রাশিয়ার এত আগ্রহ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সিরিয়ায় সেনা পাঠিয়েছেন, সেটা শুধু তিনি বাশার আল-আসাদের প্রতি সংহতি জানানোর জন্য করেননি। আবার তারতুসের আশপাশে রাশিয়ার ঘাঁটিতে তিনি যে সেনা পাঠিয়েছেন, সেটা স্রেফ বাশারকে ক্ষমতায় রাখার জন্যও করেননি। ব্যাপারটা এত পরিষ্কার যে তা আর বলার অপেক্ষা রাখে না। আর মস্কোর হাতে ভূমধ্যসাগরের যে শুধু একটি উষ্ণ পানির বন্দর আছে, পুতিন সেটা হারানোর ব্যাপারে উদ্বিগ্ন নন।
তিনি জয় চান। সিরিয়া সেনাবাহিনীকে আইএসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চালানোর জন্য পুনঃসশস্ত্রকরণ ও প্রশিক্ষিত করা হয়েছে। লোকে ধারণা করে, মধ্যপ্রাচ্য ও সারা পৃথিবীতেই এই যুদ্ধের বিশাল প্রতীকী মূল্য রয়েছে। এই সেনাবাহিনীর ওপর নির্ভর করেই সিরীয় সরকার একরকম টিকে আছে। সিরিয়ায় অভিযানের খুঁটিনাটি সব সময়ই পরিবর্তিত হয়। কিন্তু এ মুহূর্তে আমি জেনেশুনেই একটি অনুমানের ওপর ভর করে বাজি ধরব, ইসলামপন্থীদের হাত থেকে প্রাচীন রোমান শহর পালমিরাকে উদ্ধার করার জন্যই সিরীয় বাহিনীকে প্রস্তুত করা হয়েছে।
মরুভূমির সেই ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য নতুন রুশ যুদ্ধবিমান, নতুন অ্যান্টি-আর্মার মিসাইল ও এমনকি নতুন টি-৯০ ট্যাংকও প্রস্তুত করা হয়েছে। সিরিয়ার আধুনিক বিমানঘাঁটিগুলোর একটির অবস্থান পালমিরা থেকে বড়জোর ৫০ মাইল দূরে, হোমসের পূর্বে প্রধান সড়কের ওপরই এর অবস্থান। আর সিরীয় সেনাবাহিনী কয়েক মাস ধরেই শহরের আশপাশে হামলার পরিকল্পনা করছে। এই কয়েক সপ্তাহ আগে তারা একটি আক্রমণ স্থগিত করেছিল এই ভয়ে যে আইএস হয়তো পুরো পালমিরা শহরকেই ধ্বংস করে দেবে। কিন্তু সেই উদ্বেগ অনেকটাই কমে এসেছে।
এ মুহূর্তে আমি উল্লিখিত ‘ওয়াকিবহাল অনুমানে’ আস্থা রাখছি। সিরীয় সরকারকে আলেপ্পো ধরে রাখতে হবে, পাছে না আবার সেটা আইএসের হাতে পড়ে যায়। আইএসের হাতে পড়লে শহরটিকে তারা সঙ্গে সঙ্গে খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করবে। সিরীয় সেনাবাহিনীকে লেবানন যাওয়ার রাস্তা এবং লেবাননের সীমান্তে কালামুনের চূড়াকেও উন্মুক্ত রাখতে হবে। আইএসের হাতে আরও শহর চলে যাবে, সেই ঝুঁকি তারা নিতে পারে না। কিন্তু আইএসের খপ্পর থেকে ‘স্বাধীন’ হওয়ার যে সন্দেহজনক সুবিধার কথা বলা হচ্ছে, পালমিরা সে তালিকার শীর্ষে রয়েছে।

>আবার রাশিয়া যে সিরিয়াতে আফগানিস্তানের ভূত নামাতে সক্ষম হবে, সেটাও নয়। আপনি মরুভূমি ‘হস্তগত’ করতে পারেন না। রাশিয়ার নতুন বিমান যে নিজে থেকেই আইএসকে পরাজিত করতে পারবে, ব্যাপারটা তা-ও নয়

মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধই যেহেতু সময়সূচি মেনে চলতে পারে না, সেহেতু আমরা ধরে নিতে পারি, ইরাক থেকে জঞ্জাল সরিয়ে নেওয়ার কাজ শুরু হতে হতে আগামী নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত লেগে যেতে পারে। পালমিরা যেন মুক্তা, সেটা পুনরুদ্ধার করতেই হবে। পৃথিবী মনে করে, আইএসের হাতে পালমিরা শহরের পতন ‘খিলাফতের’ যুদ্ধের এক বড় সফলতা। কারণ, পৃথিবী চরম অসংবেদনশীলতার সঙ্গে পালমিরার জনগণের চেয়ে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ভবিতব্য নিয়ে বেশি উদ্বিগ্ন।
কিন্তু পুতিনের কাছে এই অভিযান হলো মধ্যপ্রাচ্যে রাশিয়ার নতুন মাতব্বরির এক মহাকাব্যিক প্রতীক। এই যে ওবামা ও ক্যামেরনের মতো পশ্চিমা নেতারা চার বছর ধরে সিরিয়ার ব্যাপারে আনাড়ির মতো কাজ করলেন, সে পরিপ্রেক্ষিতে রাশিয়ার সহযোগিতায় পালমিরা পুনরুদ্ধার হলে তা হবে এই পশ্চিমা নেতাদের জন্য এক অপমানজনক শিক্ষা। এই পশ্চিমা নেতারা বাশারকে ক্ষমতাচ্যুত করেননি, আবার আইএসকেও পরাজিত করেননি। এতে মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে মনে হতে পারে, পশ্চিমের চেয়ে মস্কোর ওপর আস্থা স্থাপন করা অধিক ফলদায়ক। আর এই কিছুদিন আগে মিসরীয় প্রেসিডেন্ট আল-সিসি পুতিনকে কায়রো অপেরায় নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ, তাঁদের মধ্যকার সম্পর্ক আরও উষ্ণ হয়েছে। ফলত, মধ্যপ্রাচ্যের নেতারা মস্কোর দিকে ঝুঁকতেই পারেন।
রাজনৈতিকভাবে বলা যায়, পালমিরা জয় হয়ে গেলে নিজের দখলে থাকা অর্ধেক সিরিয়ায় বাশারের অবস্থান আরও নিরাপদ হবে। ইতিমধ্যে মার্কিন ও ব্রিটিশ নেতারা সিরিয়ার ভবিষ্যৎ সরকারে বাশারের ‘ক্রান্তিকালীন’ ভূমিকা নিয়ে অযথা কথা বলা শুরু করেছেন। আমরা জানি, এ ক্রান্তিকাল বহু বছর স্থায়ী হতে পারে। ওদিকে পুতিন আবার সিরিয়ার মৃত্যুগহ্বরে রুশ সম্পদ পাঠাচ্ছেন না, যার কারণে দামেস্কে তাঁর লোকেরা উৎখাত হতে পারে। তাঁর ইউক্রেনের প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। কিন্তু গত চার বছরে বাশার পুতিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি। আবার বাশার দামেস্কে শুধু ‘ক্রান্তিকালীন’ প্রেসিডেন্ট হিসেবেও অবস্থান করছেন না।
কিন্তু পালমিরার পর কী আসবে? আলেপ্পোর বেশির ভাগ পুনর্দখল করা, এটা অনেক ঝুঁকিপূর্ণ হবে, অথবা ইদলিব শহরে ফেরত যাওয়া, নাকি আইএসে ‘রাজধানী’ রাকা দখল করা চেষ্টা? ঘেরাও হয়ে থাকা মরু শহর দের ইজুরের জন্য ত্রাণ পাঠানো। কিন্তু এক আশ্চর্য ক্ষমতাসম্পন্ন কালো দৈত্য সিরিয়ার মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, সেই দৈত্য আবার সাহসী বা হঠকারী কাউকেই পুরস্কার দিচ্ছে না। রাশিয়া ও সিরিয়া যদি পরিকল্পনা করে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আইএস অন্যান্য অভিযানের পরিকল্পনা জামার হাতার মধ্যে লুকিয়ে রেখেছে। সেটা হতে পারে রাজধানী দামেস্কের কেন্দ্রে হামলা চালানো, যেটা তারা তিন বছর আগে চেষ্টা করেছিল।
আবার রাশিয়া যে সিরিয়াতে আফগানিস্তানের ভূত নামাতে সক্ষম হবে, সেটাও নয়। আপনি মরুভূমি ‘হস্তগত’ করতে পারেন না। রাশিয়ার নতুন বিমান যে নিজে থেকেই আইএসকে পরাজিত করতে পারবে, ব্যাপারটা তা-ও নয়। খুব কম করে হলেও, সিরিয়ার প্রতিবেশীদের সঙ্গে রাশিয়ার ঝামেলায় যাওয়া উচিত হবে না। হয়তো বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবেই পুতিনের সঙ্গে দেখা করেছেন, যাতে গোলানের উত্তর-পূর্বে উড্ডীয়মান রাশিয়ার বিমানকে তারা ভুল না বোঝে। পালমিরা উদ্ধার হয়ে গেলেই যে সিরিয়া এক রৌদ্রকরোজ্জ্বল দেশ হয়ে যাবে, ব্যাপারটা মোটেই তা নয়। কিন্তু আইএস ও পুতিনবিরোধী চেচেনদের ডানা ছেঁটে দেওয়া হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করতে হবে। আর এসবই লাখো সিরীয় শরণার্থীর জীবনে অভিশাপ বয়ে আনবে, যাঁরা নিজ দেশের উত্তরে বলকান অঞ্চলের মধ্য দিয়ে দুর্গম পথ পাড়ি দিচ্ছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।