রাশিয়া কি উভয়সংকটে পড়ল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধমুক্ত হয়ে গেল ইরান, এর মধ্য দিয়ে দেশটি যেমন নতুন করে সব শুরু করবে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়েচড়ে বসবে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) যখন ঘোষণা দিল, পারমাণবিক চুক্তির অধীনে ইরানের যেসব শর্ত পূরণ করার ছিল, ইরান সেগুলো করেছে, তখনই যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।
এখন কথা হচ্ছে, ইরান সরকারের রাজনৈতিক সদিচ্ছাতেই এই চুক্তি সম্ভব হতে পারত, কিন্তু একই সঙ্গে রাশিয়ার অংশগ্রহণ ছাড়া তা সম্পন্ন করা খুব কঠিন হতো। তাহলেও রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির আলোকে দেখলে এই পারমাণবিক চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার সফলতার পাশাপাশি ব্যর্থতা হিসেবেও চিহ্নিত হতে পারে।
এদিকে রাশিয়ার ওপরও নানা নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছে, তা সত্ত্বেও ইরানকে এই নিষেধাজ্ঞার অবরোধ থেকে মুক্ত হতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি রাশিয়া কখনো কখনো তেহরানের মাথা গরম রাজনীতিকদেরও প্রশমিত করেছে। রাশিয়া মাঝেমধ্যে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করলেও ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে। ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের সময় রাশিয়া আন্তর্জাতিক চাপের কারণে পিছিয়ে এসেছিল। সে সময় তারা উভয় পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে।
ইরানের জারিজুরি যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়নি, তখন রাশিয়া ইরানের সমালোচনাও করেছে। আবার পশ্চিমের নীতির কারণে যখন আলোচনা প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে, তখন তারা পশ্চিমের সমালোচনাও করেছে। রাশিয়া সে ক্ষেত্রে পক্ষপাতহীনভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তাই আলোচনা প্রক্রিয়ায় যুক্ত পশ্চিমারা রাশিয়ার এই ভূমিকার প্রশংসা করেছে।
তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়ার কূটনীতির জন্য এক বড় অর্জন হিসেবেই গণ্য হবে। এর মধ্য দিয়ে তারা নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, বিশ্ব মঞ্চে শক্তিশালী খেলোয়াড় ও অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এখন জটিলতম চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করা ও কূটনৈতিকভাবে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে।
আবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রাশিয়া ইরানের সঙ্গেও নিজের অংশীদারির পরিসর বাড়াতে পারে। আঙ্কারার সঙ্গে মস্কোর সম্পর্কের ক্ষেত্রে সম্প্রতি যে উত্তেজনা সৃষ্টি হলো, তাতে মস্কো ইউরোপ থেকে পণ্য এবং তুরস্ক থেকে ফল ও সবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদনের মধ্য দিয়ে রাশিয়া আবার সেই ঘাটতি মেটাতে পারছে না। এসব পরিস্থিতিতে রাশিয়ার জন্য ইরান ভালো বিকল্প হতে পারে।
অন্যদিকে ইরান নিজের সক্ষমতার জোরেই এত দিন নিষেধাজ্ঞার মধ্যেও টিকে ছিল। তাদের উৎপাদন ও প্রযুক্তি সক্ষমতা এমন পর্যায়ের যে তারা কুলিয়ে উঠতে পেরেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে ইরানের অর্থনীতি আরও চাঙা হবে। রাশিয়া যদি ইরান থেকে এসব আমদানি করে, তাহলে রুশ ভোক্তারা বেঁচে যাবে। এভাবে তারা আপন জনগণের হাতে ভালো মানের ফল, সবজি ও দুগ্ধজাত খাবার তুলে দিতে পারবে।
আর এটা বলার অপেক্ষা রাখে না যে এর ফলে রাশিয়া ও ইরানের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে, যা নিশ্চয়ই শুধু খাদ্যদ্রব্যের মধ্যে সীমিত থাকবে না। আশা করা যায়, দুই দেশের মধ্যে প্রাযুক্তিক ও মানবিক সহায়তা বাড়বে। রুশদের যদি বিনা ভিসায় ইরানে ঢুকতে দেওয়া হয়, তাহলে ইরানে পর্যটনের বড় সুযোগ সৃষ্টি হবে। কারণ, মিসর ও তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ।
তবে ব্যাপারটা রাশিয়ার জন্য বুমেরাংও হতে পারে। কারণ, ইরানের হাতেও বিপুল পরিমাণ তেল আছে। ইরানের সস্তা তেল বাজারে আসা শুরু করলে তেলের দাম আরও কমতে পারে, এতে তেলের দাম বাড়া শুরু হতে আরও অনেক সময় লেগে যাবে। তেলের দাম দীর্ঘদিন ধরে কম থাকলে তা রাশিয়ার জন্য অত্যন্ত মারাত্মক ব্যাপার হবে। কারণ, দেশটির সিংহভাগ রাজস্ব আসে তেল বেচে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের রাজনৈতিক মাজেজা হলো, আন্তর্জাতিক পরিসরে ইরানের উপস্থিতি আরও দৃশ্যমান হবে। বিশ্বের সঙ্গে সহযোগিতা বাড়লে এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ক্রমবর্ধমান হারে অন্তর্ভুক্ত হতে শুরু করলে ইরানের অর্থনীতি আরও চাঙা হবে। এতে ইরান মধ্যপ্রাচ্যের অনেক বিষয়েই যুক্ত হবে, আর প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলাতে শুরু করবে।
তারা হয়তো সরাসরি হস্তক্ষেপ করবে না, নানা কায়দা-কৌশল নেবে। দেশটি হয়তো আরব বিশ্বের বিভাজনের সুযোগ নেওয়ার অথবা প্রক্সিদের দিয়ে কিছু করানোর চেষ্টা করবে। সম্ভবত ইয়েমেন ইতিমধ্যে এর লক্ষণ দেখতে শুরু করেছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরান ইরাকেও প্রভাব বিস্তার করেছে, এমনকি সিরিয়াতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে।
সার্বিকভাবে বলা যায়, ইরানের পরিপ্রেক্ষিতে রাশিয়া কিছু হারিয়েছে আর কিছু অর্জন করেছে। এই যুগান্তকারী ঘটনার সুফলগুলো যেমন দৃশ্যমান, ঠিক তেমনি কুফলগুলোও। এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবিধাভোগী ইরান নিজেই, দেশটি এখন নিজের সক্ষমতা কাজে লাগিয়ে পছন্দমতো ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ইংলিশ. আলঅ্যারাবিয়া. নেট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
মারিয়া দুবোভিকোভা: মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের (ইউনিভার্সিটি) পররাষ্ট্রনীতি–বিষয়ক গবেষক।