রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভেতর-বাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে জনাব বদরূল ইমামের একটি লেখা পড়লাম, যার শিরোনাম ছিল ‘রামপাল নিয়ে তথ্যবিভ্রান্তি’। লেখাটি পড়ে আমার মনে হয়েছে, সেখানে সুন্দরবনের ওপর রামপালের প্রস্তাবিত কয়লাবিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য প্রভাব নিয়ে যেসব কথা বলা হয়েছে, তা কিছু ভ্রান্ত ধারণার সৃষ্টি করবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দীর্ঘ দিন ধরে নানা বিতর্ক চলছে। এ নিয়ে গবেষক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ বিভক্ত হয়ে পড়েছেন। আমার মনে হয়, নানা আলোচনায় জনমনে এ বিদ্যুৎকেন্দ্র নিয়ে কিছু খণ্ডিত এবং ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্র নিয়ে আমাদের প্রধানমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের কেউ কেউ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রমাগতভাবে তাঁদের অবস্থান তুলে ধরছেন। এই বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে প্রকৌশলবিদ্যার নিরিখে নানা যুক্তি তাঁরা তুলে ধরেছেন। অন্যদিকে এ বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীরা তাঁদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিদ্যুৎকেন্দ্রটির সম্ভাব্য প্রভাব নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত নানামুখী ভুল তথ্যের যে ধারা বইছে, তার বিশ্লেষণই আমার এ লেখার বিষয়।

বিদ্যুৎকেন্দ্রটি কোনোভাবেই সুন্দরবনের পরিধির মধ্যে নেই। এটি বনের বাইরের সীমানা থেকে ১৪ কিলোমিটার দূরে এবং ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এলাকা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের পরিবেশ আইনে এ রকম সংরক্ষিত প্রাকৃতিক সম্পদের ১০ কিলোমিটারের মধ্যে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিষিদ্ধ।

নিঃসরণ এবং দূষণ রোধে বিশ্বজুড়েই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে। প্রযুক্তি ক্রমেই বেশি দক্ষ হয়ে সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল হয়ে আলট্রা সুপার ক্রিটিক্যাল হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ব্রিফিং শোনার পর স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহৃত হবে।

 আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি

আলট্রা সুপার ক্রিটিক্যাল (ইউএসসি) প্রযুক্তির মূল বিষয়টি হচ্ছে বাষ্প উৎপাদনের দক্ষতা বৃদ্ধি। ইউএসসি প্রযুক্তি সুপার ক্রিটিক্যাল চাপের ওপরে এবং ১ হাজার ১০০ ডিগ্রি ফারেনহাইট (৫৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রার ওপরে কাজ করে। ফলে এতে আরও বেশি কার্যকর বাষ্পীয় চক্রের সৃষ্টি হয়। এতে করে জ্বালানি খরচ, বিকারক খরচ, কঠিন বর্জ্য উৎপাদন, পানির ব্যবহার এবং পরিচালন ব্যয় খরচ কমে আসে।

 সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি

সাবক্রিটিক্যাল প্রযুক্তির ইউনিটে প্রথমে পানিকে ফোটানো হয়, তারপর তা অত্যন্ত উত্তপ্ত বাষ্পে পরিণত করা হয়। সুপার ক্রিটিক্যাল চাপে পানিকে গরম করে (তবে না ফুটিয়েই) অত্যন্ত উত্তপ্ত বাষ্পে পরিণত করা হয়। অগ্রসর তাপগতিবিদ্যার সুবাদে উচ্চচাপ ও তাপের বাষ্প টারবাইনের মাধ্যমে প্রবাহিত করা হয় বলে সুপার ক্রিটিক্যাল বাষ্পীয় প্রযুক্তি সাবক্রিটিক্যালের চেয়ে অনেক বেশি কার্যকর। সুপার ক্রিটিক্যাল চাপ পানির সংকট চাপ ৩২০৮ পিএসআইএর চেয়ে বেশি। সংকট অবস্থায় (৩২০৮ পিএসআইএ এবং ৭০৫ ডিগ্রি ফারেনহাইট) পানির তরল ও বাষ্পীয় রূপকে আলাদা করা যায় না। এ অবস্থায় তাপ বা চাপের বৃদ্ধির কারণে অবস্থার কোনো পরিবর্তন হয় না এবং পানি ফোটার প্রক্রিয়া শুরু হবে না।

প্রচলিত সুপার ক্রিটিক্যাল ইউনিটে চাপের পরিমাণ সাড়ে ৩ হাজার পিএসআইএ (২৪ দশমিক ১ এমপিএ) বা তার বেশি এবং তাপমাত্রা ১০০০ থেকে ১০৫০ ডিগ্রি ফারেনহাইট। কিন্তু সাবক্রিটিক্যাল ইউনিট কাজ করে সংকট চাপের চেয়ে কম ২৪০০ পিএসআইএ (১৬ দশমিক ৫ এমপিএ) চাপে।

উন্নত কার্যকারিতা ও পরিবেশগত কর্মদক্ষতা

ইউএসসির কর্মদক্ষতার পাল্লা ৩৯-৪০ শতাংশ (জ্বালানির তাপীয় পদার্থের ৩৯-৪০ শতাংশ শক্তি হিসেবে পাওয়া যায়)। ফলে অন্যান্য প্রযুক্তির চেয়ে এই প্রযুক্তিতে কম জ্বালানি খরচে অধিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। স্বল্প জ্বালানির ফলে কার্বন ডাই-অক্সাইড (CO2), সালফার ডাই-অক্সাইড (SO2), নাইট্রাস অক্সাইড (NO), মারকারি বা পারদ (Hg) এবং বস্তুকণার (পিএম-১০) নিঃসরণ কম হয়। কঠিন বর্জ্য, যেমন ফ্লাই অ্যাশ উৎপাদন কম হয়। পরিবেশ সুরক্ষার যন্ত্রাংশে ব্যবহৃত দ্রব্য, যেমন অ্যাকটিভেটেড কার্বন এবং অ্যামোনিয়ার প্রয়োজন কম হয়।

জ্বালানি বিভাগের উচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি নিয়ে যেকোনো বিভ্রান্তি দূর করা। ব্যক্তিগতভাবে আমি সুপার ক্রিটিক্যালের বদলে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের বাস্তব পার্থক্য কমই দেখি। তবে পরেরটির ক্ষেত্রে খরচটা অনেক বেশি।

কয়লাবাহী নৌযানডুবি এবং পানিদূষণ

সুন্দরবনের আশপাশের নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী নৌযানগুলো হচ্ছে সাধারণ মালবাহী নৌকা। কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য
কয়লা বহন করা হবে বিশেষভাবে নির্মিত আবদ্ধ নৌযানে, যেগুলোর ডুবে যাওয়ার আশঙ্কা ক্ষীণ। এ ছাড়া কয়লা উপচে পড়লে তা তরল জ্বালানির মতো দূষণ ঘটায় না। সুন্দরবনের নদীগুলো দিয়ে মোংলা বন্দরে চলাচলকারী জাহাজগুলো আরও বেশি জ্বালানি নিঃসরণ করে, যা জীববৈচিত্র্যের ওপর খুব কম প্রভাবই ফেলে। যাঁরা সতর্কবাণী উচ্চারণ করছেন, তাঁরা ডুবে যাওয়া কয়লাবাহী নৌকা থেকে কয়লা পানিতে মেশার (যদি তা ঘটে থাকে) মাত্রা মাপা যায় কি না, তা যাচাই করতে পারেন।

নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য বাড়তি সতর্কতা

>বিদ্যুৎকেন্দ্রটি কোনোভাবেই সুন্দরবনের পরিধির মধ্যে নেই। এটি বনের বাইরের সীমানা থেকে ১৪ কিলোমিটার দূরে এবং ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এলাকা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত

আরপিপি নিঃসরণ নিয়ন্ত্রণের প্রধান সুরক্ষা হিসেবে উন্নতমানের কয়লা আমদানি করবে। এর হিটিং ভ্যালু হবে উচ্চমাত্রার আর সালফার ও ছাই হবে কম। সুপার বা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি যেটাই ব্যবহার করা হোক না কেন, তা নিশ্চিতভাবেই বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত সাবক্রিটিক্যাল প্রযুক্তির চেয়ে অনেক বেশি দক্ষ। অস্ট্রেলিয়ার বেশির ভাগ বিদ্যুৎকেন্দ্র সাবক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সঙ্গে চালানো হচ্ছে। দেশটির হাতে গোনা কয়েকটি কেন্দ্র সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে থাকে।

পরিবেশ অধিদপ্তর (ডিওই) পরিবেশগত প্রভাব ছাড়পত্রে ফুয়েল গ্যাস ডিসালফারাইজেশন প্ল্যান্টের (এফডিজি) সুপারিশ করেছে। এটি ব্যবহার করা হলে কয়লা থেকে প্রায় সম্পূর্ণ সালফার দূর হয়ে যাবে। এতে সালফার ডাই-অক্সাইডের নিঃসরণ কমে অনুমোদিত মাত্রার বেশ নিচে নেমে আসবে। লোন বার্নার প্রযুক্তি পুরোনো বলে কিছু বিদেশি বিশেষজ্ঞকে উদ্ধৃত করে দেশের কিছুসংখ্যক বিশেষজ্ঞ মত দিচ্ছেন। তবে তা তত পুরোনো নয়। যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর (ইএসপি) প্রযুক্তির কথা ভাবা হচ্ছে, তা সিলেকটিভ ক্যাটালিটিক রিডাকশনের (এসসিআর) চেয়ে তত খারাপ নয়। তবে বাংলাদেশি বিশেষজ্ঞ একজন মার্কিন প্রবাসী বিশেষজ্ঞকে উদ্ধৃত করে সেটাই বলছেন।

উন্নতমানের কয়লা ব্যবহার, সুপার ক্রিটিক্যাল অথবা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি, এফজিডি, লো নকস বার্নার, ড্রাই অ্যাশ সংগ্রহ ব্যবস্থা—সব মিলিয়ে নিঃসরণ বাংলাদেশের পরিবেশ আইন এবং আন্তর্জাতিক মানে অনুমোদিত মাত্রার অনেক নিচে থাকা নিশ্চিত করবে।

শূন্য তরল নিঃসরণ

শূন্য তরল নিঃসরণের ধারণাটি কোথা থেকে এল, তা আমরা বুঝতে পারছি না। পানি ব্যবহার কমানোর জন্য আরপিপিতে ক্লোজড লুপ রিসাইক্লিং পদ্ধতি ব্যবহৃত হবে। নিঃসৃত তরল যাতে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার মতো ক্ষতিকর সব ধরনের বিপজ্জনক উপাদানমুক্ত থাকে, তা কম্প্রিহেনসিভ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) মাধ্যমে নিশ্চিত করা হবে। নিঃসৃত পানির তাপমাত্রার পার্থক্য থাকবে মাত্র ২ ডিগ্রি। দেশের ঘোড়াশাল, সিদ্ধিরগঞ্জ ও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পাশের নদীতে ব্যবহৃত পানি ফেলে আসছে। কিন্তু এ পর্যন্ত মাছ বা জলজ জীব বা উদ্ভিদের কোনো ক্ষতির কথা জানা যায়নি।

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ সরকার অনুমোদিত সর্বোচ্চ অগ্রাধিকারমূলক জাতীয় প্রকল্প, যা বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। কয়লাচালিত প্রযুক্তি সম্পর্কে সীমিত অভিজ্ঞতাসম্পন্ন আমাদের স্থানীয় বিশেষজ্ঞরা যদি এত শোরগোল না তুলতেন, তাহলে বিশ্বব্যাপী এটি এত প্রচার পেত না। বিদ্যুৎকেন্দ্রটি হবে খুবই উপযুক্ত স্থানে, যা সুন্দরবন ম্যানগ্রোভ বন থেকে নিরাপদ দূরত্বে। এর অবস্থান বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত একটি নদীর ধারে, যাতে করে বিশেষায়িত নৌযানে কয়লা পরিবহন সহজ হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলটি এখন সড়ক অবকাঠামোর মাধ্যমে যুক্ত।

উন্নতমানের কয়লা ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিঃসরণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বাড়তি ব্যবস্থা বিদ্যুৎকেন্দ্রটিকে পরিবেশ অনুকূল করবে, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। ইউনেসকো বিদ্যুৎকেন্দ্রটির ব্যাপারে আপত্তি তুলেছে, কারণ সংস্থাটির
মতে, এটি ৭০ কিলোমিটার দূরে অবস্থিত তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সাইটের ওপর প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, তাইওয়ান, ভারত, জাপান ও চীনে অনেক বড় শহরের কেন্দ্রে সাবক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারকারী অনেক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। সরকার দুবার ইউনেসকোর পর্যবেক্ষণের বিশদ জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী মার্কিন পরিবেশ আন্দোলনকর্মী আল গোরকে বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্রের স্থান নিজের চোখে দেখে সরকারের বক্তব্য যাচাই করতে। এভাবে এ বিষয়ে সব গুজব-গুঞ্জনের অবসান হোক।

তবে সরকারের উচিত খুব সহজ, সাধারণ ভাষায় এ প্রযুক্তির বিষয়টি ব্যাখ্যা করার পাশাপাশি এটা বুঝিয়ে দেওয়া যে
রামপাল কেন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য খুব উপযুক্ত জায়গা। এ নিয়ে প্রধানমন্ত্রীর ঘন ঘন কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।

খন্দকার সালেক সুফি: সাবেক পরিচালক, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। জ্বালানি অবকাঠামো ও উন্নয়নে দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশে কাজ করেছেন।