সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা।