রাষ্ট্রনায়ক এবং রোমান্টিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ায় চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উত্থানের পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষকই বলছেন, ২১ শতক আসলে
এশীয় শতক।
ইউরেশীয় শক্তি রাশিয়া এই নতুন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওদিকে পারমাণবিক অস্ত্রের ইস্যুতে ইরানের ওপর আরোপিত পশ্চিমা শক্তির সব অবরোধ প্রত্যাহার হয়েছে। ফলে ধর্মরাষ্ট্র হয়েও ইরান বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ‘পিভট টু এশিয়া’ অর্থাৎ এশিয়াকেন্দ্রিক নীতি গ্রহণ করায় এটা বোঝা যাচ্ছে, তার মতো পরাশক্তিও এশিয়ার ব্যাপারে আগ্রহী। অর্থাৎ ক্ষমতার ভারসাম্যে একটা পরিবর্তন আসছে। দৃশ্যত, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব-পূর্বাঞ্চলে ক্ষমতার বিদ্যমান ভারসাম্য বজায় রাখতে চায়। আবার ইউরোপীয় দেশগুলোর প্রবল আগ্রহও কারও নজর এড়িয়ে যাওয়ার নয়, যারা উদীয়মান এশীয় শক্তি ও বাজারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়। কিন্তু একটি ঐতিহাসিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে—এশিয়া কি অভিন্ন নীতি প্রণয়ন করতে পেরেছে, যার মাধ্যমে এখানকার দেশগুলো শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক ও অভ্যন্তরীণ সমস্যার সমাধান বের করতে পারে।

>অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও এর আরেকটি মাত্রা, যেটা এখনো ঠিক দানা বেঁধে ওঠেনি

কয়েক শতক আগের কথা বলছি, যখন শিল্পবিপ্লবের মধ্য দিয়ে ইউরোপের উত্থান ঘটে, আর তখনই বিশ্বে পশ্চিমা আধিপত্য শুরু হয়। উন্নত উৎপাদনব্যবস্থা ও সামরিক বল নিয়ে ইউরোপ বাকি পৃথিবীকে উপনিবেশে রূপান্তরিত করতে শুরু করে। কিন্তু কথা হচ্ছে, এই অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি ও সামরিক শক্তি ছাড়া আরও একটি কারণে ইউরোপ পৃথিবীর কেন্দ্র হয়ে ওঠে। আর সে কারণটি হলো ইউরোপীয় ব্যবস্থা। এটাকে বলে ওয়েস্টফালিয়ান-ব্যবস্থা, জার্মানির যে অঞ্চলে এর জন্ম হয়েছিল, তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। দীর্ঘ ও বিপর্যয়কর যুদ্ধবিগ্রহ করার পর তারা এটা প্রণয়ন করতে পেরেছিল চার শতক আগে। এতে ইউরোপে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, যার চালিকাশক্তি ছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা।
পরবর্তী সময়ে এ ব্যবস্থাটাই গোটা পৃথিবীর ওপর চাপিয়ে দেওয়া হয়, যে পৃথিবী তখন ইউরোপীয় আদলে গড়ে ওঠে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে মার্কিন কর্তৃত্ব এর সম্প্রসারণ মাত্র। কিন্তু এশিয়ায় কী হবে? এখন কথা হচ্ছে, তারা কি যুদ্ধের মাধ্যমে শক্তিক্ষয় না করে প্রাযুক্তিক ও সামাজিক-রাজনৈতিক উন্নয়ন করতে পারবে, সে লক্ষ্যে শক্তি ও সম্পদ ব্যয় করতে পারবে? তবে এর মানে এই নয় যে শত্রুতা ও প্রতিযোগিতা একদম উবে যাবে। এর শানে নজুল হচ্ছে দ্বন্দ্ব-সংঘাত সামাল দেওয়া ও তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত হতে না দেওয়া।
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আসিয়ান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিভিন্ন চ্যালেঞ্জ জয় করে শুধু সফলভাবে আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করেছে তা নয়, তারা অভ্যন্তরীণ বৈচিত্র্য সত্ত্বেও আঞ্চলিক পরিচয় নির্মাণ করতে পেরেছে।
১৯৮০ সালের শুরুর দিকে বহু প্রস্তুতির পর সার্ক গঠিত হয়। কিন্তু ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে একদম প্রথম দিন থেকেই সেটা তেমন কার্যকর হয়নি। ফলে সাম্প্রতিক বছরগুলোতে সার্কের সদস্য দেশগুলো এর অকার্যকারিতার কারণে উপ-আঞ্চলিক সহযোগিতার পথে হাঁটতে শুরু করেছে। এ পথে কিছু সফলতাও মিলেছে।
বিশাল ইউরেশীয় অঞ্চলে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) জোট হিসেবে তুলনামূলকভাবে নতুন, যেটি এ অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছে। এই জোট কিছু দৃষ্টিগ্রাহ্য সফলতা পেয়েছে। চীন ও পাকিস্তান এর কেন্দ্র হলেও এটি মূলত মধ্য এশিয়ার দেশগুলোর জোট। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও এর আরেকটি মাত্রা, যেটা এখনো ঠিক দানা বেঁধে ওঠেনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু সাহসী ও নতুন চিন্তা নিয়ে এসেছে। চীন যে বিশাল ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প নিয়ে মাঠে নেমেছে তার লক্ষ্য হচ্ছে সব দেশের প্রাপ্তিযোগ নিশ্চিত করা, তা সে বড় বা ছোট যা-ই হোক না কেন, তারা এই আঞ্চলিক সহযোগিতার মধ্যে থাকলেই হলো। এ জন্য তারা সেই প্রাচীনকালের সিল্ক রুটের দোহাই দিচ্ছে, যার মাধ্যমে তারা কোনো একক শক্তির আধিপত্যের ধারণা দূর করতে চাচ্ছে। এই ওয়ান বেল্ট ওয়ান রোডের আবার একটি সাংস্কৃতিক দিকও রয়েছে। এর মাধ্যমে ইউরেশিয়া অঞ্চলে বিভিন্ন সংস্কৃতির মধ্যকার শান্তিপূর্ণ আন্তসহযোগিতা নিশ্চিত করা হবে, যার ভিত্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর হবে এই প্রকল্পের মূল বিষয়। কিন্তু তার পথ বন্ধুর।
পাকিস্তানে যে স্নায়ুযুদ্ধের দামামা বাজছে, তা মূলত ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ধারণা দ্বারা আকৃষ্ট হয়েছে। এই স্নায়ুযুদ্ধে কারবারিরা কোনো না কোনো একটি পরাশক্তির ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকার তত্ত্ব বাঁচিয়ে রাখতে চায়, এরা পাকিস্তানকে যুদ্ধের ‘সম্মুখ সারির’ দেশ বানাতে অত্যুৎসাহী। তারা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরকেও এ সমীকরণে কাজে লাগাতে চায়, শুধু পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়। মূল কথা হলো এসব বক্তৃতার লক্ষ্য হচ্ছে প্রকৃত সংগ্রাম থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। এটা হচ্ছে পাকিস্তানকে গভীর রাষ্ট্রশাসিত নিরাপত্তা রাষ্ট্র থেকে শান্তিপূর্ণ ও ফেডারেল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যে কিনা এখন অনিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ ও বিপৎসংকুল পররাষ্ট্রনীতির কারণে ক্ষতবিক্ষত হচ্ছে। এই সংগ্রামের ফলই পাকিস্তানের ভবিষ্যৎ গড়ে দেবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খটক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।