
রাষ্ট্র কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজ হাতে আইন তুলে নিচ্ছে। এর ফলে রাষ্ট্র নিজেই যে বিচারব্যবস্থার ওপর আস্থাহীন, সেই বার্তাটি মানুষের কাছে যাচ্ছে। এর ফলে মানুষও বিচারব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে, যা ভালো লক্ষণ নয়।
সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকার লঙ্ঘন হতে থাকে। এই অভাব নিয়ে আমরা রীতিমতো উদ্বিগ্ন, হতাশ ও ক্ষুব্ধ। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের নৃশংস কর্মকাণ্ড, পুলিশের গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যার এ পরিস্থিতিটা উদ্বেগজনক। যেভাবে বেআইনি পন্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রীয় বাহিনীকে এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত করাটা বাঞ্ছনীয় নয়।
সংবিধানের ৩১ থেকে ৩৫ ধারায় স্পষ্ট করে বলা আছে, একজন অভিযুক্ত ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। অপরাধী দোষী সাব্যস্ত হলে সে অনুযায়ী শাস্তি দিতে হবে। কিন্তু এখন সংবিধানের সেসব নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে। ন্যায়নীতি, আইন-কানুন কোনো কিছুই মানা হচ্ছে না।
ক্রসফায়ারের শুরু থেকেই আমরা বলে আসছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান নয়। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য এখন বলা হচ্ছে, এদের ধরে বিচারে দিলে কোনো লাভ হতো না, কোনো সাক্ষী আসত না। বিচার হতো না।
মানুষ এক সময় আমাদের বলত, ক্রসফায়ার নিয়ে আপনারা এত আপত্তি তুলছেন কেন? যাদের ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব তাদেরও কোনো মানবাধিকার নেই। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে যেনতেনভাবে মানুষ তার প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে বা তার ওপর সংঘটিত অপরাধের হিসাব মেলাতে চাইছে—এটা কোনো আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়।
আমার তো মনে হয়, হতাশা থেকে রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নিচ্ছে। নিয়মনীতি মেনে চলছে না। কোনো সমস্যার সমাধান করতে গেলে সংক্ষিপ্ত পথ খুঁজছে, যার ফলে বিচারবহির্ভূত হত্যা মেনে নিচ্ছে।
মানবাধিকারকর্মী হিসেবে একটি দেশের উন্নয়ন বলতে বুঝি দেশের প্রত্যেকটি মানুষ নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করবে, ন্যায়বিচার প্রত্যাশী থাকবে, আত্মবিশ্বাসের সঙ্গে সাহস নিয়ে চলতে পারবে। আমি এ দেশের নাগরিক, আমার ন্যূনতম যেসব অধিকার সংবিধানে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে রাষ্ট্র আমার পাশে আছে—এই ভাবনা ও বোধ যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ভয়ের সংস্কৃতি থাকবে।