নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট ২০১৬
সংবাদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে। এই বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবন ও পরিবেশের কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য যা কিছু ভালো মনে হবে, আমি সেগুলো করবই।’ শনিবার বিকেলে গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।
মো. সাজিদুল ইসলাম
আমাদের প্রধানমন্ত্রী যদি জনগণের সত্যিকারের প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে দেশের সাধারণ জনগণ যা চায়, ওনার তা মেনে নিতে অসুবিধা কোথায়? এই টাকা দিয়ে অন্য কোথাও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা কি যায় না?
মনজুর এলাহী
ভারত লাভের ভাগ নেবে। তাহলে ঋণের বোঝা কেন শুধু বাংলাদেশ বইবে? তা ছাড়া, এই কয়লা বিদ্যুৎ প্রকল্প ভারতের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি বলেই বাংলাদেশে হচ্ছে। সুন্দরবনের কোনো ক্ষতি হলে তার দায়দায়িত্ব কার, সেটা পরিষ্কার হওয়া জরুরি। এত সুনিশ্চিতভাবে যখন বলা হচ্ছে, কোনো ক্ষতি হবে না, তাহলে যদি কোনো কারণে ক্ষতি হয়েই যায়; সে জন্য দায়ভারের বিষয়টি খোলাসা করে ফেললে ভালো হয়।
শিমুল
রামপালের বিদ্যুৎকেন্দ্র থেকে বেশ দূরে সুন্দরবন। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ না করে সুন্দরবনের চোরাকারবারিদের উৎপাত বন্ধ করুন। তাহলে বিদ্যুৎকেন্দ্রে দেশের উন্নয়নও হবে, সুন্দরবনও বেঁচে থাকবে।