
রামপাল কয়লাবিদ্যুৎকেন্দ্র চালু হলে এ কেন্দ্র থেকে উদ্ভূত কঠিন, তরল ও বায়বীয় দূষকসমূহ পশুর নদ ও সুন্দরবনের পরিবেশকে যে বিপন্ন করবে, তা দেশীয় ও আন্তর্জাতিক বিজ্ঞানী এবং পরিবেশবিদদের রামপালবিরোধী বক্তব্য ও উদ্বেগের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেসকো, অপর সংগঠন রামসার সেক্রেটারিয়েটসহ একাধিক বিদেশি সংস্থা সুন্দরবন রক্ষার স্বার্থে রামপাল প্রকল্প বাতিল বা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জোর সুপারিশ করেছে। ইতিমধ্যে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিরাট জনমত গড়ে উঠেছে। এতত্সত্ত্বেও রামপালে কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের অনড় অবস্থান আমাদের মর্মাহত করছে। অথচ দক্ষিণবঙ্গে রামপালের বিকল্প স্থান ও পশুর নদের বিকল্প কয়লা পরিবহনের নদীপথ নির্ধারণ করার জন্য কেবল সদিচ্ছার প্রয়োজন। এ প্রবন্ধে সম্ভাব্য বিকল্প স্থান ও কয়লা পরিবহনের পথ প্রস্তাব করা হয়েছে।
রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলন উন্নয়ন বা সরকারবিরোধী কোনো আন্দোলন নয়। আমরা বিদ্যুৎ উৎপাদনে সরকারের বৃহৎ কর্মপরিকল্পনাকে তথা ২০২০ সালের মধ্যে মোট ২৪ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা অর্জনের লক্ষ্যকে দেশের উন্নয়ন–সহায়ক বলে মনে করি। কিন্তু রামপালে কেবল ১ হাজার ৩০০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সুন্দরবন ও নদীর সর্বনাশা পরিণতি ঘটানোর যে অবিবেচনাপ্রসূত পরিকল্পনা, আমরা তার ঘোর বিরোধী। এখানে উল্লেখ্য, ২০১০ সালে প্রণীত সরকারের পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ২৪ হাজার মেগাওয়াট হবে বলে যে প্রাক্কলন করা
হয়েছিল, ২০১৬ সালে তা সংশোধন করে ২০২০ সালে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার মেগাওয়াট ধরা হয়েছে।
রামপাল কয়লাবিদ্যুৎকেন্দ্র বিভিন্নভাবে পরিবেশ দূষিত করবে। এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন হিসেবে প্রতিবছর ৪৭ লাখ টন কয়লা পোড়ানোর ফলে বিপুল পরিমাণ দূষিত পদার্থ নির্গত হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী সংস্থা বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ কোম্পানির (মৈত্রী কোম্পানি) ভাষ্য অনুযায়ী, এসব দূষিত পদার্থ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আটকে দেওয়া হবে। কিন্তু যুক্তরাষ্ট্রে কর্মরত এ বিষয়ে অভিজ্ঞ বিজ্ঞানীরা টেন্ডার ডকুমেন্টসমূহ পর্যালোচনা করে বলছেন, রামপালে সর্বাধুনিক নয়, বরং পুরোনো প্রযুক্তি ব্যবহার করা হবে, যা অধিকাংশ ক্ষেত্রেই নির্গত দূষকসমূহ সন্তোষজনকভাবে আটকে রাখতে পারবে না (সূত্র: রামপাল বিতর্ক—১০টি প্রশ্ন, উত্তর ও প্রতি উত্তর শীর্ষক রিপোর্ট, ডেইলি স্টার, ৭ সেপ্টেম্বর ২০১৬)। বিজ্ঞানীদের মতে, ভৌত, রসায়ন বা জৈব শাখার যেকোনো সূত্রে রামপাল কয়লাবিদ্যুৎকেন্দ্রের দূষণ পশুর নদ ও সুন্দরবনের পরিবেশকে বিপন্ন করবে।
রামপালে কয়লা পুড়িয়ে পরিবেশদূষক বহুবিধ ভারী ধাতুসংবলিত উড়ন্ত ছাই (ফ্লাই অ্যাশ) নির্গত হবে বছরে প্রায় সাত লাখ টন। মার্কিন বিশেষজ্ঞের মতে, ছাই নির্গমনের পথে তা আটকে দেওয়ার সর্বোত্তম পন্থা ব্যাগ হাউস প্রযুক্তি রামপালে ব্যবহার করা হবে না। তাতে ছাইদূষণ রোধ করা যাবে না। রামপালে নির্গত সব ছাই শুষ্ক অবস্থায় ধারণ করে বিক্রি করা হবে বলে মৈত্রী কোম্পানি উল্লেখ করলেও টেন্ডার ডকুমেন্টে বড় অংশজুড়ে ছাইমিশ্রিত ঘন পানি রাখার জন্য উচ্চ ব্যয়সাপেক্ষ ছাই–পুকুর (অ্যাশ পন্ড) তৈরির নির্দেশনা রয়েছে। এ রকম ছাই–পুকুর থেকে নানাভাবে ভূগর্ভস্থ পানির স্তর বা নদী বা চাষাবাদের জমিসহ ভূমির দূষণ হয়। ইআইএ রিপোর্টেও পশুর নদের পাশে ছাই–পুকুরের স্থান ও নকশা দেওয়া আছে। উপরন্তু রামপালে কেন্দ্র নির্মাণের স্থানে ১ হাজার ৪১৪ একর জমি এই ছাই দিয়ে ভরাট করার পরিকল্পনার উল্লেখ আছে (সূত্র: ইআইএ রিপোর্ট, পৃ. ১০৯), যার ফলে বিরাট এলাকা ভারী ধাতু দ্বারা কলুষিত হওয়ার ঝুঁকিতে থাকবে। অন্যতম পরিবেশদূষক পারদ আটকে দেওয়ার সর্বোত্তম প্রযুক্তি সরবেন্ট ইনজেকশন ইন বয়লার ও ব্যাগ হাউস রামপালে ব্যবহৃত হবে না। পারদ এতটাই বড় দূষক যে চা-চামচের ৭০ ভাগের ১ ভাগ পরিমাণ পারদ ২৫ একর লেকের পানিতে পড়লে সেখানকার মাছ খাওয়ার অযোগ্য হয়ে পড়ে।
রামপালে কয়লা পোড়ানোর ফলে প্রতিদিন দূষিত গ্যাস নাইট্রোজেন অক্সাইড বের হবে ১৪২ টন আর সালফার অক্সাইড বের হবে ৮৫ টন (সূত্র: ইআইএ রিপোর্ট ২০১৩)। মৈত্রী কোম্পানি বলছে, এগুলো আটকে দেওয়ার জন্য মোক্ষম প্রযুক্তি ব্যবহার করা হবে। কিন্তু এটি সম্পর্কে মার্কিন বিজ্ঞানী ও বিশেষজ্ঞ বলছেন, এটি পুরোনো প্রযুক্তি, যা উন্নত বিশ্বে ব্যবহার করা হয় না (সূত্র: ডেইলি স্টার, ৭ সেপ্টেম্বর ২০১৬)। প্রতিদিন নির্গত এই গ্যাসসমূহ বাতাসে তাদের বর্তমান মাত্রাকে ২ থেকে ৩ গুণ বেশি করে তুলবে।
সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত পশুর নদের প্রায় ৬৫ কিলোমিটার পথ কয়লাদূষণের প্রভাবে পড়বে। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য পশুর নদ থেকে নেওয়া পানি ব্যবহারের পর প্রতি ঘণ্টায় ৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পানি নদীতে ফেলা হবে, যার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ২৫ ডিগ্রি ফারেনহাইট বেশি থাকবে এবং যা কিনা নদীতে থারমাল পলিউশন বা তাপদূষণ ঘটাবে (সূত্র: ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ সুন্দরবন ডেলটা ভিশন ২০৫০, ডকুমেন্ট ২, পৃ. ৯৩)। এই দূষণ নদীর প্রাণিকুলের প্রজননক্ষমতা বিনষ্ট ও অন্যান্য ক্ষতিকর প্রভাব ফেলবে। যে পাইপের সাহায্যে পশুর নদের পানি টেনে বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে, তাতে পানির সঙ্গে অসংখ্য মাছের ডিম, মাছের লার্ভা, মাছসহ অনেক জলজ প্রাণীও ঢুকে পড়বে ও মৃত্যুবরণ করবে (সূত্র: ডোনা লিসেনবি, যুক্তরাষ্ট্রভিত্তিক পানি ও পরিবেশ সংগঠন ওয়াটার কিপার অ্যালায়েন্সের বিশেষজ্ঞ ও গবেষক; সাক্ষাৎকার ডেইলি স্টার, ১১ জুন ২০১৫)। উল্লেখ্য, পশুর নদে শুষ্ক মৌসুমে উজান থেকে ঠান্ডা মিঠা পানির প্রবাহ হ্রাস পাওয়ার ফলে তাপদূষণ ও লবণাক্ততা বৃদ্ধি পাবে, যা কিনা পূর্ণ ভাটার সময় আরও তীব্র হবে। পশুর নদপথে কয়লা পরিবহনের জন্য নদে প্রতিবছর ড্রেজিং করার প্রয়োজন হবে। ইআইএর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রতিবছর ড্রেজিংয়ের ফলে নদের পানি ঘোলাটে হওয়া ও অপরাপর কারণে নদের জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব দেখা দেবে। পশুর নদকে কয়লা পরিবহনের দীর্ঘ পথ হিসেবে ব্যবহার করার ফলে তা কয়লা বা অন্য প্রকার বর্জ্য ইত্যাদির সম্ভাব্য উৎস হয়ে থাকবে।
কয়লাবিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত দূষিত গ্যাস ও ছাই অনেক উঁচু (২৭৫ মিটার) চিমনির মাধ্যমে আকাশে ছড়িয়ে দিয়ে দূষণরোধের যে ব্যবস্থাপনা করা হচ্ছে, মার্কিন বিজ্ঞানীদের মতে, তা হবে হিতে বিপরীত। অর্থাৎ অনেক উঁচু চিমনির মাধ্যমে দূষক গ্যাস ও ছাই আকাশে ছড়িয়ে দেওয়ার ফলে তা রামপালের আশপাশে না পড়ে অপেক্ষাকৃত দূরে সুন্দরবনের ভেতরে পড়ে দূষণ ঘটাবে। অন্যদিকে রামপালে রাখা কয়লার স্তূপে বিশেষ রাসায়নিক স্প্রে ব্যবহার না করে কেবল পানি ছিটিয়ে কয়লার গুঁড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় তা থেকে প্রতিবছর দুই থেকে চার টন কয়লার গুঁড়া বা ধুলা বাতাসে ছড়িয়ে নদ ও বনে পড়ে স্থলজ ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে (সূত্র: ড. দেব নেইমার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া)।
ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ জানাই যেন তিনি তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বের আলোকে নিম্নোক্ত প্রস্তাবসমূহ সুবিবেচনায় নেন। ১. রামপালে কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাতিল করে সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা। ২. বিদ্যুৎকেন্দ্রের কয়লা পরিবহনে সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত পশুর নদ ব্যবহার না করা। ৩. রামপালের পরিবর্তে বরগুনার দক্ষিণ-পূর্বে বুরিশ্বর নদের পাশে আরপাঙ্গাসিয়া নামক স্থানে কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা। স্থানটি সুন্দরবন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত হওয়ায় কোনো মৌসুমেই নির্গত গ্যাস বা ছাই সুন্দরবনের দিকে যাবে না। বুরিশ্বর নদটি সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত হয় না। এটি পশুর নদের চেয়ে প্রশস্ত হওয়ায় এবং মেঘনার সঙ্গে যুক্ত থাকায় এই নদীতে
মিঠা পানির প্রবাহ বেশি থাকবে বিধায় নদীর পানিতে তাপ ও অন্যান্য দূষণ হ্রাস পাবে। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এবং পানির স্রোত বেশি থাকায় দূষিত পদার্থ সমুদ্রে প্রবাহিত হয়ে মিঠা পানিকে কম দূষিত করবে। রামপাল যেখানে সমুদ্র থেকে ৬৫ কিলোমিটার
দূরে, আরপাঙ্গাসিয়া সমুদ্র থেকে মাত্র ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এর ফলে কয়লা পরিবহন কম ব্যয় ও সহজসাধ্য হবে। একটি নিরপেক্ষ ইআইএ সম্পাদন করার মাধ্যমে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে প্রস্তাবিত স্থানটিতে কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায়।
বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবদুল আজিজ: অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।