
মুক্তবাজার অর্থনীতির ছদ্মবেশে পুঁজিবাদ প্রতিষ্ঠার ডামাডোল বিংশ শতাব্দীর আশির দশক থেকে পুরো বিশ্বকে মোহাবিষ্ট করে রেখেছে। বিশেষ করে আশির দশকে সমাজতান্ত্রিক বলে দাবিদার পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর পতন এবং এর ধারাবাহিকতায় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি উন্নয়ন-চিন্তা থেকে সমাজতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। ওই সব দেশে সোভিয়েত স্টাইলের সমাজতন্ত্র জনগণ কর্তৃক যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে, তাতে ধারণা করা যায় যে কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনকে বিশ্বের অন্য কোনো দেশে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু প্রায়োগিক মডেলগুলো সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে ‘রাষ্ট্রতন্ত্র’ (স্টেটিজম) এবং একদলীয় পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল। এই ধাঁচের মডেলগুলোকে আর ফেরত আনা যাবে না।
যেগুলো এখনো টিকে রয়েছে, সেগুলোকে টেকসই করতে হলে সংস্কারের মাধ্যমে ত্রুটি শোধরানোর প্রয়াসে সফল হতেই হবে। পতিত মডেলগুলোর পোস্টমর্টেমের মাধ্যমে আড়াই দশক ধরে সমাজতন্ত্রের সৃজনশীল সংস্কারের বিভিন্ন প্রয়াস এগিয়ে চলেছে। ‘একুশ শতকের সমাজতন্ত্র’ নাম নিয়ে বাজার ও রাষ্ট্রের যৌক্তিক ভূমিকা নির্ধারণের নতুন নতুন পরীক্ষা–নিরীক্ষা গণচীন, ভিয়েতনাম, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, নিকারাগুয়া, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, ভেনেজুয়েলা, এল সালভাদর, ইকুয়েডর ও কিউবায় প্রযুক্ত হয়ে চলেছে। এই দেশগুলোতে রাষ্ট্রকে আয় ও সম্পদ পুনর্বণ্টনের এজেন্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার, ব্যক্তি খাত ও বাজারব্যবস্থাকেও সংকুচিত করা হচ্ছে না। অর্থাৎ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ—এ ধরনের গণমুখী খাতে রাষ্ট্রের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রগতিশীল আয়কর ও সম্পত্তি করের মাধ্যমে সরকারি রাজস্বের সিংহভাগ আহরণ করে ওই পুনর্বণ্টনমূলক সরকারি ব্যয়ের অর্থায়ন করা হচ্ছে। দেশের সম্পদের ওপর বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ কমানোর ব্যাপারেও এসব দেশ এখন শক্তিশালী ভূমিকা রেখে চলেছে। ফলে, এই দেশগুলো শক্তিশালী রাষ্ট্র এবং বিকাশমান ব্যক্তি খাত ও সুশাসিত বাজারের সমন্বয়ে ক্রমেই উন্নয়নের সফল মডেল হিসেবে বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে এসেছে।
অন্যদিকে, বিংশ শতাব্দীর আশির দশক থেকে ‘মুক্তবাজার অর্থনীতির’ নামে জেঁকে বসা ‘বাজার মৌলবাদ’ বা মার্কেট ফান্ডামেন্টালিজমের জারিজুরিও ২০০৮ সালে শুরু হওয়া বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে ফাঁস হতে শুরু করেছে। যেসব উন্নয়নশীল দেশ মহাজোশে ওই গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়েছিল, সেগুলোতে বাজার মৌলবাদের নেতিবাচক অভিঘাতগুলো এমনভাবে সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে পর্যুদস্ত করে দিচ্ছে যে ওখানে জাতীয় আয় ও সম্পদ সমাজের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশের কাছে পুঞ্জীভূত হওয়ার প্রক্রিয়া বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়ে যাচ্ছে। জোসেফ স্টিগলিৎস ও পল ক্রুগম্যানের মতো নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদেরা মুক্তবাজার অর্থনীতিকে ‘ধন্বন্তরি সমাধান’ হিসেবে জাহিরকারীদের যুদ্ধংদেহী লাফালাফিকে ‘অযৌক্তিক উচ্ছ্বাস’ (ইররেশনাল একজুবারেন্স) হিসেবে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। শক্ত হাতে বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রকে কীভাবে সক্রিয় ও কার্যকর করা যায়, তারই পথ খুঁজে চলেছে পুঁজিবাদী দেশগুলো। সাম্প্রতিক গ্রিক-সংকটেও দেখা গেছে, গ্রিসের জনগণ সংকট থেকে উত্তরণের আশায় ২০১৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বামপন্থী সিরিজা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে। ফলে ঋণ-সংকট থেকে গ্রিসের পরিত্রাণ মিলবে কি না, তা বলার সময় এখনো আসেনি। কিন্তু বামপন্থী রাজনীতি যে এখনো বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মানসপট থেকে হারিয়ে যায়নি, তার প্রমাণ হিসেবে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা।
উন্নয়ন-চিন্তার এহেন টালমাটাল পালাবদলের ক্রান্তিলগ্নে ২০১০ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে সমাজতন্ত্র আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের চারটি মূলনীতির অন্যতম নীতি হিসেবে পুনর্বহাল হয়েছে। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করার মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন জোট এই পালাবদলের অংশীদার হয়েছে। মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ নব্বই দশকেই তাদের দলীয় রাজনৈতিক দর্শন হিসেবে সমাজতন্ত্রকে বাদ দিয়ে মুক্তবাজার অর্থনীতিকে গ্রহণ করেছিল। অথচ সুপ্রিম কোর্টের রায়ের পর তারা আবার সমাজতন্ত্রকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে পুনর্বহাল করল। কিন্তু ক্ষমতাসীনদের মুক্তবাজারপ্রীতি আদৌ কমেছে কি না, তা এখনো বোঝা যাচ্ছে না! বরং সরকারের শাসনকে ‘ক্রোনি ক্যাপিটালিজম’ বা স্বজনতোষী পুঁজিবাদ হিসেবেই চিহ্নিত করা যায়। কিন্তু একুশ শতকের সমাজতন্ত্র যেসব রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে, তার কিছু আলোচনা-বিশ্লেষণ এই নিবন্ধে তুলে ধরছি এ সম্পর্কে বিদ্যমান বিভ্রান্তিগুলো নিরসনের আশায়। বিংশ শতাব্দীর ঐতিহাসিক বিপ্লব-প্রতিবিপ্লবের ঘটনাগুলো থেকে যে বিষয়টা সামনে চলে এসেছে, তা হলো, রাষ্ট্র এবং ব্যক্তি খাত ও বাজারকে প্রতিপক্ষ অবস্থানে ঠেলে দেওয়া যৌক্তিক নয়। বাজার ও রাষ্ট্রের ভূমিকা হওয়া উচিত পরিপূরকের। কিছু কাজ বাজার ও ব্যক্তি খাত ভালো করবে, আর কিছু কাজ রাষ্ট্র ভালো করবে। কতগুলো বিষয়ে বাজার ব্যর্থ হবে, আবার বাজার ব্যর্থতা (মার্কেট ফেইলিউর) থেকে মুক্তির আশায় রাষ্ট্রের হাতে ওই বিষয়গুলো অর্পণ করা হলে রাষ্ট্রব্যর্থতা (স্টেট ফেইলিউর) এড়ানো কঠিন হবে।
তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজ একটি বিমূর্ত ধারণা, যেটাকে কার্ল মার্ক্স অত্যন্ত সফলভাবে ব্যবহার করেছেন তাঁর ঐতিহাসিক বস্তুবাদী বিশ্লেষণপদ্ধতিতে। বাস্তবে সমাজতান্ত্রিক মডেলগুলোতে ব্যক্তিমালিকানা ও বাজারের ভূমিকাকে সংকুচিত করে রাষ্ট্রের কাছে অর্পণ
করা হয়েছিল দেশের অর্থনীতি পরিচালনার মূল দায়িত্বগুলো। মানুষের মৌল প্রয়োজনগুলো মেটানোর ব্যাপারে ওই রাষ্ট্রতান্ত্রিক মডেলগুলো প্রাথমিকভাবে চমকপ্রদ সাফল্য অর্জন করলেও ক্রমেই একদলীয় পুলিশি রাষ্ট্রের ব্যর্থতাগুলো ওই দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় আমলাতন্ত্রের দুর্নীতির পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি সাধারণ জনগণের জীবনকে পর্যুদস্ত করতে শুরু করে। একই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অভাব, পুলিশি নিপীড়ন, একদলীয় গোষ্ঠীতান্ত্রিক শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের জন্য জনগণের অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা ওই সব দেশের শ্রমজীবী জনগণের মধ্যেই মডেলগুলোর গ্রহণযোগ্যতাকে বিনষ্ট করে দিয়েছিল। ফলে এক দশকের মধ্যেই ভেঙে পড়েছে রাষ্ট্রগুলো, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে।
অন্যদিকে, রাষ্ট্রের ভূমিকা ক্রমান্বয়ে সংকুচিত করে বাজার ও ব্যক্তি খাতকে অর্থনীতির প্রধান চালকের ভূমিকায় প্রতিস্থাপনের মিশন নিয়ে সত্তর দশকের শেষভাগে মঞ্চ দখল করল মুক্তবাজার অর্থনীতির নামে বাজার মৌলবাদ। বাজার ও দামতত্ত্ব গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক বাজারের একটা আদর্শকে ভিত্তি ধরে, বাস্তবে যার অস্তিত্ব বিশ্বের কোথাও নেই। এই আদর্শ প্রতিযোগিতামূলক বাজারের অনেক শর্তের এক বা একাধিক শর্ত বাস্তবে ভঙ্গ করা হবে বলেই ধরে নিতে হয়, যেখান থেকে বাজার ব্যর্থতার শুরু। কখনো অনেক ক্রেতার বা অনেক বিক্রেতার শর্ত ভঙ্গ হওয়ার কারণে অপূর্ণ প্রতিযোগিতামূলক বা নানা ধরনের একচেটিয়ামূলক বাজারব্যবস্থা চালু হয়ে যাবে। আবার কখনো পণ্যের সমজাতীয়তার শর্তভঙ্গের কারণে বাজারের প্রতিযোগিতা ক্ষুণ্ন হয়ে অলিগোপলি বা মনোপলিস্টিক কমপিটিশনের উদ্ভব হবে, যেখানে বাজার দখলের জন্য বিজ্ঞাপন এবং নানা বিপণনকৌশল অবলম্বন অপরিহার্য বিবেচিত হবে। আবার তথ্যের অভাব, অপূর্ণতা ও অপ্রতিসমতার (এসিমেট্রি) কারণেও বাজার ব্যর্থতার উদ্ভব হবে। এর চেয়েও গুরুতর হলো, বাজার যেহেতু একটি দক্ষতার প্রতিযোগিতার ক্ষেত্র, তাই ওখানে জয়ী ও পরাজিত থাকবেই। তার মানে, ক্রয়ক্ষমতার দৌড়ে হেরে গিয়ে যারা বাজারে প্রবেশাধিকার পাবে না, তাদের জন্য বাজার কিছু করবে না। সে জন্যই বাজার বৈষম্য বৃদ্ধি করবেই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো জীবনের মৌল প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাজার সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সমুন্নত করতে ব্যর্থ হয় এই কারণেই। ১৬ কোটি মানুষের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা বাজার কখনোই করবে না, ১৬ লাখ ধনাঢ্য মা-বাবার সন্তানদের জন্য বাজার উচ্চমানের শিক্ষার আয়োজন গড়ে তুলবে। ১৬ লাখ উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তের জন্য বাজার উচ্চ মানের স্বাস্থ্যসেবা জোগান দেবে, কিন্তু সাধারণ জনগণের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার তাগিদ বাজারের থাকবে না, কারণ ওই মানের স্বাস্থ্যসেবা কেনার ক্রয়ক্ষমতা নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তের থাকবে না। দরিদ্র জনগণের মানসম্পন্ন খাদ্য-বস্ত্র-বাসস্থান জোগানোর ব্যবস্থা বাজার কখনো করবে না।
অন্যদিকে, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, সড়ক পরিবহন, নৌপরিবহন, রেলওয়ে, শিল্পকারখানা, পর্যটন—এসব খাতে এখনো রাষ্ট্রকে উৎপাদকের ভূমিকায় কেন রেখে দেওয়া হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। এগুলোর কোনোটাই পাবলিক গুড বা গণদ্রব্য নয়, প্রাইভেট দ্রব্য ও সেবা। অতীতে এসব খাতে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী বা সক্ষম ছিল না বলে রাষ্ট্রকে এগুলোর জোগান দিতে হয়েছে। এখন আর এসব সেবা ও দ্রব্য উৎপাদনকে রাষ্ট্রের হাতে রেখে দেওয়ার যুক্তি নেই। ব্যক্তি খাতে এ দেশের মোবাইল-টেলিফোন কী নাটকীয় গতিতে বিকশিত হয়েছে, তা দেখার পরও আমরা এ ব্যাপারে কালক্ষেপণ করছি কেন? রাষ্ট্রকে এসব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রকের ভূমিকায় প্রতিস্থাপনই এখন সময়ের দাবি।
আমার গবেষণাগ্রন্থ দ্য পোভার্টি ডিসকোর্স অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ ইন বাংলাদেশ-এ দেখিয়েছি যে, আমাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ‘সিস্টেম’ প্রতিনিয়ত সমাজে বৈষম্য বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য সৃষ্টি করে চলেছে। মোট ১২টি প্রধান ডাইমেনশনে এ দেশে দারিদ্র্য সৃষ্টি ও পুনঃসৃষ্টি হচ্ছে: ১) কৃষিব্যবস্থা, ২) বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা, ৩) স্বাস্থ্যব্যবস্থার বাজারীকরণ, ৪) সরকারি রাজস্ব আহরণ ও ব্যয়ব্যবস্থার মাধ্যমে উদ্বৃত্ত আহরণ ও আত্মসাৎ, ৫) ব্যাংকিং-ব্যবস্থা, ৬) বৈদেশিক ঋণ/অনুদান আত্মসাৎ ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, ৭) কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা, ৮) আমদানি উদারীকরণ ও চোরাচালান, ৯) সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার রাজধানী-কেন্দ্রিকতা, ১০) স্থানীয় সরকারব্যবস্থার অকার্যকরকরণ, ১১) রাজনীতির দুর্বৃত্তায়ন ও ১২) সুশাসনের অভাব। আমার দৃঢ় বিশ্বাস, রাষ্ট্র যদি উল্লিখিত প্রাইভেট দ্রব্য ও সেবা খাতগুলো থেকে সরে এসে এই বৈষম্য সৃষ্টির ক্ষেত্রগুলোতে মনোযোগ দেয়, তাহলে জাতি উপকৃত হবে।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।