রাশিয়া-ইউক্রেন সংকট যেভাবে প্রশমন করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রস্তুতি
ছবি: রয়টার্স

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া–ইউক্রেন সীমান্তে তাদের সামরিক শক্তি (সৈন্য ও যুদ্ধসরঞ্জাম) অনেক গুণ বাড়িয়েছে। তারা কেন এটা করেছে, আমরা তা জানি না? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা–ও আমাদের কাছে স্পষ্ট নয়। এখন পর্যন্ত পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, সামরিক পদক্ষেপের বিকল্প তিনি হাতে রেখেছেন।

আমার মনে পড়ছে ১৯৯০ সালের জুলাই মাসের ঘটনা। সে সময় আরেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন কুয়েতসংলগ্ন ইরাকের দক্ষিণ সীমান্তে বড় আকারের সামরিক সমাবেশ করেছিলেন। এখনকার মতো সে সময়েও সাদ্দাম হোসেনের উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। আরব নেতারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশকে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাতে বলেছিলেন। তাঁকে এই বলে আশ্বস্ত করা হয়েছিল যে কুয়েতকে তেলের দাম বাড়াতে বাধ্য করাতে এটা করছে ইরাক, ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অর্থনীতি ও সামরিক শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টাও এটি।

সেই বছরের আগস্টের শুরুর দিকেই অনেকের আশঙ্কা সত্যে পরিণত হয়েছিল। কুয়েতে আগ্রাসন শুরু করল ইরাক। কুয়েতের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং সেখান থেকে ইরাকি সৈন্যদের হটানোর জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বড় আকারের আন্তর্জাতিক জোট গঠন করতে হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন সীমান্তে কি এখন সেই একই ধরনের বহুমাত্রিক পরিস্থিতির উদ্ভব হয়েছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার এই সামরিক সমাবেশকে অম্ল-মধুর ভাষায় সমালোচনা করেছেন। এটির উদ্দেশ্য হচ্ছে রাশিয়া যাতে ইউক্রেনে আক্রমণ না চালায়। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে যে হামলা করা হলে রাশিয়াকে তাদের ধারণার চেয়েও বেশি ক্ষতির শিকার হতে হবে। আর রাশিয়া যদি তাদের অবস্থান থেকে ফিরে আসে, তাহলে রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে মনোযোগ দেওয়া হবে। কূটনীতিকে আশ্রয় করে বাধা তৈরি করার দৃষ্টান্ত এটি।

অনেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করেন। কিন্তু তাঁরা আবার তাইওয়ানে চীনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাইওয়ান কিংবা ইউক্রেন—দুই ক্ষেত্রেই ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সুবিধাজনক নয়।

অনেকে সমালোচনা করছেন, এ ক্ষেত্রে মার্কিন প্রতিক্রিয়া খুব দুর্বল। কিন্তু ভৌগোলিক অবস্থান ও সামরিক সামর্থ্যকে বিবেচনা করলে ইউক্রেনের পক্ষে প্রতিরক্ষা করা একেবারে অসম্ভব। সামরিক পদক্ষেপের বিষয়টি টেবিলে রেখে বাইডেন ঠিক কাজটিই করেছেন। বাইডেন যে এ ক্ষেত্রে ইতিহাসে ফিরে গেছেন, সেটাও একটি সঠিক সিদ্ধান্ত। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়াও ইউক্রেনকে নিশ্চয়তা দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া পারমাণবিক অস্ত্র ধ্বংস করলে তাদের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষিত রাখা হবে। এ প্রতিশ্রুতি ন্যাটোর নিরাপত্তা অঙ্গীকারের মতো লিখিত নয়, কিন্তু তাই বলে ইউক্রেনকে একা ফেলে রেখে আসা যাবে না।

অনেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করেন। কিন্তু তাঁরা আবার তাইওয়ানে চীনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাইওয়ান কিংবা ইউক্রেন—দুই ক্ষেত্রেই ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সুবিধাজনক নয়। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ধনুর্ভঙ্গ নিরাপত্তা অঙ্গীকারও করেনি।

ইউক্রেনের ক্ষেত্রে ন্যাটোর মিত্ররা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত নয়, যুক্তরাষ্ট্র সেটা করবে সেই প্রত্যাশাও করে না তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ও সঙ্গীরা চীনের যেকোনো আগ্রাসন প্রতিরোধের ক্ষেত্রে প্রস্তুত। তারা প্রত্যাশা করে আঞ্চলিক আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে চীনের যেকোনো বাজির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পাল্টা বাজি ধরবে।

এর মানে এই নয় যে ইউক্রেনে যা কিছু তাই করার অধিকার পেয়ে গেছে রাশিয়া। বিশ্বব্যবস্থায় একটা নীতি আছে। কোনো দেশের আরেক দেশে আগ্রাসন চালানোর অনুমতি নেই, জোর করে সীমানা বদলেরও সুযোগ নেই। ন্যায্যতার প্রশ্নের চেয়েও বড় এই নীতি। এর আলোকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা এবং রাশিয়ার ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া যেতেই পারে। নিষেধাজ্ঞা দেওয়া হলে তেলনির্ভর রাশিয়ার ভঙ্গুর অর্থনীতির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

শেষ পর্যন্ত পুতিনের সিদ্ধান্তের ওপরেই সবটা নির্ভর করছে। তিনি ইউক্রেনকে বৃহত্তর রাশিয়ার জৈবিক অংশ বলে মনে করেন। ২০০৫ সালে তিনি বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া শতাব্দীর প্রধান ভূরাজনৈতিক বিপর্যয়। ইউক্রেনকে সংযুক্ত করে আংশিকভাবে হলেও সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার ফিরিয়ে আনার সুযোগ তিনি ভালোমতোই খুঁজছেন।

আমরা আশা করতে পারি, হামলা করলে কঠোর মূল্য চোকানোর হুমকি এবং মুখ রক্ষার জন্য কিছু ছাড় দেওয়ার—এই নীতি পুতিনকে তাঁর সৃষ্ট সংকট থেকে সরিয়ে নিয়ে আসবে। যদি তাতে কাজ না হয়, তাহলে প্রতিশ্রুত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রাশিয়া ও জার্মানির মধ্যকার গ্যাস পাইপলাইনসহ রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ন্যাটোকে আরও শক্তিশালী করা এবং ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র, পরামর্শ ও বুদ্ধি জোগানোর এটাই সময়।

ইংরেজি থেকে অনূদিত স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

  • রিচার্ড হাস কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট