
পাঁচ বছর আগে যদি বলা হতো, ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সম্পর্কে কিছু লিখতে হবে, স্কুল বা কলেজের যেকোনো ছাত্র একটা গোটা পৃষ্ঠা ভরিয়ে দিত। পাঁচ দিন আগে যদি একই রচনা লিখতে বলা হতো নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্পর্কে, হলফ করে বলতে পারি, অধিকাংশই সাদা খাতা জমা দিত।
এই সেদিন পর্যন্ত সত্যিই এতটা অপরিচিত ও অজ্ঞাত ছিলেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি এবং সে কারণেই বিজেপির পক্ষ থেকে যেদিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করা হলো, সাধারণ মানুষজন তো বটেই, সাংবাদিকেরাও হুমড়ি খেয়ে শরণাপন্ন হলেন গুগলের। গুগলও কিন্তু সেই দিন বিশেষ কিছু দিতে পারেনি। তিনি উত্তর প্রদেশের মানুষ, দলিত, দুবার রাজ্যসভায় নির্বাচিত, কিছু সময়ের জন্য বিজেপির মুখপাত্র হয়েছিলেন, দলের তফসিলিবিষয়ক গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার আগে পর্যন্ত ছিলেন বিহারের রাজ্যপাল, এর বেশি গুগলের ভাঁড়ারে বিশেষ আর কিছুই ছিল না।
রাষ্ট্রপতি হওয়ার কল্যাণে এখন অবশ্য তাঁর নাড়ি-নক্ষত্র মোটামুটি সবার জানা। এখন আর কেউ সাদা পাতা জমা দিয়ে আসবে না।
কানপুর দেহাত জেলার যে গ্রামে কোবিন্দ পরিবারের আদি বসবাস, তার নাম পরাউখ। দলিত-প্রধান এই গ্রামে কোবিন্দর বাবার ভিটেটুকু ছাড়া কোনো জমি ছিল না। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে রামনাথ ছিলেন সবার ছোট। জাতে তাঁরা কোরি। তাঁতি। কিন্তু তাঁত বোনার কাজ রামনাথের বাবা মাইকুলাল করতেন না। ছোট্ট একটা দোকান ছিল তাঁর আয়ের উৎস। মাটির ঘরে দু-এক বছর অন্তর নতুন খড় বিছানোর সাশ্রয়ও তাঁদের ছিল না। বর্ষায় তাই ঘরেও প্লাবন আসত। ছোট্ট রামনাথ দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথম যে ভাষণটা তিনি সেদিন দেন, তাতে এই ঘটনার উল্লেখ করে রামনাথ বলেন, এখনো যাঁরা বৃষ্টি-বাদলের দিনে এমন কাকভেজা ভেজেন, যাঁরা মাঠে-ঘাটে রুজি-রোজগারের চিন্তায় ঘোরেন, দিনান্তে দুটো রুটি পাওয়ার আশায় যাঁরা খেটে মরেন, তিনি সেই হাজার-লাখো রামনাথদেরই প্রতিনিধি হয়ে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন।
হাকুচ দারিদ্র্য ছিল পরাউখ গ্রামে। একজনের ঘরেও সাইকেল ছিল না। রামনাথকে জুনিয়র স্কুলে পড়তে যেতে হতো ছয় কিলোমিটার দূরের খানপুর গ্রামে। ছয় ছয়ে বারো কিলোমিটার প্রতিদিন হাঁটা। এই রামনাথ পাঁচ বছর বয়সে মা-হারা হন। পরাউখ গ্রামের সেই মাটির বাড়িতে আগুন লেগেছিল। তাতে দগ্ধ হয়েছিলেন রামনাথের মা। পৈতৃক সেই ভিটেবাড়ি দলিত সমাজকে দান করে গ্রাম ছেড়েছিলেন রামনাথের বাবা। কুড়ি কিলোমিটার দূরের ছোট শহর ঝিনঝায় বাসা বেঁধেছিলেন। তারই এক এলাকা ওমনগরে রামনাথের চার ভাইয়ের এখন পাশাপাশি বাড়ি। ওটাই আপাতত কোবিন্দ পরিবারের ডেরা।
কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হয়ে আইন পড়েন রামনাথ। আইন পাস করার পর সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসেন। পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর তৃতীয়বার তিনি পাস করেন। কিন্তু আইএএসের বদলে তাঁকে অ্যালায়েড সার্ভিসেসের জন্য পছন্দ করা হলে রামনাথ চাকরি নিতে অস্বীকার করেন। শুরু করেন আইনজীবীর জীবন। তবে তার আগে কিছুকাল তিনি কাটান সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে। মোরারজির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার পর একটানা ১৬ বছর দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস। ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ছিলেন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের স্থায়ী কৌঁসুলি। দরিদ্র ব্যক্তিদের জন্য যে ‘ফ্রি লিগ্যাল এইড সোসাইটি’ রয়েছে, তাতে নাম লিখিয়ে বিনা পয়সায় আইনি সহায়তা তিনি দিয়ে এসেছেন বহু বছর।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা করলেও জনসংঘের রাজনীতি তিনি কিন্তু করেননি। বিজেপিতে তাঁর যোগদান সেই হিসেবে অনেক পরে। ৪৬ বছর বয়সে, ১৯৯১ সালে, রামমন্দির আন্দোলন যখন তুঙ্গে উঠেছে। উত্তর প্রদেশে বিজেপিতে সেই সময় দলিত মুখ খুবই কম। দলিত সমাজ তত দিনে কাঁসিরাম ও মায়াবতীকে কোল পেতে দিয়েছে। ওই অবস্থায় দলিত রামনাথকে বিজেপি পরপর দুবার বিধানসভা ভোটে প্রার্থী করে। একবারও তিনি জিততে পারেননি। বিজেপিও আর তাঁকে প্রার্থী করেনি। কিন্তু দলের প্রতি ভালোবাসা, আনুগত্য এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকার কারণে ১৯৯৪ সালে বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠায়। দুই টার্মে ২০০৬ সাল পর্যন্ত রামনাথ রাজ্যসভার সদস্য ছিলেন। তারপর নয় বছর ধরে দিল্লির অশোক রোডের পার্টি অফিসে বসে যখন যেমন দায়িত্ব পেয়েছেন, তা সামলেছেন। দলের অন্যতম মুখপাত্রও হয়েছিলেন রামনাথ। কিন্তু মিডিয়ার মুখোমুখি হতেন না।
মুখরা একেবারেই ছিলেন না। বরং মুখচোরা। নিজেকে জাহির করার প্রবণতাও কেউ কখনো তাঁর মধ্যে দেখেনি। তাই মুখপাত্র হলেও মিডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কটা কোনো দিনই মুচমুচে ছিল না। দলের প্রথম সারির নেতা হলেও বিজেপিতে তিনি যেন ছিলেন ‘কাব্যে উপেক্ষিতা ঊর্মিলা’!
প্রায় দুই বছর আগে ২০১৫ সালের ৮ আগস্ট নরেন্দ্র মোদি-অমিত শাহ যখন তাঁকে বিহারের রাজ্যপাল করে পাটনা পাঠালেন, বিজেপির অনেকের মনেও তখন এই প্রশ্নটা জেগেছিল, রামনাথ কোবিন্দ? কে তিনি? সেই প্রশ্ন আরও বড়ভাবে জেগে ওঠে মাসখানেক আগে। জাগার কারণও ছিল। কেননা, তত দিনে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে খুবই জোরালোভাবে উঠে এসেছে ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নাম। সুষমাকে নিয়ে মিডিয়াও তোলপাড়। তারা উৎফুল্ল। প্রণব মুখার্জির রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিচিতি রাষ্ট্রপতির অধিষ্ঠানকে যে উচ্চতা দিয়েছে, মিডিয়ার ধারণায়, একমাত্র সুষমাই তাঁর কাছাকাছি পৌঁছাতে পারেন।
কিন্তু ভারতীয় রাজনীতি চলে তার নিজস্ব ঢং ও যুক্তিতে। সেখানে যোগ্যতার চেয়ে জাতপাত ও ধর্ম-বর্ণের গুরুত্ব বেশি। প্রাধান্য পায় ব্যক্তির ভৌগোলিক অবস্থানও। তিনি উত্তর না দক্ষিণের, পুব না পশ্চিমের, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু, নারী না পুরুষ, বর্ণহিন্দু না দলিত-অনগ্রসর— এসবের বিচারই বড় হয়ে ওঠে। তাই পছন্দের তালিকায় উঠে আসেন রামনাথ কোবিন্দ। উত্তরের সঙ্গে দক্ষিণের ভারসাম্য বজায় রাখতে উপরাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় অন্ধ্র প্রদেশের রাজনীতিক কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে।
কেন রামনাথ কোবিন্দকে বিজেপি দেশের প্রথম নাগরিক হিসেবে বেছে নিল, রাজনৈতিক দৃষ্টিতে তা বোঝা মোটেই বোধের অতীত নয়। দেশ ও বিশেষ করে উত্তর প্রদেশে একার শক্তিতে ক্ষমতায় আসার পর থেকে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী সত্তা যেভাবে দিকে দিকে মাথাচাড়া দিয়ে উঠছে, গোরক্ষার নামে যেভাবে জাতিগত অশান্তি বেড়ে চলেছে, যা মোকাবিলা করার অদম্য রাজনৈতিক ইচ্ছা বিজেপির শাসকেরা এখনো সেভাবে দেখাতে পারেননি, তাতে যে দুই জনগোষ্ঠী সবচেয়ে চিন্তিত, উদ্বিগ্ন ও ক্ষতিগ্রস্ত, রামনাথ কোবিন্দ সেই দুইয়েরই একটির প্রতিনিধি। দলিত। অন্যটি মুসলমান।
দলিত রামনাথ আবার সমাজের যে অংশের, সেই অ-জাটভ দলিতদের ২০১৪ সালে বিজেপি প্রথমবার মায়াবতীর মুঠো থেকে বের করে আনতে সফল হয়। দলিত সমাজে এই ভাগাভাগিটা বিজেপির কাছে বড়ই প্রয়োজন ছিল। অ-জাটভ দলিত ও অ-যাদব অনগ্রসরদের কাছে টেনে বিজেপি শুধু নিজেদের শক্তিই বাড়ায়নি, উত্তর প্রদেশের দুই প্রবল প্রতিপক্ষ বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টিকেও হীনবল করে দেয়। ২০১৯-এর জন্যও বিজেপি এই অঙ্কটা সামনে রেখে এগোতে চাইছে। অজ্ঞাত ও অপরিচিত রামনাথ কোবিন্দ তাই তাদের বহু চিন্তাভাবনার ফসল।
প্রশ্ন উঠবে, রামনাথ কোবিন্দকে ঘিরে আর্যাবর্তের এই পাটিগণিত আগামী দিনে ঠিকঠাক মিলে গেলেও দলিত সমাজের সামাজিক অবস্থানের সত্যিই কি কোনো গুণগত পরিবর্তন হবে? অভিজ্ঞতা বলে, না। পাঁচ হাজার বছরের বর্ণপ্রথা এখনো যেখানে প্রবলভাবে মাথা চাগাড় দেয়, দলিতকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে তার অবসান ঘটানোর চেষ্টা কষ্টকল্পিতই শুধু নয়, অতি সরলীকরণও বটে। মায়াবতী একবার-দুবার নয়, চার-চারবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাতে তাঁর ব্যক্তিগত বৈভব বাড়লেও দলিত সমাজের ক্ষমতায়ন কতটা হয়েছে, তা তর্কসাপেক্ষ। নিজে জাটভ দলিত বলে অ-জাটভদের উন্নতির দিকে তাঁর বিশেষ নজর ছিল না। থাকলে অ-জাটভ দলিতেরা এইভাবে নরেন্দ্র মোদির দিকে আকর্ষিত হতেন না। কিংবা যাদব কুলপতি মুলায়ম সিং। যাদবকুলের বাইরে তাঁর দৃষ্টি প্রসারিত হলে অনগ্রসর ভোট-ব্যাংকও এভাবে লুট হতো না।
এমন নয় যে এই প্রথম দেশের কোনো দলিত রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন। সেই কৃতিত্ব কবেই হাসিল করেছেন কে আর নারায়ণন। ১৯৯৭-২০০২ তিনি ছিলেন ভারতের দশম রাষ্ট্রপতি। প্রথম দলিত। তারপরও এ দেশে দলিত নির্যাতন থামেনি। রামনাথ কোবিন্দের আরোহণও পারবে না দলিতদের ব্রাত্যজনের তকমাটা টান দিয়ে ছুড়ে ফেলতে। ভারতের সমাজ ও রাজনীতি তার নিজস্ব গতি ও ছন্দ এখনো হারাতে শেখেনি। প্রতীক ও প্রতীকীর আড়ালে মুখ ঢাকাঢাকির ট্র্যাডিশন ও ঐতিহ্য তাই বিরামহীন চলছে। চলবেও।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।