রাশিয়া কেন উন্নতি করতে পারল না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নায়ুযুদ্ধের সমাপ্তির সিকি শতাব্দীর পর আজ আবারও পাশ্চাত্য ও রাশিয়া মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। তবে এবার অন্তত এক পক্ষের কাছে ব্যাপারটা আদর্শগত নয়, তাদের কাছে এটা খোলাখুলিভাবে ভূরাজনৈতিক ব্যাপার। সোভিয়েত-উত্তর যুগে পাশ্চাত্য নানাভাবে গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন দিয়েছে। বহুদিনের একনায়কদের উৎখাতে বিভিন্ন দেশে নানা ‘রঙের’ যে বিপ্লব হয়েছে, তার ব্যাপারে উচ্ছ্বাস লুকানোর চেষ্টা পাশ্চাত্য খুব একটা করেনি। তবে এই একনায়কদের জায়গায় যে নেতারা ক্ষমতায় এসেছেন, তাঁরা যতই ভান করুন না কেন, তাঁরা ঠিক অতটা অঙ্গীকারবদ্ধ নন।

সাবেক সোভিয়েত ব্লকের অনেক দেশেই কর্তৃত্বপরায়ণ সরকার ক্ষমতায় আছে। তাঁদের অনেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো কীভাবে নির্বাচিত হওয়ার ভান ধরা যায় সেই বিদ্যায় কমিউনিস্ট পূর্বসূরিদের চেয়েও বেশি দক্ষতা অর্জন করেছেন। তাঁরা ‘অনুদার গণতন্ত্রের’ ধারণা বিক্রি করছেন প্রায়োগিকতার ধুয়া তুলে, ইতিহাসের সর্বজনীন তত্ত্বের ভিত্তিতে নয়। এই নেতারা দাবি করেন, তাঁরা স্রেফ কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে অধিক কার্যকর।

জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়া ও ভিন্নমত দমনের বেলায় এটা বিশেষভাবে সত্য। যদিও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে তাঁরা অতটা কার্যকর নন। কথা হচ্ছে, রাশিয়া একসময় পৃথিবীর দুই পরাশক্তির একটি হলেও এখন তার মোট দেশজ উৎপাদন জার্মানির ৪০ শতাংশ ও ফ্রান্সের ৫০ শতাংশের কিছু বেশি। দেশটির মানুষের গড় আয়ু পৃথিবীতে ১৫৩তম। অর্থাৎ এই সূচকে তার অবস্থান হন্ডুরাস ও কাজাখস্তানের ঠিক পরেই।

মাথাপিছু আয়ের ক্ষেত্রে রাশিয়ার অবস্থান এখন বিশ্বে ৭৩তম (ক্রয়ক্ষমতার সাম্যের ভিত্তিতে)। মানে মধ্য ও পূর্ব ইউরোপে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে প্রান্তস্থ দেশগুলো ছিল, রাশিয়ার অবস্থা এখন সেগুলোর চেয়েও খারাপ। দেশটির শিল্পকারখানা কমে গেছে। ফলে তার রপ্তানির সিংহভাগই আসে প্রাকৃতিক সম্পদ থেকে। দেশটি স্বাভাবিক বাজার অর্থনীতিতে রূপান্তরিত হতে পারেনি; বরং সেখানে অদ্ভুত রকম এক দলবাজির পুঁজিবাদ গড়ে উঠেছে।

হ্যাঁ, তা সত্ত্বেও রাশিয়া এখনো কিছু কিছু ক্ষেত্রে তার গড়পড়তা অবস্থানের চেয়ে বেশি সামর্থ্য দেখায়, যেমন পারমাণবিক শক্তির বেলায়। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তার এখনো ভেটো দেওয়ার সামর্থ্য আছে। আর সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ওয়েবসাইট হ্যাক করে সে জানান দিল, পশ্চিমের নির্বাচনে নাক গলানোর সামর্থ্য তার আছে।

এটা বিশ্বাস করার সব কারণই আছে যে এই নাক গলানো চলতেই থাকবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাজে রুশিদের সম্পর্ক থাকায় মার্কিনরা তাঁদের রাজনীতিতে রুশ প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তবে চলমান তদন্তের মাধ্যমেই ব্যাপারটা পরিষ্কার হবে।

আয়রন কার্টেনের (আদর্শিক বিভাজন) পতনের সময় অনেকেই রাশিয়া ও বৃহত্তর অর্থে সোভিয়েত ইউনিয়ন নিয়ে বড় আশা পোষণ করতেন। তবে সাত দশকের সমাজতান্ত্রিক শাসনের পর রাশিয়ার পক্ষে বাজার অর্থনীতিতে ঢোকা সহজ ছিল না। কিন্তু সদ্য পড়ে যাওয়া ব্যবস্থার তুলনায় গণতান্ত্রিক বাজার অর্থনীতির সুবিধা দৃশ্যত অনেক বেশি হওয়ায় ধারণা করা হয়েছিল অর্থনীতি বিকশিত হবে এবং নাগরিকেরা বৃহত্তর স্বাধীনতা দাবি করবে।

কিন্তু ভুলটা কোথায় হলো? দোষটা কার? যদি কারও তা থাকে? রাশিয়ার সমাজতন্ত্র-উত্তর ক্রান্তিকাল কি ভালোভাবে সামলানো যেত?

আমরা কখনো নিশ্চিতভাবে এই সমস্যার উত্তর দিতে পারব না। ইতিহাসের চাকা ঘুরিয়ে দেওয়া যায় না। কিন্তু আমি বিশ্বাস করি, আজ আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তার আংশিক কারণ হচ্ছে ওয়াশিংটন কনসেনসাসের অন্তর্গত ভুল, যার আলোকে রাশিয়ার ক্রান্তিকাল পরিচালিত হয়েছে। সংস্কারবাদীরা বেসরকারীকরণের ওপর যে ব্যাপক জোর দিয়েছেন, তার মধ্যেই এই কাঠামোর প্রভাব প্রতিফলিত হয়। তা সে যেভাবেই করা হোক না কেন, এখানে গতিই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। এমনকি বাজার অর্থনীতির কার্যকারিতার জন্য যে প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন ছিল, তার মধ্যেও এই তাড়াহুড়ো দেখা গেছে।

১৫ বছর আগে আমার বই গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকনটেন্ট-এ লিখেছিলাম, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই শক থেরাপি মারাত্মকভাবে ব্যর্থ হবে। আবার এই তরিকার সমর্থকেরা ধৈর্য ধরার কথা বলেছিলেন। দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকলেই কেবল এ ধরনের কথা বলা যায়। আজ সিকি শতকেরও বেশি সময় পরে আগের সেই ফলাফলের সত্যতা আরও নিশ্চিত হয়েছে। যাঁরা তর্ক করেছিলেন যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার আইনের শাসনের বৃহত্তর দাবি তুলবে, তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন। ব্যাপারটা হয়েছে কি, রাশিয়াসহ বিভিন্ন ক্রান্তিকালীন দেশ এখন উন্নত অর্থনীতির দেশগুলোর তুলনায় আগের চেয়েও বেশি পিছিয়ে পড়েছে। এমনকি এই মুহূর্তে কিছু কিছু দেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ক্রান্তিকালের শুরুর চেয়েও কম। রাশিয়ার অনেকেই বিশ্বাস করেন, মার্কিন অর্থ বিভাগ ওয়াশিংটন কনসেনসাস কাজে লাগিয়ে তাদের অর্থনীতি দুর্বল করে ফেলছে।

আমি বিশ্বাস করি, এই ব্যাখ্যা অতটা হানিকর নয়। ব্যাপারটা হচ্ছে ভুল চিন্তার উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, তার ফলাফল গুরুতর হতে পারে। রাশিয়াতে ব্যক্তিগত লোভ চরিতার্থ করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তা সংবরণ করা খুবই কঠিন ছিল। পরিষ্কারভাবে রাশিয়াতে গণতন্ত্রায়ণ নিশ্চিত করার জন্য সবার সমৃদ্ধি নিশ্চিত করতে হতো, ধনিকতন্ত্র তৈরির নীতি গ্রহণ করে সেটা সম্ভব নয়।

তবে পশ্চিম যে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশ তৈরির সংকল্প করে ব্যর্থ হয়েছে, সেটাও খাটো করা যাবে না। যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প প্রশাসনের চরমপন্থা রুখতে লড়াই করছে, যাতে সেটা দেশের স্বাভাবিক রীতি না হয়ে যায়। কিন্তু একই সঙ্গে অন্যান্য দেশ যেমন, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের মতো ব্যাপারও যেন স্বাভাবিক রীতিতে পরিণত না হয়।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

জোসেফ স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।