গত বছরের জুন মাসে মহামান্য রাষ্ট্রপতিসহ অনেক গণ্যমান্য ব্যক্তি, বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক, সরকারি কর্মকর্তা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে আইন কমিশন তার প্রতিষ্ঠার দুই দশক উদ্যাপন করেছে। ১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একটি স্থায়ী আইন কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করে, যার সক্রিয় ভূমিকায় ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। তিনিই প্রস্তাবিত আইন কমিশন গঠনের লক্ষ্যে আইনের প্রাথমিক খসড়া তৈরি করেছিলেন। পরে নির্বাচিত সরকারের সময় আইনটি সংসদে পাস হয় ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর। এই আইনের অধীনেই স্থায়ী আইন কমিশন গঠিত হয়েছে। যে উদ্দেশ্যে আইন কমিশন গঠিত হয়েছিল, তা কতটুকু পূরণ হয়েছে, তার একটি মূল্যায়ন সময়ের দাবি।
সব সরকারই আইন কমিশনকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছে। এ জন্যই একটিমাত্র ব্যতিক্রম ছাড়া সব সময়ই একজন সাবেক প্রধান বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুরূপভাবে দু-একটি ব্যতিক্রম ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে এই বিভাগের বিচারপতি পদমর্যাদায় সদস্য নিয়োগ করা হয়েছে। কমিশনের কর্মকর্তারা নিয়োগ পান অধস্তন আদালতের মেধাবী বিচারকদের মধ্য থেকে। কমিশনে মেধা, মর্যাদা ও শ্রমের যে সমাবেশ লক্ষণীয়, সে কারণেই এর কাজ এবং সেই কাজের উপকার জনগণ কতটুকু পেয়েছে, তা মূল্যায়ন করা জরুরি। যদি কমিশন গঠনের উদ্দেশ্য প্রত্যাশিতভাবে পূরণ না হয়ে থাকে, তবে তার প্রতিকারমূলক ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমি ২০০৯ সালের জুন মাস থেকে অদ্যাবধি কমিশনের সদস্য হিসেবে কর্মরত আছি। ১৯৯৯-২০০০ সালেও আমি বছরাধিক কাল কমিশনের সদস্য হিসেবে কাজ করেছিলাম। কমিশন গত দুই দশকে সরকারের কাছে নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সংশোধন বা বাতিলকরণের প্রস্তাবসহ আইনের সংস্কারের বিষয়ে প্রায় দেড় শ সুপারিশ প্রতিবেদন পাঠিয়েছে। এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এই প্রতিবেদনগুলো বেশ উচ্চমানসম্পন্ন। সেই তুলনায় আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার কর্তৃক আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সন্তোষজনক নয়। গত প্রায় আট বছরে কমিশন সরকারের কাছে ৪০টির বেশি সুপারিশ প্রতিবেদন পাঠিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সংশোধন (২০০৯) ছাড়া কোনো সুপারিশের ভিত্তিতেই কোনো আইন প্রণীত বা সংশোধিত হয়নি, কিংবা বিধি মোতাবেক আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সংসদকে অবহিত করেনি।
আমরা উৎসবমুখর পরিবেশে সমুদ্র বিজয় উদ্যাপন করেছি। কিন্তু যে আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে এ বিজয় অর্জন করেছি, তার সংশ্লিষ্ট বিধানসমূহও আমরা ১৯৭৪ সালে গৃহীত আমাদের সমুদ্র আইনবিষয়ক রাষ্ট্রীয় আইনে সংযুক্ত করতে পারিনি, যার বিস্তারিত সুপারিশ আইন কমিশন প্রায় তিন বছর আগেই সরকারের কাছে পাঠিয়েছিল। এমন আরও অনেক সুপারিশের মতো সাক্ষী সুরক্ষা, প্রান্তিক গোষ্ঠীর জন্য বৈষম্য বিলোপকরণ, মানসিক স্বাস্থ্য বিষয়ে আইন কমিশনের বিস্তারিত সুপারিশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বিষয়টি আমাকে এতই আলোড়িত করেছে যে আমি গত বছর সমস্যাটির ওপর একটি গ্রন্থও (নিউ ওয়ার্সি বুক করপোরেশন, ২০১৬) রচনা করেছি। গ্রন্থে বিষয়টির বিভিন্ন দিক আলোচনা করে কী কী প্রতিকারমূলক পদক্ষেপ নিলে অবস্থার উন্নতি হতে পারে, তা বলার চেষ্টা করেছি। সরকার কী পদক্ষেপ গ্রহণ করলে রাষ্ট্র ও জনগণ আইন কমিশনের কাজের উপকার পাবে, তা বিশেষভাবে উল্লেখ করেছি। আমার বিশ্বাস করার কারণ রয়েছে যে গ্রন্থটি বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক অনেকের কাছেই পৌঁছেছে।
উল্লিখিত গ্রন্থে কিছু অসম্পূর্ণতা রয়েছে। সেটা মাথায় রেখে সংক্ষেপে সহজ-সরল ভাষায় বিষয়টি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য কোনো বহুল প্রচারিত প্রিন্ট মিডিয়ার (দৈনিক) আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করেছি। কারণ, আমার দৃঢ় বিশ্বাস, কোনো সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের প্রয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীও সচেতন ও সোচ্চার থাকলে সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পথ সুগম হবে।
আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে আইন প্রণয়ন করা কিংবা আদৌ না করার চূড়ান্ত ক্ষমতা সংসদের। কিন্তু আইন কমিশনের সব প্রতিবেদন ও সুপারিশ সংসদের গোচরীভূত করার অবশ্যপালনীয় দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ বা মন্ত্রণালয়ের। সংসদকে গোচরীভূতকরণের প্রক্রিয়া বা পদ্ধতি ১৯৯৬-এর আইন কমিশন আইনের ধারা ৯/(২)-এ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই প্রক্রিয়া নিয়মিত অনুসরণ করা হয়নি বা হয় না বলেই আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের হার আশাব্যঞ্জক নয়। অবশ্যই এর সমাধান হতে হবে।
কেউ হয়তো বলতে পারেন, আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার আইন প্রণয়ন বা সংশোধন করার ব্যবস্থা গ্রহণ না করলেও সুপারিশ-সংবলিত প্রতিবেদনসমূহ সমৃদ্ধ গবেষণালব্ধ কাজ হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো গবেষকের জন্য মূল্যবান তথ্য-উপাত্ত হিসেবে ব্যবহৃত হতে পারবে। কথাটি সত্য হলেও এটি ভিন্ন প্রসঙ্গ। মূল কথা হচ্ছে, সুপারিশসমূহ আইনের সংস্কারকাজে ব্যবহৃত না হলে কমিশন গঠনের উদ্দেশ্য পূরণ হয় না। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আইন কমিশন আইনের অধীন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় কমিশনের সুপারিশসমূহ বিধি মোতাবেক সংসদকে জ্ঞাত করলে সংসদ তা গুরুত্বসহকারে বিবেচনা করত এবং আমরা কিছু ভালো আইন পেতে পারতাম। এখন যে আইন কমিশনের অধিকাংশ সুপারিশের উপকার থেকে রাষ্ট্র ও জনগণ বঞ্চিত হচ্ছে, তার কী হবে?
ওপরে আমরা আইন কমিশনে মেধা, পদমর্যাদা ও ভালো গবেষণাকর্মের উল্লেখ করেছি। এই প্রতিষ্ঠান চালু রাখার জন্য রাষ্ট্র প্রদত্ত বাৎসরিক বাজেট বরাদ্দের বিষয়টিও প্রাসঙ্গিক হয়ে ওঠে। যদি জনগণ এই প্রতিষ্ঠান থেকে উপকার না পায় বা পেলেও তা খুবই সামান্য, তাহলে জনগণের অর্থ এখানে কেন ব্যয় করা হবে, সেই প্রশ্নও কেউ রাখতে পারেন। তবে আমি আন্তরিকভাবে অবস্থার উন্নতি আশা করি। বিশ্বাস করি, বিধি মোতাবেক আইন কমিশনের সুপারিশসমূহ সংসদকে গোচরীভূত করা হবে এবং আমরা জনকল্যাণমূলক আরও অনেক আইন পাব।
ড. এম. শাহ আলম: অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রেষণে, সদস্য, আইন কমিশন।